করোনার এই সময়ে ঢাকা-রাজশাহী, রাজশাহী-ঢাকা—এভাবেই দিন কাটাচ্ছেন ফরহাদ খান। তবে ঢাকা-রাজশাহীর ঘরবন্দী জীবনে এর মধ্যেই একটি বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন তিনি। রমণীয় স্মৃতি, রম্যকথা নামে এ বই মূলত তাঁর স্মৃতিগদ্যের।
বরাবরই বিচিত্র বিষয়ে লেখালেখি করতে পছন্দ করেন ফরহাদ খান। এবার লিখলেন স্মৃতিচারণা, কিন্তু সেই স্মৃতিকথাও খানিকটা ভিন্নধারার। বিভিন্ন পত্রিকার তাগাদায় ফরহাদ খান একসময় স্মৃতিচারণামূলক কিছু লেখা লিখতে শুরু করেন। সেই লেখাগুলো স্মৃতিচারণাময় হলেও এর মধ্য দিয়ে উঠে এসেছে আমাদের পাল্টে যাওয়া সময়ের চিত্রাবলি। ওই টুকরো টুকরো লেখা একসঙ্গে গ্রন্থিত করে সাজানো হয়েছে বইটি। ফরহাদ খানের ভাষ্যে, ‘বছর দুই আগে প্রথম আলোর আমন্ত্রণে “কালি-কলম-মন” ও “আউটবই” নামে দুটো লেখা লিখি আমি।
এরপর একে একে বৈশাখ, শরৎসহ আরও লিখেছি নানা বিষয়ে। পাশাপাশি একই সময়ে পত্রিকা ও অনলাইনেও কয়েকটি স্মৃতিচারণা লিখেছি। এই স্মৃতিগদ্যের মধ্যে আমার কথা আছে বটে, তবে আমার চোখে দেখা সময়ের বিবর্তনগুলোই বড় হয়ে ধরা দিয়েছে বলে মনে করি।’
বইটি কবে বের হবে? প্রশ্নের জবাবে ‘অন্য আলো’কে লেখক বলেন, ‘এখন কুষ্টিয়া নিয়ে আমি একটা লেখা লেখার চেষ্টা করছি। ওটা লিখতে পারলেই বইটি বের হবে।’
এটি ছাড়াও আরও একটি বইয়ের পরিকল্পনা আছে ফরহাদ খানের। ছোটদের মাসিক সাময়িকপত্র কিশোর আলোতে ‘অভিধানের গল্প’ শিরোনামে ধারাবাহিকভাবে লিখেছেন তিনি। ওইগুলো দিয়ে ভবিষ্যতে একটি বই করতে চান।
গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক