>

প্রিয় এই পৃথিবী ছেড়ে
আনিসুল হক
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ৪০০ টাকা
ওরা ক্যাপসুলে আশ্রয় নিয়েছে। দিনের পর দিন ক্যাপসুলে বন্দী জীবনযাপন করছে।
বাইরে রোদ নেই। সূর্যের দেখা নেই। বাইরে ধূলিঝড়। আকাশে তুষারের মেঘ।
সৌরবিদ্যুৎ প্যানেলগুলো পড়ে আছে নিষ্প্রাণ গাধার মৃতদেহের মতো। তাদের মঙ্গলগৃহও অচল বিদ্যুতের অভাবে। ক্যাপসুলের পাওয়ার ব্যাংক আর দুদিনের বেশি বিদ্যুৎ দিতে পারবে না। তখন আপনা-আপনিই সবাই মারা পড়বে।
এই বিজনে ধীর পায়ে কিন্তু স্থিরভাবে এগিয়ে আসছে মৃত্যু।
বাবাকে ই-মেইলে লিখল শিমু, ‘আমরা আর দুটো দিন বাঁচব। যদি না কোনো মিরাকল ঘটে। মৃত্যু নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। মরতে তো হবেই। আজ হোক কাল হোক।
আশা করি তোমাদের আমি বেশি কষ্ট দিইনি।
তোমরা আমার জন্য দোয়া কোরো। মৃত্যুতে একটা আশা থাকে, তা হলো হয়তো মৃত্যুর ওপারে কোথাও তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। সেটাই-বা কম সান্ত্বনা নাকি।’

ক্রিস, নাতাশা, লি-সবাই যার যার পরিবারের কাছে ই-মেইল করেছে।
বিদায় নিয়ে রেখেছে, শেষ বিদায়।
সারা পৃথিবীতে প্রচণ্ড সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে মিশন মার্স হোপ ওয়ানের কতৃর্পক্ষের বিরুদ্ধে। কেন তারা সময় থাকতেই পাওয়ারের ব্যাকআপ ঠিকঠাক পাঠাল না।
তখন জানানো হলো, পাওয়ারের ব্যাকআপ পাঠানো হয়েছে। কিন্তু সেটা মঙ্গলে অবতীর্ণ হতে আরও এক সপ্তাহ সময় নেবে।
আরও এক সপ্তাহ? আরও এক সপ্তাহ তো ওরা বাঁচবে না।
না, বাঁচতে পারে। কারণ, ওরা পানি স্টক করে রেখেছে। অক্সিজেন স্টক করে রেখেছে।
কিন্তু পাওয়ার ছাড়া কমিউনিকেশন করবে কী করে? যন্ত্রপাতি চলবে কী করে? আর ঠান্ডাতেই তো ওরা মারা যাবে।
কীভাবে বাঁচবে এটাই তো ওদের পরীক্ষা। সাতটা দিনই তো।
ক্যাপসুলের বিদ্যুৎ চলে গেল। এখন ক্যাপসুলে থাকার কোনো মানে হয় না। তারা তাদের মঙ্গলপোশাক পরে বেরিয়ে এল। এই পোশাকে বাইরে চার ঘণ্টা থাকা যায়।
তারা চলল তাদের মঙ্গলগৃহ অভিমুখে।
রাত। ঘন অন্ধকার।
আকাশে এত মেঘ যে চাঁদ-তারা কিছুই দেখা যাচ্ছে না।
তারা গেল তাদের মঙ্গলগৃহে।
সেখানে পানি আছে। পানি বরফ হয়ে আছে।
অক্সিজেন আছে।
ক্রিস বলল, ‘আমাদের এখনকার কাজ হলো আগুন জ্বালানো। আমরা এখন যাব গ্রিনহাউসে। সেখানে আরও কিছু অক্সিজেন ছাড়ব।
তারপর আমাদের যত বর্জ্য হয়েছে, পুরোনো পোশাক, খাবারদাবারের ময়লা—সবগুলোতে আগুন জ্বালব। তাতে তাপ হবে।
গ্রিনহাউসের ভেতরে যে অক্সিজেন আছে, আর আমাদের স্টকের অক্সিজেন মিলে সারা রাত আমরা কাটিয়ে দিতে পারব।’
পৃথিবীর সঙ্গে মঙ্গলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পৃথিবীবাসী শোক করা শুরু করে দিয়েছে। লায়লা বেগম আবারও অজ্ঞান হয়ে গেলেন। হিরণ আর কিরণ মিলে তাকে হাসপাতালে নিয়ে গেছে।
ক্রিসের কথা শোনা ছাড়া কোনো উপায় নেই।
তারা তাদের বর্জ্য যা পারল সঙ্গে নিল।
কাপড়চোপড়, বই।
খাবারের কিছু শুকনো অংশ। ম্যানুয়াল।
সেসব নিয়ে অক্সিজেন সিলিন্ডারসমেত তারা গেল গ্রিনহাউসে।
সেখানে তারা প্রজ্বালন করল আগুন।
সেই আগুনের ধারে চারজন বসল। হাত-পা সেঁকতে লাগল।
আস্তে আস্তে রাত কেটে যাচ্ছে। বাইরে আলো ফুটতে শুরু করেছে। ওরা বাইরে গেল। দেখতে পেল ভোর হচ্ছে। আকাশ নীল হয়ে আসছে। আর আকাশের গায়ে দেখা দিল টুকটুকে সূর্য। ওরা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
সূর্য উঠছে। আলো দেবে। তাপ দেবে। আপাতত তাদের আর ভয় নেই।
ঘণ্টা দুয়েকের মধ্যেই সবগুলো সোলার প্যানেল কাজ করতে শুরু করল।
বিদ্যুৎসংযোগ চালু হলো। যোগাযোগের যন্ত্রগুলোর সবুজ আলো জ্বলে উঠল আবারও। পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ পুনঃস্থাপিত হলো।
হিউস্টনের মিশন কন্ট্রোল ভয়ে ভয়ে তাকিয়ে আছে মনিটরের দিকে।
সিগন্যাল যেতে শুরু করতেই সব কর্মী নড়েচড়ে বসল। তারা জানে, সূর্য উঠলে পাওয়ার চালু হবে আবার। যোগাযোগও পুনঃস্থাপিত হবে। কিন্তু মানুষগুলো কি আছে?
তাদের ক্যামেরায় দেখা গেল নড়াচড়া। মানুষ নড়ছে।
ক্রিস, শিমু, নাতাশা, লি তখন পাওয়ার থেকে সবগুলো চার্জ ব্যাংককে রিচার্জ করছে। সৌরবিদ্যুতে সবগুলো ব্যাকআপ আবার সচল করতে হবে।
ক্রিস বলল, ‘সাবিনা, আমরা কিন্তু বেঁচেই গেলাম।’
শিমু বলল, ‘ক্রিস। তোমার মতো ভালো মানুষের নেতৃত্বে একটা মিশন, এটা এভাবে ব্যর্থ হয়ে যেতে পারে না।’
বাইরে ঝকমক করছে দিনের আলো। ভেতরে ওরা সবাই ইন্টারনেটে নানা ই-মেইল লিখছে।
ওদের সবার মনে আনন্দ। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসার আনন্দ।
সাত দিনের দিন আকাশ থেকে নেমে এল আরেকটা ক্যাপসুল। তাতে সোলার প্যানেলের ব্যাকআপ ছাড়াও আছে জেনারেটর। সেই জেনারেটর চালানোর জন্য জ্বালানিও আছে বেশ ভালো পরিমাণেই।
এরই মধ্যে ই-মেইলে খবর এল, রাশিয়া আর চীন দুটো কার্গো পাঠাচ্ছে তাদের দেশের মানুষের শুভেচ্ছার নিদর্শনস্বরূপ। তাতে খাবারদাবার, অক্সিজেন, পানি, লবণ, জেনারেটর, ফুয়েল থাকবে পর্যাপ্ত পরিমাণে।
সেই দুটো এসে গেলে তা দিয়ে তারা ব্যাকআপ রাখতে পারবে ছয় মাসের। খাবারদাবার, বিদ্যুৎ—কোনো কিছুর জন্য ছয় মাস একদমই চিন্তা থাকবে না। ছয় মাসও যদি সোলার প্যানেল কাজ না করে তবু অসুবিধা হবে না।
এই খবর পৃথিবীর সব সংবাদমাধ্যমে বড় বড় করে ছাপা হলো।
তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, আমরা আর গরিব দেশ নই। আমরাও রসদ পাঠাব মঙ্গল গ্রহে। আমরা নাসার সঙ্গে যোগাযোগ করছি। ওদের প্রকৃত চাহিদা কী, তা জেনে তা পাঠানোর জন্য কারিগরি কী কী জিনিস লাগবে তার তালিকা ও বাজেট নাসা জমা দেবে। বাংলাদেশ সরকার এই ব্যয় পুরোটাই বহন করবে।
বাংলাদেশের অর্থমন্ত্রী বললেন, আমাদের দেশে একজন পুরোনো বাসনকোসন বিক্রেতার ছেলে ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা নিয়েছিল, তখনই আমরা বলেছিলাম এটা কোনো টাকা না। আর মঙ্গলে কার্গো পাঠাব, এটা আমাদের জন্য কোনো টাকাই না। তিন হাজার কোটি টাকাই তো।
প্রিয় এই পৃথিবী ছেড়ে উপন্যাসের অংশবিশেষ।