এভাবেই ঝেড়ে ফেলতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আসলে তোমার প্রেমে পড়তে চাইনি,’ বলল নীরা। বালিশটা টেনে নিয়ে কাত হয়ে বেশ আরাম করে শুলো। চোখেমুখে এখনো খানিক আগের তৃপ্তির আভা। ঠোঁট দুটো এখনো ঈষৎ ফুলে আছে। ডান হাতের কনুইয়ে ভর রেখে মাথা খানিক তুলল এবার। করতলে গাল রেখে বিছানায় বসা পুরুষটার দিকে তাকাল। ‘আমি একদম চাইনি। আমি সত্যিই এ রকম একটা সম্পর্কের মধ্যে জড়াতে চাইনি। কিন্তু কীভাবে যেন ঘটে গেছে—ভালো করে কিছু বুঝে ওঠার আগেই।’সে হেসে তার এলানো চুলে হাত বোলাল। ‘সে জন্য তোমার কোনো দুঃখ আছে?’দীর্ঘশ্বাস ফেলল নীরা, উঠে পা ঝুলিয়ে দিল বিছানার অন্য পাশে, ‘না, দুঃখ নেই। কিন্তু আমি সুখীও না।’‘এ রকম হয় মাঝে মাঝে,’ বলল সে। ‘অনেক দিনের সংস্কার তো ঝেড়ে ফেলা সহজ না। তবে সময়ে সব ঠিক হয়ে যায়। বুঝলে?’জবাবে অস্পষ্ট মাথা নাড়ল নীরা। ‘কিন্তু মাঝে মাঝে কী হয় জানো,’ বলল ও, ‘মনে হয় মুশফিক আমাদের ব্যাপারটা টের পেয়ে গেছে। ওর অদ্ভুত চাহনি—।’‘আরে না! ও কিছু টের পায়নি। রাখো তো এসব। এবারই তো প্রথম না!’মাঝারি মাপের ঘরটার চারপাশে একবার নজর বোলাল নীরা, ‘এই ভয়টা আমার সব সময়ই থাকবে—কে কখন কোথায় দেখে ফেলবে। ভাবলে রাতে আমার ঘুম হয় না জানো। দুঃস্বপ্নে দেখি কেউ একজন আমাদের ফলো করছে।’ ‘দুঃস্বপ্ন দেখো আর যা-ই দেখো, ঘুমের মধ্যে কথাটথা বোলো না। কেলেংকারি হয়ে যাবে।’ চতুর হেসে বলল সে, চোখের কোণেও দুষ্টুমি। ‘কেলেংকারি কী বলছ, সর্বনাশ হয়ে যাবে। তোমার কখনো ভয় হয় না, মিথিলা যদি ব্যাপারটা জেনে ফেলে?’‘ও আমাকে একদম খুন করে ফেলবে, সোনা। আমি স্বপ্নেও এটা ভাবি না। তবে আমাদের এই ঝুঁকিটুকু তো নিতেই হবে, তাই না? আর তা ছাড়া ঝুঁকি কিসে নেই বলো? যা ঘটার ঘটবে। আমি-তুমি হাজার চাইলেও নিয়তিকে নিয়ন্ত্রণ করতে পারব না। শোনো, এসব ভেবে বিকেলটা নষ্ট করার কোনো মানে হয় না—আবার কত দিন পর সুযোগ পাব তার কি ঠিক আছে?’‘হ্যাঁ, তা ঠিক,’ ক্ষীণ গলায় বলল নীরা। উঠে দাঁড়াল বিছানা থেকে। হাতের ঘড়ি দেখল, ‘অনেক দেরি হয়ে গেছে। আরও আগেই রওনা হওয়া উচিত ছিল। চলো, গোসল সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। দশটার মধ্যে আমাকে বাসায় পৌঁছাতে হবে...।’‘ঠিক আছে, দশটায় পৌঁছাতে চাইলে দশটাতেই পৌঁছাবে।’নীরাই তোয়ালে নিয়ে বাথরুমের দরজার দিকে এগোল প্রথম, দরজা খুলল। আর তখনি বিছানা থেকে উড়ে এসে যেন নীরার উদ্গত চিত্কারটাকে মুখে হাতচাপা দিয়ে থামাল আনিস। বাথরুমের খোলা দরজা দিয়ে যে দৃশ্য দেখল ওরা, বাকি জীবন তা ওদের মনে গেঁথে থাকবে।শাওয়ারের নিচে আধাশোয়া হয়ে পড়ে আছে লোকটা। দেয়ালে মাথা আর পিঠ ঠেকানো। খোলা, প্রাণহীন চোখ দুটো যেন সোজা চেয়ে আছে ওদের দিকে। মাথাটা সামান্য হেলে আছে ডান কাঁধের ওপর। সাদা শার্টের বুকের কাছটা রক্তে লাল। বাথরুমের মেঝেতেও সরু একটা রক্তের ধারা নেমে এসেছে। কালো প্যান্টের মধ্যেও ছোপ ছোপ রক্তের দাগ। খালি পা। নীরাকে জাপটে ধরে রেখেই ঝুঁকে এক হাতে বাথরুমের দরজা টেনে দিল আনিস। তবে পুরোটা বন্ধ করতে পারল না। দরজার ফাঁক দিয়ে কালো ট্রাউজার থেকে বেরোনো লোকটার খালি পা-জোড়া বেরিয়েই রইল। মুখ থেকে হাত সরিয়ে নিয়েছে আনিস, কিন্তু হিস্টিরিয়া রোগীর মতো থরথরিয়ে কাঁপছে নীরার সারা শরীর। অস্পষ্টভাবে তার মনে হলো, দূর থেকে একটা কণ্ঠস্বর বলছে, ‘চুপ করো। চুপ করো, নীরা। কেউ শুনতে পাবে। দোহাই আল্লার।’ নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও নীরাকে ছাড়ল না আনিস। উদ্্ভ্রান্তের মতো চারপাশে দেখছে নীরা, পালানোর পথ খুঁজছে। ‘থামো! পাগল হলে নাকি,’ নীরার গালে একটা চড় বসিয়ে দিতেও দ্বিধা করল না সে। ‘মাথা ঠান্ডা করো। ভয়ংকর বিপদে পড়ে গেছি আমরা।’ ডুকরে কেদে উঠল নীরা। আনিস টের পেল তার শরীরের সঙ্গে লেপ্টে থাকা নীরার খানিক আগের সেই উষ্ণ শরীর এখন বরফের মতো ঠান্ডা, ঘামে ভিজে জবজবে করছে,অসম্ভব ভয় পেয়েছে। ‘নীরা, কাপড় পরো তাড়াতাড়ি!’ তীক্ষ গলায় বলল সে, চেষ্টা করল তার নিজের আতঙ্ক চেপে রাখতে। ‘দ্রুত এখান থেকে সরে পড়তে হবে।’‘আমি জানতাম এরকম কিছু একটা হবে,’ ফোঁপাতে ফোঁপাতে বলল নীরা। ‘আমি জানতাম...’আনিস তাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসল। নীরার মনে হলো, বুকের ভেতর প্রচণ্ড গতিতে লাফাচ্ছে তার হূদপিণ্ড, ‘আনিস, আমি—আমি বোধ হয় অজ্ঞান হয়ে যাচ্ছি।’‘শোনো,’ বলল সে, শক্ত করে কাঁধ চেপে ধরে ঝাঁকুনি দিল। ‘এখান থেকে আমাদের পালাতে হবে। কিন্তু তার আগে মাথা ঠান্ডা রাখতে হবে। একদম আতঙ্কিত হওয়া চলবে না।’‘হ্যাঁ, হ্যাঁ, কিন্তু—,’ ত্রস্ত-আতঙ্কিত চোখে তাকে দেখল ও, ‘পুলিশে খবর দেওয়া উচিত আমাদের—আর নয়তো হোটেলের কাউকে খবর দাও।’অবিশ্বাসের চোখে নীরাকে দেখল আনিস, ঝুঁকে খাটের পাশের মেঝে থেকে প্যান্টটা তুলল। ‘পুলিশ? তোমার মাথা খারাপ হয়েছে! কী ভয়ংকর প্যাঁচে পড়েছি বুঝতে পারছ না!’‘কিন্তু, লোকটাকে খুন করা হয়েছে! লোকটার বুকে গুলি মেরেছে কেউ!’‘আল্লা!’ হতাশায় দুই হাতে মাথা চেপে ধরে ছাদের দিকে তাকাল আনিস। ‘আমি জানি তোমার বুদ্ধিসুদ্ধি একটু কম, কিন্তু এখন মনে হচ্ছে একটু বেশিই কম। তাড়াতাড়ি করো, দোহাই তোমার,’ বাথরুমের আধখোলা দরজার দিকে চোখ পড়তেই থমকাল সে, ‘ভেবে একটা কিছু বের করতে হবে’, বিড়বিড় করে বলল, ‘হ্যাঁ, এক মিনিট। আমরা যদি প্রথমে...।’মাথা ঝাঁকাল সে হতাশায়। ‘না, এত সহজ না। আমরা চাইলেই এখান থেকে চলে যেতে পারব না। হোটেলরুমে একটা লাশ ফেলে রেখে চাইলেই চলে যাওয়া যায় না।’কষ্টে ঢোক গিলল নীরা, পরিস্থিতির জটিলতা ধীরে ধীরে স্পষ্ট হতেই আতঙ্কে আবার বোধবুদ্ধি গুলিয়ে এল তার। ‘আনিস!’ অস্ফুটে বলল সে। ‘আমরা ধরা পড়ে যাব, তাই না? হোটেলের ম্যানেজার পুলিশে ফোন করবে, পুলিশ এসে আমাদের থানায় নিয়ে যাবে। আর কিছুই গোপন থাকবে না। তখন—।’‘তুমি চুপ করবে? তোমার কথার ঠেলায় আমি ঠিক মতো চিন্তা করতে পারছি না।’ ‘আনিস, আমাকে এখান থেকে বেরোতে হবে। খুনখারাবির সঙ্গে আমি কিছুতেই জড়াব না। আমি চাই না মুশফিক—,’ আবার কাঁদতে শুরু করল সে, তখন পাশ থেকে আনিসের গলা শুনতে পেল, তীব্র শ্লেষের গলায় সে বলছে, ‘আর আমার, আমার কী হবে? তুমি ভাবছ বিপদে শুধু তুমিই পড়েছ? লোকজন জানাজানি হয়ে গেলে আমার কী হবে ভেবেছ? মিথিলা আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে।’আনিসের চোখেমুখে স্পষ্ট আতঙ্ক, ভয়—খানিক আগেও যা প্রাণপণে ঢেকে রেখেছিল সে। ‘তুমি ঘাবড়ে গেছ খুব! আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে—এই লাশ থেকে অনেক দূরে।’ বলে বহুকষ্টে ঢোক গিলল নীরা।মাথা নাড়তে নাড়তে নীরবে ট্রাউজার পরল আনিস। ‘আনিস, আমাদের আগে এই রুমে যে ছিল এটা নিশ্চয়ই সেই লোকের কাজ, সে-ই লোকটাকে খুন করেছে। আমরা কেন সোজা ম্যানেজারের কাছে গিয়ে এটা বলছি না? যা সত্যি তাই বলব। বাথরুমে লোকটাকে কীভাবে দেখেছি খুলে বলব।’‘ওফ!’ হতাশায় মাথা দোলাল আনিস। ‘ওই লোকটা আমাদের কথা কেন বিশ্বাস করবে?’ ‘কেন করবে না? আমাদের আগের বোর্ডারের নাম-ঠিকানা নিশ্চয়ই আছে ম্যানেজারের রেজিস্টারে।’ ‘কোনো লাভ হবে না। আমাদের এ রুম দেবার আগে ওরা গোছগাছ করেছে। তখন বাথরুমে লাশ থাকলে ওদের চোখে পড়ত। নাম-ঠিকানা? ইস, ভুয়া নাম বললে বাঁচার একটা সম্ভাবনা হয়তো ছিল। আমরা আসল নাম-ঠিকানা দিয়েছি গাধার মতো। এখন পালালেও পরে পুলিশ সোজা বাসায় গিয়ে হাজির হবে।’ আতঙ্কের একটা কাঁপুনি বয়ে গেল নীরার শরীরজুড়ে। কাঁপা হাতে বিছানা থেকে কাপড় তুলে নিয়ে পরল। ‘আনিস, আমি ঢাকায় ফিরে যাচ্ছি। মুশফিক ফেরার আগেই আমি বাসায় ফিরতে চাই। আমি—আমি এক মুহূর্তও থাকব না আর।’ ‘আর একটা মিনিট দেরি করো আল্লার ওয়াস্তে।’ তীব্র গলায় বলল সে। ‘সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি কিছুতেই যেতে পারবে না। এই গ্যাঁড়াকলে আমরা দুজনই পড়েছি—তোমার বিপদ আমার চেয়ে একটুও কম না।’ ‘কিন্তু আমি আর এখানে থাকতে পারব না।’ নীরা বিলাপ করে উঠল হঠাৎ। ‘আস্তে। কেউ শুনতে পাবে।’ দাঁতে দাঁত চেপে বলল আনিস। আবার উদ্ভ্রান্ত দৃষ্টি ফিরে এল নীরার চোখেমুখে। ‘আমরা ফাঁদে আটকা পড়ে গেছি, তাই না? এ রকম একটা কুিসত ঘরে আমরা আটকা পড়ে গেছি—ওই লাশটার সঙ্গে—ওই লাশটা—।’ ‘চুপ করো। আমাকে ভাবতে দাও। এই বিপদ থেকে বাঁচতে হবে...একটা রাস্তা এখন...’ ‘রাস্তা মানে?’সরু চোখে ওর দিকে ঘুরে দাঁড়াল আনিস। ‘রাস্তা মানে—ধরো—ধরো—তোমার স্বামী মুশফিক সাহেব জানে যে তুমি আমার সঙ্গে এখানে এসেছ—তুমি—।’ ‘না না। এটা বলবে না। আমি শুনব না। কিছুতেই শুনব না।’ ‘তুমি শুনবে। দু কান খুলেই তুমি শুনবে। ঘুমের ঘোরে যে তুমি আমাদের কথা বলোনি সেটা তুমি নিশ্চিত হচ্ছ কীভাবে? আমাদের ফলো করে যে মুশফিক এখানে আসেনি তাই বা বলি কী করে? হয়তো সে—ভালো করে ভাবো—ওই লোকটাকে আমি ভেবে এই রুমে ঢুকে—।’ ‘না, নাহ!’ দ্রুত, ঘন ঘন মাথা নাড়তে লাগল নীরা। আবার পায়চারি শুরু করল আনিস। পায়চারি থামিয়ে বাথরুমের কাছে গিয়ে দাঁড়াল, ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল, কিন্তু পরক্ষণেই ঠেলে লাগিয়ে দিল। আতঙ্কে চোখ বুজে ফেলছে সে। ‘ওহ! কী সাংঘাতিক! যে-ই এই কাজ করে থাকুক, সে একটা উন্মাদ। এটা কোনো সুস্থ লোকের কাজ হতে পারে না।’ এরপর দুজনেই চুপচাপ।দীর্ঘ, যন্ত্রণাকর এই নীরব অপেক্ষার সময়টা পার করে, বাথরুমের কাছ থেকে বিছানার কাছে ফিরে এল আনিস। ‘আমাদের সামনে এখন একটা পথই খোলা আছে। খুব রিস্কি, কিন্তু এ ছাড়া আর কোনো উপায় দেখছি না।’ ‘কী? চলে যাব সোজা?’ ব্যগ্র হয়ে জিজ্ঞেস করল নীরা। ‘নিচে গিয়ে গাড়ি নিয়ে সোজা ঢাকার পথ ধরব?’‘তুমি এতটা গাধা কীভাবে?’ তীব্র বিরক্তি নিয়ে বলল আনিস। ‘নিচে নামলে ম্যানেজারের রুম হয়ে যেতে হবে। পালাতে পারলেও, আমাদের নাম-ঠিকানা লেখা আছে রেজিস্টারে। তা ছাড়া এবারই আমরা প্রথম আসিনি এখানে। ম্যানেজার আমাদের চেহারাও চেনে।’ ‘কিন্তু সে আমার নাম জানে না। তুমি শুধু তোমার নাম-ঠিকানা লিখেছ।’‘তোমার নাম রেজিস্টারে না থাকলেও তোমার ওই খোমা ম্যানেজার ভুলবে না। আমার চেহারার বর্ণনা দিলে তোমারটা কি বাকি রাখবে? আমাদের গাড়িও তার অচেনা না। হয়তো আমাদের গাড়ির নাম্বারও সে বলে দিতে পারবে।’‘আমি বাসায় ফিরতে চাই। আমাকে বাসায় দিয়ে আসো। নয়তো বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করো আমার। কেন যে মরতে এসেছিলাম এখানে!’ধপ করে চেয়ারে এসে বসল আনিস, ‘হুঁ, অন্ধকার হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। লাশটাকে নিয়ে গাড়ির পেছনের বুটে তুলব, পথে সুবিধামতো কোনো জায়গায় ফেলে দিয়ে যাব।’দম আটকে রেখে, পরে নিঃশ্বাস ছেড়ে বলল নীরা, ‘হ্যাঁ, ভালো বুদ্ধি। তাই কোরো। আমি একা চলে যাই। অন্ধকার হলে লাশটা গাড়িতে তুলে তুমি চলে এসো—।’ আনিসের চোখে চোখ পড়তে থেমে গেল সে, বিস্মিত চোখে ঘৃণা ফুটে উঠছে আনিসের। ‘আমাকে তুমি যা খুশি ভাবো,’ ফিসফিস করে বলল নীরা। ‘কিন্তু মুশফিকের কাছে আমি ছোট হতে পারব না।’‘আমার কাছে ছোট হতে তোমার বাধছে না একটুও?’‘আনিস, আমার কোনো উপায় নেই। মুশফিক কিছু বোঝার আগেই আমি বাড়ি পৌঁছাতে চাই। দেরি দেখলে ও ব্যস্ত হয়ে পড়বে। তখন আমি কোনো ব্যাখ্যা দিতে পারব না। অফিসের কাজে আমি চিটাগং এসেছি ঠিক—কিন্তু ও জানে, আমি বিকালেই ঢাকায় ফিরব।’‘বিস্ময়কর,’ ম্লান হেসে বলল আনিস। ‘দুনিয়াটা খুব বিস্ময়কর।’‘আমাকে তুমি এ ছাড়া কী করতে বলো?’ কেঁদে উঠল নীরা।‘না। কিচ্ছু না।’‘আনিস, তুমি জানো, আমার আর দেরি করার উপায় নেই।’আনিস নীরাকে দেখল। নীরা জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে বাইরে উঁকি দিয়ে দেখল, এক মুহূর্ত বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকল। ‘সূর্য ডুবছে,’ বলল সে, ‘শীতকালে দিন ছোট, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে। খুব বেশিক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে না।’‘অনেক ধন্যবাদ। আমার জন্য আপনার অনেক টান।’আনিসের বিদ্রুপ গায়ে মাখল না নীরা। ‘আনিস, লোকটাকে পথে কোথায় ফেলবে?’ জরুরি গলায় বলল সে।‘কোথায় আবার? তোমার বাড়ির দরজার সামনে!’‘প্লিজ, আমাকে ভুল বুঝো না।’‘শোনো, ওই লাশ গুম করতে গিয়ে যদি আমি ধরা পড়ি—কিংবা ওই লোকের খুনি হিসেবে যদি আমাকে খুঁজে বের করে—তোমাকে প্রকাশ্যে এসে বলতে হবে, আমরা একসাথে এই হোটেলে এসেছি। আমার গাড়িতে তুমি আমার সঙ্গে ঢাকা থেকে এসেছ। বুঝেছ?’‘কিন্তু সে ক্ষেত্রে মুশফিক তো সব—,’ কপাল বেয়ে ঘাম নামল নীরার, বাম হাতে ঘাম মুছল সে। তারপর প্রবলভাবে মাথা নাড়তে নাড়তে বলল, ‘আমার বিশ্বাস হচ্ছে না। এসব সত্যি ঘটছে—আমার বিশ্বাস হচ্ছে না। আনিস, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এই ঝামেলায় টেনে এনো না। আমাকে তুমি আগলে রাখবে যা-ই ঘটুক। আমার নাম যেন কিছুতেই বেরিয়ে না পড়ে—যদি তুমি সত্যি আমাকে ভালোবেসে থাকো।’অসহনীয় এক নীরবতা ঝুলে রইল দুজনের মাঝে অনেকক্ষণ। তারপর প্রথম নীরবতা ভাঙল আনিসই। ‘তোমার কেন মনে হলো আমি ফেঁসে গেলে তোমাকে দূরে রাখব?’‘আনিস!’‘এসব ফালতু কথায় সময় নষ্টের কোনো মানে হয় না। এই ফাঁদ থেকে কীভাবে মুক্তি মিলবে সেটা ভাবো এখন। কী কঠিন বিপদে জড়িয়ে গেছি আমরা বুঝতে পারছ না?’‘না। আমি এখুনি চলে যাব।’ অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল নীরার চেহারায়।‘আল্লারে! বাথরুমে একটা লাশ পড়ে আছে। আমাদের ছাড়া আর কারও ঘাড়ে ওই খুনের দায় পড়বে না। মানো আর না মানো, খুনের দায়ে ফেঁসে গেছি আমরা। তুমি-আমি দুজনই। কেন এই সহজ ব্যাপারটা বুঝতে পারছ না?’ নীরার খড়িমাটির মতো ফ্যাকাশে মুখে দ্রুত রক্ত ছড়িয়ে পড়ল যেন, প্রায় চেঁচিয়ে উঠে দাঁতে দাঁত চেপে বলল, ‘আমি এই পাপ থেকে বেরিয়ে যাচ্ছি। আনিস, তুমি আমাকে আর কোনো দিন ফোন করবে না। কোনো যোগাযোগের চেষ্টা করবে না—কোনো দিন না—যা কিছু ঘটুক তোমার। আমার কাছ থেকে তুমি কোনো সাহায্য পাবে না। আমি তোমাকে ভালোবাসি না। স্রেফ শরীরের জন্য তোমার সঙ্গে মিশেছিলাম আমি। বিদায়!’নিচে নেমে গেছে ও। খানিক আগে দেখেছে একটা ট্যাক্সি, হোটেলের গেইট দিয়ে ঢুকছে। হোটেলের কেউ ডেকেছে ট্যাক্সিটা নীরার জন্য। আরও খানিক পর দেখল, নীরা ট্যাক্সির পেছনের দরজা খুলে ভেতরে ঢুকল। ইঞ্জিন স্টার্ট নিল ট্যাক্সির। ছোট, অপরিসর ব্যালকনির দরজায় দাঁড়িয়ে সব দেখল আনিস। নীরার ট্যাক্সি গেইট দিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়া না পর্যন্ত পাথরের মতো সে দাঁড়িয়েই থাকল। এ সময় তার পেছনে এসে দাঁড়াল একটা ছায়া। সাদা শার্টে কৃত্রিম রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে গেছে এখন, ‘চলে গেল,’ পেছন থেকে জানতে চাইল সে।আনিস শুধু মাথা নাড়ল।