এভারেস্ট মেপেছিলেন রাধানাথ শিকদার
ইংরেজ শাসিত ভারতে ১৮৫২ সালের একদিন এক যুবক রুদ্ধশ্বাসে দৌড়ে এসে ঢুকলেন উত্তর দেরাদুনের পার্বত্য শহরে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসে। স্যার, আমি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আবিষ্কার করে ফেলেছি।দীর্ঘ চার বছরের দুরূহ, দুর্বোধ্য সব গাণিতিক তথ্য-উপাত্ত নিয়ে অক্লান্ত পরিশ্রমে রাধানাথ শিকদার শেষ পর্যন্ত হিমালয়ের বরফাচ্ছাদিত ১৫ নম্বর শৃঙ্গের উচ্চতা বের করতে সক্ষম হন।ভারতবর্ষের এই জরিপকে উল্লেখ করা হয়েছে বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল ও বিস্ময়কর কর্মযজ্ঞ হিসেবে। এই কাজের সূচনা করেন ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা উইলিয়াম ল্যাম্বটন ১৮০২ সালে মাদ্রাজে।এই জরিপকাজে অংশ নেন কয়েক হাজার ভারতীয়। এতে অংশ নিয়ে শত শত লোক মৃত্যুবরণ করেন বাঘের আক্রমণ আর ম্যালেরিয়ার প্রকোপে। জর্জ এভারেস্টের মতো রাধানাথ শিকদার হয়তো স্বচক্ষে কোনো দিনই (মাউন্ট এভারেস্ট) দেখেনি। দার্জিলিং থেকে জরিপদল ১৮৪৭ সালে প্রথম এই পর্বতমালার উত্তুঙ্গ শিখরের কিয়ংদশ দর্শনে অনুধাবন করেন, এটিই হয়তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এরপর বিভিন্ন জরিপদলের মাধ্যমে বেশ কয়েকটি জরিপকাজ চালানো হয় তিন বছর ধরে। তবে ১৫ নম্বর শৃঙ্গটিই যে সর্বোচ্চ, এই ঘোষণা আসে ১৮৫৬ সালে। রাধানাথ শিকদারের জন্ম ১৮১৩ সালে কলকাতার পুরোনো শহর জোড়াসাঁকোর এক ব্রাহ্মণ পরিবারে। গণিত বিষয়ে তিনি উচ্চশিক্ষা নেন বিখ্যাত হিন্দু কলেজে বর্তমানে তা প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। প্রিয় শিক্ষক ডেরিজিওর উৎসাহে উদ্দীপ্ত ইয়ং বেঙ্গল গ্রুপের সদস্য শিকদার বিজ্ঞানকে জীবনের সমস্ত ধ্যান-জ্ঞান করে নিয়েছিলেন। কাজপাগল শিকদার ছিলেন অকৃতদার। সূত্র: বিবিসি