
টাইম টু টক
একরাম দুমানলি
ব্লু ডোম প্রেস, নিউইয়র্ক ২০১৫
৯৪ পৃষ্ঠা, দাম: ৭৭৬ টাকা।
দুর্নীতি রোধে ধর্মীয় অনুশাসন বেশ কার্যকর। ইসলামের এ বিষয়ে নানা নীতিকথা আছে। এখানে দুর্নীতি সম্পর্কে দুই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা যায়। যদি কেউ এমন দুর্নীতি করেন, যা সমাজে কোনো প্রভাব ফেলছে না, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে নমনীয় থাকা যায়। এ ক্ষেত্রে ইসলামের শিক্ষা হলো, পাপের কারণে পাপী যেন সমাজে হেয় না হন। কিন্তু একজনের দোষে যদি সমাজে অন্যের ক্ষতি হয়, অন্যের অধিকার ক্ষুণ্ন হয়, তাকে দেখতে হবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই। উদাহরণ হিসেবে বলা যায়, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবন আল-খাত্তাব (রা.) তাঁর অনেক আঞ্চলিক শাসক ও সেনাপতিকে এ অভিযোগের কারণেই বরখাস্ত করেছিলেন। পারস্যে যখন কাদিশিয়ার যুদ্ধ চলছিল, খলিফা উমর (রা.) তখন ওই এলাকার শাসককে মদিনায় ডেকে পাঠিয়েছিলেন। কেননা, ওই শাসকের বিরুদ্ধে দুর্নীতির গুজব ছিল। হজরত উমর (রা.)–এর যুক্তি ছিল, গুজবের কারণে যেহেতু তিনি মর্যাদা হারিয়েছেন, শাসক হিসেবে তিনি গ্রহণযোগ্যতাও হারিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধ চলাকালে খলিফা উমর (রা.) সেনাপতি খালেদ ইবন আল ওয়ালিদকে বরখাস্ত করেছিলেন। খালেদ দুর্নীতি করেছেন, এমন সন্দেহের তির ছিল তাঁর দিকে। খালেদ যখন মারা যান, তখন তাঁর সম্পদ বলতে ছিল মাত্র একটা ঘোড়া আর একটা তলোয়ার। যেহেতু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, উমর (রা.) সেটি আমলে না নিয়ে পারেননি।
এসব কথা আমরা জানতে পারি একটি সাক্ষাৎকারভিত্তিক রচনা থেকে। তুরস্কের বিখ্যাত ‘হিজমত’ আন্দোলনের নেতা ফেতুল্লাহ গুলানের এই সাক্ষাৎকারটি নিয়েছেন একরাম দুমানলি। সাক্ষাৎকারে তুরস্কে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, সেনা অভ্যুত্থানের পূর্বাপর ও দুর্নীতি বিষয়ে চমকপ্রদ সব তথ্য উঠে এসেছে।
২০১৩ সালের ১৭ ডিসেম্বর দুর্নীতির একটি অভিযোগের অনুসন্ধান নিয়ে তুরস্কে হইচই পড়ে গিয়েছিল। অভিযোগের তির ছিল তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি (তৎকালীন প্রধানমন্ত্রী) রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক ছেলে ও তাঁর মন্ত্রিসভার চারজন মন্ত্রীর বিরুদ্ধে। এ ক্ষেত্রে সরকার স্বচ্ছতা ও জবাবদিহির ধারেকাছে না গিয়ে অভিযোগকারীদের বিরুদ্ধে একরকম জিহাদে নেমে পড়েছিল। দুর্নীতিবিরোধী এই আন্দোলনের পেছনে ছিল ‘হিজমত’। সরকারের পাল্টা-অভিযোগ ছিল, রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র গজিয়ে উঠেছে। গণমাধ্যমের ওপর নেমে এসেছিল বিধিনিষেধের খড়্গ।
বিষয়টি আমাদেরও কেমন যেন চেনা। দুর্নীতির সঙ্গে এ দেশেও অনেক রাঘব বোয়াল জড়িত। আমরা চারপাশে ‘মি. টেন পার্সেন্ট’দের বুক চিতিয়ে চলাফেরা করতে দেখি। দুর্নীতির অভিযোগকারী হয়রানির শিকার হন।
তুরস্কে হিজমত আন্দোলনের বয়স পাঁচ দশক। ওই দেশে রাজনীতিবিদ ও সামরিক আমলাতন্ত্রের এক অদ্ভুত মিশেল দেখতে পাওয়া যায়। এই আঁতাত এমন সব লৌহমানবের জন্ম দিয়েছে, যাঁরা তুরস্ক শাসন করছেন দশকের পর দশক। হিজমত আন্দোলনও চালু আছে একই সঙ্গে। এ আন্দোলন অবশ্য সরাসরি দুর্নীতির কথা বলে না, তাদের বাহন হলো শিক্ষাবিষয়ক আন্দোলন। নানা বিষয়ে গণসচেতনতা তৈরি করাই এর লক্ষ্য। দুর্নীতিবিরোধী আন্দোলন তার একটি দিক। টাইম টু টক শিরোনামে সাক্ষাৎকারভিত্তিক এই বইটি নানাভাবে আমাদের দেশে জনস্বার্থসংশ্লিষ্ট নাগরিক আন্দোলনে যাঁরা জড়িত, তাঁদের ভাবনার খোরাক জোটাতে পারে। বাংলাদেশের মানুষ হিজমত নেতা ফেতুল্লাহ গুলানকে চেনে না। তিনি একজন তুর্কি চিন্তাবিদ, একজন কবিও। বিজ্ঞানমনস্কতা ও গণতান্ত্রিক চিন্তাচর্চার অগ্রণী বুদ্ধিজীবী হিসেবে পশ্চিমের দেশগুলোয় বেশ পরিচিত তিনি। টাইম ম্যাগাজিন ২০১৩ সালে তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় ঠাঁই দিয়েছিল। তিনি এখন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে বাস করেন।