একাত্তরের অগ্নিসাক্ষী
রাইফেল রোটি আওরাতআনোয়ার পাশাপ্রকাশক: স্টুডেন্ট ওয়েজ শহীদ বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত একাত্তরের আনা ফ্রাংকের ডায়রি। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস যদি কোনোটিকে বলতে হয়, তবে সেই সম্মান পাবে এই উপন্যাস। যুদ্ধের ঘন ঘোর তাণ্ডব পেরিয়ে উপন্যাসটি আমাদের হাতে এসে পৌঁছালেও লেখক আর পৌঁছাতে পারেননি। একাত্তরের ১৪ ডিসেম্বর আলবদরের ঘাতকেরা তাঁকে নিয়ে যায়। পৃথিবীতে এ রকম নজির আর কি আছে? আর কাউকে কি নিজের জীবন দিয়ে লিখতে হয়েছে জাতীয় জীবনের করুণ-কঠিন ট্র্যাজিক আখ্যান?ঘটনা যখন ঘটছে এবং ঘটনাটি যখন একটি জাতির জাতীয় মুক্তিসংগ্রামের রক্তমথিত আখ্যান, তার মধ্যে বসে চিত্ত স্থির রেখে ভবিষ্যতের জন্য লিখে যাওয়া এক অতিমানুষিক চেষ্টা। আনোয়ার পাশা সেটাই করেছেন। আজ যদি আমরা জানতে চাই ওই ভয়াবহ দুর্যোগে কীভাবে বেঁচে ছিল জাতির আত্মা, কীভাবে অজস্র মৃত্যু পেরিয়ে বিজয়ের পারে পৌঁছানোর জেদ দানা বেঁধেছিল, তাহলে রাইফেল রোটি আওরাতের থেকে বেশি আর কে তা জানাবে? এ কেবল লাঞ্ছিত বাংলার হাহাকার নয়, তার রুখে দাঁড়ানোরও দলিল। মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কটি উপন্যাস আছে আমাদের, লেখা হবে আরও অনেক। কিন্তু রাইফেল রোটি আওরাত অনন্য। একাত্তরের এপ্রিলে লেখা শুরু হয়, শেষ হয় জুনে। কিন্তু ওই এপ্রিলেই তিনি বুঝে গিয়েছিলেন স্বাধীনতা আসন্ন। তাই মৃত্যুর আগে উপন্যাসের শেষ বাক্যে লেখেন অভয়বাণী: ‘মা ভৈ’। চিরকালই নায়কেরা ধ্বংসের মুখে জীবিত ব্যক্তিদের আশার বার্তাই দিয়ে যান। ২৫ মার্চ রাতে বাংলাদেশ যে মৃত্যুর বিভীষিকায় ডুবেছিল, তার ভেতর রক্ত, লাশ আর নরক সমান ভয়াবহতার মধ্যে আনোয়ার পাশা লিখছেন ওই মৃত্যুরই আখ্যান। লিখছিলেন, স্বজাতির, স্বজনের, সঙ্গীর লাশ পেরিয়ে এসে। ২৫ মার্চের পরের তিন দিনের গল্প এটি। এই গল্প ইতিহাস, এই গল্প একাত্তরের রক্তের ডাক। এই কাহিনি শত্রুকবলিত বাংলাদেশের অবরুদ্ধ জীবনের। উপন্যাসের নায়ক সুদীপ্ত শাহীনই যেন বাংলাদেশ। যে বাংলাদেশ বিপন্ন, ছিন্ন-বিচ্ছিন্ন ও ভীত কিন্তু আশাহীন নয়, সেই বাংলাদেশ কথা বলেছে তাঁর কলমে। কখন বলেছে? যখন সেই বাংলাদেশ গণহত্যার শিকার, যখন সেই বাংলাদেশ ধর্ষিত, যখন সেই বাংলাদেশ মুক্তিসংগ্রামী। তাই রাইফেল রোটি আওরাত লেখাটাও একটা যুদ্ধ। মৃত্যুর গ্রাসের মধ্যে বসে সেই মৃত্যুকে রোখার বিবরণ এভাবে আর কে কবে লিখেছেন? তুলনা যদি করতেই হয় তাহলে ইলিয়া এরেনবুর্গের ফল অব প্যারিস কিংবা আর্নেস্ট হেমিংওয়ের ফর হোম দ্য বেল টোলস-এর তুলনাই উপযুক্ত। এর শক্তি কেবল শিল্পে নয়, এর সত্যদর্শনে। আর তা এমনই সবল যে হাজার বছর পরও কেউ একাত্তরের বাংলাকে ঠিকই এই উপন্যাসের আলোয় চিনে নিতে পারবে। স্বাদ পাবে বাংলাদেশের জন্মমুহূর্তের যন্ত্রণা-মেশানো উদ্বেল আশার।