ঐতিহ্য ও আধুনিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপে আধুনিক ভাস্কর্যচর্চার ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আসে। সেটি হলো ভরের (ম্যাস) তুলনায় দেশকে (স্পেস) প্রাধান্য দেওয়া। বর্ণনামূলক এবং বাস্তবঘেঁষা উপস্থাপনার চেয়ে বিমূর্তায়ন এবং রূপান্তর বেশি গুরুত্ব লাভ করে। আগে শুধু মানুষের ফিগারের প্রাধান্য ছিল। পরে বিষয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আসে। আর একটি উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়, সেটি হলো অতি সাধারণ, গতানুগতিক বস্তুকে শিল্প হিসেবে গ্যালারিতে প্রদর্শনের মধ্য দিয়ে শিল্প এবং জীবনকে কাছাকাছি আনা বা এদের মধ্যে দূরত্ব লাঘব করা। বাংলাদেশের আধুনিক ভাস্কর্যচর্চার ক্ষেত্রে অনেক ভাস্করের কাজেই এই বৈশিষ্ট্যগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষার চেষ্টা চোখে পড়ে। সম্প্রতি গ্যালারি চিত্রক ও এশিয়াটিক সোসাইটির গ্যালারি অব ফাইন আর্টসে অনুষ্ঠিত যথাক্রমে নাসিমা হক মিতু ও নাসিমুল খবিরের ভাস্কর্য এরই উদাহরণ।নাসিমা হক মিতুর সব কাজই মুক্ত ভাস্কর্য। এর সঙ্গে প্রদর্শিত হয়েছে কিছু ছাপচিত্র। বিভিন্ন আকৃতির সমাবেশে তৈরি হয়েছে তাঁর ভাস্কর্যগুলো। উপাদান হিসেবে কাঠের প্রাধান্য রয়েছে। এ ছাড়া ব্যবহূত হয়েছে পাথর ও ধাতু। ‘নেচার’, ‘রিলেশন’ এবং ‘ক্রপস, লাইভস ও ইমপ্লিমেন্টস’ সিরিজের কাজগুলো তৈরি হয়েছে বিভিন্ন ধরনের জৈব আকৃতির সমন্বয়ে। বিমূর্ত হলেও কাঠের মসৃণ, পেলব আকৃতি উদ্ভিদ বা প্রাণীর শরীরের ইঙ্গিতবাহী। গড়নের এই মসৃণ তল একধরনের সংবেদনশীল এবং ইন্দ্রিয়জ অনুভূতির জন্ম দেয়। ভাস্কর্যের আধুনিক প্রকাশশৈলীর সঙ্গে নাসিমা হক যোগ করেছেন আমাদের ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক সাংস্কৃতিক উপাদান, যেমন সত্যিকার শস্যকণা এবং শস্য প্রক্রিয়াজাতকরণের হাতিয়ার যেমন ঢেঁকি বা জাঁতির আদলে নির্মিত গড়ন। ‘ক্রপস, লাইভস ও ইমপ্লিমেন্টস’ (১, ৫, ৪), ‘রিলেশন ১’ ইত্যাদি কাজে একটির ওপর আর একটি বিভিন্ন আকৃতির একাধিক বস্তুর সন্নিবেশ একধরনের অপ্রতিসম ভারসাম্য রচনা করেছে। কাঠ বা ধাতুর আকৃতিগুলো অনেক ক্ষেত্রে স্ত্রী বা পুরুষ লিঙ্গের প্রতীকী উপস্থাপন। সে ক্ষেত্রে এই অপ্রতিসম ভারসাম্য দুটি অস্তিত্বের মধ্যে একটি দ্বন্দ্বময় সম্পর্ককে নির্দেশ করে। অন্যদিকে শস্য এবং জননেন্দ্রিয়ের প্রতীকী উপস্থাপন উর্বরতার প্রতীক হিসেবে দৃশ্যায়িত হয়েছে যা কৃষি সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত।নাসিমুল খবিরের ভাস্কর্যের প্রধান বিষয় নারী। তাঁর সব কাজই মুক্ত ভাস্কর্য। নারীশরীরের সংক্ষেপায়ণ বা বিমূর্তায়ন ঘটেছে তাঁর কাজে। পুরাণ, অতিকথা বা বাস্তব জীবনের বিভিন্ন নারীচরিত্রের সমাবেশ ঘটেছে তাঁর কাজে। যেমন শ্রীমতী বোরাক, ঢাকেশ্বরী বেগম, গার্মেন্টস কন্যা, ইংলিশ রোডের মেয়ে, হাইব্রিড বালিকা প্রভৃতি। সিমেন্ট, কাঠ, পিতল, লোহা, পাথর, অ্যালুমিনিয়াম প্রভৃতি উপাদান ব্যবহূত হয়েছে ভাস্কর্য নির্মাণে। শ্রীমতী বোরাক, ঢাকেশ্বরী বেগম ইত্যাদি কাজে নারীশরীরগুলো যৌগিক—পশু ও মানুষের মিলিত রূপ। বুড়িগঙ্গা, গার্মেন্টস কন্যা, ইংলিশ রোডের মেয়ে ইত্যাদি কাজে বিয়োজন পদ্ধতিতে শরীরের নিম্নাংশ নির্মাণ করে ভর সৃষ্টি এবং সংযোজন পদ্ধতিতে ঊর্ধ্বাংশ নির্মাণ করে রেখা, বিন্দু ও স্পেস নির্মাণের মধ্য দিয়ে একধরনের বৈচিত্র্য সৃষ্টি হয়েছে।নাসিমুল খবিরের ভাস্কর্যের একটি প্রধান গুণ নেগেটিভ স্পেস সৃষ্টি। এই নেগেটিভ স্পেসই প্রতিটি ভাস্কর্যের গড়ন বা পজেটিভ ক্ষেত্রটিকে স্পষ্ট করে তোলে। ভাস্কর্যের গড়ন এবং নেগেটিভ স্পেস উভয় সমান দ্যোতনা তৈরি করে।দুজন ভাস্করের ক্ষেত্রে একটি ব্যাপার স্পষ্ট হয়েছে, সেটি হলো, আঙ্গিকগত পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে তাঁরা যুক্ত করতে চেয়েছেন স্বদেশচেতনা এবং ঐতিহ্যচেতনা। এটি তাঁদের ভাস্কর্যকে এ দেশীয় আধুনিক ভাস্কর্যচর্চার নিদর্শন হিসেবে তুলে ধরেছে।