একাত্তর, পাকিস্তানি উপন্যাসে
একাত্তরের মুক্তিযুদ্ধকে খোলা চোখে দেখার প্রবণতা পাকিস্তানে এখনো ক্ষীণ। এই প্রতিকূল পরিবেশেই পাকিস্তানের এক নারী লেখক মুক্তিযুদ্ধকে দেখতে চেয়েছেন কিছুটা ভিন্ন চোখে। বিজয়ের মাসের নিবেদন

কামিলা শামসির উপন্যাস কারটোগ্রাফি লেখা ২০০২ সালে। কামিলার বয়স তখন মাত্র ২৮। মুক্তিযুদ্ধ তিনি দেখেননি। মুক্তিযুদ্ধের রক্তক্ষরণ তাঁর শোনা কথা, তাও সম্ভবত তাদের কাছ থেকে, যারা তা দেখেছে বৈরী মানসিকতা নিয়ে। একাত্তরের ঘটনা বাঙালির মনে কী প্রভাব ফেলেছে, কামিলার তা না জানারই কথা—এ মনোভাব নিয়েই উপন্যাসটি পড়তে শুরু করি। শেষ পাতাটি পড়ে বইটি মুড়ে রাখার পর আমার মনোভাব হয়ে দাঁড়াল ভিন্ন। একটি কিশোর প্রেমের গল্পকে অবলম্বন করে যে ব্যাপকতর ন্যারেটিভ কামিলা নির্মাণ করেছেন, তার মুখ্য বিষয় ইতিহাসের জটিল সন্ধিক্ষণে বিভক্ত নাগরিক আনুগত্য, ব্যক্তিচৈতন্য ও একই গোত্রভুক্ত মানব-মানবীর সম্পর্কের ওপর ফেলা প্রভাব।
বইটির নাম মানচিত্রকলা । ফলে দেশ ও আত্মপরিচয় তার কেন্দ্রে থাকবে, এতে বিস্ময়ের কিছু নেই। মানচিত্রের এক অর্থ কাগজের ওপর কালির রেখা। এই রেখার ভেতরে ও বাইরে মানুষের বাস। মানচিত্রের আসল পরিচয় মেলে এসব মানুষের রক্ত, ঘাম ও দীর্ঘশ্বাসে। মানচিত্রের অন্য পরিচয়, তা একটি সময়ফলক। মানচিত্রের রেখায় জাতিরাষ্ট্রের যে পরিচয় নির্ধারিত হয়, তা স্থায়ী নয়। এক রেখা মিলিয়ে নতুন রেখার জন্ম হয়, সঙ্গে ঘটে নতুন জাতিরাষ্ট্রের অভ্যুদয়। এই রেখাচিত্র থেকে যা মোটেই স্পষ্ট হয় না তা হলো, যাদের নিয়ে এ জাতিরাষ্ট্র, এই কাটাকুটির খেলায় তাদের জীবন কীভাবে বদলে যায়।
একাত্তরকে একটি সময়ফলক বিবেচনা করে মানব-ভাগ্যের এক মানচিত্র এঁকেছেন শামসি। তাতে অন্তভুর্ক্ত পাকিস্তানে বসবাসরত এক বাঙালির অভিজ্ঞতা অনায়াসেই একপেশে ও অবিবেচনাপ্রসূত কল্পকাহিনিতে পরিণত হতে পারত। একাত্তরের পটভূমিতে পাকিস্তানি লেখকের রচিত কোনো উপন্যাসে এই প্রথম বাঙালির লড়াইকে বোঝার চেষ্টা করা হয়েছে নৈতিক জবাবদিহির আয়নায়।
করাচির ধনাঢ্য চারটি পরিবারকে নিয়ে এ উপন্যাস। এর কেন্দ্রে রয়েছে রাহিন ও করিমের আশৈশব বন্ধুত্ব–প্রেম, বিরাগ ও প্রণয়; পাশাপাশি তাদের পিতামাতার সম্পর্কের অন্তর্বিরোধপূর্ণ অভিজ্ঞতা। রাহিন বা করিমের জন্মের আগে, একাত্তরে, রাহিনের পিতা জাফর ও করিমের মাতা মাহিন শুধু একে অপরের প্রণয়ীই ছিলেন না, তাদের বিয়ের সিদ্ধান্তও চূড়ান্ত ছিল। অন্যদিকে রাহিনের মা ইয়াসমিন ও করিমের বাবা আলি ছিলেন পরস্পরের প্রণয়ী। তাদের বিয়ের সিদ্ধান্তও কারও অজ্ঞাত ছিল না। একাত্তরের একটি ঘটনা সম্পর্কের এ সমীকরণ বদলে দেয়। এই চারজনের মধ্যে মাহিন জন্মসূত্রে বাঙালি। তবে (পশ্চিম) পাকিস্তানে তাঁর বসবাস দীর্ঘদিনের।
অতিউচ্চবিত্ত এই যুবক-যুবতীরা রাজনীতিসচেতন নন। একাত্তরে পূর্ব রণাঙ্গনের খবর তারা পেতেন লোকমুখে বা সরকারি ভাষ্যে। বাঙালির আত্মনিয়ন্ত্রণাধিকার বিষয়ে কোনো জ্ঞান বা সহানুভূতি ছিল না। বাঙালি মাহিন যুদ্ধের ঘটনায় উদ্বিগ্ন, এ কথা তাঁরা জানতেন এবং একধরনের সহমর্মিতা বোধ করতেন। মাহিনের প্রেমিক জাফরের এক আকস্মিক কুৎসাপূর্ণ মন্তব্যে বাঙালিদের প্রতি তার মনোভাব পরিষ্কার হয়ে যায়। মাহিন বুঝতে পারে, আপাত প্রগতিশীলতা সত্ত্বেও মাহিন ও তার বাঙালি সত্তার প্রতি জাফর কখনো শ্রদ্ধাশীল হবে না। ভেঙে যায় তাদের প্রণয়। এই চার বন্ধু একে ওপরের প্রেমিক বদলে নেয়। জাফর ও মাহিনের বদলে জাফর ও ইয়াসমিন এবং আলি ও ইয়াসমিনের বদলে আলি ও মাহিন বিয়ে করে।
কারটোগ্রাফি উপন্যাসে প্রবাহিত দুটি কাহিনিধারার এটি অন্তঃসলিল। বহিঃসলিলে আমরা দেখি এই ভেদপূর্ণ সম্পর্কের কারণে রাহিন ও করিমের সম্পর্কের টানাপোড়েন। মধ্য শৈশবে করিম তার ও রাহিনের পিতা-মাতার পূর্ব প্রণয়ের ইতিহাস জানতে পারে। রাহিনের কাছেও সে গুপ্ত ঘটনা ক্রমেই প্রকাশিত হয়। ফলে যে দুই বন্ধু একে অপরকে প্রাণাধিক ভালোবাসত, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। একসময় তা প্রায়-বৈরিতায় দাঁড়ায়। এ জন্য রাহিন তার পিতাকে দায়ী করে। একাত্তরের সেই ঘটনার জন্য মাহিনের প্রতি তাঁর ব্যবহারকে বিশ্বাসঘাতকতা বলে প্রতীয়মান হয়। মাহিনকে পাকিস্তানের পূর্বাংশের মানুষদের প্রতীক প্রতিনিধি হিসেবে বিবেচনা করা গেলে, জাফরের বিশ্বাসঘাতকতা একা মাহিনের প্রতি নয়, পূর্বাংশের জাতিগোষ্ঠীর প্রতিও—রাহিনের মনে এমন একটি বোধ গভীরভাবে আসন গেড়ে বসে।
আত্মপরিচয়ের এই দ্বন্দ্বটি অনুসন্ধানের জন্য কামিলা একদিকে সম্মিলিত স্মৃতি, অন্যদিকে কল্পনার আশ্রয় নিয়েছেন। ‘১৯৭১’ নামাঙ্কিত অধ্যায়ে তিনি বাংলাদেশের যুদ্ধের প্রতি পাকিস্তানিদের মনোভাবের একটি দৃশ্যচিত্র এঁকেছেন। একাত্তরে পাকিস্তানিমাত্রই বাংলাদেশ প্রশ্নে বৈরী ছিল না, এ কথা প্রতিষ্ঠার একটি অলক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি করাচি রেসকোর্স ময়দানে সে শহরের এলিটদের এক তপ্ত আড্ডার কাহিনি নিবেদন করেন। এ কাজে মাহিনকে ব্যবহার করেন রাজনৈতিক ব্যারোমিটার হিসেবে।
মাহিন করাচিবাসী। বাঙালিয়ানার কোনো প্রকাশ তার মধ্যে নেই। সে যে রাজনীতিমনস্ক বা ভিন্নমতাবলম্বী, এ কথাও কাহিনিতে অনুভূত হয় না। তবে সে যে বাঙালি ও বাংলাদেশের যুদ্ধরত মানুষদের প্রতি শ্রদ্ধাশীল, তাও আমাদের কাছে গোপন থাকে না। সামরিক বাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে বাঙালিরা পিছু হটবে, কারণ সাধ করে কেউ কচুকাটা হতে চায় না, রেসকোর্সের সে আড্ডাতে এমন একটি মন্তব্যের জবাবে মাহিন বলে ওঠে, ‘কেউ সাধ করে দাসত্বও মেনে নেয় না।’
আসিফ, প্রথম মন্তব্যটি যার, সে মাথা নাড়ে, ‘মাহিন, দাসত্ব কথাটা কি খুব শক্ত হয়ে গেল না?’
আলি, তখন পর্যন্ত যে মাহিনের নিকটবন্ধু, কিন্তু প্রেমিক নয়, পাল্টা জবাব দেয়, ‘মোটেই না, পরিসংখ্যানের দিকে একবার নজর দাও না কেন?’
বাঙালি কেন স্বাধিকার দাবি করে, তার সপক্ষে এবার কামিলা দুই পাকিস্তানের বৈষম্যের পরিসংখ্যানগুলো তুলে ধরেন।
মাহিনের প্রণয়ী জাফর ফোড়ন কাটে, ‘সবচেয়ে ভালো হয় ভুট্টো ও মুজিবকে পরস্পর ডুয়েল লড়তে দাঁড় করিয়ে দেওয়া হলে।’
আলি বলে, ‘জাফর, ব্যাপারটা অত সরল নয়।’

জাফরের পাল্টা জবাব, ‘তুমি যেভাবে পরিসংখ্যান তুলে ব্যাখ্যা করছ, ব্যাপারটা সে রকমও নয়।’
এবার কথায় হস্তক্ষেপ করে মাহিন। বলে, ‘জানু, আলি ঠিকই বলেছে। আমিও চাই ব্যাপারটা সহজে মিটে যাক। কিন্তু তোমরা যদি ভেবে থাক বাঙালিরা তাদের দাবি সহজে ছেড়ে দেবে, তাহলে বলব তোমরা নিজেদের ধোঁকা দিচ্ছ। এখন, স্বাধীনতার কথাটা তারা এমন প্রবলভাবে উচ্চারণ করেছে, সেই সময় কনফেডারেশন বা অন্য কোনো সমাধানের ধারণা তারা মেনে নেবে, আমার তা মনে হয় না। ফেডারেশনের চেয়ে স্বাধীনতা শব্দটা বুকের মধ্যে অনেক প্রবলভাবে দোলা দেয়।’
একই অধ্যায়ের অন্যত্র বাঙালি মাহিন আরও পরিষ্কারভাবে তার পাকিস্তানি বন্ধুদের সঙ্গে নিজের ফারাকটা ধরিয়ে দেয়। ‘লায়লা কয়েকজন বিদেশি সাংবাদিকের কাছ থেকে শুনেছে, ঢাকায় নাকি আমার হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে।’
সে কথা শুনে জাফরের প্রতিক্রিয়া, ‘আমার মানুষ?’
আসিফ ঠাট্টা করে বলে, ‘আমার কাছে খবর আছে, ইয়াহিয়া ও মুজিব গোপনে চুক্তি করে ফেলেছেন। হায়, মাহিন, এখন তোমার বুকে সে দোলা তেমন প্রবলভাবে আর লাগবে বলে মনে হয় না।’
ইয়াসমিন বাধা দেয়, ‘করছ কী, আসিফ? মাহিন সারা জীবন এই করাচিতে বাস করেছে। ও তো আর...’
তাকে থামিয়ে মাহিন বলে, ‘কী, আমি ওদের একজন নই, সে কথাই তো বলছ?’
এ সময় নিচে শোরগোল শোনা যায়। এক বাঙালি খানসামার হাত ছলকে হুইস্কি লায়লার শাড়িতে পড়ে গেলে তার স্বামী খানসামার গালে সজোরে চপেটাঘাত করে। ‘নির্বোধ বিংগো। যা, নিজের জঙ্গলে ফিরে যা।’
আমরা বুঝে যাই, মাহিন বা সেই খানসামা, যতই পাকিস্তানে থাকুক না কেন, পাকিস্তানিদের কাছে তারা বরাবরই ‘বহিরাগত’। এভাবে অনুচ্চকণ্ঠে কামিলা ‘অপর’ ধারণাটির অবতারণা করেন। এমন নয় যে তিনিই প্রথম আমাদের বিভক্ত ইতিহাসের প্রেক্ষাপটে ‘অপর’ ধারণাটি বিবেচনা করেছেন। লন্ডনপ্রবাসী বাঙালি লেখক মঞ্জু ইসলাম তাঁর সং অব আওয়ার সোয়াম্পল্যান্ড গ্রন্থে একাত্তরের পটভূমিকায় সে চেষ্টা করেছেন।
তাঁর গ্রন্থে একাত্তরে সমাজের অন্ত্যজ গোষ্ঠীগুলো এই যুদ্ধে কী ভূমিকা পালন করে, তার একটি পর্যবেক্ষণ আছে। সঙ্গে আছে ‘বিহারি’ এক মেয়ের সঙ্গে বাঙালি ছেলের প্রণয়ের বিবরণ। মেহেরজান চলচ্চিত্রেও আমরা দেখেছি একটি বাঙালি তরুণীর সঙ্গে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা একটি বালুচ সৈন্যের প্রণয়চিত্র। উভয় ক্ষেত্রেই ‘অপর’দের মনোজগৎ নির্ধারণের চেষ্টা নেই, বিবরণটি এসেছে বিভাজনরেখার অপর প্রান্তে, অর্থাৎ যারা মূলধারা (এ ক্ষেত্রে বাঙালি), তাদের আয়নায়। কামিলার উপন্যাস সেদিক দিয়ে ভিন্ন ও কিঞ্চিৎ জটিল। তাঁর লক্ষ্য, একজন ‘অপর’-এর মনোজগৎ অবলোকন। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সহমর্মিতা। মূল গল্পের সংহতি ও বিশ্বাসযোগ্যতা কিছুটা বিপদগ্রস্ত করেও কামিলা তা অর্জনের চেষ্টা করেছেন।
বাংলাদেশে বা পাকিস্তানে সংখ্যাগুরু ও রাজনৈতিকভাবে বলবানদের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেই একাত্তরের ইতিহাস রচিত হয়েছে। সরকারি বিবরণে তো বটেই, স্মৃতিকথামূলক গ্রন্থগুলোতেও মূলধারার ন্যারেটিভই বারবার রচিত হয়েছে। ব্যাপক অর্থে এক দেশ বা অভিন্ন জাতিগোষ্ঠীর অন্তভুর্ক্ত হলেও ভাষা, ধর্ম বা অন্য জাতিগত বৈশিষ্টে্যর কারণে নিজের আত্মপরিচয়ের স্বাতন্ত্র্য দাবি করে, এমন সম্প্রদায় নিজ দেশেই ‘অপর’ হয়ে পড়ে। দৈনন্দিন জীবনযাত্রায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ক্ষমতার অংশীদারে বা ভিন্নমতের প্রকাশের ভেতর দিয়ে যে আত্মপরিচয় নির্ণিত হয়, তাতে ‘অপর’-এর অবস্থান বৃহদংশের চোখে বৈরী হিসেবে প্রকাশিত হতে বাধ্য। একাত্তরে ক্ষমতার শীর্ষে ছিল পাকিস্তানিরা। তারাও বাঙালিদের বরাবর ‘অপর’ এবং সে কারণে শত্রু ছাড়া অন্য কিছু ভাবেনি।
ওপরের প্রস্তাবনা মেনে নিলে স্বভাবতই প্রশ্ন ওঠে, একজন পাকিস্তানির পক্ষে কি যৌক্তিকভাবে বাঙালির স্বাতন্ত্র্য বা তার ন্যায্য রাজনৈতিক-সাংস্কৃতিক আশা-আকাঙ্ক্ষার প্রতি সহমর্মী হওয়া সম্ভব? এ প্রশ্নের উত্তর, অন্তত কারটোগ্রাফি উপন্যাসে, ইতিবাচক। এর শেষপর্যায়ে আমরা জাফর ও মাহিনের জবানিতে একাত্তরে যে ঘটনার কারণে তাদের সম্পর্কে ছেদ পড়ে, তার একটি ব্যাখ্যার সঙ্গে পরিচিত হই। এই দুজনের বিবরণে তথ্যে প্রভেদ নেই, কিন্তু ঘটনার মূল্যায়নে রয়েছে। সময়ের ব্যবধানে মাহিনের কাছে ব্যাপারটি আর গুরুত্বপূর্ণ নয়। আলির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। একসময় সে পাকিস্তান ছেড়ে চলেও আসে। পাকিস্তানে যে তার জায়গা হয়নি, এ নিয়ে তার খেদ নেই। অন্যদিকে বাংলাদেশ নিয়ে তার কোনো স্মৃতি নেই। একাত্তরের অভিজ্ঞতার কোনো প্রভাব তার মনোজগতে বিন্দুমাত্র পড়ে না। কিন্তু জাফরের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। একাত্তরের ঘটনা তার মনে এই বিষাদের জন্ম দেয় যে নিজ দেশের নাগরিকদের সঙ্গে সে সময় পাকিস্তানিরা যে ব্যবহার করেছিল, তা ক্ষমার অযোগ্য। সে এই ভেবে বিষণ² হয় যে একাত্তরের রক্তক্ষরণ থেকে পাকিস্তানিরা কোনো শিক্ষাই নেয়নি। করাচিতে এখন বিহারিদের প্রতি দেশের সামরিক বাহিনীর আগ্রাসী ব্যবহার তাকে একাত্তরের কথাই মনে করিয়ে দেয়। মাহিনকে লেখা এক চিঠিতে জাফর নিজের মনোভাব এভাবে ব্যক্ত করে:
বাংলাদেশ সৃষ্টি হয়েছে দু বছর। অথচ এরই মধ্যে আমরা সে ঘটনা ভুলতে বসেছি। যখন কেউ এ নিয়ে কথা বলে, তা হয়ে ওঠে টুকরো টুকরো স্মৃতি আর গল্প—ছাদে বসে (ভারতীয়) বিমান হামলা দেখা, তেল পরিশোধনাগারে ভারতীয় বিমান হামলার ফলে আগুন, আলোহীন শহর। একাত্তরের ঘটনা থেকে শিক্ষা না নিয়ে আমরা সে ঘটনা ভুলতেই বেশি ব্যস্ত। একাত্তরের দগদগে ঘা ভুলে যাওয়ার ব্যস্ততায় আমরা ভুলেই যাই যে আমরা ঘটনাটিই ভুলে বসে আছি। কিন্তু সে ক্ষত তো শুকায় না, ভেতরে কুরে কুরে খায়, নতুন এক ঘা হয়ে ওঠে। এই শহর, যা তুমি-আমি উভয়েই ভালোবাসি, তার জন্য সে ক্ষতের কী মানে? আমার চতুর্দিকে এখন যে নীরবতা, তা আমাকে ভীত করে। হ্যাঁ, মাহিন, এই দেশ দেখেছে কী রকম নিষ্ঠুর সে হতে পারে, কিন্তু তা থেকে শিক্ষা নেবার জন্য একটু জিরিয়ে নেওয়ার ফুরসতও তার নেই।
একই চিঠিতে জাফর একাত্তর-পরবর্তী পাকিস্তানের রাজনৈতিক ব্যবচ্ছেদ সম্পন্ন করে এভাবে:
পাকিস্তান কী করে আমাদের স্বপ্নের পাকিস্তান থাকবে, যখন তাকে সম্পূর্ণতা দেওয়া পূর্বাংশ আর আমাদের অঙ্গীভূত নয়? পাকিস্তান সৃষ্টি হয়েছিল এই বিশ্বাস থেকে যে, এতে ভারতের সংখ্যালঘু মুসলমানের স্বার্থ সংরক্ষিত হবে। কিন্তু সেই পাকিস্তান আর কী করে টিকে থাকে যখন তার এ উদ্দেশ্য আমরা নিজেরাই উপড়ে ফেলেছি? প্রথমত, আমরা বাঙালিদের অধিকার সংকুচিত করেছি, তাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার বানিয়েছি। দ্বিতীয়ত, বৃহত্তর অধিকার ও প্রতিনিধিত্বের জন্য তাদের দাবিকে আমরা বর্বরতার সাথে গুঁড়িয়ে দিয়েছি। পাকিস্তান আর সেই পাকিস্তান থাকে কী করে যখন তার বৃহদংশই ছিটকে পড়েছে, রয়ে গেছে তার খণ্ডাংশ মাত্র? এ কথা আমাদের স্বীকার করা উচিত যে একাত্তরের যুদ্ধক্ষেত্রেই আমাদের স্বপ্নের পাকিস্তানের সমাধি হয়ে গেছে।
জাফরের এই স্বগতোক্তির সঙ্গে ১৯৭৪ সালে ঢাকায় বেড়াতে এসে কবি ফয়েজ আহমেদ ফয়েজের মনোভাব তুলনীয়। তিনি জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে পাকিস্তানি প্রতিনিধিদলের সদস্য হয়ে এসেছিলেন। মুক্তিযুদ্ধের সময় এই বিপ্লবী কবির কোনো সংহতির পরিচয় আমরা পাইনি। ঢাকা থেকে ফিরে ফয়েজ বাংলাদেশ নিয়ে যে তিনটি কবিতা লেখেন, তার কোথাও বাঙালির রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতি কোনো সহমর্মিতা নেই। তাঁর সব মনস্তাপ নিজের ক্ষতি নিয়ে। নবগঠিত বাংলাদেশে এসে তাঁর চোখ ভেসে যায় জলে ও রক্তে। কারণ তাঁর একসময়ের বন্ধুরা এখন অপরিচিত। ‘তিক্ততা এখন এতই স্পষ্ট যে কান পেতে শুনতে হলো বন্ধুদের রক্ত দিয়ে চোখ ধোয়ার পরামর্শ।’ তার এই মনস্তাপ হয়তো অকৃত্রিম, কিন্তু যে বন্ধুরা দুর্বিনীত হায়েনার বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা জিতেছে, তাদের প্রতি সহমর্মিতার অভাবের কারণে ফয়েজের মনস্তাপ স্বার্থপর বলে বোধ হয়।
জাফরের মনোভাব বরং অনেক সৎ, এবং সেহেতু নৈতিক। কামিলার বয়ানে জাফরের বেদনার্ত উচ্চারণে যে সংহতি লক্ষ করি, কারও কারও কাছে তা চালাকি মনে হতে পারে। কারণ পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কখনোই একাত্তরের নৃশংসতার জন্য কোনো মনস্তাপ দেখিনি। জাফরের বয়ানে এই খেদোক্তি তাই আমাদের প্রশ্নের মুখোমুখি করে দেয়।
ছিদ্রান্বেষীরা হয়তো বলবেন, স্বদেশ থেকে নিরাপদ দূরত্বে বসে এ গ্রন্থ লেখা বলেই কামিলা একাত্তর-পরবর্তী একজন পাকিস্তানির মানসিক মানচিত্র আঁকতে নৈতিক কশাঘাতকে আশ্রয় করেছেন। হতে পারে। কিন্তু এও তো সত্যি, একাত্তরের নৈতিক ব্যর্থতার দায় সামান্য হলেও নিজের কাঁধে তুলে নেওয়ার সাহস দেখিয়েছেন কামিলা। এর ফলে একাত্তরের প্রতি পাকিস্তানের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হোক বা না হোক, লেখক হিসেবে যে কামিলা নিজ দায়িত্বটুকু পালন করেছেন, তা বলা অতিশয়োক্তি হবে না।
নিউইয়র্ক, ২৫ নভেম্বর ২০১৪