এঞ্জেলা ডেভিস, অর্ধশতক পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এঞ্জেলা ডেভিস [জন্ম: ২৬ জানুয়ারি ১৯৪৪]
এঞ্জেলা ডেভিস [জন্ম: ২৬ জানুয়ারি ১৯৪৪]

১.
সত্তর দশকের গোড়ার দিকে, আমরা তখন সদ্য কলেজে উঠেছি, প্রথম এঞ্জেলা ডেভিসের নাম শুনি। নামের চেয়েও যা চমকপ্রদ মনে হয়েছিল তা এঞ্জেলার মাথাভর্তি চুল। পরে জেনেছিলাম, ওই রকমের কেশসজ্জার নাম ‘অ্যাফ্রো’। স্যান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কমিউনিস্ট ও আমেরিকার কৃষ্ণ-অধিকার আন্দোলন ‘ব্ল্যাক প্যান্থার’-এর সদস্য এঞ্জেলা সে সময় খুনের অপরাধে অভিযুক্ত হয়ে বিচারাধীন। এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় তাঁর নাম। ক্যালিফোর্নিয়ার গভর্নর রোনাল্ড রিগ্যানের চোখে তিনি ‘অত্যন্ত বিপজ্জনক’। প্রেসিডেন্ট নিক্সনের ভাষায় তিনি ‘সন্ত্রাসী’। সেই এঞ্জেলার মুক্তি দাবি করে বিশ্বজুড়ে মিছিল-শোভাযাত্রা হয়েছিল, এমনকি ঢাকায়ও।
প্রায় অর্ধ শতক পরে, গত বছর অক্টোবরে নিউইয়র্কে তাঁকে প্রথমবারের মতো দেখি। মনের মধ্যে একটা ছবি অবশ্যই আঁকা ছিল। মার্কিন কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে গাস হলের সঙ্গে এঞ্জেলা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন। সে কারণেও তাঁকে নিয়ে একধরনের বিপ্লবী রোমান্টিকতা ছিল। মুখোমুখি দেখে মনে হলো, কল্পনা ও বাস্তবে খুব একটা ফারাক নেই। এঞ্জেলার বয়স এখন ৭০। সেই নজরকাড়া অ্যাফ্রো আর নেই, তবে এখনো তাঁর মাথাভর্তি ঝাঁকড়া চুল। প্রায় ছয় ফুটের কাছাকাছি লম্বা, মুখে বয়সের ছাপ, পরিহাস-মাখা এক টুকরো হাসি সারাক্ষণ ঠোঁটের কোনায় ধরা। শুধু তফাত দেখলাম তাঁর কথা বলার ধরনে। কখনো তাঁর কথা শুনিনি, গলার স্বর কেমন জানতাম না। ছবি থেকে ভেবেছি কৃষ্ণ-অধিকার নেতা মার্টিন লুথার কিং বা ম্যালকম একস যেমন সঘোষ গর্জনে, মন্দ্রিত উচ্চারণে কথার মালা গেঁথে ভাষণ দিতেন, এঞ্জেলাও সে রকম। মোটেই না। এঞ্জেলা যেন ক্লাসরুমে প্রবীণ অধ্যাপক, হেগেল-এর দর্শন বোঝাচ্ছেন, দীর্ঘ বাক্যে অবলীলায় জটিল তত্ত্ব ভেঙে ভেঙে তার সারাৎসার নির্মাণ করছেন।
এঞ্জেলা নিউইয়র্কে এসেছিলেন ফ্রি এঞ্জেলা অ্যান্ড অল পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে। মধ্য ম্যানহাটনের একটি রেস্তোরাঁয়, স্বল্পসংখ্যক অতিথিদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে তিনি কথা বলবেন। এক ফাঁকে আমিও আলাপ করার সুযোগ পেলাম। বাংলাদেশ বলাতে বিস্মিত হলেন না, উপমহাদেশে বামপন্থী ছাত্রদের মধ্যে তিনি একসময় জনপ্রিয় ছিলেন, এ কথা তাঁর অজ্ঞাত নয়। দক্ষিণ এশিয়ায়, বিশেষত ভারতে, কমিউনিস্ট আন্দোলন বেশ জমাট বেঁধেছিল, এখন তার অবস্থা হাঁটু ভাঙা ‘দ’, সে বিষয়ে তিনি পূর্ণ ওয়াকিবহাল। নিজে থেকেই বললেন, ষাট বা সত্তরের দশকে যেভাবে আন্দোলন হতো, এখন আর সেভাবে সম্ভব নয়। শুধু সময় বদলেছে বলে নয়, আন্দোলনের মাধ্যম বদলেছে, সঙ্গে সঙ্গে তার চরিত্রও। ষাটের দশকে ভিয়েতনাম ও নাগরিক অধিকার, এই ছিল আন্দোলনের প্রধান বিষয়। শান্তি, সমতা ও নাগরিক অধিকারের আন্দোলন যে আলাদা আলাদা লড়া নয়, তার সবই এক সূত্রে গাঁথা, এই সত্যটি তখনো আমরা পুরোপুরি বুঝিনি। এখন আন্দোলনে আরও নানা বিষয় যুক্ত হয়েছে, কিন্তু তার কোনোটাই একে অপর থেকে বিযুক্ত নয়। এঞ্জেলা বিশেষ করে জোর দিলেন পরিবেশ আন্দোলন, নারী অধিকার ও সমকামী অধিকারের ওপর। বললেন, আজকের দিনে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের মধ্যে কোনো ফারাক নেই। এই দুইকে জোড়াতে হবে। আন্দোলনের সাফল্য পেতে হলে নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ওবামা নিয়েও কথা হলো। খোলামেলাভাবেই বললেন, ওবামার ব্যাপারে তিনি হতাশ। ‘আসলে আমি কখনোই ওবামাকে নিয়ে তেমন উচ্চাশা পোষণ করিনি। ক্ষমতার রাজনীতির ভেতর থেকে তিনি এসেছেন, লক্ষ্য রাজনীতি। আপস করে টিকে থাকাই তাঁর মন্ত্র। এমন লোকের কাছ থেকে বাড়তি কিছু আশা করাই তো বোকামি।’
কথা প্রসঙ্গে তারিক আলীর কথা উঠল। ষাট ও সত্তরের দশকে তারিক আলী ও এঞ্জেলা ডেভিসকে আমরা বাম আন্দোলনের ‘পোস্টার চাইল্ড’ বলে ভাবতাম। তারিক আলী এখনো তাঁর বাম অবস্থান থেকে সরে আসেননি। বস্তুত, তাঁর ট্রটস্কি-পন্থী ধ্যান-ধারণার জন্য ইংল্যান্ডের শ্রমিক দলে তাঁর স্থান হয়নি। তবু রাস্তার রাজনীতি ছাড়েননি তিনি। কিন্তু কই, এঞ্জেলা ডেভিসের নাম তো আগের মতো শুনি না!
আমার প্রশ্ন শুনে কিঞ্চিৎ বিরক্ত হলেন এঞ্জেলা। ‘তুমি হয়তো জানো না, আমার “একটিভিজম” কিন্তু মুখ থুবড়ে পড়েনি।’ এঞ্জেলা জানালেন, অধ্যাপনা ও গবেষণা ছাড়াও নাগরিক অধিকারের নানা বিষয় নিয়ে তিনি কাজ করছেন। ‘কমিউনিটি’র ভেতরেই তিনি আছেন। আমেরিকার জেলখানাব্যবস্থা সংস্কারে তিনি সবিশেষ আগ্রহী। জেলখানার চেয়ে অনেক বেশি জরুরি স্কুল। জেলে পাঠিয়ে অপরাধীর সংস্কার হবে না, হবে স্কুলে পাঠিয়ে। ‘আমি চাই এ দেশের জেলব্যবস্থা আগাগোড়া বদলে ফেলতে।’ এ নিয়ে মিটিং-মিছিল হয়তো করেন না, কিন্তু ছাত্রদের সঙ্গে ‘টিচ-ইন’ অনুষ্ঠানে নিয়মিত যোগ দেন, নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন, এ বিষয়ে একাধিক বই লিখেছেন, লেখালেখি ছাড়াও রেডিও-টিভিতে নিয়মিত অনুষ্ঠান করছেন। ‘আমি ঠিক হারিয়ে গেছি, এ কথা বলা বোধ হয় ঠিক না।’
মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা ছিল। খেতে খেতেই এঞ্জেলা উপস্থিত সবার সঙ্গে কথা বললেন, দু-চারটে প্রশ্নেরও জবাব দিলেন। ১৯৭১ সালে তাঁর বিচারের ঘটনা নিয়ে তথ্যচিত্র, সে কথা উল্লেখ করে বললেন, ‘সব আলো আমার ওপর এসে পড়ুক, আমি তা চাই না। মানুষ হিসেবে আমি লাজুক, কথা বলার চেয়ে কথা শুনতে ভালোবাসি। ১৯৭১-এ যা হয়েছিল তা আসলে একটি বড় ধরনের আন্দোলন, যাতে নানা ধরনের মানুষ জড়িয়ে পড়েছিল। শুধু আমেরিকার নয়, আমেরিকার বাইরেও। এমন এক সংহতির ভেতর দিয়েই বড় ধরনের বিজয় ছিনিয়ে এনেছিলাম। এখনো সম্ভব তেমন বিজয়, কিন্তু তার জন্য চাই নাগরিক সংহতি।’

২.
ফ্রি এঞ্জেলা ডেভিস অ্যান্ড অল পলিটিক্যাল প্রিজনার্স পূর্ণ দৈর্ঘ্যের একটি তথ্যচিত্র। পরিচালক শোলা লিঞ্চ ১৯৭০-৭১-এর ঘটনাবলির দুর্লভ তথ্যচিত্র সংগ্রহ করেছেন, কোনো কোনো দৃশ্যের পুনরাভিনয় সংযোজন করেছেন, তারপর এই দুইয়ের এমন আশ্চর্য সমন্বয় ঘটিয়েছেন যে পুরো ফিল্মটি এক বিনি সুতোর মালায় গাঁথা হয়ে গেছে। কেন বার্নসের তথ্যচিত্রের সঙ্গে যাদের পরিচয় আছে, এতে তাঁর প্রভাব লক্ষ করবেন। বার্নসের ধাঁচে লিঞ্চও ভিডিও ও ফটোগ্রাফের চমৎকার সমন্বিত ব্যবহার করেছেন। মূল গল্প থেকে সরে না গিয়ে সেই সময় ও তাঁর রাজনৈতিক চালচিত্র নির্মাণ করেছেন মুখ্যত স্মৃতিচারণামূলক সাক্ষাৎকার থেকে। এঞ্জেলা ডেভিস শুধু একজন র‌্যাডিকেল রাজনৈতিক কর্মী নন, তিনি রক্ত-মাংসের সাদামাটা মানুষ, এই সাধারণ সত্যটি থেকেও লিঞ্চ কখনো বিচ্যুত হননি। এঞ্জেলা ছাড়াও সমসাময়িক আধা ডজন পাত্র-পাত্রী রয়েছেন এই তথ্যচিত্রে, তাঁরা প্রত্যেকেই নিজস্ব ব্যক্তিত্ব, এমনকি নিজস্ব গল্প নিয়েই এই ছবিতে উপস্থিত।
গল্পের কেন্দ্রে ১৯৭০-এ সংঘটিত একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। ব্ল্যাক প্যান্থার আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক সদস্য সে সময় ক্যালিফোর্নিয়ার সোলেদাদ কারাগারে দীর্ঘমেয়াদি সাজা ভোগ করেছিলেন। এর কিছু দিন আগেই জার্মানি থেকে দর্শন শাস্ত্রে উচ্চশিক্ষা নিয়ে আমেরিকায় ফিরে এঞ্জেলা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। কমিউনিস্ট পার্টিতেও নাম লিখিয়েছেন এবং ব্ল্যাক প্যান্থারের বিভিন্ন সভা-সমাবেশে আসা-যাওয়া শুরু করেছেন। তিনি কমিউনিস্ট, এই অভিযোগে রোনাল্ড রিগ্যানের নির্দেশে তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ব্যাপক প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। এফবিআই তাঁর পিছে রয়েছে, এ কথা জেনেও এঞ্জেলা ব্ল্যাক প্যান্থার আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েন। এই দলের একাধিক সদস্য গ্রেপ্তার হলে তাঁদের মুক্তির জন্য তৎপর হন তিনি, তাঁদের একজন, জর্জ জ্যাকসনের সঙ্গে তাঁর প্রণয় গড়ে ওঠে। জর্জের পরিবারের সঙ্গেও এঞ্জেলার গভীর সখ্য জন্মায়। ব্যক্তিগত নিরাপত্তার জন্য এঞ্জেলা সে সময় গোটাকয় বন্দুক কিনেছিলেন, নিজের নামেই, সম্পূর্ণ আইনসম্মত পথে। জর্জের ছোট ভাই, ১৭ বছরের জনাথন, এঞ্জেলার অজ্ঞাতসারে তার ঘর থেকে সে বন্দুকগুলো সরিয়ে ফেলে। একদিন জনাথন আকস্মিকভাবে ক্যালিফোর্নিয়ার আদালতে, যেখানে ব্ল্যাক প্যান্থার সদস্যদের বিচার চলছিল, হামলা করে বসে। লক্ষ্য জর্জ ও অন্য বন্দীদের অপহরণ। পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে একজন বিচারক, জনাথন ও দুজন প্যান্থার সদস্য নিহত হন। জনাথন তার বন্দুক ব্যবহার করেছে, তা বুঝতে পেরে গা-ঢাকা দেন এঞ্জেলা। পত্র-পত্রিকা ও টিভিতে শুরু হয় এঞ্জেলাবিরোধী প্রচারণা। এফবিআইয়ের তালিকায় ‘সবচেয়ে বিপজ্জনক’ অপরাধী হয়ে পড়েন তিনি। ক্যালিফোর্নিয়ার গভর্নর রিগ্যান ব্যক্তিগতভাবে এঞ্জেলার গ্রেপ্তার ও আশু বিচার দাবি করেন। এফবিআই ভবন পরিদর্শনে এসে এঞ্জেলাকে ‘টেররিস্ট’ নামে অভিহিত করে যেকোনো মূল্যে তাঁকে গ্রেপ্তার ও বিচারের প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট নিক্সন।
ঘটনার এই পটভূমিতে ফ্রি এঞ্জেলা তথ্যচিত্রের নির্মাণ। কিন্তু শুধু এই ঘটনা নয়, যে সময়ের পটভূমিতে এই ঘটনা, তাকে উদ্ধার লিঞ্চের অন্যতম উদ্দেশ্য। এ এমন সময়ের কথা, যখন আমেরিকার রাজনীতিতে নানা স্রোতোধারা একে অপরের ওপর আছড়ে পড়ছে। মার্টিন লুথার কিং-এর নেতৃত্বে আমেরিকায় কৃষ্ণ-অধিকার আন্দোলন গুণগতভাবে নতুন চরিত্র অর্জন করেছে। শান্তিপূর্ণ সে আন্দোলনকে প্রত্যাখ্যান করে গড়ে উঠেছে পাল্টা কৃষ্ণ-অধিকার আন্দোলন, যার সদস্যদের বিশ্বাস সমঝোতার মাধ্যমে নয়, লড়াই করে জনযুদ্ধের মাধ্যমে কালো মানুষ তাঁদের হূত অধিকার ফিরে পাবেন। একই সময় ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন ক্রমশ বেগবান হচ্ছে। সংস্কৃতির ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে প্রথা-বিরোধী এক ভিন্ন প্রতি-সংস্কৃতি। সে এক টালমাটাল সময়, আশা-নিরাশার দোলাচলে কখনো বিজয়, কখনো পরাজয় সম্মুখে এসে দাঁড়ায়। এই ফিল্মে টুকরো টুকরো নানা ছবি দিয়ে সেই সময়ের এক বর্ণিল মানচিত্র গড়ে তুলেছেন লিঞ্চ। এ এমন এক মোজাইক যা আমাদের পরিচিত, অথচ পুরোপুরি কখনোই তা চেনা হয়নি।
সরকারি উকিলের দাবি ছিল, জর্জের সঙ্গে প্রণয়ের কারণে এঞ্জেলা তাঁর মুক্তির জন্য যেকোনো কাজ করতে প্রস্তুত ছিলেন। কোর্টরুমে হানা দেওয়ার পরিকল্পনাটি তাঁরই, জনাথনকে নিজের বন্দুক ব্যবহারে তিনি সে কারণেই সম্মত হয়েছিলেন। প্রমাণ হিসেবে এঞ্জেলার একাধিক চিঠি হাজির করা হয়। লিঞ্চ আদালতে পেশকৃত এঞ্জেলার সেসব চিঠি থেকে উদ্ধৃতি দিয়েছেন, সঙ্গে আলো-আঁধারের আড়ালে জর্জ ও এঞ্জেলার প্রণয়-মুহূর্তের নাটকীয় পুনর্নির্মাণ করেছেন পরিমিত ও কঠোর ভারসাম্যের সমন্বয়ে। লক্ষ্য: এই মেয়েটি কেবল এক অদম্য, আপসহীন রাজনৈতিক কর্মীই নন, তিনি রক্ত-মাংসের মানুষও, তা বোঝানো। পুলিশের থাবা এড়িয়ে তিনি কীভাবে এক শহর থেকে অন্য শহরে পালিয়ে বেড়াচ্ছেন, চিত্রায়ণের গতির তীব্রতা বাড়িয়ে ও ক্লোজ-আপের সামঞ্জস্যপূর্ণ ব্যবহারে পুলিশের সঙ্গে ইঁদুর-বিড়াল দৌড়ের অভিজ্ঞতাটি তিনি নির্মাণ করেছেন আন্তরিকায় এবং কখনো কখনো পূর্ণ পরিহাসে।
অবশেষে ধরা পড়েন এঞ্জেলা নিউইয়র্ক শহরে। শুরু হয় বিচার, সরকারি উকিল তিনটি খুনের জন্য অভিযুক্ত করে এঞ্জেলার ফাঁসির দাবি জানান। কোর্টরুমে যখন আইনের এই মহড়া, তখন দেশে-বিদেশে গড়ে উঠেছে ‘এঞ্জেলার মুক্তি চাই’ দাবি জানিয়ে তীব্র আন্দোলন। দুদিন আগেও যে এঞ্জেলা ছিলেন শুধু একজন মার্কিন কৃষ্ণ-অধিকার কর্মী, রাতারাতি তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বৈষম্য-বিরোধী আন্দোলনের এক প্রবল প্রতীক। এই দুই লড়াই—একটি আদালতের ভেতরে, অন্যটি বাইরে, যেন এক সমান্তরাল দুই লড়াই সমান গুরুত্বের সঙ্গে পুনর্নির্মাণ করেছেন লিঞ্চ। তাঁকে সে কাজে সাহায্য করেন এঞ্জেলা নিজে, এই গল্পের এক বড় অংশের ধারা বিবরণী আসে তাঁর কাছ থেকেই।
শেষ পর্যন্ত সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে মুক্তি লাভ করেন এঞ্জেলা। কোর্টরুমে সশস্ত্র হামলার পরিকল্পনা যদি তাঁর হয়ে থাকে, তাহলে নিজের নামে কেনা বন্দুক তিনি কেন ব্যবহার করবেন? এত বোকা তো এঞ্জেলা ডেভিস নন! সরকারি উকিল এই যুক্তি খণ্ডনে ব্যর্থ হওয়ায় শ্বেতকায় জুরি বোর্ড এঞ্জেলাকে নিরপরাধ সাব্যস্ত করে। নিঃশর্ত মুক্তি পান তিনি। এই দিনটি তাঁর জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুখী, তা এই কারণে নয় যে তিনি খুনের অভিযোগ থেকে মুক্তি পেলেন। ‘আমরা যখন সবাই এইভাবে একজোট হই, মুক্তি আমাদের আসবেই,’ চোখে জল, মুখে হাসি নিয়ে এঞ্জেলা আমাদের জানান।
চার দশক আগের ঘটনা। সে সময় এঞ্জেলার লড়াই ছিল এক অসম রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে, যে ব্যবস্থায় নিজের ন্যায্য অধিকার দাবির অপরাধে অসংখ্য কৃষ্ণকায় কারাকক্ষে দিনের পর দিন নির্মম নির্যাতনের ভেতর দিয়ে যেতে হয়েছে। ৪০ বছর পরেও সে অবস্থা খুব যে বদলেছে, তা নয়। এখনো আমেরিকার জেল ব্যবস্থার প্রধান শিকার এ দেশের কৃষ্ণকায় নাগরিক। ১৯৭২ সালে জেলে আটক এমন কালো মানুষের সংখ্যা ছিল তিন লাখ। এখন সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখে। আমেরিকার মোট সাড়ে চার কোটি কৃষ্ণকায়ের প্রতি চারজনের একজন তাদের জীবনের কোনো না কোনো সময় কারাভোগ করেছে। এঞ্জেলার ভাষায়, এই হলো আমেরিকার ‘প্রিজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স।’
এই কয়েদখানা না ভাঙা পর্যন্ত লড়াই থামবে না আমেরিকার কালো মানুষের। থামবেন না এঞ্জেলা ডেভিস।