একুশ যেখানে স্থির দাঁড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই আমগাছটা! স্মৃতিচিহ্ন হিসেবে তা এখন ডাকসুর সংগ্রহশালায়। কাচের আবরণে ঢাকা গাছটি যেন বলছে, ‘এসো, এসো। আমার কাছে এসো।’কেন বলছে? কারণ তারই নিচে একদল তরুণ একত্র হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালে। আগের রাতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৪৪ ধারা অমান্যের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের মত ছিল ভিন্ন। ফলে ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় হয়েছিল ছাত্রসভা। সেখান থেকেই ঘোষণা করা হয়, ১৪৪ ধারা মানা হবে না। এই আমগাছটির নিচেই জন্ম নেয়া ইতিহাসের পথ ধরে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এখানেই দেখতে পাই একটি লিফলেট। ২১ ফেব্রুয়ারি কী ঘটেছিল, তার বর্ণনা আছে এই ভাষায়, ‘২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার/১০ জন তরুণ প্রাণ দিয়াছেন/২ জন মহিলাসহ ৭১ জন আহত/২০জন নারীসহ ৮২ জন কারারুদ্ধ।’ সেখানে রয়েছে পরিচিত স্লোগানগুলো: রাষ্ট্রভাষা বাংলা চাই/পুলিশ জুলুম—বন্ধ কর/নাজিম-নূরুল—গদি ছাড়/ জালিম সরকার—ধ্বংস হোক, জনগণের দাবি মানতে হবে।’ রয়েছে নওবেলাল পত্রিকার একটি কপি। ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কিছু নেতার পরিচিতিও আছে। সংগ্রহশালাটিকে যিনি পরম মমতায় আগলে রেখেছেন, সেই গোপাল চন্দ্র দাস বললেন, এত ছোট পরিসরে ভাষা আন্দোলনের দলিলগুলো ঠিকভাবে রাখা যাচ্ছে না।‘বাংলা একাডেমী ভাষা আন্দোলন জাদুঘর’টি খোলাই ছিল। বর্ধমান হাউসের দ্বিতীয় তলার এই জাদুঘরে বিশাল আকারের অনেকগুলো ছবি ভাষা আন্দোলনের কথাই বলছে যেন। ডিসপ্লেতে রয়েছে ভাষা আন্দোলন নিয়ে রচিত বইয়ের প্রচ্ছদ। খুব ভালো হতো, যদি জানা যেত, কোন বইটি কবে লেখা হয়েছে। তিনটি ঘরজুড়ে ছবি আর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে।চোখ আটকে গেল ভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারীর প্রচ্ছদের দিকে। ১৯৫৩ সালে সংকলনটি বের হওয়ার পর প্রকাশক ভাষাসৈনিক মোহাম্মদ সুলতানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সংকলনটি বাজেয়াপ্ত করা হয়েছিল। তছনছ করা হয়েছিল সুলতানের প্রকাশনা প্রতিষ্ঠান পুঁথিপত্র! কিন্তু এই ইতিহাসটি লিখে রাখা হয়নি। সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমানের নাম অবশ্য আছে।শফিউর রহমানের ব্যবহূত কোট আর একটি থলে রয়েছে এখানে। এটি সেই থলে, যেটি সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে দুপুরের খাবার নিয়ে রওনা হয়েছিলেন শফিউর রহমান। কিন্তু পথেই চলে গুলি। পথেই তিনি হয়ে যান ইতিহাসের অংশ। ‘ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা’টি পলাশী মোড়ে। মূলত কিছু ছবি ভাষা আন্দোলনের কথা স্মরণ করায়। তবে তা ঘুরে-ফিরে আবুল বরকতকেই বেশি করে মনে করিয়ে দেয়। একটি আঁকা ছবিতে অবশ্য পাঁচজন শহীদকে দেখা যাচ্ছে। আবুল বরকত যে কাপে চা খেতেন, তেমন তিনটি কাপ-পিরিচ আছে এখানে। ছেলেবেলার একটি খেলনাও রয়েছে। একটি হাতঘড়ি ছিল আগে, এখন নেই। বাবাকে লেখা বরকতের দুটো চিঠি জানিয়ে দিচ্ছে, একটি লেখা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে, সেপ্টেম্বরের ২ তারিখে। সেখানে তিনি লিখছেন, ‘পাকজনাবেষু বাবাজান, আমার সালাম গ্রহণ করিবেন। আশা করি খোদার ফজলে ভালো আছেন। অনেক দিন হইতে আপনাদের কোনো সংবাদ না পাইয়া বড় চিন্তিত আছি। আমি আপনাকে একখানা চিঠি দিয়েছি, বোধ হয় পেয়েছেন। ইউনিভার্সিটিতে এখনো ভর্তি হওয়া হয় নাই, তবে ২/৪ দিনের মধ্যে ভর্তি হব।’আচ্ছা, আমরা তো এই ভাষাশহীদকে বরকত নামে ডাকি। কিন্তু স্পষ্ট দেখলাম বরকত তাঁর নামটি লিখেছেন ‘বরকাত’।অন্য চিঠিটি ১৯৪৯ সালের ২ জুলাই লেখা।ভাষা আন্দোলনের সময় তোলা বেশ কিছু ছবির পাশাপাশি বরকতের দুটো ছবি আছে। আছে মুর্শিদাবাদে বরকতের বাড়ির ছবি। বরকতসহ শহীদদের গায়েবানা জানাজা, ১৯৫৬ সালের একটি ছবিতে দেখা যাচ্ছে বরকতের মা, ভগ্নীপতি ও বোনকে, শহীদ মিনারের ভিত্তিপ্রস্তরের পাশে। কিশোর বরকতের ছবিটিও দৃষ্টি কাড়ে। তিনটি সংগ্রহশালাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা একটু দূরে। যে কেউ এখানে এসে ইতিহাসের সঙ্গী হতে পারেন, শরীরে জড়িয়ে নিতে পারেন একুশের ঘ্রাণ। ঢাকা বিশ্ববিদ্যালয় বহু দূরে অবস্থিত কোনো গ্রহ নয়। যে কেউ একটু চাইলেই টিএসসিতে এসে হাঁটাপথেই তিনটি সংগ্রহশালায় ঢুঁ মারতে পারেন। বইমেলায় তো যাবেনই, ইতিহাসকেও একটু সঙ্গ দিন।