ও দেশ, তোমায় ভালোবাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাতসকালে পান্তা খেয়ে কৃষক ছোটে মাঠে
কাস্তে হাতে মনের সুখে সোনালি ধান কাটে।
ঘরে ঘরে গুড় দিয়ে হয় নতুন চালের পায়েস—
সুবাস বেরোয়, পেট ভরে খায়, সবাই করে আয়েশ।
যায় কি ভোলা কৃষক ভাইয়ের
আনন্দ আর হাসি—
দুচোখ বুজে বলি ও দেশ, তোমায় ভালোবাসি।

.
.

কত মধুর বাংলা ভাষা! মা বলে দিই ডাক
‘উর্দু হবে রাষ্ট্রভাষা’ কে যেন দেয় হাঁক।
বায়ান্নতে স্লোগানমুখর বাংলার রাজপথ
পথে নামে রফিক সালাম জব্বার বরকত।
রক্ত দিয়ে বাংলা পেলাম
মায়ের মুখে হাসি—
দুচোখ বুজে বলি ও দেশ, তোমায় ভালোবাসি।

.
.

থাকব স্বাধীন এই চেতনায় সেই যে একাত্তরে
দুর্গ গড়ে তুলেছিলাম আমরা ঘরে ঘরে।
শেখ মুজিবের মহান ডাকে মুক্তিপাগল ছেলে
অস্ত্র নিয়ে যুদ্ধে গেল বাবা-মাকে ফেলে।
যায় কি ভোলা মুজিবকে আর
বীর যোদ্ধার হাসি—
দুচোখ বুজে বলি ও দেশ, তোমায় ভালোবাসি।
বঙ্গে জন্মে লালন-হাসন সুর ওঠে একতারায়
ভাটিয়ালি পুঁথিপাঠে মনটা কোথায় হারায়।
শীতের রাতে পালাগানের আসর জমে ওঠে
বর্ষাকালে বিলের মাঝে শাপলা-শালুক ফোটে।

দুপুরবেলা গাছের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি—
দুচোখ বুজে বলি ও দেশ, তোমায় ভালোবাসি।

আমার এ দেশ কারও দয়া, নয় করুণায় পাওয়া
লাল-সবুজের পতাকা তাই ওড়ে পেলে হাওয়া।
পতাকাতে তাকাই যখন সাহস জাগে বুকে
ধর্মবর্ণ-নির্বিশেষে শত্রু দেব রুখে।
কাঁধ মিলিয়ে আমরা সবাই
থাকব পাশাপাশি—
দুচোখ বুজে বলি ও দেশ, তোমায় ভালোবাসি।

ছবিগুলো এঁকেছে
১. শিমু, পঞ্চম শ্রেণী, মধুপুর প্রাইমারি স্কুল, রাজবাড়ি
২. নাফিউ সরকার, দ্বিতীয় শ্রেণী, গ্রীণ জুয়েলস কিন্ডারগার্টেন, ঈশ্বরদী
৩. ফারিহা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, সাউথ পয়েন্ট স্কুল, ঢাকা
৪. তামিম-উল-হক সিরাজী, নবম শ্রেণী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
৫. দীপান্বিতা বিশ্বাস, ষষ্ঠ শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা