একের ভেতর অনেক
লেওনার্দো দা ভিঞ্চি(১৫ এপ্রিল, ১৪৫২—২ মে ১৫১৯)‘পিঁপড়া খুঁজে পেল একটি শস্যদানা। ধরা পড়েছে বুঝতে পেরে আর্তনাদ করে উঠল বীজটি, “যদি দয়া করো আমাকে, আমার ফলন করার ক্ষমতাকে ব্যবহার করতে দাও, আমার মতো একশটি শস্যদানা আমি তোমাকে ফিরিয়ে দেব।” আর হলোও ঠিক তা-ই।’ ছোট্ট এই নীতিগল্পটি লিখেছিলেন ইতালির ভিঞ্চি এলাকার একজন মানুষ, নাম লেওনার্দো। মানুষটির নিজের একমাত্র জীবনটিও সহস্র অবিনশ্বর বীজে ছড়িয়ে পড়েছিল। বিশ্বসভ্যতার চিরস্মরণীয় মানুষদের তালিকায় অমোচনীয় কালিতে লেখা রয়েছে তাঁর নাম: লেওনার্দো দা ভিঞ্চি।কে ছিলেন এই লেওনার্দো দা ভিঞ্চি? পাল্টে বরং প্রশ্ন তোলা যাক, কী ছিলেন না তিনি? তিনি ছিলেন একজন সত্যিকারের বহুমুখী প্রতিভা: ভাস্কর, স্থপতি, উদ্ভাবক, গণিতবিদ, লেখক, সংগীতজ্ঞ, শারীরবিজ্ঞানী, প্রকৌশলী, ভূতাত্ত্বিক, ভ্রূণবিদ, উদ্ভিদবিজ্ঞানী। উড়ন্ত যানের নকশা এঁকেছিলেন, আবিষ্কার করেছিলেন জলগতিবিদ্যার সূত্র, আন্দাজ করেছিলেন টেকটোনিক প্লেটের ধারণা, বের করেছিলেন সৌরশক্তি কেন্দ্রীভূত করার কৌশল, উদ্ভাবন করেছিলেন অভিনব সব সমরাস্ত্র, পর্যবেক্ষণ ও লিপিবদ্ধ করেছিলেন রক্তের সঞ্চালন, দৃষ্টিশক্তির রহস্য ও হাড়ের সংস্থান। এত বিচিত্র সব কীর্তি, যেন একটি মানুষের নয়, অনেকগুলো মানুষের বর্ণনা। সত্যি বলতে কি, লেওনার্দো দা ভিঞ্চি আর মিকেলেঞ্জেলোর বিবরণ দিতে গিয়েই তৈরি হয়েছিল ‘রেনেসাঁ-মানব’ শব্দটি। তবু রেনেসাঁর প্রতীক লেওনার্দোই।রেনেসাঁর কথা যখন উঠলই, তা দুয়েকটি কথা না বললে লেওনার্দো দা ভিঞ্চির মহিমা আন্দাজ করা যাবে না। এই সাংস্কৃতিক আন্দোলনটি জেগে উঠেছিল চতুর্দশ শতকের ফ্লোরেন্সে; এর পর দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো ইয়োরোপে। এ আন্দোলন ইয়োরোপকে টেনে বের করে আনে এর মধ্যযুগীয় ধর্মতন্ত্রের অন্ধকার থেকে। একঝাঁক লেখক-শিল্পী-ভাবুকের অভূতপূর্ব সৃজনশীলতায় চিন্তার কেন্দ্রে ঈশ্বরের জায়গায় অভিষেক ঘটতে শুরু করে মানুষের।যাঁদের হাতে এই রেনেসাঁর সূচনা, লেওনার্দো দা ভিঞ্চি তাঁদের একজন। জন্মও তাঁর ফ্লোরেন্সেই, ১৪৫২ সালের ১৫ এপ্রিল। লেওনার্দোর জীবন শুরু হয়েছিল তাঁর গল্পের পিঁপড়ার মুখে আটকে পড়া শস্যদানার মতোই। মেসের পিয়েরো ফ্রুয়োসিনো দি আন্তোনিয়ো দা ভিঞ্চি নামে আদালতকর্মী বাবা আর কাতেরিনা নামে কিষানি মায়ের তিনি ছিলেন অবৈধ সন্তান। ২৪ বছর বয়সে ফ্লোরেন্সের এক আদালতে তাঁর বিরুদ্ধে সমকামের অভিযোগ ওঠে। শৈশবের মাত্র দুটি স্মৃতি উদ্ধার করতে পেরেছিলেন লেওনার্দো। একবার তিনি শুয়ে ছিলেন দোলনায়। আকাশ থেকে হঠাত্ একটি চিল নেমে আসে দোলনার ওপর। পাক খেতে খেতে চিলটির লেজের পালক ছুঁয়ে যায় তাঁর মুখ। এই ঘটনাটির মধ্যে তিনি পেয়েছিলেন অমঙ্গলের বার্তা। কিন্তু সমস্ত অমঙ্গল আর দুর্দশা ঝেড়ে ফেলে মানুষটি হয়ে ওঠেন মানবসভ্যতার অন্যতম নির্মাতা।বিচিত্র কৌতূহল ও মুদ্রাদোষ এবং প্রাণী-মানুষ-প্রকৃতি পর্যবেক্ষণের কিম্ভূত কাজকারবারের জন্য লেওনার্দোর চারপাশ ঘিরে আছে রহস্যের ঘন কুয়াশায়।কিন্তু বিখ্যাত মানুষটির আসল কীর্তির কথা তো বলাই হয়নি এখনো। লেওনার্দো দা ভিঞ্চি পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্রকরদের একজন। নোটবইয়ের এক জায়গায় লেওনার্দো লিখেছেন, ‘ছবি আঁঁকা কখনো শেষ হয় না, আঁঁকা একসময় ছেড়ে দিতে হয়।’ তাঁর এ কথা ভিন্নতর অর্থে ফিরে এসেছে তাঁর নিজের জীবনে। তাঁর বিখ্যাত মুদ্রাদোষ ছিল ছবি অসমাপ্ত রেখে দেওয়া। বহু চিত্রকর্ম তিনি আঁঁকতে শুরু করেছেন, কিন্তু শেষ করেননি। তাঁর সম্পূর্ণ চিত্রকর্মের সংখ্যা মাত্র ১৫টির মতো। এই সামান্য কয়টি চিত্রকর্মই তাঁকে আকাশচুম্বী খ্যাতি দিয়েছে।বিশ্বশ্রেষ্ঠ চিত্রকর্মের মধ্যে আছে তাঁর ‘দ্য লাস্ট সাপার’ আর ‘মোনা লিসা’। ‘মোনা লিসা’র হাসি সবার কাছে চির-রহস্যের উত্স। ‘ভিত্রুভিয়ান ম্যান’ এমন এক সাংস্কৃতিক আইকন, যা ইয়োরো থেকে টি-শার্টে ফিরে ফিরে আসছে নানা নতুন চেহারায়। ড্যান ব্রাউন যে দ্য দা ভিঞ্চি কোড বইটি লিখে বছর কয়েক আগে দুনিয়া মাতালেন, তারও কেন্দ্রে লেওনার্দোর রহস্যমাখা চিত্রকর্ম। লেওনার্দো এখনো এমন প্রবলভাবে বারবার ফিরে আসছেন, যেন তিনি এ সময়েরই শিল্পী।লেওনার্দো দা ভিঞ্চির মতো মানুষের একবার জন্ম হলে আর মৃত্যু হয় না।তথ্যকণিকা বীণা বাজানোয় পারদর্শী ছিলেন ভিঞ্চি। কেউ কেউ মনে করেন, ভিঞ্চি আসলে ‘মোনা লিসা’ এঁকেছেন নিজের আত্মপ্রতিকৃতির আদলে। ভিঞ্চি সম্ভবত সবচেয়ে বিখ্যাত বাঁহাতি। নোটবইয়ে সবকিছু লিখতেন উল্টো করে। কারও কারও অনুমান, এসব তিনি করেছেন তাঁর আবিষ্কার গোপন রাখার স্বার্থে। কেউ বলেন, চার্চের সঙ্গে বিরোধ বাধবে, এই আশঙ্কায়। রাতদুপুরে কবরখানায় ঢুকে লাশ কেটে দেখতেন। লিখে ও এঁকে রাখতেন চোখের গঠন, হাড়ের বিন্যাস, ভ্রূণের অবস্থা, রক্তসঞ্চালনের উপায়। আর খুঁজতেন, আত্মা কোথাও থাকে কি না।