এসেছিলেন মালয় থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন পুড়ছে মালয়। শত্রুর আক্রমণে ছারখার হয়ে যায় কম্পোবারো নামের মালয়ের ছোট এক গ্রাম। প্রাণ বাঁচাতে ওই সময় মিত্রবাহিনির এক সামরিক বহরে আশ্রয় নেয় এক শিশু। যুদ্ধ থামে, কিন্তু সে দেখে, যুদ্ধ তাকে স্বজনহারা করে দিয়ে গেছে। বাঙালি এক ট্রাকচালকের হাত ধরে সে পাড়ি জমায় পূর্ববঙ্গের সিলেটে...এর পরের ইতিহাস আরও করুণ নাম তাঁর আনা। বাবার নাম মনে নেই। খাকি পোশাক পরা বাবার মুখে আনা নাম আর তাঁর আদরের কথা ভাসা ভাসা মনে পড়ে। সুদূর মালয় দেশের এক পাহাড়ঘেরা গ্রামে একসময় বাস ছিল তাঁর। সেখানকার পাহাড়, মেঘ আর শৈশবের টুকরো স্মৃতি ছাড়া আর কোনো সম্বল নেই তাঁর। ৭৭ বছরের বৃদ্ধ আনা পেছনের কথা মনে করতে গিয়ে শুধু স্মৃতি হাতড়ান, সেখানে তাঁর জীবন আমূল পাল্টে দেওয়া যুদ্ধের স্মৃতি হানা দেয় বারবার। জন্মভূমির সঙ্গে তাঁর সম্পর্কের সুতো কেটে দেওয়া সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আওড়ান বিড়বিড় করে। আকাশে যুদ্ধবিমান আর বোমা ফাটার বিকট শব্দ এখনো তাঁর কানে বাজে। কিছু বুঝে ওঠার আগেই একদিন তাঁর পুরো গ্রামটি আগুনে ঝলসে গেল। মা-বাবা কে কোথায় গেলেন, পাড়া-প্রতিবেশীদের কী হাল হলো, তা তাঁর কিছুই মনে নেই। শুধু মনে আছে, প্রচণ্ড গোলাগুলির মধ্যে চারপাশের সবাই যখন দিগিবদিক ছোটাছুটি করছে, তখন সাত বছরের আনা একটি সামরিক বহরের গাড়ির নিচে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মিত্রবাহিনীর ওই সামরিক বহরে আনাকে আবিষ্কারের পর তাঁর মা-বাবা পরিবার-পরিজনের কারও হদিস না পেয়ে তাঁকে তুলে দেওয়া হয় তখন মিত্রবাহিনীতে ট্রাকচালক হিসেবে কর্মরত আবদুল লতিফের জিম্মায়।তার পরের ইতিহাস, মালয় রাজ্য ছেড়ে আবদুল লতিফের সঙ্গে আনা পাড়ি জমান পূর্ব বাংলায়। এখনকার সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামে এসে তাঁর নতুন পরিচয় হয় শাহাদাত হোসেন নামে। কেউ কেউ আবার মালয়েশিয়ান শাহাদাত নামেও ডাকে তাঁকে। ১৯৩৯ সালে আনার দায়িত্ব নিয়েছিলেন আবদুল লতিফ। তারপর প্রায় ৭৩ বছর পার হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মালয়ের বিভিন্ন জায়গায় কাটিয়ে, ১৯৪৬ সালে আবদুল লতিফ আনাকে নিয়ে বাংলাদেশে আসেন। তত দিনে পূর্ববঙ্গ ও ভারতজুড়ে ব্রিটিশবিরোধী আন্দোলন চলছে। যার ফলে কিছুকাল পরেই ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারত-পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।ইতিহাসের এই সুদীর্ঘ সময়ে প্রথমে পাকিস্তান পরে বাংলাদেশে কাটিয়ে এ অঞ্চলের সব প্রভাবই পড়েছে আনার জীবনযাপনে, তাঁর চেহারায়, তাঁর আচরণে। এখন আর তাঁকে অন্য বাঙালিদের থেকে আলাদা করার উপায় নেই। আনা এখন প্রায় তাঁর জীবনসায়াহ্নে। থুতনিতে সামান্য দাড়িসমেত আনার চেহারায় পূর্ব এশিয়ার মঙ্গোলিয়ান ছাপ এখনো ভালো করে নজর করলে বোঝা যায়। এতগুলো বছর অতিক্রম করে এসে আনার স্মৃতি থেকে অনেক কিছু বিস্মৃতির অতলে হারিয়ে গেলেও, মালয় দেশের তাঁর গ্রামের কম্পোবারো নামটি এখনো ভুলে যাননি।আনার স্মৃতির পাতাযুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার হওয়ার পর আবদুল লতিফ আনাকে নিয়ে প্রথমে আসেন তখনকার মালয়ের আলেক্সান্দ্রা এলাকায়। তারপর আরও কিছুকাল মালয়ের বিভিন্ন অঞ্চলে কাটিয়ে ১৯৪৬ সালে আনাকে নিয়ে তৎকালীন পূর্ব বাংলার আসামের সিলেটের পৈতৃক ভিটায় এসে বসবাস শুরু করেন আবদুল লতিফ। শুরুতে আনার মুখে অচেনা মালয়ী ভাষা শুনে অনেকেই আগ্রহ নিয়ে শুনতে আসত। গ্রামবাসীর আগ্রহ মেটাতে মাতৃভাষায় কথা বললেও আনার সিলেটি ভাষা বুঝতে ও রপ্ত করতে অনেক বছর লেগে যায়।শাহাদাত হোসেন আনা সেই স্মৃতি জানাতে গিয়ে বলেন: আশ্রয়দাতা পরিবার ও তাদের পাড়া-প্রতিবেশীরা যখন কথা বলত, তিনি তখন নির্বোধের মতো দাঁড়িয়ে শুনতেন। পরে আস্তে আস্তে বাংলা বলতে শিখে যান। মা-বাবার মুখ তাঁর স্মৃতিতে তখনো অমলিন, মনে হলেই একাকী বসে কাঁদতেন। বাংলাদেশে জীবনের পুরোটাই কাটিয়ে দিলেও আনার রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। ভোটার তালিকায় তাঁর নাম ওঠেনি। নেই পরিচয়পত্রও। আশ্রয়দাতা পরিবারে শুধু আশ্রয়ই মিলেছে, শিক্ষার কোনো আলো আনার জীবনে পৌঁছায়নি। তিন জীবনপাত করেছেন আশ্রয়দাতা আবদুল লতিফের বাড়ির গৃহস্থালি কাজে। এই দেশে বেড়ে ওঠার এক পর্যায়ে আনা ভালোবেসে সিলেটের এক মেয়েকে বিয়ে করেন। তাঁর টানাপোড়েনের সংসারে আছে এখন দুই ছেলে ও ছয় কন্যাসন্তান।আনার মেয়ে রেহানা বেগম বলেন, ‘বাবা তাঁর ছেলেবেলার স্মৃতির কথা আমাদের প্রায়ই বলেন। আমরা অবাক হয়ে তাঁর অচেনা দেশের কথা শুনি।’দেশে ফেরার টানবাংলাদেশে এত বছর কাটিয়েও স্মৃতিতে ঝাপসা হয়ে আসা গ্রাম, কিছু মানুষের মুখ ভোলেননি আনা। পরভূমে পুরো জীবনটা কাটিয়ে দিয়েও জীবনের এই শেষ সময়ে একবারের জন্য হলেও, প্রায় আশি বছরের কাছাকাছি পৌঁছানো আনা তাঁর ফেলে আসা মাতৃভূমিকে দেখতে চান। ২০১০ সালে সিলেটের নাজিমউদ্দিন নামের এক ব্যবসায়ীর কাছে তাঁর এই ব্যাকুলতার কথা জানান আনা। নাজিমউদ্দিন আনার আর্তি হূদয় দিয়ে অনুভব করেন। তিনি রেডক্রস জেনেভা কার্যালয়ে ই-মেইল করে পুরো বিষয়টি লিখে জানান। জেনেভা থেকে রেডক্রস বাংলাদেশ কার্যালয়ে আনাকে নিজ দেশে প্রত্যাবর্তনের প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া অনুরোধ সংবলিত চিঠি আসে। ঢাকা রেডক্রস যোগাযোগ করে মালয়েশিয়া রেডক্রসের সঙ্গে। বাংলাদেশে আনার ব্যাপারে খোঁজখবর করার দায়িত্ব পান ট্রেসিং কর্মকর্তা শিরিন সুলতানা। ৪ ফেব্রুয়ারি আনার সঙ্গে দেখা হয় শিরিন সুলতানার। আনার গ্রামের বাড়িতে গিয়ে, আনার সঙ্গে কথা বলে শিরিন সুলতানাও নিশ্চিত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মালয়ে স্বজনহারানো আনাকে এ দেশে নিয়ে এসেছেন আবদুল লতিফ ।মালয়েশিয়া না সিঙ্গাপুরকিন্তু প্রত্যাবর্তন-প্রক্রিয়ার প্রথম সমস্যা হয়ে দেখা দেয় আনার সঠিক মাতৃভূমি কোনটি এই প্রশ্নে। কারণ আনার পরিচয় অনুসন্ধান করতে গিয়ে রেডক্রস জানতে পারে: ১৯৪৬ সালের ২২ জুলাই আবদুল লতিফ একটি জাহাজে করে আনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। তাঁকে বাংলাদেশে আনার পর টিকাও দেওয়া হয়। আনার কাছে থাকা তাঁর ছোটবেলার ছবি সংগ্রহ করে বাংলাদেশ রেডক্রস মালয়েশিয়া রেডক্রসের কাছে পাঠায়। কিন্তু মালয়েশিয়া রেডক্রস কার্যালয় থেকে জানানো হয়, আলেক্সান্দ্রা এলাকাটি এখন আর মালয়েশিয়ার অংশ নয়। এটি এখন সিঙ্গাপুরের অংশ। ঢাকা রেডক্রস তখন সিঙ্গাপুর রেডক্রসকে অনুরোধ করে আনার কোনো আত্মীয়স্বজন আছে কি না খুঁজে বের করার জন্য। আনার শৈশবের ওই একমাত্র ছবি ছাড়া আর কোনো তথ্য না থাকায় সিঙ্গাপুর রেডক্রসও গত মাসে জানিয়েছে, তারা আনার পরিবারের কারও হদিস করতে পারেনি। আনার ছবিসংবলিত পোস্টার বিলানো হয়েছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর দুদেশেই, কিন্তু ফল মেলেনি কোনো।কিন্তু আবদুল লতিফের বাড়িতে প্রায় গৃহভৃত্যের মতো দিন কাটানো আনা তার পরও স্বপ্ন দেখেন, ছেলেবেলার তাঁর সেই পাহাড়ঘেরা কম্পোবারো গ্রামে হয়তো আবার তিনি ফিরতে পারবেন।