এশীয় শিল্পের রূপরেখা বনাম এশীয় দ্বিবার্ষিক প্রদর্শনী

‘আমার পরান যাহা চায় তুমি তাই...’ এই বাক্য কবিভাব উৎপাদন করে। এর ‘আমিত্ব’ বা ‘অহম’ বহন করে উনবিংশ শতকের রোমান্টিকতা বা আধা রোমান্টিকতার স্বাক্ষর। রবীন্দ্রনাথের এই লঘু কাব্যিকতা যদি ব্যক্তিগতের জায়গা থেকে সমষ্টির অন্তরে পৌঁছায়, তখন বিপদ ঘটে বহুবিধ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলমান ১৬তম এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে স্থাপনাশিল্পের হাল দেখে এই বিপদ ঠাহর করা গেল।
যার যা পরানে চেয়েছে, তেমন স্থাপনাই স্থান দখল করে আছে গ্যালারিতে। শিল্পের ব্যক্তিগত যে মাত্রা—নিজস্ব ভাষা তৈরি করা যার মূল লক্ষ্য, আপন খায়েশের মধ্যে অনেক সময় তা হারিয়ে যায়। হয়তো যেকোনো মাধ্যমেই ব্যক্তিগত খায়েশ-পরবর্তী পর্ব সৃষ্টির মধ্য দিয়ে তৈরি হয় শিল্পবিভা। অর্থাৎ ঐতিহ্য মানা না মানা। ‘নতুনের’ নির্মাণ আসলে ব্যষ্টিক, যা ঐকিক শক্তিনির্ভর কিন্তু খামখেয়ালিনির্ভর নয় মোটেই।
স্থাপনাশিল্প একটি পাশ্চাত্য ধারা—যার বহুত্বের দিকে জ্ঞানহীন ধ্যানহীন চোখে তাকালে খাবি খাওয়ার উপক্রম হতে পারে। ফলে আপন দেশে দাঁড়িয়ে আপন ভাষ্য ও ভাষা তৈরিতে যে শৈলী বা করণকৌশল শিল্পী ব্যবহার করেন, তাতে তার আপন চরিত্র জন্ম নেওয়াই স্বাভাবিক। স্থানিক চরিত্র একটি ইতিবাচক গুণ, কিন্তু দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দেশজ চরিত্র গঠনের সমস্যা হলো, যে শিল্প দাঁড়ায় তা অনেক ক্ষেত্রে শিল্পভাষার পরিসর ও প্রকরণ নির্মাণে শিল্পীর ব্যর্থতার চিহ্নকেই স্পষ্ট করতে পারে। জ্ঞাননির্ভর হলেই যে এই ব্যর্থতা দূর করা যাবে, এমন নয়। ভাষ্য ও ভাষার বাঁধন বা গাঁথুনি—সকল শিল্পধারায় যা প্রায় একইভাবে কাজ করে, বাংলাদেশের স্থাপনাশিল্পে তার দেখা মেলে কম। যা ক্রমে স্পষ্ট হচ্ছে, তা স্থাপনাশিল্পের নামে কেবল দৃশ্যসৃষ্টির বাসনা উদ্যাপন—বর্তমান এই প্রদর্শনীতে এর ছাপ প্রকট।
তেল ও জলরঙের কাজেও এবার তেমন কোনো নতুনত্ব চোখে আটকাল না। বরং বাংলাদেশি শিল্পীদের শক্তি টের পাওয়া গেছে ভিডিও আর্টে।
বলার অপেক্ষা রাখে না, বাসনা একমুখী হলে শিল্পের সব ধারায় তার প্রকাশ লক্ষণীয় হয়ে উঠতে বাধ্য। ত্রিমাত্রিক ও দ্বিমাত্রিক উভয় মাধ্যমেই নকশা ও মোটিফের জায়মানতা মুখ্য বিষয় হিসেবে বিবেচিত। বহু শিল্পী এই যোগের যোগী। এ প্রদর্শনীতে নতুন শিল্পের কিছু ইঙ্গিতও আছে। কোনো কোনো প্রতিষ্ঠিত নবীনের ভালো কাজের নমুনাও রয়েছে।
শিল্পকলা পরিসরে নতুন-পুরোনোর ঝগড়া আজ এমন এক চেহারা পেয়েছে, যাতে নতুন ও পুরোনো উভয়ই সমপরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মান যাচাইয়ের ঊর্ধ্বে রেখে হয়তো পক্ষ-বিপক্ষের কেরামতি প্রদর্শনী চলছে, যার কারণে মাহবুবুর রহমানের তৃতীয় জেন্ডার বিষয়ে ভিডিও স্থাপনাসহ আফসানা শারমীনের সামাজিক-ধর্মীয় অনুশাসনের নব ব্যাখ্যা সামনে নিয়ে আসা ভিডিও, এমনকি নাজিয়া আন্দালিবের একাকিত্ববাদীর বিপর্যয় তুলে ধরা কিংবা জিহান করিমের আয়না, ভিডিও ও আলোর প্রক্ষেপণে তৈরি বিমূর্ত স্পেস—এসবই আমাদের ‘নতুন শিল্প’ বলে চেনা যায়।

এই প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার মিলেছে এমন একটি কাজে স্থানিকতা ও ‘কনসেপচুয়াল’ বিষয়ের সমন্বয় দিয়ে স্থাপনার মর্ম উপস্থান করা যায়। মাইনুল ইসলামের (পল নামে তিনি পরিচিত) ‘বাঁশিওয়ালা’ নামের কাজ ভাঙা কড়াইয়ের যে সজ্জা তৈরি করে, স্থাপনার ভাষাটি প্রকাশ করে ঠিক তার বিপরীতধর্মী ভাব। এটি একটি সহজ উদাহরণ হতে পারে দ্বান্দ্বিকতার, স্থাপনায় এর প্রয়োগ বিশ্বজনীন।
১৬তম দ্বিবার্ষিক প্রদর্শনী শুধু বাংলাদেশের শিল্পকলানির্ভর নয়। এর আয়তন এখন ক্রমবর্ধমান, কিন্তু এ বছর হঠাৎই আবার এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রশ্ন সময়ে সময়ে আমরা উত্থাপন করি, যদিও সুরাহা কিসে সে বিষয়ে এখনো সবাই অন্ধকারে।
গোলকায়িত বিশ্বে নতুন বাজারব্যবস্থার যে ধস নেমেছিল, এশিয়ার কিছু অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রে তা তেমন ক্ষতি করতে পারেনি। ফলে চীন, ভারত, কোরিয়া এমনকি তেল ও নব্য বাণিজ্যিক ব্যবস্থানির্ভর আরব বিশ্ব শিল্পের তীর্থস্থানে পরিণত হয়েছে। পাশ্চাত্যের রীতি ও জ্ঞান ঐতিহ্য, ঐতিহ্য হানিকর নতুন ঐতিহ্য—এসব ধর্ম স্বকাশে বেড়ে ওঠা শিল্পভাষা বা রীতি বদলে দিচ্ছে এই অঞ্চলের সাংস্কৃতিক চেহারা। পরিতাপের বিষয় হলো, এর তেমন কোনো গভীর ছাপ বর্তমান প্রদর্শনীতে নেই।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রদর্শনীর সেমিনারে একটি বিষয় উল্লেখ করেছেন—দশটি পুরস্কারের ছয়টিই তুলে দেওয়া হয়েছে আয়োজক দেশের শিল্পীদের হাতে। এতে করে আয়োজনের আন্তর্জাতিক মাত্রার ব্যত্যয় ঘটেছে বলে মনে করেন কেউ কেউ।
এবারের প্রদর্শনীর আরেকটি দুর্ঘটনা, জাপানের চিম-পম শিল্পী দলের কাজের স্বীকৃতি না মেলা। বিশেষত ‘ইটস দ্য ওয়াল ওয়ার্ল্ড’ শিরোনামের অনবদ্য ভিডিওচিত্রটি উন্নয়ন রাজনীতির যে সহজ অথচ ধারালো সমালোচনা সামনে নিয়ে এসেছে, তার দিকে মনোযোগ দেওয়া হয়নি।
পুরস্কারের নানা সামাজিক ও রাজনৈতিক মাত্রা রয়েছে। সে সব ধর্তব্যে না নিয়ে বলা চলে, গুলশান হোসেনের গ্রান্ড পুরস্কার পাওয়া ‘সাউন্ড অব টিয়ার্স ফ্রম বার্ন্ট ওয়ামেন’ শিল্পীর সবচেয়ে পরিশীলিত উপস্থাপনা। স্থাপনার যে সজ্জাধর্মিতা ও বস্তুর আধিক্য বাংলাদেশের শিল্পকে বস্তু-ভারাক্রান্ত করে তুলেছে, সেই পরিপ্রেক্ষিতে এই পরিশীলন যথাযোগ্য। বিশ্বজিৎ গোস্বামীর ‘সিন্ডারেলার স্লিপার’ সম্পর্কেও একই যুক্তি খাটে। তাঁর স্থাপনাও পুরস্কারে ভূষিত হয়েছে।
অন্যদিকে ওমানের হামেদ-আল-জাবরির সম্মান পাওয়াকে কোনো যুক্তি দিয়ে দাঁড় করানো যায় না। আধা শিল্প আধা কারিকুরি প্রদর্শনের মাধ্যম হিসেবে শিল্প বরাবরই সমাজে জায়গা করে নেয়। আন্তর্জাতিক বাজারেও এ ধারার কাজের মূল্য হয়তো আছে। তবে নতুনত্ব অন্বেষণ যে প্রদর্শনীর মূল লক্ষ্য, সেখানে এই ধারা ও ধারণা বর্জন করা গেলেই ভালো হতো বলে মনে হয়।
এশীয় দ্বিবার্ষিক প্রদর্শনীতে যোগ দেওয়া সার্ক দেশ থেকে সবাই-ই নব উৎক্ষেপ ও নব ধারণা আশা করে। নিকট প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান থেকে আয়েশা সিদ্দিকীর কাজ যে মানের, তেমন অপরাপর দেশের ক্ষেত্রে লক্ষণীয় নয়।
শেষ পর্বে বলতে হয়, সরকারি উদ্যোগের সীমারেখা থাকে। এই সীমারেখা না পার হয়েও বাছাই ও পুরস্কার প্রদান—দুই পর্বের সমন্বয়ের মধ্যে দিয়ে দ্বিবার্ষিক প্রদর্শনীটি বাংলাদেশের ও দক্ষিণ এশীয়ার নব চৈতন্যের সন্ধ্যানে ব্রতী হতে পারে। সময়ের দাবি হলো কিউরেটর নিয়োগ করে এর সুরাহা করা। তবে তারও আগে প্রদর্শনীর চরিত্র নির্ধারণ বিশেষ জরুরি। সমকালীন শিল্পের কোন দিকটি বিশেষভাবে সামনে নিয়ে আসা হবে, তা আগে ঠিক করা দরকার। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাব থেকে শিল্পকলার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনসমূহ মুক্ত নয়, তাই প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার সঙ্গে এই আন্তর্জাতিক প্রদর্শনীর সম্পর্ক কেমন হবে, সেটা পুনর্বিবেচনা করাও এখন দায়িত্ব হয়ে পড়েছে। ১ ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর অবধি।