একালে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘রবীন্দ্রনাথ এখন কতটা প্রাসঙ্গিক?’ শিরোনামে প্রথম আলোর ‘শিল্পসাহিত্য’ পাতায় ৯ মে ২০১৪-এর আয়োজনটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে৷ রবীন্দ্রজন্মজয়ন্তীতে প্রথাগত রবীন্দ্রস্তবের বাইরে এ আয়োজন ব্যতিক্রমী ও গুরুত্বত্বপূর্ণ৷ এ সংখ্যায় দুটি প্রবন্ধে রবীন্দ্রনাথের কবিতা প্রসঙ্গে শামসেত তাবরেজী ও কথাসাহিত্য বিষয়ে জাকির তালুকদার চিন্তা উদ্দীপক আলোচনা করেছেন৷ তবে দুই প্রবন্ধ বিষয়েই কিছু কথা বলার অবকাশ আছে৷
শামসেত তাবরেজী তাঁর প্রবন্ধে রবীন্দ্রকাব্যের বিভিন্ন বৈশিষ্ট্য যথার্থভাবে চিহ্নিত করে ‘রবীন্দ্রপ্রভাবমুক্ত’ হওয়ার প্রয়াসে লিপ্ত আধুনিক কবিদের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন৷ এবং তাঁদের ভুলের কারণেই যে আমাদের এখন ‘খেসারত’ দিতে হচ্ছে—কথাটি বলেছেন স্পষ্ট করে৷ রবীন্দ্রনাথের দেখিয়ে যাওয়া রাস্তাটি অনুসরণ না করে সেটি সমূলে উৎপাটন করার যে ‘পাপ’ আধুনিক কবিরা করেছেন; এরই ফলে বাংলাদেশের মানুষ কবিতা পড়া ছেড়ে দিয়েছে—তাঁর এমন অতিসরলীকৃত সিদ্ধান্ত অযৌক্তিক৷
আধুনিক বাংলা কবিতা-র ভূমিকায় আবু সয়ীদ আইয়ুব বলেছিলেন, ‘কালের দিক থেকে মহাযুদ্ধ-পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্রপ্রভাবমুক্ত, অনন্ত মুক্তিপ্রয়াসী কাব্যকেই আমরা আধুনিক কাব্য বলে গণ্য করেছি৷’ তাঁর মন্তব্য অব্যর্থ৷ রবীন্দ্রপ্রভাবমুক্তি আধুনিক কবিতার অন্যতম শর্ত ছিল সেদিন৷ শামসেত তাবরেজী অভিযোগ করেছেন, অস্তিত্বের অধিকারের গৌরব থেকে ব্যাপক জনগোষ্ঠীকে পেছনে রেখে আধুনিকতা কবিতাকে এগিয়ে নেওয়া হয়েছিল৷ এভাবেই কবিতা সর্বমানব বা অনামিকা থেকে উৎপাটিত হয়৷ কথাটি সর্বাংশে সত্য নয়৷ ‘ব্যাপক জনগোষ্ঠী’কে সঙ্গে নিয়েও অনেক আধুনিক কবি এগিয়েছিলেন৷ কাজী নজরুল ইসলাস, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, সুকান্ত ভট্টাচার্য এর উজ্জ্বল দৃষ্টান্ত৷ নজরুল তিরিশের আধুনিকদের সহযাত্রী না হলেও রবিতাপের চরম লগ্নে রাবীন্দ্রিক জাল ছিঁড়ে বের হলেন, বাংলা কবিতায় নতুন রক্তের ধারা বইয়ে দিলেন৷ এটিও তাঁর আধুনিকতার লক্ষণ৷ ‘ব্যাপক জনগোষ্ঠী’ বা ‘সর্বমানব’-এর চেতনাকে ধারণ করে যেসব আধুনিক কবি কবিতা লিখেছিলেন, তাঁদের সম্পর্কে আশাবাদী হয়ে আবু সয়ীদ আইয়ুব লিখেছিলেন, ‘হয়তো এঁরাই অদূর ভবিষ্যতে প্রমাণ করবেন যে আধুনিক কালের শ্রেষ্ঠ কবিতা ব্যক্তি-চেতনা সম্ভূত নয়, সমাজবোধের ওপর প্রতিষ্ঠিত৷ তার জন্য কবির চাই শ্রমিক ও কৃষকশ্রেণীর সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ, চাই ডাইলেকটিক দৃষ্টি, চাই ইতিহাসের অর্থনীতিমূলক ব্যাখ্যায় বিশ্বাস৷’ কিন্তু এই মূল্য দিতে একালের কোনো কবি প্রস্তুত বলে মনে হয় না৷ কবিতার পাঠক কেন কমে যাচ্ছে বা বাংলাদেশের মানুষ কেন কবিতা পড়া ছেড়ে দিয়েছে, সেটি ভিন্ন বিতর্ক৷ তবে রবীন্দ্রনাথের প্রদর্শিত পথ অনুসরণ না করাই যদি এর কারণ বলে সাব্যস্ত করি, তবে আমাদের সৃষ্টিশীলতার পথ অবরুদ্ধ হতে বাধ্য৷ স্বয়ং রবীন্দ্রনাথও এই স্থবির নীতির বিরোধী৷ গদ্যরীতি চালু করে, কাব্যের ভাবালু বৈশিষ্ট্য বর্জন করে, পরিত্যক্ত প্রাকৃতিক ও মানবিক ভাষা গ্রহণ করে তিনি নিজেই নিজের ঐতিহ্য ভেঙেছেন৷

দুই.
একালের প্রতিশ্রুতিশীল কথাশিল্পী জাকির তালুকদার আলোচনা করেছেন রবীন্দ্রনাথের কথাসাহিত্য নিয়ে৷ ছোটগল্প সম্পর্কে তাঁর মূল্যায়ন লক্ষ্যভেদী৷ তবে উপন্যাস নিয়ে তাঁর আলোচনা খণ্ডিত রূপ পরিগ্রহ করেছে৷ নৌকাডুবি ও চোখের বালির দুর্বলতা এবং গোরার অসামান্যতা আবিষ্কার করেই তিনি আলোচনা সমাপ্ত করেছেন৷ চোখের বালি দুর্বল উপন্যাস হলেও আমাদের ভুলে গেলে চলবে না, বাংলা সাহিত্যে এটিই প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস৷ অনেক সমালোচকের দৃষ্টিতে প্রথম আধুনিক উপন্যাস৷ গোরার পাশাপাশি মনোযোগের দাবিদার চতুরঙ্গ, ঘরে-বাইরে, যোগাযোগ, চার অধ্যায়ও৷ ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক আলোড়নের দ্বন্দ্বমুখর পটভূমিতে রবীন্দ্রনাথ এ উপন্যাসগুলোয় ব্যক্তির ভাব, হৃদয়, জ্ঞান ও প্রেমের সংঘাত—সব মিলিয়ে বিচিত্রমুখী প্রকাশ ঘটিয়েছেন৷ সবচেয়ে অবাক ব্যাপার, উপন্যাসের আলোচনায় জাকির তালুকদার শেষের কবিতার নামটিও উচ্চারণ করলেন না৷ এর অসাধারণত্ব শুধু উপন্যাস হিসেবে নয়, অভিনবত্বে এমনকি নতুনত্বেও৷
তিরিশের আধুনিকদের দলপতি বুদ্ধদেব বসুর চেয়ে যোগ্য ও বিদগ্ধ ‘রবীন্দ্রবিরোধী’ আর কেউ আবির্ভূত হননি বাংলা সাহিত্যে৷ শেষের কবিতা সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘... এই আশ্চর্য নতুন রচনাটি পড়তে-পড়তে আমাদের মনে হ’লো যেন একটা বন্ধ দুয়ার, যা আমাদের আনাড়ি হাতের আঘাতে কোনো উত্তর দেয়নি, তা এক জাদুকরের স্পর্শে হঠাৎ খুলে গেলো—দেখা গেলো আমাদেরই অনেক স্বপ্নের চোখ ধাঁধানো মূর্তি৷...আমাদের কল্পিত রবীন্দ্র-যুগের সীমানা এক ধাক্কায় অনেক দূরে স’রে গেলো; যেটাকে আমরা ‘রবীন্দ্রযুগ’ আখ্যা দিয়েছিলুম, সেটা যে নিজেই গতিশীল এবং পরিবর্তমান, তা বুঝতে পেরে অনেক ধারণা বদলে গেলো আমাদের৷’
জাকির তালুকদারের উপসংহার দ্ব্যর্থবোধক৷ তিনি বলেছেন, রবীন্দ্রনাথ না পড়লে হয়তো লেখক ও পাঠক উভয়েরই চলে৷ আবার বলেছেন, না পড়লে তাঁদের পস্তাতে হবে৷ বুদ্ধদেব বসুর স্বীকারোক্তি প্রমাণ করে, যত দিন বাংলা ভাষা ও সাহিত্য থাকবে, রবীন্দ্রনাথ পঠিত হবেন তত দিন, তাঁর প্রাসঙ্গিকতাও থাকবে—মাত্রার তারতম্যভেদে৷
রাজীব সরকার, শেরপুর