এনায়েত কবীরের তথ্যের জগৎ
ছেলেবেলায় স্কুলে পাকিস্তানি সহপাঠীদের চেয়ে এগিয়ে থাকার লক্ষ্যেই রিডার্স ডাইজেস্ট দিয়ে বইয়ের বাইরের জ্ঞান চর্চার শুরু। তারপর একের পর এক পত্রপত্রিকা সংগ্রহ করে গেছেন এনায়েত কবীর। আজ তাঁর সেই সংগ্রহ পরিণত হয়েছে এক বিশাল জ্ঞান ভান্ডারে। যেখানে এক লহমায় মিলবে দেশ-বিদেশের দুর্লভ-দুষ্প্রাপ্য সব বই।স্কুলের সহপাঠীদের সঙ্গে তথ্য জানার চ্যালেঞ্জ। প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা। সারা বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ তথ্যাবলি না জানলে পিছিয়ে পড়তে হবে। সে সময় পাকিস্তানি সহপাঠীদের সঙ্গে এমনই চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সাহসী ও মেধাবী কিশোর এনায়েত কবীর। ক্রমাগত জানা আর সহপাঠীদের কাছ থেকে নিজেকে অনেক দূর এগিয়ে রাখার অবিরাম চেষ্টার মধ্য দিয়েই তাঁর তথ্যের জগৎ গড়ে তোলার গল্পটা শুরু হয়।সেটা ১৯৬৫ সালের কথা। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে সেন্ট যোসেফ স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এনায়েত কবীর। সহপাঠীদের অধিকাংশই পাকিস্তানি পরিবার থেকে আসা। বিত্তবৈভবের দাপটে তাদের সঙ্গে পেরে ওঠাই ছিল মুশকিল। ওরা দামি গাড়ি হাঁকিয়ে স্কুলে এলেও এনায়েত যেতেন সরকারি চাকরিজীবী বাবার লক্কড়ঝক্কড় জিপে। শত প্রতিকূলতায়ও হাল ছাড়েননি এনায়েত। চ্যালেঞ্জে জয়ী হওয়ার অবিরাম চেষ্টা চলতে থাকে। তাঁকে ছুটতে হয়েছে তথ্যের সন্ধানে। টিফিনের পয়সা বাঁচিয়ে দুই আনা দিয়ে এক কপি পুরোনো রিডার ডাইজেস্ট কিনে পড়া শুরু। এভাবেই পাঠ্যবইয়ের বাইরের জগৎ সম্পর্কে জানার সংগ্রাম চলতে থাকে।পারিবারিক ও সামাজিক প্রতিকূলতা ডিঙিয়ে এগিয়ে যান এনায়েত। একদিকে লেখাপড়া চালিয়ে যাওয়া, অন্যদিকে বাইরের জগৎ সম্পর্কে নিয়মিত জ্ঞান আহরণ। কিছুতেই দমেননি এনায়েত। টিফিন আর ঈদে জামা-প্যান্ট কেনার টাকা বাঁচিয়ে অল্প অল্প করে বই আর পত্রপত্রিকা সংগ্রহ করেছেন। ১৯৬৫ সাল থেকে সংগ্রহ শুরু হলেও অষ্টম শ্রেণীতে পড়ার সময় (১৯৬৮ সাল) থেকে রিডার ডাইজেস্ট-এর নিয়মিত গ্রাহক হন তিনি। এর মধ্যে ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার (এনায়েত কবীরের খালু) বাসায় ফেলে রাখা টাইম পত্রিকার প্রতি নজর পড়ে তাঁর। ওই পত্রিকা থেকে ছবি কেটে ক্লিপিংস সংরক্ষণ শুরু করেন। অষ্টম শ্রেণীতে থাকাকালেই বাসার একটি আলমারি ভরে যায় পত্রিকা ও বইপত্রে। এভাবেই জমা হতে থাকে দেশ ও বহির্বিশ্বের নানা তথ্য। দিনে দিনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, উন্নয়ন-অগ্রগতির নানা বিষয়ে সমৃদ্ধ হতে থাকে সংগ্রহশালা।রাজধানীর উত্তরার আজমপুরে নিজ বাড়িতে এ সংগ্রহশালা সাজিয়েছেন নিপুণ হাতে এনায়েত কবীর। এখানে বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস সাজানো থরে থরে। রাখা হয়েছে মুক্তিযুদ্ধের আগে-পরের নানা ঘটনার বিবরণ। রাজনৈতিক পালাবদল আর রাজনৈতিক নেতাদের বহুল আলোচিত খবরাখবর সংরক্ষিত রয়েছে সযতনে। স্বাধীন দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা বদলের তথ্যও রয়েছে। সংরক্ষিত আছে আন্তর্জাতিক বহুল আলোচিত ঘটনাবলির তথ্য। রয়েছে ইতিহাসের সাক্ষী বহু আলোচিত আলোকচিত্র। প্রায় ৪০ দশকের সামাজিক পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে এই তথ্যের জগতে। ৪০ বছরের সাধনায় গড়ে উঠেছে বিশাল এ তথ্যভান্ডার।বাড়ির দোতলায় সিঁড়ি দিয়ে উঠতেই বাসার দুটি কক্ষ। ড্রইংরুম পেরিয়ে সামনে এগোতেই চোখে পড়ে তথ্যভান্ডার। দেশি-বিদেশি বই, পত্রিকা, ম্যাগাজিন, আলোকচিত্র, প্রামাণ্যচিত্রে ঠাসা কয়েকটি কক্ষ। যেদিকে চোখ যায়, শুধু বই আর পত্রপত্রিকা। বিশাল কক্ষের কোথাও পড়ার টেবিল-চেয়ার। সংরক্ষণ আর সাজিয়ে রাখার কাজ চলছেই। তথ্যকেন্দ্রের সর্বত্রই যেন যত্নের ছোঁয়া। ছয় হাজার বর্গফুটের ফ্ল্যাটে বসবাসের জন্য মাত্র দুটি কক্ষ রেখে বাকি অংশে তথ্য সাজানো হয়েছে। পলিথিন দিয়ে মুড়িয়ে বই-পত্রপত্রিকা সংরক্ষণ করা হয়েছে। প্যাকেটে রয়েছে সিরিয়াল নম্বর। যেকোনো বই-পত্রপত্রিকা মাত্র পাঁচ মিনিটে বের করে দেওয়ার সহজ পদ্ধতি রয়েছে।সংগ্রহশালার এ উদ্যোগ সম্পর্কে এনায়েত কবীর বলেন, ‘আমার অবস্থা আমাকেই বদলাতে হবে। এমন একটি তথ্যভান্ডার রেখে যাচ্ছি, যা থেকে আগামী প্রজন্ম উপকৃত হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের অবস্থা বদলাতে পারবে। এটা হবে জ্ঞানচর্চার তীর্থকেন্দ্র। গবেষণার মাধ্যমে তারা যেন সঠিক ইতিহাস লিখতে পারে, সে বিষয়ে সহায়তা করবে এ তথ্যভান্ডার।’তথ্যজগতে যা আছেদেশি-বিদেশি বই, পত্রপত্রিকা, ম্যাগাজিন, আলোকচিত্র, ভিডিওসহ দুর্লভ সব তথ্যে দিনে দিনে সমৃদ্ধ হয়েছে এনায়েত কবীরের তথ্যজগৎ। মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত অধিকাংশ বই সংরক্ষণ করা হয়েছে এখানে। ইতিহাস, রাজনীতি, বিশ্বখ্যাত রাজনীতিকদের জীবনী, আর্থসামাজিক উন্নয়নবিষয়ক বই রয়েছে। আগামী প্রজন্মের কাজের সুবিধার্থে গবেষণাধর্মী বইয়ের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। বইয়ের সংখ্যা আট হাজারের বেশি। ম্যাগাজিন রয়েছে ৬০ হাজার। দৈনিক পত্রিকার সংখ্যা এক লাখের ওপর। আর বিভিন্ন বিষয়ে সংবাদ ক্লিপিংসের সংখ্যা প্রায় সাড়ে চার লাখ।সংগ্রহশালায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশি দৈনিক পত্রিকাসহ বিভিন্ন ধরনের ম্যাগাজিন সংগ্রহের ওপর। ১৯৬৯ থেকে বর্তমান সময় পর্যন্ত দৈনিক পত্রিকাগুলো রয়েছে এখানে। দৈনিক পাকিস্তান, পাকিস্তান অবজারভার, দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক সংগ্রাম, ঢাকা টাইমস, জাহানে নওসহ অনেক পত্রিকার গুরুত্বপূর্ণ সংখ্যা রয়েছে। মওলানা ভাসানীর হক কথা, জহির রায়হানের এক্সপ্রেসসহ ১৯৬৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রকাশিত অধিকাংশ ট্যাবলয়েড পত্রিকা রয়েছে। ব্যবহারের সুবিধার্থে প্রায় ৫০টি বিভাগে বিষয়ভিত্তিক সংবাদ ক্লিপিংস সংরক্ষণ করা হয়েছে। এতে রয়েছে রাজনৈতিক, আর্থসামাজিক, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, রাজনৈতিক নেতাদের বক্তৃতা-বিবৃতিসহ বিভিন্ন বিষয়ের খবর। বিদেশি পত্রিকার মধ্যে রিডার ডাইজেস্ট, ন্যাশনাল জিওগ্রাফি, লাইফ সিরিজ-এর দুর্লভ সংগ্রহ রয়েছে এখানে। পত্রিকা ও সংবাদ ক্লিপিংস সংরক্ষণ চলমান রয়েছে। সংগ্রহশালায় তথ্য ব্যবহারের সুবিধার্থে আরও আধুনিক পদ্ধতি সংযোগের প্রক্রিয়া চলছে।এনায়েত কবীরের নিজের তোলা প্রায় ৩০ হাজার আলোকচিত্র রয়েছে। তরুণ বয়সে দেশকে জানার প্রবল নেশায় বাংলাদেশ ঘুরে এসব আলোকচিত্র সংগ্রহ করেছেন। এতে প্রতিফলিত হয়েছে মানুষের মুখ, প্রকৃতি আর সমাজের নানা অসংগতির চিত্র। সাদা-কালো এই ছবিগুলোর ফিল্মও তাঁর সংরক্ষণে রয়েছে। ১৯৯১ সালে শুরু করেন ভিডিওচিত্র ধারণ। এতে রয়েছে সমাজ ও জীবনের ছবি। বই আর পত্রপত্রিকার পাশাপাশি বিভিন্ন দেশের ৬০ হাজার ডাকটিকিট, পাঁচ হাজার ভিউ কার্ড, তিন হাজার টেলিফোন কার্ড, এক হাজার ব্যাংক নোট, পাঁচ হাজার মুদ্রা, এক হাজার পোস্টার, দুই হাজার রাজনৈতিক লিফলেট, দুই হাজার চাবির রিং, এক হাজার দেশলাই, দুই হাজার সিগারেট লাইটারসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ করেছে।স্বীকৃতি ও সম্মাননা মিলেছেদুর্লভ এই সংগ্রহশালার খবর কাউকে জানাতে আগ্রহী নন এনায়েত কবীর। নীরবেই চলেছে তাঁর সংগ্রহে সমৃদ্ধি আনার চেষ্টা। তার পরও নিকটজনের অনেকেই জানেন এ উদ্যোগের খবর। মুক্তিযুদ্ধসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও জ্ঞান বিকাশে অবদানের জন্য মিলেছে স্বীকৃতি, পেয়েছেন বিশিষ্টজনদের প্রশংসা। তিনি শেরেবাংলা স্মৃতি সম্মাননা পদক ২০১০, মাদার তেরেসা গুণীজন স্বর্ণপদক ২০১০, বঙ্গবন্ধু স্মৃতিপদক ২০১০ ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সম্মাননা ২০১১ অর্জন করেছেন। এ ছাড়া ছাত্রজীবন ও চাকরিজীবনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য অর্জন করেন বহু সম্মাননা।উন্মুক্ত না হলেও অনেকেই আসেনতথ্যভান্ডারটি এখনো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। তবে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এখানে অনেকেই আসেন। কেউ আসেন তথ্য নিতে, কেউ বা সমৃদ্ধ এ সংগ্রহশালা দেখতে। কেউ কেউ তথ্যভান্ডারের তথ্য ব্যবহার করছেন। এখানকার তথ্য নিয়ে নির্মিত হয়েছে একাধিক মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, মুহম্মদ জাফর ইকবাল, খন্দকার মাহবুব হোসেন, সেক্টর কমান্ডারস ফোরামের হারুন-অর-রশিদসহ অনেকেই তথ্যভান্ডার ঘুরে গেছেন। বিশিষ্টজনেরা সংগ্রহশালাকে দুর্লভ বলে আখ্যায়িত করেছেন। জানালেন এনায়েত।ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের সংরক্ষণাগার দেখে বিস্মিত হয়েছেন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত পর্যায়ে এটি একটি দুর্লভ সংরক্ষণাগার। এখান থেকে দেশের গবেষকেরা উপকৃত হবেন। অনেক বিরল তথ্য পাবেন। এখানকার ভিন্ন ধরনের সংরক্ষণপ্রক্রিয়া বইপত্র ও পত্রিকাগুলো অক্ষত রেখেছে। দেশের বিভিন্ন গ্রন্থাগারের পুরোনো পত্রিকা ব্যবহার করা না গেলেও এখানকার সবকিছুই ব্যবহার করা যাবে। এ উদ্যোগকে সম্প্রসারণ করা প্রয়োজন। সবাই যাতে এটি ব্যবহার করতে পারে, সে ব্যবস্থা করা প্রয়োজন।এ তথ্যভান্ডার যুদ্ধাপরাধীদের বিচারে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করতে পারে বলে উল্লেখ করে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘ব্যক্তিগত র্যায়ে এ ধরনের উদ্যোগ দেখে আমি আপ্লুত হয়েছি। এখানে স্বাধীনতার আগে ও পরের অনেক তথ্য রয়েছে। মুক্তিযুদ্ধের অনেক তথ্য এখানে রয়েছে, যা হয়তো অনেক লাইব্রেরিতেও নেই। এটি সমৃদ্ধ তথ্যভান্ডার বলে আমার কাছে মনে হয়েছে। আগামী প্রজন্ম এখান থেকে উপকৃত হতে পারে।’দুর্লভ সংগ্রহ১৯৭৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় সব কটি দৈনিক পত্রিকা। ১৯৬৯ থেকে প্রকাশিত অধিকাংশ ম্যাগাজিন। ১৯৬৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা। ১৯৬৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিডার ডাইজেস্ট-এর প্রায় সব সংখ্যা। ১৯৩৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ন্যাশনাল জিওগ্রাফি। ১৯৪৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লাইফ সিরিজ। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রায় সব বইপত্র।ভবিষ্যৎ স্বপ্নসংগ্রহশালায় নিয়মিত বই ও পত্রপত্রিকা সংরক্ষণ করা হচ্ছে। পত্রিকার ক্লিপিংস রাখা হচ্ছে। স্বতন্ত্রভাবে সংগ্রহশালা পরিচালনায় আছে সব ব্যবস্থা। নিজের অনুপস্থিতিতে কার্যক্রম চালিয়ে রাখতে সংগ্রহশালার নামে একটি ট্রাস্ট গঠন করতে চান এনায়েত। সংরক্ষিত পত্রিকা ও পেপার ক্লিপিংসগুলো ফটোকপি করে মাইক্রোফিল্মিং করতে চান। সংগ্রহশালার নামে একটি ওয়েবসাইট তৈরির ইচ্ছা রয়েছে তাঁর। এনায়েত কবীর—১৯৫২ সালের ৪ জুন জন্মগ্রহণ করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গৌরীপাশা গ্রামে। বাবা প্রয়াত আলী আকবর খান নারায়ণগঞ্জের সার্কেল অফিসার ছিলেন। তিনি মা-বাবার একমাত্র সন্তান। কর্মজীবনে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিদেশি কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিশ্বের ৩৩টি দেশ ভ্রমণ করেছেন। ঘুরেছেন বাংলাদেশের আনাচ-কানাচে। তাঁর দুই ছেলে আর এক মেয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বাকি জীবনটা নিজের সংগ্রহ জগৎ আর ভ্রমণের মধ্য দিয়েই কাটাতে চান এনায়েত কবীর।