এভারেস্ট অভিযানের দিনরাত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই দেশটাকে নিয়ে আমাদের খেদের অন্ত নেই। আমাদের অনেক সমস্যা থাকা সত্ত্বেও এ দেশের মানুষের রয়েছে সীমাহীন স্বপ্ন। এই স্বপ্নের পালে ডানা ভাসিয়ে মুসা ইব্রাহীমের হাত ধরে এ বছর এভারেস্টের শীর্ষচূড়া স্পর্শ করেছে বাংলাদেশ—খবরটি এখন পুরোনো। তবে পুরোনো খবরের পিছু ধাওয়া করে, মুসার এভারেস্ট অভিযানের দিনগুলো কেমন ছিল—সেটি এবার জানা গেল ‘এভারেস্টের চূড়ায় বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। মুসা ইব্রাহীম এবং তাঁর সহযোগী পর্বতারোহীদের তোলা ৪৩টি আলোকচিত্র নিয়ে গত ২৬ নভেম্বর শুরু হয়েছে এই প্রদর্শনী। প্রদর্শিত প্রতিটি ছবি জানিয়ে দেয় বাংলাদেশের তরুণ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ের বিভিন্ন পর্যায়ের ধারাচিত্র।প্রথম আলোকচিত্রের শিরোনাম ‘দেশের পক্ষে প্রথম’। এখানে অন্য চার পর্রতারোহীর সঙ্গে মুসা ইব্রাহীমের হাস্যোজ্জ্বল মুুখ, বিজয়চিহ্ন প্রদর্শন করে সগৌরবে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। মুসা ইব্রাহীমের ক্যামেরায় তোলা অন্য একটি ছবি আমাদের জানিয়ে দেয় এভারেস্টচূড়ায় যাত্রাকালীন তীব্র তুষারঝড়ের কথা। ‘বিরূপ প্রকৃতি’ চিত্রটিতে দেখতে পাই, হিমালয়ের কোলে অভিযাত্রীদের হলুদ রঙের তাঁবুগুলো অবিন্যস্তভাবে পড়ে আছে। আরেকটি ছবিতে শূন্য দৃষ্টিতে দিগন্তের দিকে তাকিয়ে আছেন মুসা। তুষারঝড়ের কারণে তাঁবুতে তাঁকে অপেক্ষা করতে হচ্ছে—এই অপেক্ষা অসহনীয়। ১৬ মে তোলা ছবির পাশে এভাবেই নিজের মনের কথাটি লিখে রেখেছেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী।প্রদর্শনীতে প্রতিটি আলোকচিত্রের সুনির্দিষ্ট শিরোনাম ও তারিখ দেওয়া আছে। ছবির পাশে অল্প কথায় লিখে রাখা হয়েছে ছবিটির বিবরণ। ফলে প্রদর্শনীতে আসা সবাই মুসার এভারেস্ট অভিযান সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারছেন। চিত্রগুলো আলোছায়ার ভাষায় তো কথা বলছেই, তার ওপর ছোট লেখাগুলো যেন বাড়তি পাওনা। চিত্রগুলোর অধিকাংশই মুসার তোলা। এভারেস্ট অভিযানের যাত্রাপথের মুহূর্তকে, কষ্টকর পথচলাকে ক্ষণে ক্ষণে ক্যামেরায় ধরে রেখেছেন তিনি—ছবিগুলো দেখে অন্তত এ রকমই মনে হয়। ফলে ‘আত্মবিশ্বাস’ শিরোনামে এক ছবিতে মুসাকে যেমন উৎফুল্ল দেখা যায়, তেমনি ‘স্বপ্নমাখা হাসি’ শীর্ষক আলোকচিত্রে ফুটে আছে মুসার হাসিমুখ, তিব্বতের এভারেস্ট বেসক্যাম্পের সবুজ তাঁবুর ভেতর থেকে তাকিয়ে আছেন তিনি। সোম বাহাদুর তামাংয়ের তোলা ছবিটি মুসার এভারেস্ট অভিযানের দুঃখ-সুখকে দর্শকের সামনে উন্মোচন করেছে। পুরো প্রদর্শনীকক্ষে শিল্পী অশোক কর্মকারের পরিকল্পনায় হিমালয় অঞ্চলের আবহ ফুটিয়ে তোলা হয়েছে, যে কারণে মেঝেতে সাদা বরফের আকার এবং তার মধ্যে হলুদ তাঁবুগুলো ইতস্তত ছড়ানো-ছিটানো, মুসার তোলা ছবিগুলোর মতো। প্রদর্শনীতে আলোকচিত্র ছাড়াও অভিযানে ব্যবহূত পোশাক ও যন্ত্রপাতি রাখা হয়েছে।সব মিলিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীটি সমতলের বাংলাদেশে সেই হিমালয়ের পাহাড়ি বাস্তবতার রূপ-আবহ ফুটিয়ে তুলেছে। খুলে দিয়েছে অভিযাত্রী মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের হাসি-কান্নার অসংখ্য দিনরাত্রি। প্রদর্শনীটি ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।