ও কাজীদা, মাই কাজীদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী আনোয়ার হোসেন
ছবি: সুমন ইউসুফ

‘হ্যালো সোহানা’, ‘রানা সাবধান’ কিংবা ‘আই লাভ ইউ ম্যান’— কাজী আনোয়ার হোসেন একের পর এক রহস্য উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্যেও ছিল তাঁর অবাধ বিচরণ। কিশোর গোয়েন্দা—তাঁর সৃষ্ট মাসুদ রানার জনপ্রিয়তা আকাশব্যাপী। এখনো প্রায়ই আমি দুপুরের ভাতটা খেয়ে গরম বা বৃষ্টির মধ্যে দিই ঘুম। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, আমি আর রানা দৌড়াচ্ছি, সঙ্গে গিল্টি মিয়া। হটাৎ সামনে একটা গাড়ি এসে দড়াম করে ব্রেক কষে দাঁড়াল। তাকিয়ে দেখি ভিনসেন্ট গগল নামছে। সেই ব্যাক ব্রাশ করা চুল, মুখে হাভানা চুরুট, জেল দেওয়া চুল চকচক করছে। গমগম মুখে বলছে, ‘হ্যালো রানা!’

মাসুদ রানার সঙ্গে পরিচয়, আমি যখন অষ্টম শ্রেণিতে পড়ি, ১৯৭৮ সালে। রংপুরে কার বাসায় গিয়ে এ সিরিজের বই দেখেছিলাম, তা আর এখন মনে নেই। গল্পের বই পড়ার মারাত্মক নেশা আমার। সেই বাসায় অনেক বই দেখেছি তখন, মূলত ‘দস্যু বাহরাম’, ‘দস্যু মোহন’, ‘দস্যু বনহুর’। হঠাৎ একটা গোয়েন্দা বই দেখলাম, যার দুটো জিনিস চুম্বকের মতো দুর্দান্তভাবে আকর্ষণ করল। এক. প্রচ্ছদের ছবি। একটা প্রাপ্তবয়স্কমার্কা নারীর ছবি দেখা যাচ্ছে (‘গ্রাস’–এর প্রচ্ছদের কথা মনে পড়লে এখনো শরীরে শিহরণ দিয়ে ওঠে)। দুই. ‘কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য’, কিন্তু হায়! বইটার দাম দুই টাকা (সম্ভবত)। অত টাকা আমি কোথায় পাব? কোথায় পাই? কিন্তু এত আকর্ষণীয় বই না কিনতে পারলে কেমনে কী? কী আর করা, একান্ত অনিচ্ছা সত্ত্বেও বইটা কিনে ফেললাম। তখন আমরা রেশন আনতে যেতাম। দুই মাসের রেশনের টাকা দিয়ে প্রথম বই কিনে ফেললাম ‘গ্রাস’। তারপর বাসায় এসে কীভাবে মোড়াব, ঠোঙা খুঁজি, পরে কার্বন পেপার দিয়ে মুড়ে পড়ে ফেললাম। সেই থেকে মাসুদ রানার সঙ্গে আমার বন্ধন, যেটা ২০১০ সাল তক টিকে ছিল। এখন আর পড়া হয় না। ফুটবল খেলা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা, আলনায় কাপড় রাখা কিংবা মিটসেফ যেমন ভুলে গেছি, কিংবা দাঁড়কাক যেভাবে হারিয়ে গেছে, তেমনি। সেই পাঠকের অকালমৃত্যু হয়েছে, এখন আর কোনো কিছুই পড়ি না বা পড়ার ধৈর্য নেই, কেবল মাসুদ রানার সঙ্গে আত্মিক বন্ধনের কারণেই এই লেখা।

কলেজে বেশ কয়েকজন মাসুদ রানা ভক্ত পেলাম। আরিফুল হক রুজু—রুজু ভাই আমার এক ক্লাস ওপরে পড়তেন, তিনি আমার রাজনৈতিক গুরু। কেন মাসুদ রানার মতো এক মহান ব্যক্তিত্বের ভেতর যৌনতা থাকবে, কেনই বা ড্রিংক করবে—এই প্রশ্নের উত্তর পেলাম রুজু ভাইয়ের কাছে। আমার বিভিন্ন জিজ্ঞাসা থাকত, সুলতাকে (‘ধ্বংসপাহাড়’–এর নায়িকা) কেন মেরে ফেলা হলো কিংবা রুপা বা সোহানার সঙ্গে কেন প্রেম হলো না তার—এমন অজস্র কৈফিয়ত চেয়ে রুজু ভাইয়ের পরামর্শে একবার কাজীদার কাছে বিরাট এক চিঠি লিখে বসলাম সেগুনবাগিচার ঠিকানায়।

মাসুদ রানাকে নিয়ে আমার সবচেয়ে বড় স্মৃতি হলো ১৯৭৯ সালে। এ সময় একদিন আব্বা টের পেয়ে গেলেন। একদিন পাবলিক লাইব্রেরিতে বই পড়তে পড়তে রাত আটটা। পরে ধরা পড়ে যাই। আমার আব্বা খুব স্নেহপ্রবণ ছিলেন, কিন্তু আমাদের পরিবারে নিয়ম ছিল, সন্ধ্যার আজানের আগে ঘরে ফিরতে হবে, এর নড়চড় হওয়া চলবে না। তো এ ঘটনার পর ধরা খেলাম। খেলাম উত্তম–মধ্যমও। তবে এতে আমার খানিকটা সুবিধাই হলো, এরপর থেকে আব্বাই কিনতেন, আর আমি পড়তাম।

তখনকার বাবারা তাঁদের সন্তানদের নিয়মিত মাইর দেওয়া ‘পবিত্র দায়িত্ব’ মনে করতেন। ছেলেরাও বাবার হাতে মাইর খাওয়াকে ‘পবিত্র কর্ম’ বলে জ্ঞান করত। মাইরের ওপর ওষুধ নেই। তাই সেদিন আমরা বাবা–ছেলে উভয় পক্ষই ‘দায়িত্ব পালন’–এ কোনো রকম গাফিলতি করিনি। আর আমার কী হলো? মাসুদ রানার জন্য ধোলাই হয়েছি—এর চেয়ে আনন্দ এবং গর্বের আর কী হতে পারে!

‘আই লাভ ইউ, ম্যান’। কাজীদার লেখা শ্রেষ্ঠ একটা বই। বইটার মূল বিষয়বস্তু একটা ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমার মতে, এই বই সবারই পড়া উচিত। কারণ, বইটার ঘটনা দুই প্রেমিক–প্রেমিকাকে নিয়ে হলেও এখানে দর্শন আছে। আরও ভালো করে বলতে গেলে, আছে জীবনদর্শন। একটা বিষয়কে যে দুজন আলাদাভাবে বিচার করতে পারেন, সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

আবার দুজনের মতামতের পার্থক্য যে থাকতে পারে, একই বিষয় দুজন মানুষ কীভাবে আলাদাভাবে দেখতে পায়, সেটা এই বইতে পরিষ্কার ফুটে উঠেছে। লাজবাব, রডদ্রিক, আই লাভ ইউ গাই। মাসুদ রানা সিরিজের অনান্য বইয়ের মধ্যে ‘সংকেত’কে অসাধারণ বললেও কম বলা হয়। ‘সংকেত’ ইজ দ্য বেস্ট। পড়ার সময় প্রতিমুহূর্তে বইটা কিছু না কিছু ভাবতে বাধ্য করেছে। আলেক্স বগান, যে রানার একমাত্র প্রতিদ্বন্দী, তাকে হৃদয় দিয়ে অনুভব করার মতো রহস্য উপন্যাস ‘সংকেত’। শেষ হওয়ার পরও এক গভীর বিষাদ মনে ছেয়ে থাকে। আলেক্স বগান—সে কী একটা ভিলেন ছিল, মাইরি!

আবার ‘হ্যালো সোহানা’কে বিশ্লেষণ করে কেউ বলবেন, এটা নিখাদ প্রেমের উপন্যাস; কেউ বা বলবেন, এখানে আছে তীব্র প্রেমের অনুভূতি; আর কারও কারও মত এমন হতে পারে যে এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। জীবনে চলার পথে একজন মানুষের অসংখ্য নারী–পুরুষ, শিশুর মনের ও শরীরের দোরে দোরে ঘুরে ভালোবাসা, বন্ধুত্ব, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, ঘৃণা নিয়ে নিয়ে বেঁচে থাকার গল্পই জীবন। আসলেই ছোটবেলার সেই রানা আর নেই। নাকি আমিই বড় হয়ে গেছি!

এ রকম কত কিছুই যে মনে পড়ছে কাজীদা—মাসুদ রানার স্রষ্টা কাজী অনোয়ার হোসেনের মৃত্যুর পর। তাঁর মৃত্যুর পর ছোট্ট করে কেবল এটুকুই আমি বলতে চাই:
তোরা যে যা–ই বলিস ভাই,
যদি আমরা নিখাদ আনন্দ পেতে চাই,
দেখা যাবে আমাদের সম্মুখে

মাসুদ রানা পড়া ছাড়া আর কোনো পথ নাই।