ঐতিহ্যের সূত্রানুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পীর মাহমুদ সংগৃহীত-সংকলিত চিকিৎসাসংগ্রহ আয়ুর্বেদবিষয়ক পুরোনো বাংলা গ্রন্থ
সম্পাদক: ডক্টর মুহাম্মদ শাহজাহান মিয়া
প্রচ্ছদ: মাসুম রহমান
অন্যপ্রকাশ দাম ৫০০ টাকা
একটি অভিজ্ঞতানীরোগ সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার জন্য মানুষ উপায়-উপকরণ সন্ধান করে আসছে শত শত বছর আগে
থেকে। ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্যগ্রন্থেও আয়ুষ্যসূক্ত ও ভৈষজ্যমন্ত্র নামে কিছু পদ্যরচনা পাওয়া যায়,
যাতে দীর্ঘ আয়ু, সুস্বাস্থ্য লাভ, জ্বর-জ্বালা-সন্তাপ প্রতিকার—এসব প্রসঙ্গ আছে। পোকামাকড়, সাপখোপের কামড়, জ্বর,
কাশি, যক্ষ্মা, কুষ্ঠ ইত্যাদি ব্যামো হলে তার নিরাময়ের ব্যবস্থার কথাও এখানে মেলে। অসুস্থতার কারণ হিসেবে অসুর,
রাক্ষস ইত্যাদির কুদৃষ্টি, খারাপ প্রভাব, এমন অদ্ভুত কল্পনা কিছু কিছু যেমন আছে এতে; তেমনি লতা, গুল্ম, গাছপালার
দ্রব্যগুণ চিহ্নিত করে তার সাহায্যে যুক্তিসিদ্ধ চিকিৎসার পথনির্দেশও আছে। যেমন অজশৃঙ্খ নামে সুগন্ধি ঔষুধির সাহায্যে
অসুখ সারানোর প্রসঙ্গ। অরণ্যচারী জীবনে পশুশিকার পর্ব ছাড়িয়ে ফলমূল খেয়ে বাঁচার পথ খুঁজতে খুঁজতে লতা, গুল্ম,
ঔষধি, বনস্পতির গুণাগুণ বিচার শুরু হয়। কালক্রমে কৃষিজীবন যাপন করার সময় গম, ধান, কড়াই ইত্যাদি নানা
শস্যদানার পরিচয় ঘটে, শস্যবীজ থেকে নতুন ফসল ফলানোর কৌশল আয়ত্ত করে মানুষ। উপনিষদে শস্যদানার তালিকা
বেশ দীর্ঘ, ফলমূল, গাছগাছালির ধারণাও যথেষ্ট। এসব তথ্যপ্রমাণ, অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী যুগে গড়ে ওঠে
আয়ুর্বেদ, যেখানে শিশু, স্ত্রীলোক, বৃদ্ধ থেকে শুরু করে মানুষমাত্রের যা কিছু অসুখ-বিসুখ অভিজ্ঞতায় এসেছে, তার লক্ষণ
নির্ণয় এবং উদ্ভিদজাত ওষুধ তৈরির পদ্ধতি লিপিবদ্ধ আছে। চিকিৎসার জন্য প্রয়োজনে কাটা-ছেঁড়ার প্রচলনও ঘটেছিল।
সুশ্রুতসংহিতায় শল্যচিকিৎসা ও তার উপযোগী যন্ত্রপাতির খুঁটিনাটি বিবরণ লেখা আছে। শুধু মানুষের জন্য নয়, হাতি,
ঘোড়া প্রভৃতি উপযোগী পশুর চিকিৎসা এবং গাছপালার পরিচর্যার জন্য বইপত্র লেখার নানা উদাহরণ আমাদের ইতিহাসে
ছড়িয়ে আছে। এই চর্চা উপমহাদেশের সীমা ছাড়িয়ে পশ্চিম এশিয়ার দূরতম প্রান্ত পর্যন্ত জ্ঞান-বিজ্ঞান, লেনদেন করে
সমৃদ্ধতর হয়েছিল। আয়ুর্বেদপন্থী চিকিৎসক বৈদ্য ও কবিরাজ নামে পরিচিত হতেন। প্রাচীন গ্রিক সভ্যতা ও পরে ইসলামের
আগমনের সুফল উপমহাদেশে হাজার বছরের ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির ধারায় নতুন মাত্রা যোগ করে।
আয়ুর্বেদ-ইউনানি-হেকিমি চিকিৎসার ধারা, তাদের যাবতীয় তাত্ত্বিক ধ্রুপদি মর্যাদা অব্যাহত রেখেই, সাধারণ
লোকসমাজের শেষ প্রান্ত পর্যন্ত আমজনতার আস্থাভাজন, লোকপ্রিয়, লোকায়ত চিকিৎসাব্যবস্থা হিসেবে আজ পর্যন্ত আধুনিক
পাশ্চাত্য চিকিৎসারীতির প্রবল পরাক্রম মোকাবিলা করে টিকে আছে সগৌরবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ড. অসীমা
চট্টোপাধ্যায় প্রমুখ বিজ্ঞানী তার প্রমাণ। কবিরাজ শিবকালী ভট্টাচার্যের চিরঞ্জীব বনৌষধির মতো বই পড়লে মনে হয়, দেড়
হাজার বছর আগে অমরসিংহ—তাঁর অমরকোষ গ্রন্থে ‘বনৌষধিবর্গ’ নামে যে বিরাট নামতালিকা তৈরি করে দিয়েছিলেন, তা
নিয়ে পরীক্ষা ও প্রয়োগ থামেনি। বঙ্গভূমিতে এই বিদ্যার ঐতিহ্য ও অবদান নিয়ে আমাদের গর্ব করার সামগ্রী তো কম
নেই। তা সে মধ্যযুগের চক্রপানিদত্তই বলি আর উনিশ শতকের কিংবদন্তি গঙ্গাধর কবিরাজের নাম বলি। ঢাকা
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে মাধবকরের নিদান এবং তার বঙ্গানুবাদের একটি অসম্পূর্ণ পাণ্ডুলিপি (কল নং ৩০৩) সম্প্রতি
দেখলাম।
এমন কত শত পাণ্ডুলিপি যে উপেক্ষায় পড়ে থেকে নষ্ট হয়েছে এবং আজও হচ্ছে, কে জানে? মুহম্মদ শাহজাহান মিয়া
সম্পাদিত চিকিৎসাসংগ্রহ নামে বইটি দেখতে বসে কথাগুলো মনে এল। বইটি পীর মাহমুদ সংগৃহীত-সংকলিত চিকি
ৎসাসংগ্রহ নামে হস্তলিখিত গ্রন্থের বিস্তারিত পর্যালোচনা ও সম্পাদনা হিসেবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। মূল গ্রন্থের
রচনাকাল উনিশ শতকের মধ্যভাগ, ভাষা বাংলা, তবে ‘লিপি মূলত সিলেটী নাগরী’। সংকলকের প্রপৌত্র তাঁর প্রপিতামহের
এই মূল্যবান হস্তলেখ সযত্নে রক্ষা করেছিলেন তা-ই নয়, যোগ্য সম্পাদকের হাতে তুলে দিয়ে তার পাঠোদ্ধার ও প্রকাশ
সুনিশ্চিত করেছেন, এ-ও বড় গৌরবের কথা। সম্পাদিত গ্রন্থের ‘শেষ ভাগ’-এ (পৃষ্ঠা ৬৭-১৭২) ‘মূল পুঁথির প্রতিকৃতি ও
প্রতিবর্ণীকৃত মূলপাঠ’ সন্নিবেশ করা হয়েছে। এখানে ধনুষ্টঙ্কার, পিত্তশূল, সান্নিপাতিক, গ্রহণী, মৃগী, প্লীহা ইত্যাদি ৫৮টি
অসুখ ও তার ওষুধের কথা আছে। প্রথম ভাগে (পৃষ্ঠা ১-৬৫) পাঁচটি উপবিভাগ করে সম্পাদক আয়ুর্বেদ ও তার পুঁথিসংক্রান্ত
তথ্যবিন্যাস করেছেন। এতে আছে আয়ুর্বেদ পরিচিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রাখা আয়ুর্বেদের পুঁথির কথা, সিলেটি
নাগরি লিপির পরিচয়, সম্পাদিত পুঁথিটির বিবরণ, গ্রন্থাগার-পরিচিতি, গ্রন্থে উল্লিখিত রোগনাম, পরিভাষা ইত্যাদি।
‘পরিশিষ্ট’ অংশ (পৃষ্ঠা ১৭৩-২৭০) মূল গ্রন্থকার, তাঁর পূর্ব উত্তরপুরুষদের পরিচয় পুঁথির মূলগ্রন্থবহির্ভূত অংশে প্রাপ্ত তথ্য,
ওষুধের উপকরণ ও তাদের বৈজ্ঞানিক আধুনিক নাম, শব্দার্থ, টীকা-টিপ্পনী, সহায়ক রচনাপঞ্জি ইত্যাদির সঙ্গে উল্লিখিত
ঔষধিগুলোর ছবি দেওয়া হয়েছে।
এ ছাড়া সংযোজন অংশে আছে ‘চিরায়ত আয়ুর্বেদ: দেশীয় ঐতিহ্যের সূত্রানুসন্ধান’ নামে একটি প্রবন্ধ ও কিছু পরিপূরক
তথ্যসূত্র। বলা আবশ্যক, আলোচ্য গ্রন্থটি বিষয়গৌরবে অত্যন্ত আকর্ষণীয়। শরীর-মনের সুস্থতা ও স্বস্তির জন্য দেশজ
গাছগাছড়া থেকে ওষুধ তৈরি ও তার প্রয়োগকালে কালান্তরে কীভাবে বাংলার সমাজকে ব্যাপকভাবে আলোকিত এবং
আশ্বস্ত করে রেখেছিল, তার আরেকটি ঐতিহাসিক দলিল আমাদের হাতে এল। আধুনিক পাশ্চাত্য সভ্যতা আমাদের
দিয়েছে অনেক কিছু, কিন্তু ব্রিটিশরা আসার আগে আমরা অন্ধকারে ছিলাম না, এ কথা বলার জোর এতে আরও বাড়ল।
বস্তুত আয়ুর্বেদ এই উপমহাদেশে দুই হাজার বছরব্যাপী বিজ্ঞানচর্চার প্রতীক এবং মানবসমাজকে দেওয়া অতীতের
অন্যতম শ্রেষ্ঠ উপহার। বঙ্গভূমির দানও যে এ ক্ষেত্রে অনেকখানি, তার ইতিহাস বারবার স্মরণ করা আমাদের কর্তব্য।
সম্পাদক তাঁর আলোচনায় এ বিষয়ে অজস্র তথ্য দিয়েছেন। একটি মাত্র পাণ্ডুলিপি অবলম্বন করেও প্রভূত রত্ন উদ্ঘাটনের
নমুনা সম্পাদক এখানে রেখেছেন। ধুলোবালিমাখা ধূসর পাণ্ডুলিপি চর্চা এবং মাটির তলায় চাপা পড়ে থাকা প্রত্নবস্তু সন্ধান
যথার্থ ইতিহাসরচনার শ্রেষ্ঠ উপকরণ জোগায়। ভারত উপমহাদেশ পাণ্ডুলিপিসম্ভারের দিক থেকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ
অঞ্চল। ১৭৮৪ খ্রিষ্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে পাণ্ডুলিপি সন্ধান, সংগ্রহ, পঞ্জীকরণ,
রক্ষণাবেক্ষণ, পাঠোদ্ধার ও সম্পাদনা চলছে। প্রদীপ জ্বালানোর জন্য সলতে পাকানোর কাজ যাঁরা করে চলেছেন, তাঁদের
কাছে আমরা কৃতজ্ঞ।