এভাবেও ভাবা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জিপসি জাদু
জিপসি জাদু
জিপসি জাদু
শেখ আবদুল হাকিম
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: প্রথমা প্রকাশন
১৬০ পৃষ্ঠা
দাম: ২৮০ টাকা।

গোয়েন্দা কাহিনির গল্পটা বলে দিলে সেটা পড়ার আর আগ্রহ থাকে না। অনেকেই আছেন, যাঁরা গোয়েন্দা কাহিনি পড়তে গিয়ে হঠাৎ করেই পাতা উল্টে শেষ পৃষ্ঠায় চলে যান। মনে মনে যাঁকে সন্দেহ করেছেন, তিনিই খলনায়ক কি না দেখে নেন। তারপরও কেন যে বইটা পড়েন, কে জানে! পাঠককে বলে রাখছি, যে বইটি নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটি যেন পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়া হয়, শুরুতেই শেষ পৃষ্ঠা দেখে নেওয়ার ইচ্ছা জাগলেও তা সংবরণ করাই ভালো।
জিপসি জাদু নামে শেখ আবদুল হাকিমের লেখা বইটি যখন হাতে এল, উল্টেপাল্টে দেখার সময় মনে পড়ে গেল মাসুদ রানা সিরিজের কথা। অনেকেই লেখালেখি শুরুর আগে কাজী আনোয়ার হোসেনের নির্ভার গদ্যে মুগ্ধ হয়েছেন, তাঁর ভাষাশৈলীর প্রেমে পড়েছেন, সেই ভাষা রপ্ত করে স্বাদু গদ্য লেখার চেষ্টা করেছেন। শেখ আবদুল হাকিমের নামটিও সেবা প্রকাশনীর বইগুলোর কোনো একটিতেই দেখেছিলাম প্রথম। এরপর তাঁর লেখা রহস্য উপন্যাসগুলোও মনকে তৃপ্তি দিতে শুরু করে। ধ্রুপদি সাহিত্যের অনুবাদেও তাঁর হাতযশ ঈর্ষণীয়, সেটা বুঝতে বাকি থাকে না।
ধান ভানতে শিবের গীত গাওয়ার কারণ হলো, ওই বইগুলো আমাদের নিয়ে যেত দেশের সীমানা ছাড়িয়ে অচেনা জগতে। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহরে-বন্দরে-গ্রামে গল্পের নায়ক ছুটে বেড়াচ্ছে আর আমরা বিনা ভিসাতেই, বিনা বিমান মাশুলেই পৌঁছে যাচ্ছি সেখানে। নিখুঁত বর্ণনা আর টান টান সে কাহিনি আমাদের পড়ার আগ্রহকে বাড়িয়ে দিচ্ছে। জিপসি জাদুও কল্পনায় বিদেশসফরে নিয়ে যাওয়া একটি বই। লেখাও হয়েছে বিদেশি গল্প অবলম্বনে।
বইটি পাঠককে এমন এক রহস্যময় জনপদে নিয়ে যাবে, যার কথা আগে কোথাও শোনা যায়নি। মরু-বেদুইন আর ইয়োরোপের উইকাদের রক্ত মিশেছে যে মেয়েটির শরীরে, সেই লিলির সঙ্গে সেই জনপদেই গেছেন বাংলাদেশের গোয়েন্দা জাকি আজাদ। একসময় আজাদ জানতে পারে, লিলিদের কাছে থাকা এক অমূল্য মানচিত্রের কথা। সেই মানচিত্রে রয়েছে গুপ্ত রত্নভান্ডারের দিকনির্দেশনা। জাকি এটাও জানতে পারে, বাংলা-বিহার-উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে লর্ড ক্লাইভ যে সম্পদ হাতিয়ে নিয়েছিল, তারও নিশানা পাওয়া যাবে এই রত্নভান্ডারে। এই মানচিত্র নিয়েই শুরু হয় নৃশংসতা। একদল নিষ্ঠুর রক্তপিপাসু হাতিয়ে নিতে চায় এই মানচিত্র।

শিল্পী: ধ্রুব এষ
শিল্পী: ধ্রুব এষ

প্রচণ্ড আক্রমণ চালিয়ে একদল অজ্ঞাতনামা মানুষ লিলিদের গ্লেনে বীভৎসতার সৃষ্টি করে। ৩২ জন নিহত হয়। আক্রমণকারীদেরও নয়জন মারা যায়। গ্লেনের সবচেয়ে বিচক্ষণ যিনি, সেই অ্যাথেনা হন মারাত্মক আহত। তাঁর প্রতি হানা হয় হিংস্র আঘাত। তাঁর মেয়ে ক্যাটরিনা প্রতিশোধ নিতে চায়। কিন্তু কারা আক্রমণ চালিয়েছিল, সে বিষয়টিই তো কেউ জানে না।
লন্ডনের কাছাকাছি অবস্থিত লিলিদের গ্লেন। গ্লেন হলো সংরক্ষিত জাদুময় অতীত, যা বর্তমানের বৈজ্ঞানিক কারিগরি শিক্ষার সঙ্গে মিলে টিকে আছে। গ্লেনের লোকজন বিদ্যুৎ ব্যবহার করে, কিন্তু বিদ্যুতের উৎস লুকিয়ে আছে মাটির অনেক গভীরে। নিউ ফরেস্টের সেইন্ট ব্রেনডান উইকা পরিবারের ইতিহাসের সঙ্গে মিশে আছে মিসরীয় যাযাবর আর ইংলিশ ডাইনিদের রক্ত। লিলি তাদেরই উত্তরাধিকার।
লিলিদের গ্লেনে ঘটতে থাকা বিষয়গুলোকে সাধারণ মানুষ বলবে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। কিন্তু জাকি আজাদকে খুবই সরলভাবে লিলি বুঝিয়ে দেয়, এর সবই বিজ্ঞানের পথ ধরেই সৃষ্টি হয়েছে। তবে প্রচলিত বিজ্ঞানের বাইরেরও কিছু ঘটনা রয়েছে—সেটাও জানাতে ভোলে না লিলি।
এটা এক রহস্য কাহিনি। শুরুতেই বলেছি, উপন্যাসের গল্পটার বিশদ এখানে আলোচনা করা হবে না; গল্পে কী আছে, তার একটা আভাসই দেওয়া হবে মাত্র। শুধু বলা যায়, বইটি পড়া শুরু করলে শেখ আবদুল হাকিমের ভাষার প্রতি দখলের বিষয়টি আপনার নজরে পড়বে। বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো মনে হতে থাকা বর্ণনাগুলোকে কিছুক্ষণ পরই মনে হতে পারে, আরে! এভাবেও তো ভাবা যায় বাস্তবিক! ‘সেন্স অব ব্যালেন্স’, ‘সেন্স অব টাইম’, ‘পাস্ট’, ‘ফিউচার’—এ নিয়ে লিলির বলা কথার সঙ্গে কেন আজাদকে একমত হতে হয়, সে বিষয়েও ঔৎসুক্য জাগবে পাঠকের মনে। বইটি একটা অন্য ধরনের ভ্রমণের আনন্দ দেবে পাঠককে।