একাত্মতায় বিকশিত ছাপচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার কাজের শিরোনাম “যুদ্ধ”। এটি কোলাগ্রাফ মিডিয়ায় করা একটি ছাপচিত্রের কাজ। আমি এখানে যুদ্ধের কারণে ঘটে যাওয়া মানুষের মনস্তত্ত্বের একটি দিক এনেছি। যেমন মূল বোর্ডে স্যান্ডেল, পায়ের ছাপ ইত্যাদির সমন্বয় করেছি। তারপর তেলরঙে প্রিন্ট নিয়েছি। যুদ্ধের কারণে মানুষের হারানো, ফেলে যাওয়া স্মৃতির সময়কে ধরতে চেয়েছি। দেশ বিভাগসহ একাত্তরের যুদ্ধের যে স্মৃতি আমাদের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে, দেশ-কালভেদে যুদ্ধ আসলে এভাবেই অসহায় অতীত-বিধুরতা তৈরি করে মানুষের দৈনন্দিন জীবনের জগতে।’ নিজের কাজ সম্পর্কে বলছিলেন শিল্পী রোকেয়া সুলতানা, মূল উদ্যোক্তা ছাত্র-শিক্ষকের দলবদ্ধ ছাপচিত্র প্রদর্শনীর। প্রদর্শনীতে চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগে কর্মরত দেশের স্বনামধন্য ছাপচিত্রশিল্পী শিক্ষকদের বিভিন্ন মাধ্যমে করা শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে ছাত্রদের সঙ্গে একই সারিতে। শিল্পী আবুল বারাক আলভী খুব মিনিমাইজড রং ও রেখায় ‘ফ্রম দ্য নেচার’ শীর্ষক এচিং মাধ্যমের একটি শিল্পকর্ম দিয়েছেন। শিল্পীর কাজে আমাদের সদ্যপ্রয়াত শিল্পী মোহাম্মদ কিবরিয়ার (যিনি ছাপচিত্র বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন) কিছুটা প্রভাব লক্ষণীয়। শিল্পী মাহমুদুল হকের ছাপচিত্রের ভিন্ন একটি মাধ্যম মেজোটিন্টে ‘আনটাইটেল্ড’ শিরোনামের শিল্পকর্মটিতে সাদাকালোর বিভিন্ন ক্রমপর্যায় দেখা যায় খুব নরম আবহে। শিল্পী আনিসুজ্জামান আনিস, যিনি বর্তমানে বাংলাদেশে কাঠখোদাই (উডকাট) মাধ্যমে স্বকীয়তার সঙ্গে সফলভাবে কাজ করে যাচ্ছেন। নিজের শিল্পকর্ম সম্পর্কে বললেন, ‘আসলে আমি যেভাবে কাজ করি, তার সঙ্গে প্রদর্শনীর কাজের পদ্ধতি বা স্বাদের মিল নেই। প্রদর্শনীতে “নেটিভ ল্যান্ড-৩” শিরোনামের কাজটিতে একই সঙ্গে রিলিফ ও ইন্টাগ্লিও প্রসেস ব্যবহার করেছি তিনটি ব্লকে। কোলাগ্রাফ করেছি বালি ও প্লাস্টার অব প্যারিস দিয়ে, যতটুকু প্রয়োজন মনে করেছি। যেহেতু এটি একটি ল্যান্ডস্কেপ, তাই সবুজ রঙের গ্রেড তৈরি করেছি।’এ ছাড়া প্রদর্শনীতে শিল্পী নাজির খান খোকন কোলাগ্রাফ মাধ্যমে শিরোনামহীন, শিল্পী জয়া শাহরীন হক ড্রাই পয়েন্ট মাধ্যমে, শিল্পী আস্মিতা আলম কোলাগ্রাফে ছিন্ন পাতার তরণী শিরোনামে, শিল্পী রোকনুজ্জামান উজ্জ্বল লিথোগ্রাফ মাধ্যমে, শিল্পী কামরুজ্জামান সাগর জন্মস্থান শিরোনামে শিল্পকর্মগুলোতে নিজস্ব চিন্তা ও ছাপচিত্রের বিভিন্ন মাধ্যম নিয়ে নিরীক্ষা করেছেন। ফলে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের কাজের সমন্বয় ঘটেছে একই মঞ্চে। দর্শকদের জন্য চমৎকার সুযোগ তৈরি হয়েছিল বিভিন্ন বয়সের শিল্পী শিক্ষক ও শিল্পী শিক্ষার্থীদের শিল্পকর্মের তুলনামূলক রস আস্বাদনের। প্রদর্শনীতে ছাত্রদের শিল্পকর্মগুলোতে বৈচিত্র্য অনেক বেশি। একই সঙ্গে সম্মান প্রথম বর্ষ ও মাস্টার্সের ছাত্রদের শিল্পচর্চার অগ্রযাত্রাটিকে সহজেই ধরা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাপচিত্রচর্চার প্রতিবন্ধকতা অনেক। আবার চারুকলার পুরোনো পাঠ্যক্রমের প্রতিবন্ধকতাও বিদ্যমান। তদুপরি, এই প্রদর্শনীর মাধ্যমে দর্শক ও শিল্পবোদ্ধাদের সামনে এই প্রতিকূল বাস্তবতায় ছাপচিত্র মাধ্যমকে আরও বেশি জনসাধারণের কাছাকাছি নিয়ে যাওয়ার প্রয়াস বিদ্যমান। অনেক শিক্ষার্থী শিল্পীর নতুন ভাবনা-চিন্তা, নিরীক্ষাপ্রবণতা বিশ্ব শিল্পচর্চার জগতের সঙ্গে সমসাময়িক বলে মনে করেন শিল্পী রোকেয়া সুলতানা। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে চিত্রকলাচর্চার বিভিন্ন মাধ্যমের সঙ্গে ছাপচিত্রও দেশের শিল্পভান্ডারকে সমৃদ্ধ করেছে। এ ধরনের প্রদর্শনী আরও সময়ব্যাপী ও জাতীয় পর্যায়ে হলে বাংলাদেশের সাধারণ দর্শক হয়তো ছাপচিত্র মাধ্যমটির গুরুত্ব ও আনন্দ বুঝতে পারবেন এবং সেই সঙ্গে ছাপচিত্র মাধ্যমে শিল্পচর্চার প্রতিকূলতাও কমে আসবে। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের অন্যতম ছাপচিত্রশিল্পী সদ্য প্রয়াত মোহাম্মদ কিবরিয়াকে।প্রদর্শনীতে প্রায় ৭০টির মতো শিল্পকর্ম স্থান পেয়েছিল। গত ২৮ থেকে ৩০ জুলাই চারুকলার জয়নুল গ্যালারিতে এই দলবদ্ধ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।