ঐতিহ্যের বিষণ্ন ক্রন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন শিল্পচর্চার বিচিত্র প্রবণতা রূপ-রসের বিবিধ মাত্রা তৈরি করছে ক্রমাগত। নান্দনিকতার সব সূত্র ভেঙে ভেঙে তৈরি হচ্ছে শিল্পের অপার স্বাধীনতা এবং সীমাহীন নৈরাজ্যের সম্ভাবনা। চিত্রশিল্প তাই এখন শুধু দৃশ্যের বয়ন নয়, চিন্তারও হদিসদাতা। প্রদর্শিত শিল্পের সঙ্গে চোখ এড়িয়ে যাওয়া চিন্তাটাও পড়তে হবে নিবিড়ভাবে। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে ‘ডেসিমাল ক্রাই অব হেরিটেজ’ শিরোনামে শিল্পী ফিরোজ মাহমুদের একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। তিনি এই প্রদর্শনীতে নবাব সিরাজ-উদ-দৌলার সময়কালের ঘটনাপ্রবাহকে ইলাস্ট্রেটিভ ঢঙে চিত্রপটে উপস্থাপন করেছেন। পলাশীর যুদ্ধ, মীরজাফরের সঙ্গে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির নানান চুক্তি, কথোপকথনের দৃশ্য, নবাব এবং রানির দুঃসময়, সেনাপতির যুদ্ধপ্রস্তুতিসহ অনেক ঐতিহাসিক ঘটনাবলির চিত্রায়ণ রয়েছে এই প্রদর্শনীতে।শিল্পী ফিরোজ করণকৌশল নিয়ে নিরীক্ষা করছেন অনেক দিন ধরে। লেপাপদ্ধতিতে তিনি পেইন্টিং করেন; মূলত তাঁর এই ভাবনা গ্রামবাংলার ঘরবাড়ির লেপন পদ্ধতি থেকে উদ্বুদ্ধ হয়ে। তিনি একটি চিত্রতলকে প্রস্তুত করে স্টেনসিল টেপ দিয়ে আবৃত করেন, ড্রয়িং করে তা কেটে নেন। সেই শূন্যস্থানকে পুনরায় রং দিয়ে ভরাট করেন। আর ব্যাকগ্রাউন্ডের ইলাস্ট্রেটিভ ভাব কাটানোর জন্য লেপনপদ্ধতিতে রঙের সংমিশ্রণ করেন। পরিশ্রমী শিল্পী ফিরোজ এভাবেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যান তাঁর প্রতিটি ক্যানভাসে। ইতিহাস নিয়ে ছবি আঁকার পেছনে কোনো নির্দিষ্ট ভাবনা নেই তাঁর। পাশ্চাত্যে কর্মরত ফিরোজ মাহমুদ প্রাচ্যের একটি উল্লেখযোগ্য যুদ্ধকে বেছে নিয়েছেন তাঁর ‘পেইন্টিং প্রজেক্ট’ হিসেবে। নিজের অতীত ইতিহাসকে বর্ণনা করেন নানা পাণ্ডুলিপি, মুদ্রা, ডাকটিকিট থেকে উপাদান সংগ্রহ করে। নির্মোহ, নৈর্ব্যক্তিকভাবে ইতিহাসকে তিনি দূর থেকে দেখেন। রঙের ব্যবহারে তিনি বেশ সচেতন, উজ্জ্বল রঙের পরিমিত ব্যবহার তাঁর শিল্পকর্মে একঘেঁয়েমি তৈরি করেছে। শিল্পীর তৈরি করা নিজস্বতা দর্শকের জন্য কতখানি উপভোগ্য হবে তার ভার সময়ের ওপর। যদিও প্রশ্ন তৈরি হয়, এ ধরনের ইলাস্ট্রেশনধর্মী চিত্রকর্ম এ সময়ে কতখানি প্রয়োজনীয়। নিজেকে খোঁজার এই প্রাণান্ত অন্বেষণ শিল্প-শিল্পী-সমাজ-সময়কে কোন দিকে ধাবিত করে। করণকৌশলের মধ্যে বুদ্ধিমত্তার ছোঁয়া থাকলেও স্টেনসিলের ব্যবহার কিছুটা হতাশ করে দর্শকদের। ‘লেপা আর্ট’ তাঁর বর্তমান অবস্থানে নতুনত্ব হয়তো সৃষ্টি করেছে, তবে এ দেশের প্রেক্ষিতে এর গ্রহণযোগ্যতা কতটুকু হবে, তা সময় আর দর্শকবোদ্ধারা ঠিক করে নেবেন। পাশ্চাত্যের বিনাপ্রশ্নে অনুগমন থেকে আমাদের দর্শকেরা বেরিয়ে এসেছেন।জাপান ও আমেরিকায় কর্মরত এই শিল্পী পাশ্চাত্যের শিল্পবলয়ে অবিরাম ঘুরে বেড়ান এবং সমসাময়িক শিল্পকলার গতিপ্রবাহকে ধারণ করার চেষ্টা করেন। বাংলাদেশের সমসাময়িক শিল্পকলার অবস্থাকে তিনি ‘রিপিটেশন অব স্টাইল’ বলে আখ্যায়িত করেন। এ সময়ের অধিকাংশ শিল্পীর স্বাক্ষর যদি শিল্পকর্ম থেকে সরিয়ে নেওয়া হয়, তবে চেনা দুরূহ হবে বলেই তাঁর ধারণা।‘ডেসিমাল ক্রাই অব হেরিটেজ’ শিরোনামে শিল্পী ফিরোজ মাহমুদের শিল্পকর্মগুলো কোনো না কোনোভাবে দর্শকের রুচি এবং অভ্যস্ততাকে নাড়িয়ে দেবে, শিল্পের জন্য যা মঙ্গলই বয়ে আনে।ফিরোজ মাহমুদ: জন্ম ১৯৭৪ সালে, খুলনায়। তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ করেন। পরবর্তী সময়ে নেদারল্যান্ড ও জাপানে লেখাপড়া করেন। টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। দেশে-বিদেশে একক ও যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এবং বিভিন্ন পুরস্কারেও ভূষিত হয়েছেন।