একো ও তাঁর গোলকধাঁধা

তুষারাবৃত পথে ছড়ানো খুরের চিহ্ন থেকে একটা আস্ত ঘোড়া কি অনুমান করা সম্ভব? খুবই সম্ভব। কিন্তু সেই ঘোড়াটা হবে একটা সর্বজনীন ঘোড়া। আরও নির্ভুলভাবে বললে, সেটা হবে ঘোড়ার এক সার্বিক ধারণামাত্র। কিন্তু যে ঘোড়াটা একটু আগে ওই পথ দিয়ে চলে গেছে, সেই বিশেষ প্রাণীটিকে কিছুতেই অনুমান করা যাবে না। শুধু খুরের চিহ্ন দেখে জানা যাবে না, কী নাম ঘোড়াটার, সেটার রং সাদা না কালো, কেশর লম্বা না খাটো।
এটা কি আমাদের বুদ্ধির সীমাবদ্ধতা, নাকি পর্যবেক্ষণের?
এ নিয়ে তর্কে মেতে উঠেছেন চতুর্দশ শতকের দুই খ্রিষ্টান সন্ন্যাসী। উত্তর ইতালিতে দুর্গম পার্বত্য এলাকার শৈলচূড়ায় দুনিয়া থেকে বিচ্ছিন্ন এক মঠের কুঠুরিতে বসে তর্ক করছেন তাঁরা। তাঁদের একজন পঞ্চাশোর্ধ্ব ফ্রান্সিসকান সন্ন্যাসী উইলিয়াম অব বাস্কারভিল। আরেকজন তাঁরই সহচর সদ্য কৈশোর পেরোনো এক হবু সন্ন্যাসী, নাম আদজো।
একটু আগে প্রায় অলৌকিক একটা কাজ করেছেন মঠের অতিথি এই প্রৌঢ় সন্ন্যাসী—তুষারে ঘোড়ার খুরের ছাপ দেখে ঘোড়ার নামধাম ঠিকুজি সব বাতলে দিয়েছেন। কীভাবে? কেবল যুক্তিবুদ্ধির ওপর ভর করে। আর তাতেই দুজনের তর্ক।

দুই সন্ন্যাসীর এই তর্কের বিষয়বস্তু বহুদিনের পুরোনো, একেবারে প্লেটোর আমলের। দ্বন্দ্বটা সামান্য আর বিশেষের। জগৎ কতগুলো সামান্য ধারণার সমষ্টি মাত্র, কতগুলো চিহ্নের সমাবেশ। কিন্তু আমরা জগৎকে সব সময় বিশেষ হিসেবেই দেখি। কেন? সামান্য থেকে জগতের বিশেষে উল্লম্ফনটা কখন, কীভাবে ঘটে? এই তর্কের মীমাংসা নেই বটে, কিন্তু কে কোন পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, তা-ই দিয়ে ঠিক হয়ে যাবে তার আচার।
যে মঠের কুঠুরিতে চলছে এই দার্শনিক তর্ক, সেখানে কয়েক দিন আগে একটা হত্যাকাণ্ড ঘটে গেছে। সামনের দিনগুলোয় ঘটবে আরও কয়েকটা। আর সন্ন্যাসী উইলিয়ামের ওপর দায়িত্ব বর্তাবে শুধু অনুমানের ওপর নির্ভর করে, যুক্তিবুদ্ধির পথ বেয়ে সেই লোক অথবা লোকগুলোকে শনাক্ত করা, যারা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার মানে সামান্যকে ডিঙিয়ে পৌঁছে যেতে হবে বিশেষের কাছে।
এই হলো উমবের্তো একোর প্রথম উপন্যাস ইল নোম দেলা রোজা-এর পটভূমি, ইংরেজি অনুবাদে যার শিরোনাম দাঁড়িয়েছে দ্য নেম অব দ্য রোজ। মধ্যযুগের পটভূমিতে সাজানো এক গোয়েন্দা কাহিনি। কিন্তু প্রায় ৫০০ পৃষ্ঠার এ ঢাউস উপন্যাস কোনো মামুলি ‘হুডানইট’ গল্প নয়। গোয়েন্দা কাহিনির ছদ্মাবরণে এ এক দার্শনিক গ্রন্থ। আরও সৎ থাকলে বলতে হবে, এটা গ্রন্থবিষয়ক এক মহাগ্রন্থ। মঠের ভেতরে ধারাবাহিক খুন কাহিনির কেন্দ্রবিন্দু নয়, সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত গ্রন্থাগার আর সেখানে লুকানো এক রহস্যময় পুস্তক—অ্যারিস্টটলের হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি।
স্থাপত্যকৌশলের দিক থেকে এই গ্রন্থাগার এক অতিকায় গোলকধাঁধা। একবার ঢুকলে অসীম অনন্ত বইয়ের তাকের অরণ্যে দিশা হারিয়ে যায়। এর গ্রন্থাগারিক এক অন্ধ বৃদ্ধ। তার নাম হোর্হে অব বারগাস। বুঝতে বাকি থাকে না, একো আসলে গল্পকার হোর্হে লুইস বোর্হেসকে এনে বসিয়েছেন তাঁর উপন্যাসে। বই, গ্রন্থাগার, গোলকধাঁধা বোর্হেসের গল্পের নিয়মিত থিম। আর্জেন্টাইন এই লেখক মাঝবয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন তিনি বুয়েনস এইরেসের কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক। মঠের এই গ্রন্থাগারের জ্যামিতিক গড়নের বিবরণ যে কাউকে বোর্হেসের ‘দ্য লাইব্রেরি অব বাবেল’ গল্পের কথা মনে করিয়ে দেবে।
বোর্হেস একোর প্রবল অবসেশন। সেটা তিনি স্বীকার করেছেন ঘুরেফিরে। বলেছেন, এই এক লেখকের দ্বারা প্রভাবিত হওয়ার ভয় চিরকাল তাড়িয়ে বেড়িয়েছে তাঁকে। এই ভয়ের কারণে তাঁর লেখালেখির প্রধান চেষ্টাই ছিল বোর্হেসের মতো না লেখা। আমরা যদি বলি, একো বোর্হেসের মতো করে লেখেননি, তাহলেও স্বীকার করে নিতে হবে, সেটা বোর্হেসেরই প্রভাব মাত্র।
তবে দ্য নেম অব দ্য রোজ উপন্যাসে বোর্হেসই একমাত্র ‘অ্যালিউশন’ নয়। একটু ভালো করে তাকালে পাঠক স্তরের পর স্তর সাহিত্যিক যোগসূত্র আবিষ্কার করতে থাকবেন। পুরো উপন্যাসটি আসলে একোর আশৈশব সাহিত্যপাঠের কৃতজ্ঞ ঋণস্বীকারে ভরা। প্রধান দুই চরিত্রের কথাই ধরা যাক। খুরের ছাপ দেখে ঘোড়ার চেহারার হুবহু বর্ণনা দেওয়ার ক্ষেত্রে প্রৌঢ় সন্ন্যাসী চিন্তার যে পদ্ধতি অনুসরণ করেছেন, সেটাকে অনায়াসেই নাম দেওয়া যেতে পারে ডিডাকশন। আর ব্রিটিশ এই সন্ন্যাসীর নামটা লক্ষ করুন—উইলিয়াম অব বাস্কারভিল। বুঝতে বাকি থাকে না এই সন্ন্যাসী আর তাঁর তরুণ শাগরেদ আসলে শার্লক হোমস আর ওয়াটসনের মধ্যযুগীয় অবতার মাত্র। একটা জায়গায় দেখি, উইলিয়াম কী এক অজানা ভেষজ দ্রব্য সেবন করছেন। নেশার বাতিক?
আটচল্লিশ বছর বয়সে এসে উমবের্তো একো ফিকশন লেখার জন্য যখন কলম ধরেন, তত দিনে দার্শনিক ও সমালোচক হিসেবে তাঁর উচ্চাসন পাকাপাকি হয়ে গেছে, তাঁর পাণ্ডিত্যের খ্যাতি ইতালির বাইরে ইউরোপময় ছড়িয়ে পড়তে শুরু করেছে। ‘সেমিওটিক্স’ বা ‘চিহ্নবিজ্ঞান’ নামে একটি নতুন বিদ্যা তিনি পড়াচ্ছেন ইউরোপের সবচেয়ে পুরোনো বিদ্যাপীঠ বোলোনা বিশ্ববিদ্যালয়ে। চিহ্নবিজ্ঞান আর কালচারাল ক্রিটিসিজমের ওপর বেশ কয়েকটি বই বেরিয়ে সেগুলো অনুবাদ হতে শুরু করেছে বিভিন্ন ভাষায়। তবু একো জানতেন, ফিকশন লেখাই তাঁর নিয়তি, শৈশবে খেয়ালের বশে যে কাজ তিনি শুরু করে একসময় ইস্তফা দিয়েছিলেন। পরিণত বয়সেও তিনি সে রকম কাহিনিই বানাতে চেয়েছেন, কৈশোরে যেগুলো পড়তেন বিভোর হয়ে। রবার্ট লুইস স্টিভেনশন, আলেকজান্দার দ্যুমা, আর্থার কোনান ডয়েল—এঁদের সঙ্গে করে বয়ে বেড়িয়েছেন একো, আজীবন।
আরেকজন লেখক প্রভাবিত করেছেন একোকে, প্রবলভাবে। তাঁর প্রতি ঋণস্বীকার কোথাও করতে দেখি না তাঁকে। অথচ তাঁর প্রভাব লুকোনো খুবই কঠিন। তিনি স্বদেশি লেখক ইতালো কালভিনো। আমার মনে হয়, মধ্যযুগের পটভূমিতে রহস্য-রোমাঞ্চ লেখার চিন্তা একোর মাথায় এসে থাকবে কালভিনোর আওয়ার অ্যানসেসটর্স ট্রিলজি থেকে। এই ট্রিলজির শেষ উপন্যাস দ্য নন-একজিসট্যান্ট নাইট-এর কাহিনির উত্তম পুরুষ ইতালির এক দুর্গম পার্বত্য মঠের এক অনামা সন্ন্যাসিনী।
পরিণত বয়সে এসে ফিকশন লিখতে শুরু করলেও ফিকশন লেখা থেকে খুব বেশি দূরেও ছিলেন না একো। ধ্রুপদি সাহিত্যের প্যারোডি বা প্যাসটিশ লিখতেন তিনি সাহিত্য পত্রিকার নিয়মিত কলামে। পরে লেখাগুলো ঝাড়াই-বাছাই করে মিসরিডিংস নামে বই বের করেন ১৯৬৩ সালে। সেগুলোয় সৃজনশীল কল্পনার স্বাক্ষর থাকা সত্ত্বেও একোর মধ্যে ফিকশন লেখার বাসনা উঁকি দিতে আরও ১৭ বছর বিলম্ব ঘটবে।
প্রথম উপন্যাসে একো গোয়েন্দা কাহিনির মোড়কে মুড়িয়ে চিহ্নবিজ্ঞানের মূল তর্কটাকে তুলে ধরলেন বটে, কিন্তু পাঠক চিহ্নবিজ্ঞানটুকু ফেলে দিয়ে ডিটেকটিভ কাহিনিটুকুই নিল, অনেকটা লিচু খাওয়ার মতো করে। তুমুল জনপ্রিয়তা পেল একোর জটিল কাহিনি। খুশি হলেন একো। কেননা, জনপ্রিয় লেখকই হতে চেয়েছেন তিনি। পাণ্ডিত্যের খ্যাতি তো তাঁর এমনিতেই আছে।
কিন্তু প্রথম উপন্যাসের পর দীর্ঘ আট বছরের বিরতি দিয়ে দ্বিতীয় উপন্যাস ফুকোস পেন্ডুলাম। এবার পটভূমি যদিও সমকাল, তবে বিষয়বস্তু মধ্যযুগীয় বিভিন্ন গুপ্তচক্রের ষড়যন্ত্র-তত্ত্ব। আরেকটি থ্রিলার। কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা মধ্যযুগীয় টেক্সের উদ্ধৃতিতে ঠাসা বিবরণধর্মী এই উপন্যাসকে সহজপাচ্য বলা যাবে না, অন্তত পাঠকের দৃষ্টিকোণ থেকে। এবার একো যেন তাঁর মগজের জোর দেখাতে নেমেছেন। সেই সঙ্গে একটা সাহিত্যিক ঘরানাও যেন তৈরির চেষ্টা করছেন তিনি। অনেকে বলেন, এই উপন্যাসের অবুদ্ধিবৃত্তিক অনুকরণ হলো পরবর্তীকালে ড্যান ব্রাউনের দ্য দা ভিঞ্চি কোড।
প্লট নির্মাণে একো ধূর্ত সৃজনশীলতার প্রকাশ দেখালেন তাঁর তৃতীয় উপন্যাস দ্য আইল্যান্ড অব দ্য ডে বিফোর-এ। সপ্তদশ শতকে, ইউরোপীয় জাতিগুলো যখন নতুন নতুন সমুদ্রপথ আবিষ্কারে বেরিয়ে পড়েছে, তখন প্রশান্ত মহাসাগরে জাহাজডুবিতে পতিত হয়ে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক ইতালীয় নাবিক। কাঠের খণ্ডে ভাসতে ভাসতে তিনি গিয়ে উঠলেন এক বিরাট জাহাজে। কিন্তু উঠে দেখেন জাহাজটা পরিত্যক্ত, নির্জন। তা ছাড়া ভাগ্যের কী নির্মম পরিহাস—জাহাজ থেকে একটু দূরেই একটা দ্বীপ। নোঙর করা এই জাহাজ থেকে দ্বীপে গিয়ে উঠতে পারছেন না নাবিক। কেননা, তিনি সাঁতার জানেন না। ফলে রহস্যময় এই পরিত্যক্ত জাহাজে শুরু হয় তাঁর বন্দিজীবন। জাহাজের ভেতরে একটা আজব চিড়িয়াখানা। তাতে নাম না-জানা সব পশুপাখির কলকাকলী। জাহাজ আর দ্বীপের মাঝখান চিরে বেরিয়ে গেছে আন্তর্জাতিক মধ্যরেখা, যেটা আবিষ্কারের জন্য তখন প্রতিযোগিতা চলছে ভূগোলবিদদের মধ্যে।
এটা উপন্যাসের শুরু মাত্র। এরপর কাহিনি এগোবে ইতালীয় নাবিকের অতীত ইতিবৃত্তের পদরেখা ধরে। সেটা ইউরোপজুড়ে সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ আর হানাহানির কাল—ভলতেয়ারের কাঁদিদের মতোই এক পিকারেস্ক পটভূমি। একদিকে ঘোড়ার হ্রেষাধ্বনি ও দুর্গের দরজায় শত্রুর কামানের গোলা আছড়ে পড়ার ডামাডোল আর অন্যদিকে নিস্তরঙ্গ সমুদ্রে ভাসতে থাকা এক পরিত্যক্ত জাহাজের নির্জনতা—এই দুইয়ের মধ্যে আনাগোনা করতে থাকে কাহিনি। গল্পের প্লট সময়ের সরলরেখা আর মানে না। এর মধ্যে আমরা দেখি, ইতালীয় নাবিকের বাইপোলার ডিসঅর্ডার আছে। তার মাথার মধ্যে তারই এক অদৃশ্য যমজ ভাই বসবাস করে। স্টিভেনশন, জুল ভার্ন, দ্যুমা, ওয়াল্টার স্কট আর ভলতেয়ার যেন একত্রে একটি উপন্যাস লিখতে বসেছেন।
দ্যুমা আবার ফিরে আসবেন একোর ষষ্ঠ উপন্যাস দ্য প্রাগ সেমিটারি-তে, একটা জীবন্ত চরিত্র হিসেবে। ঊনবিংশ শতাব্দীর ইউরোপের পটভূমিতে সাজানো এই উপন্যাসের গোড়ায় দ্যুমার উপন্যাস জোসেফ বালসামো। একদিকে ইহুদিবিদ্বেষ ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে, ড্রেইফাস অ্যাফেয়ার্স নামে বিখ্যাত কেলেঙ্কারির পটভূমি তৈরি করা হচ্ছে, আরেক দিকে বিপ্লবীরা পারি কমিউন গঠন করতে গিয়ে এক রক্তারক্তি গৃহযুদ্ধের অবতারণা করছে। নানামুখী টানাপোড়েনের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে এক গোপন ষড়যন্ত্র-তত্ত্ব, যেটাকে তুলে আনা হয়েছে দ্যুমার উপন্যাসের পাতা থেকে।
একোর গল্প বলার ভঙ্গিটি ভিক্টোরিয়ান যুগের। কিন্তু তাঁর কাহিনি সরল নয়। একাধিক স্তর থাকে তাঁর কাহিনির মধ্যে। পেঁয়াজের খোসার মতো খুলে যেতে থাকে সেসব স্তর। প্রথম উপন্যাস দ্য নেম অব দ্য রোজ যখন লেখেন, তখন চিন্তা করেননি দ্বিতীয় আরেকটি উপন্যাস তিনি লিখবেন। লেখার পর তাঁর মনে হয়েছিল, তাঁর পক্ষে যা যা লেখা সম্ভব, সবই তো তিনি ওই একটি উপন্যাসই লিখে ফেলেছেন। নতুন আর কীই-বা লেখা সম্ভব! কিন্তু একে একে অনেকগুলো উপন্যাস লিখে ফেলার পর ৭৭ বছর বয়সে এক বক্তৃতায় তাঁকে বলতে শুনি, ‘আমি তো এক তরুণ ঔপন্যাসিক মাত্র, যার সবে পাঁচখানা উপন্যাস বেরিয়েছে। আগামী পঞ্চাশ বছরে নিশ্চয়ই আরও অনেকগুলো উপন্যাস বেরোবে এই লেখকের হাত দিয়ে।’
শেষ উপন্যাস নাম্বার জিরোর প্লট দেখলে যে কারও মনে হবে, কথাটা নিছক ঠাট্টা ছিল না। একোর লেখকসত্তা কেবল খোলস ছেড়ে বেরিয়ে আসছিল।