ওবামার পাওয়া উপহার
এটা নিয়মিত ব্যাপারই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিনিয়তই হরেক রকমের উপহার পেয়ে থাকেন। হাজার হাজার ডলারের এসব দামি উপহার ওবামা সাধারণত নিজে ব্যবহার করেন না। ওগুলো চলে যায় হোয়াইট হাউসের তোশাখানায়, রাষ্ট্রের সম্পত্তি হিসেবে। মার্কিন প্রশাসন প্রতিবছরই প্রেসিডেন্টের পাওয়া বিভিন্ন উপহারের একটা তালিকা জনসমক্ষে প্রকাশ করে থাকে। তারা কেবল উপহারের তালিকাই প্রকাশ করে না, তালিকায় উল্লেখ থাকে প্রতিটি উপহারের গুরুত্বপূর্ণ বিশদ, এমনকি এদের বাজারদরও।সম্প্রতি হোয়াইট হাউস ২০১১ সালে ওবামা কার কার কাছ থেকে কী কী উপহার পেয়েছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে। সেই সঙ্গে প্রকাশ করেছে একটি বিবৃতিও। ওই বিবৃতিতে উপহারগুলো ‘কে দিয়েছেন’, ‘কেন দিয়েছেন’, ‘কেন নেওয়া হলো’—এসব বিষয় তুলে ধরা হয়েছে। আগেই বলা হয়েছে, সাধারণত প্রেসিডেন্ট ওবামা তাঁকে দেওয়া উপহারগুলো হোয়াইট হাউসের তোশাখানায় জমা দিয়ে দেন। কিন্তু ২০১১ সালে তিনি একটি উপহারের ‘লোভ’ একেবারেই সামলাতে পারেননি। উপহারটি আর কিছুই নয়—একটি বই। মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাখিয়াগিন এগবারদোরচের দেওয়া চেঙ্গিস খান অ্যান্ড দ্য মেকিং অব মডার্ন ওয়ার্ল্ড নামের বইটি ওবামা নিজের কাছে রেখেছেন পড়ার জন্য। মজার ব্যাপার হচ্ছে, বইটির দাম হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় উল্লেখ নেই। অ্যামাজন ডটকম ঘেঁটে দেখা গেল, ওটার দাম মাত্র ১১ দশমিক ৫৩ ডলার।হোয়াইট হাউসের তোশাখানার যে সর্বশেষ তালিকাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেটাতে রয়েছে অসংখ্য জিনিস। হরেক প্রকারের ও বাজারমূল্যে বিভিন্ন দামের ওই উপহারসামগ্রীর মধ্য থেকে কয়েকটিকে বেছে নিতে হলে সবার আগে অবশ্যই বেছে নিতে হয় ব্রাজিলের রিও ডি জেনিরোর গভর্নরের উপহার দেওয়া একটি আলোকচিত্র। ভিক মুনিজের ওই আলোকচিত্রের বাজারদর ৪০ হাজার ডলার। গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্দিম্বার হূদয়টা অনেক বড়। তিনি ওবামাকে উপহার দিয়েছেন ৫২ হাজার ৬৯৫ মার্কিন ডলার দামের একটি ভাস্কর্য। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ওবামাকে কী দিয়েছেন জানেন? সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি ব্রোঞ্জ মূর্তি। দাম অবশ্য প্রথম দুটোর তুলনায় খুব বেশি নয়। নয় হাজার ডলারের ওই ব্রোঞ্জ মূর্তি নিশ্চয়ই হাসি ফুটিয়েছিল ওবামার মুখে।বারাক ওবামা গলফ খেলতে ভালোবাসেন। এটা বিশ্বনেতাদের অনেকেই হয়তো জানেন। সে জন্যই বোধ হয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ওবামাকে উপহার দেন গলফ সেট। দামের কথা বলতে নেই, কিন্তু এখানে মেরকেলকে হার মানিয়েছেন সারকোজি। মেরকেলের দেওয়া গলফ সেটটির মূল্য যেখানে এক হাজার ৪০০ মার্কিন ডলার, সেখানে সারকোজির কালো রঙের গলফ সেটটির মূল্য সাত হাজার ৭৫০ মার্কিন ডলার।ওবামার খেলাধুলাপ্রীতির কথা জানেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারও। তিনি অবশ্য গলফে যাননি, দিয়েছেন একটি বাস্কেটবল খেলার বল। ওই বলে সই আছে কানাডার শীর্ষ বাস্কেটবল দল টরন্টো র্যাপটরসের সব খেলোয়াড়ের। সম্প্রতি টরন্টো র্যাপটরস একটি বাস্কেটবল সিরিজে ওবামার প্রিয় দল শিকাগো বুলসকে হারিয়েছিল ৩-১ ম্যাচে।শুনলে অবাক লাগতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলবার্ড ওবামাকে উপহার দিয়েছিলেন একটি আইপড। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষে ওবামাকে উপহার দিয়েছিলেন খুব দামি কাঠের বাক্সে বন্দী শ্রীলঙ্কান কফি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ফ্রান্সিসজক ওবামাকে উপহার দিয়েছিলেন বিখ্যাত ভিডিও গেম ‘দ্য উইচার ২: অ্যাসাসিনস অব কিং’-এর এক বাক্স ভিডিও সিডি! ইয়াহু নিউজ অবলম্বনে নাইর ইকবাল