এমন বাদলদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তোমার চুল ও এথিকসে হামলে-পড়া উরাধুরা ভাইরাস
আমি, এই তো...বেশ শিখে ফেলছি বর্ষাবন্দনা—রাগ মেঘমল্লার—মন্দ না
ওগো অন্তর্যামী, দেখো দুজন জবুথবু মনোগ্যামি—
হাঁটছি দুটি ভিন্ন ভিন্ন ছাতার প্রযত্নে
আমি হাঁসফাঁস, তুমি সমাহিত,
দুজনেই সমান মীমাংসারহিত
রোড ও রেস্তোরাঁ ভিন্ন কোনো যৌথ গন্তব্য নাই, হায় আমাদের!
গল্প করতে করতে হাঁটি আমরা—খুব নির্দোষ—শিশু-শিশু
খুব একমত-একমত গন্ধ সেসব গল্পের গায়ে
তারপর আরও কিছু—ধরো, খুব ধুরন্ধর—সুইয়ের আগায় কারিকুলাম—
বলছিলাম, ওরা তোমার চোখের চামড়ার নিচে নীল হয়ে জমতে থাকবে
তোমারই খাঁচার ভেতর পোষ্য হতে হতে
ওরাই তোমায় শেষে পোষ মানিয়ে ফেলবে!
তুমি তবু ভোঁতা তরবারিগুলোকেই ভয় পেতে পছন্দ করো
শক্তপোক্ত পাঁজরসমেত ওদের সামনে কম্পমান থাকাই তোমার পেশা

ফলে, তোমার বাদলদিনের মনমরা পৃষ্ঠাগুলোর কোনো ভাঁজে
এখন আমার হারিয়ে যাওয়া খুব সাজে
তোমাকে আমার আমাকে তোমার দেখবার সাধ লটকে যাচ্ছে যাক
আমাদের নিজ নিজ পারিবারিক ফটোগ্রাফের মাঝে

নেহাত ঘটনাচক্রে তোমার চুল ও এথিকস একসঙ্গে উড়ছিল
আর অবসর ছিল আমাদের। আমি বানিয়ে বানিয়ে তোমায় বলছিলাম
নানান কৌশলের কথা—যাদের ব্যর্থতা প্রমাণিত
সেগুলো শিখেছিলাম কোনো এক কাঁঠাল পাতা ও মাটির ঢেলার
প্রণয়কাহিনি পড়তে পড়তে:

আজ যখন বৃষ্টি ও দমকা হাওয়া একজোট হয়ে এল—আমাদেরও যৌথতায়
বোকা-বোকা মাধুর্য ছাড়া কিছুই রইল না

এমন বাদলদিনে, এমন উসকানিভরা দিনে
একসঙ্গে হাঁটছি আমরা, বিদ্যাকুটের রাস্তা কোনো দিনও খুলবে না জেনে!