এত এত অগ্রন্থিত লেখা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মান্নান সৈয়দ। মূলত একজন কবি। বাংলাদেশে পরাবাস্তব ধারার অন্যতম কবি তিনি। তবে কবি হিসেবেই নন, গল্পকার-ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে আবদুল মান্নান সৈয়দের অবদান কম নয়। অবশ্য এসবের বাইরেও এই কৃতী মানুষকে বাংলা সাহিত্য মনে রাখবে অসাধারণ একজন সাহিত্য সমালোচক ও সম্পাদক হিসেবে। স্বাধীনতা-পরবর্তী সময়ের অন্যতম সাহিত্য সমালোচক ও সাহিত্য সম্পাদক তিনি। বিচিত্র বিষয়ের অসংখ্য বই সম্পাদিত হয়েছে তাঁর হাত ধরে। শুধু এক জীবনানন্দ দাশকে নিয়েই করেছেন বিভিন্ন ধরনের কাজ। বড় কাজ আছে কাজী নজরুল ইসলামকে নিয়েও। তাঁর আক্ষেপ ছিল জসীমউদ্দীন ও মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কাজ করতে না পারার। স্মৃতি ধরে রাখা শেখানোর কাজ তিনি করেছেন হাতে ধরে। এই সব সংকলনের ফাঁকে হয়তো ঢাকা পড়ে গেছে মান্নান সৈয়দের নিজের বেশ কিছু মৌলিক কাজ। স্মৃতিচারণা, চিঠিপত্র, পুস্তক সমালোচনা, সাক্ষাৎকার, গল্প—এ রকম বহু রচনা তিনি গ্রন্থভুক্ত করে যেতে পারেননি।

সেই কাজটি এবার করেছেন পিয়াস মজিদ। তাঁর সংকলন ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে অগ্রন্থিত আবদুল মান্নান সৈয়দ বইটি। তবে এটি সম্পূর্ণ কিছু নয়। বইয়ের ভূমিকাতেই জানানো হয়েছে এটি প্রথম খণ্ড। এরপর দ্বিতীয় খণ্ড আসবে অগ্রন্থিত আরও অনেক লেখা নিয়ে। এ ছাড়া বিভিন্নভাবে সংঘবদ্ধ হচ্ছে মান্নান সৈয়দের আরও লেখা। এসব থেকে ধারণা করা যায় কী বিপুল পরিমাণ লেখা অগ্রন্থিত অবস্থায় রেখে গেছেন তিনি। যা হোক, শেষ পর্যন্ত মান্নান সৈয়দ পাঠকের কাছে আরও বড় কলবরে উন্মোচিত হচ্ছেন আলোচ্য এই বইয়ের মাধ্যমে।

অগ্রন্থিত আবদুল মান্নান সৈয়দ
অগ্রন্থিত আবদুল মান্নান সৈয়দ
অগ্রন্থিত আবদুল মান্নান সৈয়দ
সংকলন ও সম্পাদনা: পিয়াস মজিদ
প্রচ্ছদ: ধ্রুব এষ 
প্রকাশক: অনিন্দ্য প্রকাশ, ঢাকা
 প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
 ৫৪৪ পৃষ্ঠা
 দাম: ৮০০ টাকা।

গোটা বইকে মোট ১০টি বিভাগে বিন্যস্ত করেছেন সম্পাদক। মোট রচনার সংখ্যা ৭৬টি। প্রথম অংশ ‘স্মৃতি-ধৃতি’। এটি মূলত স্মৃতিচারণামূলক অংশ। এখানে রয়েছে ২২টি রচনা। নিজের শৈশব-কৈশোর থেকে শুরু করে শামসুর রাহমান, আহমদ ছফা, সিকদার আমিনুল হক, আখতারুজ্জামান ইলিয়াস—এই লেখাগুলো লেখা হয়েছে বিভিন্ন ব্যক্তিত্বের স্মৃতি তর্পণের প্রয়াসে। আহমদ ছফার মৃত্যু-পরবর্তী স্মৃতিচারণা করতে গিয়ে লিখেছেন, ‘আহমদ ছফার ভালোবাসা এবং ক্রোধ দুই-ই ছিল প্রচণ্ড। কিন্তু ভণ্ডামি ছিল না। আমার বিরুদ্ধেও লিখেছেন, পক্ষেও লিখেছেন।’
পরের অংশ ‘সংশ্লেষণ-বিশ্লেষণ’। এটি মূলত সমালোচনা সাহিত্যের অংশ। এখানে মান্নান সৈয়দ বেশ কয়েকজন লেখকের প্রবৃত্তি ও তাঁদের লেখার বৈশিষ্ট্যকে চিহ্নিত করার চেষ্টা করেছেন। এই অংশে শামসুর রাহমান ও শওকত ওসমানের মতো কবি-সাহিত্যিকেরা যেমন আছেন, তেমনি রয়েছেন হাবীবুল্লাহ বাহারের মতো লেখকও।
বইয়ের তৃতীয় অংশটি হলো ‘রবীন্দ্র-নজরুল’। এই দুই কবিকে নিয়ে ঢের লিখেছেন সৈয়দ সাহেব। বিশেষত নজরুল গবেষক হিসেবে মান্নান সৈয়দের পরিচিতিও ব্যাপক। এখানে রয়েছে মোট নয়টি রচনা।
‘পত্রপ্রবন্ধ’ নামে নতুন একটা রচনারীতি দাঁড় করানোর চেষ্টা করেছেন মান্নান সৈয়দ। এই রীতির ‘দেবীপদ ভট্টাচার্য শ্রদ্ধাস্পদেষু’ শিরোনামে রচনার সূচনাটি এমন: ‘না, এই চিঠি আর আপনার কাছে কোনোদিন পৌঁছাবে না। আপনি এখন সব চিঠি, জটিলতা, অক্ষরের অতীত।’ এখানে অন্তর্ভুক্ত হয়েছে তাঁর দুটি রচনা। সেই সঙ্গে এই অংশের সমস্ত রচনা নিয়ে আলাদা বই হওয়ার কথাও জানানো হয়েছে।
বইয়ের একটি অংশের নাম ‘বইপত্র’। এখানে বেশ কয়েকটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া তুলে ধরেছেন মান্নান সৈয়দ। ‘শ্রুতিনাট্য’, ‘গল্প’, ‘কৈশোরক’ নামে পরবর্তী তিনটি অংশে রচনা অন্তর্ভুক্ত হয়েছে একটি করে।
এই বইয়ের সর্বশেষ অংশ হলো ‘সাক্ষাৎকারগুচ্ছ’। এই অংশে রয়েছে মোট ১১টি সাক্ষাৎকার। উল্লেখ্য, ‘বিশ্বসাহিত্য’ নামক অংশে ‘হেনরিক ইবসেনের সেইন্ট জনস নাইটে’র উল্লেখ থাকলেও ছাপা সমস্যার কারণে সে অংশ পাওয়া যায়নি।
‘আমি কিছু বুঝতে পারি না। আমার মনে হয়, অন্য কারও লেখা।’ নিজের লেখা নিয়ে বলতে গিয়ে এটা আবদুল মান্নান সৈয়দের বক্তব্য। এ কারণেই হয়তো তাঁর এত এত লেখা অগ্রন্থিত রয়েছে এখনো। কথাটির ভেতরে খানিক ভাবালুতা থাকলেও ব্যক্তি যেহেতু মান্নান সৈয়দ, ফলে কথাটি এখানে বেশ ভালোভাবেই খাটে। তবে আশার বিষয় হলো, এই বইয়ের মাধ্যমে সৈয়দ সাহেবের কিছু লেখা তো এসেছে প্রকাশের আলোয়। সম্পাদক পিয়াস মজিদের তথ্যবহুল ভূমিকা নিঃসন্দেহে বইটির মান বাড়িয়েছে। অগ্রন্থিত মান্নান সৈয়দকে গ্রন্থভুক্ত করার জন্য সম্পাদককে অভিনন্দন। সেই সঙ্গে পরবর্তী খণ্ডগুলোর জন্য রইল আগাম শুভকামনাও।