এভারেস্টে জরুরি সেবা
পর্বতের গায়ে তৈরি পথের পাশে উপুড় হয়ে বসে ছিলেন তিনি। মাঝবয়সী এক পাহাড়ি নারী। কোনো নড়াচড়া ছিল না তাঁর। অবিরাম ঝরতে থাকা তুষার থেকে মাথাটা কোনোমতে রক্ষা করছিলেন একটি জীর্ণ শস্য রাখার ছালা দিয়ে।হিমালয়ের মাউন্ট এভারেস্টে স্থাপিত স্বাস্থ্যসেবা কেন্দ্রের জরুরি কক্ষের নারী চিকিৎসক লুয়ান ফ্রির যখন সেখানে যান, ওই মহিলাকে ঠিক এ অবস্থায় পান। যুক্তরাষ্ট্রের মন্টানার বোজম্যানে ফ্রির বাড়ি। শক্তসমর্থ এই চিকিৎসককে দেখলে মনেই হয় না তাঁর বয়স ৫৩। ফ্রির তাঁর ব্যাকপ্যাক নামিয়ে আলতো করে হাত রাখেন মহিলার কাঁধে। স্থানীয় ভাষায় জিজ্ঞেস করেন, ‘সাঞ্চে চা?’ অর্থাৎ, ‘ঠিক আছেন তো?’লুয়ান ফ্রির সঙ্গে ছিলেন নেপালি চিকিৎসক আশিস লোহানি। সাগরপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করলে যেসব শারীরিক সমস্যা দেখা দেয়, এ বিষয়ে তাঁর পড়াশোনা। অর্থাৎ, পর্বতারোহীদের সমস্যা তিনি ভালো বোঝেন। ওই মহিলাকে পরীক্ষা করে এবং তাঁর সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলে যা বোঝা গেল, সে সম্পর্কে আশিস লোহানি বলেন, ‘তাঁর ভয়ানক মাথাব্যথা করছে। বমি বমি ভাবও আছে। এটি অ্যাকিউট মাউন্টেইন সিকনেসের লক্ষণ। সময়মতো সঠিক চিকিৎসা না করালে তা থেকে হাই অলটিচুড সেরেব্রাল এডমা (এইচএসিই) বলে পরিচিত গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এতে মস্তিষ্ক ফুলে গিয়ে রোগীর জীবন বিপন্ন হতে পারে।’ওই মহিলার বাড়ি খাম্বু উপত্যকার দক্ষিণে রাই বলে পরিচিত নিচু এলাকায়। তিনি চমরী গরুর পাল চরাতে গিয়েছিলেন ২০ হাজার ৩০৫ ফুট উঁচু আইল্যান্ড পিকে। বিরূপ আবহাওয়ার মধ্যে সেখানে টানা কয়েক দিন থেকে এই দুরবস্থা। চিকিৎসকেরা মহিলাকে একটু সোজা হাঁটিয়ে দেখে নিলেন তাঁর শারীরিক অবস্থা কোন পর্যায়ে আছে। সঙ্গে থাকা অক্সিজেনের অবস্থাও দেখা হলো। তারপর তাঁকে সোজা নিচে নামার পরামর্শ দিলেন তাঁরা। নামচে বাজার বলে পরিচিত সবচেয়ে কাছের শহরে যেতে বলা হলো তাঁকে। পর্বতের ওই স্থান থেকে শহরটির দূরত্ব মাইল দুয়েকের কম।এরপর চিকিৎসকদের খুদে দলটি খাম্বু উপত্যকার পাহাড়ি পথ অনুসরণ করে এগোতে থাকে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলোর কয়েকটি রয়েছে সেখানে। রয়েছে মাউন্ট এভারেস্ট। তাঁদের মূল গন্তব্য মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প ও এভারেস্ট ইআর থেকে তখন তাঁর এত দূরে যে পৌঁছাতে কয়েক দিন লাগবে। এভারেস্ট ইআর ফ্রির গড়া ক্লিনিক। নয় বছর আগে এই চিকিৎসাকেন্দ্র গড়ে তোলেন তিনি। এখন চলছে এর সেবা কার্যক্রম। ফ্রির জানান, বেস ক্যাম্প ছেড়ে ওপরের দিকে যখনই তিনি এসেছেন, একাধিকবার এমন নেপালি রোগীর দেখা পেয়েছেন, যারা অনেক উঁচুতে বিচরণ করার সমস্যায় আক্রান্ত। তিনি বলেন, রাই এলাকার ওই নারীর অবস্থা অতটা গুরুতর ছিল না। এ জন্য অল্পে পার পেয়ে গেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগেই দুজন নেপালি মুটে একই সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান। প্রতিবছর গড়ে ৩০ হাজারের বেশি মানুষ খাম্বুতে যায়। সেখানকার প্রসিদ্ধ শৃঙ্গগুলোর বরফ ছাওয়া শোভা দেখে চোখ জুড়ায় তারা। জাদুকরি দৃশ্যের মতো বুনো পুষ্পে ভরা বনে গিয়ে নেয় রোমাঞ্চের স্বাদ। পর্যটকদের মধ্যে এক দল থাকে, যাদের ভ্রমণ কেবল পর্বতের সহজ আরোহণযোগ্য এলাকায় সীমাবদ্ধ। পিঠে হালকা প্যাক থাকে তাদের। ভাড়াটে স্থানীয় লোকজন তাদের রাত কাটানোর সরঞ্জাম বয়ে বেড়ায়। অন্য পর্যটকদের লক্ষ্য থাকে এভারেস্টের মতো বড় বড় শৃঙ্গে আরোহণ। এর মধ্যে অনেক আরোহী উচ্চতাজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে।১৯৯৯ সালে সহকর্মী চিকিৎসক দলের সঙ্গে খাম্বুতে স্বল্পকালীন সফরে আসেন ফ্রির। জায়গাটা তাঁর এত ভালো লেগে যায় যে সেখানে ফেরার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন। একপর্যায়ে ফিরেও আসেন তিনি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জেনে নেন অনেক অজানা বিষয়। ২০০২ সালে ফ্রির স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেন হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশনের পেরিচে ক্লিনিকে। এটি পর্বতারোহীদের চিকিৎসাসেবার জন্য স্থাপিত একটি পাথরের ঘর। ১৪ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থিত ওই ক্লিনিকে হেঁটে যেতে লাগে পাঁচ দিন। ১৯৭৩ সালে স্থাপিত পেরিচে এমন এক অবস্থানে রয়েছে, পর্বতারোহীদের উচ্চতাজনিত মূল সমস্যাগুলো সেখানে পৌঁছার পরই সাধারণত দেখা দেয়। তিন মাস পেরিচে ক্লিনিকে কাজ করেন ফ্রির। এ সময় তিনি বিদেশি পর্যটকসহ স্থানীয় লোকজনকে চিকিৎসাসেবা দেন। এমনকি কিছু পশুর চিকিৎসাও করেছেন। শুধু তা-ই নয়, তাঁর পরামর্শমতো চিকিৎসা করে প্রসূতি মা ও নবজাতকের জীবন রক্ষা করেছেন এক চিকিৎসক। ক্লিনিক থেকে হেঁটে যেতে এক দিন লাগে, এমন দূরত্বে অবস্থিত গ্রাম কুন্দে থেকে বেতারের মাধ্যমে এই পরামর্শ নেন সেই চিকিৎসক। একই বছর এভারেস্ট বেস ক্যাম্পে রেসকিউ অ্যাসোসিয়েশনের জন্য একটি স্যাটেলাইট ক্লিনিক গড়ার পরিকল্পনা আসে ফ্রির মাথায়। কারণ পর্বতারোহণে আসা অনেক অভিযাত্রী দলে চিকিৎসক থাকেন ঠিকই, থাকে না পর্যাপ্ত সরঞ্জাম ও আনুষঙ্গিক সুবিধা। সে ক্ষেত্রে চিকিৎসকেরা বেকায়দায় পড়ে যান। তাঁদের সহযোগিতা করতেই এই ক্লিনিক প্রতিষ্ঠার কথা ভাবেন ফ্রির। তাঁর সেই শুভ চিন্তার ফসল এভারেস্ট ইআর।ফ্রির বলেন, ‘আমি দেখেছি কয়েকজন চিকিৎসক রোগীদের সুস্থ করে তোলার সদিচ্ছা থাকা সত্ত্বেও তাদের মারতে বসেছিলেন। এ আর কিছুই নয়, উচ্চতাজনিত সমস্যার সঠিক চিকিৎসাবিষয়ক জ্ঞানের অভাব।’ সে ক্ষেত্রে ফ্রির অভিজ্ঞতা কাজে লেগেছে। এভারেস্টের ওই ক্লিনিকের স্থায়ী চিকিৎসক নন ফ্রির। খণ্ডকালীন চিকিৎসক। পাহাড়ি পরিবেশের দুর্নিবার টান থেকেই তাঁর এত কষ্ট সয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে জরুরি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করার পর পশ্চিমে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে চিকিৎসক হিসেবে যোগ দেন তিনি। এখনো ওই চাকরিটাই মূল। বর্তমানে ওই পার্কের চিকিৎসাবিষয়ক পরিচালক তিনি। শত ব্যস্ততার মধ্যেও বসন্তকালে হিমালয়ের কোলে চলে আসেন ফ্রির। লোকজনকে চিকিৎসাসেবা দিয়ে মনভরা প্রশান্তি ও সতেজতা নিয়ে ফিরে যান নিজভূমে। ২০১২ সালের বসন্তকালে ১০ বছর পূর্ণ হবে এভারেস্ট ইআর ক্লিনিকের। তা, এক দশকের সেবায় ফ্রির অর্জনটা কী? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নয় বছরে প্রায় ৩০ জনকে মুমূর্ষু অবস্থা থেকে বাঁচিয়ে তুলেছেন তাঁরা। এসব মানুষ সুস্থ শরীরে যে নিজ নিজ পরিবারে ফিরে যেতে পেরেছে, এটাই তাঁর বড় পাওয়া।সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন