একাত্তরে নারী-নিগ্রহের নিগূঢ় কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালাসশাহীন আখতারপ্রকাশক: মাওলা ব্রাদার্সবাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে সূচনাবিন্দু থেকে এই উপন্যাসের মুখ্য চরিত্র মরিয়ম তথা মেরীর বেড়ে ওঠা এবং তার প্রতিটি বাঁক ফেরার সঙ্গে তার নিয়তি যেন অবিচ্ছেদ্যভাবে জড়িত। শুধু কি তাই, মুক্তিযুদ্ধ-পরবর্তী কিছুকালের সীমাতেও তার জীবন সচল ও সক্রিয় এবং দলিত-মথিত। সীমাহীন রক্তক্ষরণে যেমন তার নারীদেহ, তেমনি তার ব্যক্তিক মন ও মনস্তত্ত্বও রক্তাক্ত।শাহীন আখতারের তালাস উপন্যাসের নায়িকা মেরী তথা মরিয়ম ‘পিতাহীন সন্তানের জননী হবে’, নিগৃহীত হবে, দৈহিক ও মানসিকভাবে, তার আলামত আমরা এই উপন্যাসের দ্বিতীয় অধ্যায় থেকেই পেতে শুরু করি। এ কি নিয়তি-নির্দিষ্ট কিছু, যা তার পিছু ছাড়ে না? নাকি নারী বলেই তার এই নিয়তি? নারী ধারণ করে বলেই তার এই পরিণতি?মরিয়ম অপারেশন সার্চ লাইটের রাতে ঢাকা শহর ছেড়ে পালায়। তার ছোট ভাই মন্টু উধাও হয়ে যায়। যোগ দেয় মুক্তিযুদ্ধে। আর নানা ঘাটের পানি খেয়ে ডেরার পর ডেরা বদল শেষে মরিয়ম গিয়ে পড়ে পাকিস্তানিদের বন্দিশালায়। সেখানে তার মতো অনেককেই একই ভাগ্য বরণ করতে হয়।মরিয়মের সূত্রে বাঙালি সম্পর্কে পাকিস্তানি সামরিক কর্মকর্তার দৃষ্টিভঙ্গির স্বরূপটি এ রকমের, ‘মরিয়ম মুসলমান শুনেও মেজর ইশতিয়াকের রাগ পড়ে না। বাঙালি মুসলমান আবার মুসলমান নাকি। হিন্দুরা তাদের কাফের বানিয়ে ফেলেছে।’ এবং মুক্তিযুদ্ধের শেষে যখন মরিয়ম ও অন্য ধর্ষিত নারী বন্দিরা মুক্তি পায়, তখন তাদের নিয়ে যাওয়া হয় নারী পুনর্বাসন কেন্দ্রে। তাদের জাতীয়ভাবে ভূষিত করা হয় ‘বীরাঙ্গনা’ অভিধায়। উদ্ধার করা নারীদের সবই অন্তঃসত্ত্বা। তাদের গর্ভজাত সন্তানদের পাঠিয়ে দেওয়া হয় বিশ্বের নানা দেশে। কেউ লোকলজ্জার ভয়ে আত্মসমর্পণ করা পাকিস্তানি সৈন্যদের সঙ্গে চলে যায় পাকিস্তানে। কেউ কেউ ভারতেও।বস্তুত মরিয়মের পরিণতি হয়ে ওঠে একাত্তরের বেশির ভাগ ধর্ষিত নারীরই পরিণতি। তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং তাদের প্রতিবেশ-পরিপার্শ্ব। ফলে দেখা যায়, ‘মরিয়ম ও আরেক চরিত্র টুকি নিরুদ্দিষ্ট হওয়ার বছর খানেক পর, রায়েরবাজারের বাড়ির জায়গায় একটা চার তলা ফ্ল্যাট বাড়ি উঠে গেছে। তাতে পাশাপাশি এক জোড়া কালো গেট। সাং ফুলতলি, ডাকঘর সাহারপাড় ঠিকানাসহ কফিরউদ্দিন আহমেদের নাম মুছে লেখা হয়েছে রত্না ও ছন্দা—আলাদাভাবে দুটি গেটে যমজ দুই বোনের নাম। মেরী ওরফে মরিয়ম কোথাও নেই। ছিল যে, তার-ও কোনো সাক্ষ্য-প্রমাণ আর থাকল না। তারপরও লেখাটি হয়তো পাঠক বিশ্বাস করত, যদি এ কাহিনি এক অলীক নৌযাত্রায় শেষ না হয়ে হতো দুনিয়ার জমিনের ওপর।’ফলে ভিন্ন এক বাস্তবতার কাছে আত্মসমর্পিত হয় বীরাঙ্গনারা। পালায় এই রূঢ় ও কঠিন বাস্তবতার সামাজিক আবেষ্টনী থেকে। ...পৃথিবীর আকাশে সূর্য অস্ত যাচ্ছে। টুকির চোখে পেছনে ফেলে আসা সেই স্থলভূমি, যা রক্তিম দিগন্তে মাথার চুলের মতো ভাসছে। অনুরাধা সেদিকে তাকিয়ে উচ্ছ্বসিত গলায় বলে, ‘কী সুন্দর আমাদের দেশটা!’ ‘টুকির মুখ থেকে আঁচল সরে যায়—যে দেশের জন্য আমরা শরীলের রক্ত দিছিলাম।’নিজের শরীরের রক্ত দেওয়া সেই সব নারীরই জীবনগাথা অনুপম ভাষ্যে তুলে ধরেছেন শাহীন আখতার। মুক্তিযুদ্ধের এক অনুপম আখ্যান তালাস, যাকে বাদ দিয়ে আমাদের কথাসাহিত্য সম্পূর্ণতা পেতে পারে না।