

কাজী নজরুল ইসলাম বিশ শতকের প্রথমার্ধের কবি। তিনি বিশ শতকের দুটি মহাযুদ্ধের সাক্ষী। প্রথম মহাযুদ্ধ তিনি দেখেছিলেন করাচি সেনানিবাস থেকে, যখন তাঁর সহসৈনিকেরা মধ্যপ্রাচ্য ও ইউরোপে ব্রিটিশ ভারতীয় সেনাদলের হয়ে তুরস্ক ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে এক পক্ষে ছিল ব্রিটেন, ফ্রান্স ও ইতালি, অপর পক্ষে জার্মানি ও তুরুস্ক। বিশ শতকের প্রথম দুই দশক পর্যন্ত মধ্যপ্রাচ্যের ও উত্তর-আফ্রিকার প্রায় সব মুসলিম দেশ অটোমেন তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আর তুরস্কের সুলতান হামিদ ছিলেন ইসলামের শেষ খলিফা। প্রথম মহাযুদ্ধে জার্মানি ও তুরস্ক পরাজিত হলে তুর্কি সাম্রাজ্য ভেঙে পড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ব্রিটেন, ফ্রান্স ও ইতালির উপনিবেশে পরিণত হয়। পাশ্চাত্য সাম্রাজ্যবাদের এই সম্প্রসারণ ইংরেজ উপনিবেশ ভারতের একজন সৈনিক কাজী নজরুল ইসলাম গভীর মনস্তাপের সঙ্গে অবলোকন করেছিলেন এবং সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী মানসিকতা অর্জন করেছিলেন। তিনি করাচি সেনানিবাসে অবস্থানের সময় ১৯১৭-১৯ সালের মধ্যে অনুষ্ঠিত রুশ বিপ্লবের সফলতায় হয়েছিলেন উল্লসিত।
তিনি যখন করাচি সেনানিবাসে তখন তাঁর সহসৈনিকেরা মেসোপটেমিয়া বা ইরাকে তুর্কি বাহিনীর বিরুদ্ধে ইংরেজের পক্ষে যুদ্ধ করছিলেন। এই পটভূমিকায় রচিত ‘শাত-ইল-আরব’ কবিতায় তিনি লিখেছিলেন, ‘শাত-ইল-আরব! শাত-ইল-আরব!! পূত যুগে যুগে তোমার তীর। শহীদের লোহু, দিলীরের খুন ঢেলেছে যেখানে আরব-বীর। যুঝেছে এখানে তুর্ক সেনানী। য়ুনানী মিসরি আরবি কেনানি—/ লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গা-শির—নাঙ্গা-শির—/শম্সের হাতে, আঁসু-আঁখে মূর্তি দেখেছি বীর-নারীর।’ প্রথম মহাযুদ্ধে ইরাক ইংরেজ উপনিবেশে পরিণত হয়েছিল। পরাধীন ভারতের কবি নজরুল ইরাকের পরাধীনতায় বেদনাকাতর হয়ে সহানুভূতি জানিয়েছিলেন ওই কবিতায়।
বিশ শতকের দ্বিতীয় দশকের শেষে ইরাকের ভাগ্যে যা জুটেছিল, একুশ শতকে দ্বিতীয় দশকের মাঝামাঝি সময়ে ইরাকে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে নজরুলকে ভবিষ্যদ্দ্রষ্টা বলতে হয়। ইরাকে পরাশক্তির আগ্রাসন এবং পরবর্তী সময়ে শিয়া-সুন্নি ও কুর্দি সংঘাত এবং আইএস জঙ্গি হামলা প্রথম মহাযুদ্ধের শতবর্ষ পরেও ইরাককে ক্ষতবিক্ষত, ছিন্ন-বিচ্ছিন্ন করছে। ইরাকের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষত লিবিয়া, মিসর, সিরিয়া, ইয়েমেন ও তিউনিশিয়ায় যা ঘটছে তা প্রথম মহাযুদ্ধোত্তর পাশ্চাত্য সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদেরই পরিণতি।
একুশ শতকে মিসরের ‘আরব বসন্তের’ পর একে একে ওসব দেশে যে ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধ চলছে, তা বিশ শতকের প্রথম মহাযুদ্ধোত্তর তুরস্ক সাম্রাজ্যের পতন ও পাশ্চাত্য সাম্রাজ্যবাদের উপনিবেশ সম্প্রসারণেরই পরিণতি। প্রথম মহাযুদ্ধের আগে ফিলিস্তিন (প্যালেস্টাইন) ছিল অটোমেন তুরস্ক সাম্রাজ্যের অন্তর্গত। প্রথম মহাযুদ্ধের পর ‘লিগ অব নেশন’ ফিলিস্তিনকে ব্রিটিশ অছিভুক্ত করে। দ্বিতীয় মহাযুদ্ধের পর ফিলিস্তিনকে ভাগ করে ইহুদি রাষ্ট্র ‘ইসরায়েল’ প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের সম্প্রসারণ এবং ফিলিস্তিন সিরিয়া, লেবানন ও জর্ডানের সংকোচন ঘটতে থাকে। যে প্রক্রিয়া একুশ শতকের দ্বিতীয় দশকেও ক্রমবর্ধমান, মধ্যপ্রাচ্যে বিশ্বের একমাত্র পরাশক্তির ‘ওয়াচডগ’ ইসরায়েল, যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো গৃহযুদ্ধে ক্ষয়প্রাপ্ত না হবে তত দিন এই প্রক্রিয়া চলতে থাকবে।
বিশ শতকের শেষ দশকে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনাবাহিনী বিতাড়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ‘তালেবান’ ও ‘আল-কায়েদা’ সন্ত্রাসীগোষ্ঠীর সৃষ্টি করেছিল। আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী বিতাড়িত হয়েছে কিন্তু পাশ্চাত্য সাম্রাজ্যবাদ সৃষ্ট আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসবাদের অবসান ঘটেনি। তা বুমেরাং হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আফগানিস্তানকে পাল্টা আঘাত হেনেছে। আজ বিশ্বের মুসলিম দেশগুলো যে সন্ত্রাসবাদের শিকার, তার সূচনা পাকিস্তান ও আফগানিস্তান থেকেই। বহু উপজাতি অধ্যুষিত আফগানিস্তানকে মধ্যযুগীয় অন্ধকার থেকে আধুনিক যুগের আলোয় আনার চেষ্টা করেছিলেন আমানুল্লাহ। কিন্তু তিনি সফল হননি। তাঁর প্রয়াসের প্রশংসায় নজরুল রচনা করেছিলেন ‘আমানুল্লাহ’ কবিতা। প্রথম মহাযুদ্ধোত্তরকালে আফগানিস্তানের জাগরণ ঘটেছিল আমানুল্লাহর নেতৃত্বে। ব্রিটিশ ভারতের সঙ্গে প্রথম মহাযুদ্ধোত্তর সংঘাত ও সংঘর্ষের পরে ১৯১৯ সালের ৮ আগস্ট ব্রিটিশ সরকার আমানুল্লাহ খানের শাসন কর্তৃত্বে আফগানিস্তানের স্বাধীনতার স্বীকৃতি দান করে। তারপর থেকে আফগানিস্তানের আমির আমানুল্লাহ খান দেশে বহুবিধ আধুনিক শাসনতান্ত্রিক ও সামাজিক সংস্কার সাধন করেন। কিন্তু মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থায় লালিত-পালিত গোঁড়া ধর্মান্ধ সম্প্রদায় তাতে ক্ষিপ্ত হয়ে মোল্লা আবদুল করিমের নেতৃত্বে বিদ্রোহ করে। আমানুল্লাহ সেই বিদ্রোহ দমন করার পর পুনরায় আফগানিস্তানের আধুনিকীকরণে ব্রতী হন। এ সময় তিনি ভারত সফরে আসেন। নজরুল এই সফরকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘খোশ্ আমদেদ্ আফগান্-শের! অশ্রুরুদ্ধ কণ্ঠে আজ—/সালাম জানায় মুসলিম-হিন্দ্ শরমে নেয়ায়ে শির বে-তাজ!/বান্দা যাহার বন্দেগীছাড়া কি দিবে তাহারা, শাহানশাহ্!/নাইসে ভারতে মানুষের দেশ! এই শুধু পশুর কতল্-গাহ!’
আমানুল্লাহ দেশ-বিদেশ সফর শেষে কাবুলে প্রত্যাবর্তন করে সুদূরপ্রসারী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার সাধনে ব্রতী হন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর আফগানিস্তানকে আধুনিকীকরণের বৈপ্লবিক প্রয়াসে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বাচ্চা-ই শোকো বা হাবিবুল্লাহ খান নামের জনৈক তাজিক উপজাতীয় নেতা ১৯২৯ সালের জানুয়ারি মাসে কাবুল অধিকার করে নেয়, আমানুল্লাহ খান কান্দাহার পালিয়ে যান এবং কাবুল পুনরুদ্ধারের প্রয়াস ব্যর্থ হয়। আফগানিস্তানে বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। ওসামা বিন লাদেনের নেতৃত্বে তালেবান কর্তৃক আফগানিস্তান অধিকার, রুশ বিতাড়ন মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আফগানিস্তানের কর্তৃত্ব গ্রহণ, লাদেনের পতন ও শেষে মার্কিন কমান্ডো বাহিনীর হাতে নিহত হওয়ার ঘটনা এ দেশের মর্মান্তিক ইতিহাসের পরিণতি। আমানুল্লাহ সফল হলে এ ইতিহাস অন্য রকম হতে পারত।

প্রথম মহাযুদ্ধ শেষ হওয়ার পর তুরস্ক সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে মিসর ব্রিটেনের অধীনে চলে যায়। ব্রিটিশরা মিসরের জাতীয়তাবাদী নেতা জগলুল পাশাকে তিনজন সহকর্মীসহ গ্রেপ্তার ও মালটায় নির্বাসিত করে আটক রাখে। শুরু হয় প্রথম ‘আরব বসন্ত’ অর্থাৎ মিসরজুড়ে প্রচণ্ড ব্রিটিশবিরোধী বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত ১৯১৯ সালের এপ্রিল মাসে ব্রিটিশরা জগলুল পাশা ও তাঁর সহকর্মীদের মুক্তি দিতে বাধ্য হয়। ব্রিটিশরা জগলুল পাশার সঙ্গে লন্ডন আলোচনার পর মিসরকে স্বাধীনতা দিতে সম্মত হয়েও বিশ্বাসঘাতকতা করে ইয়েছোব পাশাকে দিয়ে একটি তাঁবেদার সরকার গঠন করায়। এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন জগলুল পাশা। সামরিক আদালতে বিচার-প্রহসনের পর জগলুল পাশার ১৬ জন সহকারীকে গুলি করে হত্যা করা হয়। জগলুল পাশা পুনরায় গ্রেপ্তার ও পাঁচজন সহকারীসহ নির্বাসনে প্রেরিত হন। তবে শেষ পর্যন্ত মিসরবাসীর আন্দোলনের মুখে মিসরের স্বাধীনতার দাবি স্বীকৃত হয়। ১৯২৪ খ্রিষ্টাব্দের নির্বাচন অনুষ্ঠান শেষে জগলুল পাশা বিজয়ীর বেশে মিসর প্রত্যাবর্তন করেন। ১৯২৬ সালের নির্বাচনেও জগলুল পাশার ‘ওয়াফদ’ দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু ১৯২৭ সালের ২৩ আগস্ট মিসরের এই অবিসংবাদিত নেতা মারা যান। তাঁর মৃত্যুতে নজরুল ইসলাম লেখেন ‘চিরঞ্জীব জগলুল’ কবিতা, ‘মিশরে খেদিব ছিল বা ছিল না, ভুলেছিস সব লোক/জগলুলে পেয়ে ভুলেছিল ওরা সুদান-হারার শোক। রহিল মিশর, চলে গেল তার সুর্মদ যৌবন,/রুস্তম গেল, নিষ্প্রভকায় খসরু-সিংহাসন।/মিশরের চোখে বহিল নতুন সুয়েজখালের বান। সুদান গিয়াছে গেল আজ তার বিধাতার মহাদান।’
সম্প্রতি মিসরে ওই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। মিসরের প্রেসিডেন্ট হোসনি মেবারককে অপসারণের আন্দোলন সফল হলেও সে আন্দোলনের ফসল ঘরে তুলেছিল মৌলবাদী ‘মুসলিম ব্রাদারহুড’। কিন্তু ওই দলকে সরিয়ে ক্ষমতাসীন হয় সামরিক সরকার। ব্রিটিশরা জগলুল পাশার শাসনকালে সুদানকে মিসর থেকে বিচ্ছিন্ন করেছিল, দীর্ঘ গৃহযুদ্ধের পর সুদান আবার দ্বিখণ্ডিত হয়।
মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী খেলার শেষ নেই। শুধু মধ্যপ্রাচ্যে নয়, উত্তর আফ্রিকাতেও প্রথম মহাযুদ্ধোত্তরকালে তীব্র স্বাধীনতাসংগ্রাম হয়েছিল। প্রসঙ্গক্রমে, স্পেনের বিরুদ্ধে রিফ্ সরদার আবদুল করিমের সশস্ত্র সংগ্রামের কথা স্মরণীয়। ১৯২৫ সালে উত্তর-মরক্কোর স্প্যানিশ অধিকৃত অঞ্চলে রিফ উপজাতীয়দের একতাবদ্ধ করে রিফ্ সরদার আবদুল করিম স্পেনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ও অধিকাংশ অঞ্চল থেকে স্প্যানিশ বাহিনীকে বিতাড়িত করেন। এরপর তিনি মরক্কোর ফরাসি অধিকৃত অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ সম্প্রসারিত এবং সম্মিলিত ফরাসি ও স্প্যানিশ বাহিনীর বিরুদ্ধে ১৯২৬ সাল পর্যন্ত যুদ্ধ পরিচালনা করেন। তাঁর শৌর্যবীর্যে মুগ্ধ হয়ে নজরুল ‘রীফ্ সর্দার’ কবিতায় আবদুল করিমকে ‘নবযুগের নেপোলিয়ান’ নামে অভিহিত করেন। এ ছাড়া আলোচ্য কবিতায় তাঁকে ‘শাহানশাহ বন্দীদের’, ‘লাঞ্ছিত যুগে যুগাবতার’, ‘নয়াদুনিয়ার মুসাতারিক’ প্রভৃতি বিশেষণেও ভূষিত করা হয়েছে।
প্রথম মহাযুদ্ধ শেষে মিত্র পক্ষের ইংরেজ, ফরাসি ও ইতালিয়ান বাহিনী তুরস্কের ওপর সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ফরাসি বাহিনী সিলিসিয়া, ইংরেজ বাহিনী দার্দানেলেস ও ইতালীয় বাহিনী আনাতোলিয়ায় অবতরণ করে। তুরস্কের নতুন সুলতান ওয়াহিদুদ্দিন ‘চেম্বার অব ডেপুটিস’ ভেঙে দেন ১৯১৯ সালের মার্চ মাসে। তিনি নভেম্বর মাসে নব্য তুর্কি নেতাদের সেনাবাহিনী থেকে পদচ্যুত করেন, যাঁদের মধ্যে ছিলেন মোস্তফা কামাল ও আনোয়ার পাশা। ইতিমধ্যে তুরস্কের পূর্বতন উপনিবেশ গ্রিসের বাহিনী ইজমিরে অবতরণ করে। এই ঘটনা তুরস্কের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। তুরস্ক নব্য তুর্কি নেতা মোস্তফা কামালের নেতৃত্বে প্রথম মহাযুদ্ধে পরাজয়ের গ্লানি ভুলে গ্রিক বাহিনীকে রুখে দাঁড়ায়।

বিশ শতকের দ্বিতীয় দশকের শেষে ইরাকের ভাগ্যে যা জুটেছিল, একুশ শতকে দ্বিতীয় দশকের মাঝামাঝি সময়ে ইরাকে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে নজরুলকে ভবিষ্যদ্দ্রষ্টা বলতে হয়
তুরস্ক ও গ্রিসের যুদ্ধ ১৯২০ থেকে ১৯২২—তিন বছর ধরে চলে। প্রথম বছরের যুদ্ধে তুরস্ক পরাজিত হতে থাকে, দ্বিতীয় বছর থেকে যুদ্ধের মোড় ঘুরতে থাকে। ১৯২১ সালে ইসমেত ইনোনুর নেতৃত্বে তুর্কি বাহিনী সাফল্যের সঙ্গে গ্রিক বাহিনীর বিভিন্ন আক্রমণ প্রতিহত করে। ১৯২২-এ মোস্তফা কামালের নেতৃত্বে সাকারিয়া যুদ্ধে তুর্কি বাহিনী গ্রিস বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে। তুরস্কের ‘গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি’ বিজয়ী জেনারেল মোস্তফা কামালকে ‘গাজি মোস্তফা কামাল আতাতুর্ক’ নামে অভিনন্দিত করে। সাকারিয়া যুদ্ধ হয়েছিল ১৯২১ সালের আগস্ট মাসে আর নজরুলের ‘কামাল পাশা’ কবিতাটি রচিত হয়েছিল ১৯২১ সালের অক্টোবর মাসে। মনে হয় কামাল আতাতুর্কের সাকারিয়া যুদ্ধ জয়কে উপলক্ষ করে কবিতাটি রচিত। স্মরণীয় যে অটোমেন তুর্কি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মোস্তফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ তুর্কি সাধারণতন্ত্র রাষ্ট্র গড়ে তুলেছিলেন। তিনি আরবির পরিবর্তে তুর্কি ভাষাকে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন। তুর্কি ভাষায় ধর্মকর্ম সম্পন্ন করার ব্যবস্থা করেছিলেন। মোস্তফা কামাল আতাতুর্ক এই নব্য তুর্কি রাষ্ট্রে পুরোনো অটোমেন তুর্কি সাম্রাজ্যে প্রচলিত মধ্যযুগীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠান বাতিল করেছিলেন। আতাতুর্কের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ তুর্কি প্রজাতন্ত্র একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছিল।
কামাল আতাতুর্ক ছিলেন নজরুলের হিরো বা নায়ক। কারণ, মোস্তফা কামালই পৃথিবীর কোনো মুসলিম দেশের নেতা, যিনি একটি মহাযুদ্ধে পরাজয়ের পরেও সে দেশটিকে নতুনভাবে একটি আধুনিক রাষ্ট্রে এবং তুর্কি সমাজকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন। তিনি তুরস্কের ভেতরের ও বাইরের শত্রুদের মোকাবিলায় যে সাহস, বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন, তা নজরুলকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। ‘কামাল পাশা’ কবিতায় নজরুলের যে উল্লাস তা আর কোনো কবিতাতেই নেই। ‘ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই/অসুর-পুরে শোর উঠেছে জোর্সে সামাল সামাল তাই/কামাল! তু নে কামাল কিয়া ভাই!/হোহো কামাল! তু নে কামাল—কিয়া ভাই! লেফট্রাইট লেফট্!! লেফট্রাইট লেফট!! সাব্বাস ভাই! সাব্বাস দিই, সাব্বাস তোর শমশেরে।/পাঠিয়ে দিলি দুশ্মনে সব যমঘর একদম-সে রে!/বল্ দেখি ভাই, বল হাঁরে,/দুনিয়ায় কে ডর্ করে না তুর্কির তেজ তলোয়ার?...’
‘কামাল পাশা’ কবিতায় নজরুল বাংলার সঙ্গে হিন্দুস্তানি এমনকি ইংরেজি শব্দেরও ব্যবহার করেছেন, এই কবিতার ছন্দ উঠে এসেছে সৈনিকের কুচকাওয়াজ থেকে, যা একজন সৈনিক কবির পক্ষেই সম্ভব।
বিশ সালের বিশের দশকে প্রথম মহাযুদ্ধোত্তরকালে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও মধ্য এশিয়ায় অবস্থিত নতুন পাশ্চাত্য উপনিবেশগুলোতে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী যে সংগ্রাম চলছিল, নজরুল তার খবর একে একে দৈনিক নবযুগ, অর্ধসাপ্তাহিক ধূমকেতু, সাপ্তাহিক লাঙল এবং গণবাণী পত্রিকায় বিভিন্ন আঙ্গিকের লেখার মধ্য দিয়ে তুলে ধরছিলেন। উদ্দেশ্য ছিল স্বদেশবাসীকে সাম্প্রদায়িক সংঘাতের ঊর্ধ্বে উঠে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের আন্তর্জাতিক চক্রান্ত সম্পর্কে সচেতন করে তোলা, জাতিধর্ম-নির্বিশেষে স্বাধীনতাসংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দান করা।
স্মরণীয় যে বিশ সালের বিশের দশকে অসহযোগ ও খেলাফত আন্দোলনের ব্যর্থতার পর থেকে বাংলা তথা ভারতের মানুষ বিদেশি প্রভু অপেক্ষা স্বদেশি ভাইয়ে ভাইয়ে সংঘাতে অধিকতর লিপ্ত ছিল। সে জন্য ভারতকে প্রথমে দুই, পরে তিন ভাগে বিভক্ত হতে হয়েছিল। একুশ শতকে এসে বিশ্বে এক নতুন উপসর্গ দেখা দিয়েছে, যার নাম ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’, যার হোতা ‘আন্তর্জাতিক পরাশক্তি’, যার প্রধান শিকার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ। বিশ সালের বিশের দশকে নজরুল ‘সাম্রাজ্যবাদ’, ‘উপনিবেশবাদ’, ‘মৌলবাদ’ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। স্বদেশবাসীকে ওসব অভিশাপ থেকে মুক্ত রাখার জন্য প্রাণপাত করে তিনি অকালে মৌণ হয়ে গেছেন। ফলে এই উপমহাদেশে মানবতার চরম লাঞ্ছনা ও অবমাননা ঘটে গেছে বিগত এক শতাব্দীকাল। কিন্তু একুশ শতকের বিশের দশক যখন আগতপ্রায় তখনো মনুষ্যত্বের চরম দুর্দশার অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভ্রাতৃঘাতী রক্তপাত বেড়েই চলেছে। মনে হয় ওসব দেশে একশ্রেণির মানুষ বিবেক, বুদ্ধি ও যুক্তি হারিয়ে ফেলেছে। বিশ শতকে দেশে দেশে দার্শনিক ও সাহিত্যিকদের মধ্যে এমন কিছু চিন্তাবিদ ছিলেন, যাঁরা মানুষকে শান্তির বাণী শোনাতেন, অসাম্প্রদায়িকতার ও মানবতার আদর্শ প্রচার করতেন। এমন কিছু রাজনীতিক ছিলেন, যাঁরা অহিংসার বাণী শোনাতেন। কিন্তু আজ অহিংসা পরম ধর্ম ব্যর্থ পরিহাস মাত্র।
নজরুল তাঁর কবিতা, গান, প্রবন্ধ, ভাষণ—সবকিছুর মধ্য দিয়েই অসাম্প্রদায়িকতার বাণী প্রচার করেছেন, বিভিন্ন সম্প্রদায়ের ও জাতির মানুষের মিলনের কথা বলেছেন। নারী-পুরুষের সমান অধিকারের কথা বলেছেন, সমাজের নিচের তলার মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন। একুশ শতকেও বিশ শতকের কবি নজরুলের বাণী আরও বেশি প্রাসঙ্গিক। কারণ, একুশ শতকের মানুষ বিশ শতকের মানুষের চেয়ে আরও বেশি সাম্প্রদায়িক এবং হিংসাতুর হয়ে উঠেছে। বিশ শতকের বিশ্বে মানবতাবাদী মনীষীর অভাব ছিল না। কিন্তু একুশ শতকের পৃথিবীতে মানবতাবাদী মহাপুরুষের অভাব অত্যন্ত প্রকট। পৃথিবীর ইতিহাসে মানবজাতি একুশ শতকের মতো কখনো আর এমন সংকটে পড়েনি। তাই বিগত শতকগুলোতে যাঁরা মানুষকে মুক্তির বাণী শুনিয়ে গেছেন, তাঁদের কথাগুলো আজ আবার মানতে হবে, শুনতে হবে এবং এখানেই নজরুল প্রাসঙ্গিক।