প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণজলৌকায় কীর্ণ
একার কেকা ডাকা শ্রাবণে
পাহাড়ে ময়ূরের নৃত্য
গর্জে ওঠে দেয়া গগনে
তুমিও একা নাকি পুত্র,
তুমি কি একাকিনী কন্যা—
গোপন ঝিরিপথ ছাপানো
বৃষ্টিক্ষোভাকুল বন্যায়?
শীতের চেয়ে বড়, দীর্ঘ
দাদুরীমত্তা এ ঋতুকাল
দুরতিক্রম্য, কী মন্থর;
মানুষ তবু একে চিরকাল—
মেঘের স্বরভাঙা সন্ধ্যায়—
পেরিয়ে যেতে চায় সাঁতরে;
অন্ধকার নদী, তবুও
একাই প্রাণপণে হাতড়ে
পাহাড়ধসানো এ বরষায়
তুমি কি একা নাকি, একলা?
চিবুক ছুঁয়ে আছে বেনোজল
দুচোখে নোনা-বুনো শ্যাওলা?
বৈরী বাতাসের পাখসাট
অন্ধকারে কাঁদে কেয়াবন
এ ভরা বাদরের প্রান্তর
কেবলই একটানা বর্ষণ
বাতাসে জমা থাক বৃষ্টি
একার কেকা ডাকা শ্রাবণে
পারো তো এই ঋতু সাঁতরাও
গর্জে ওঠে দেয়া গগনে।