
বিদ্যুৎ নেই, চারপাশ ঘুটঘুটে অন্ধকার, একেবারে নিঝুম, ঘুমন্ত। সেই সঙ্গে ঘরের চালের ওপর টানা বৃষ্টি পড়ার শব্দ—বর্ষার এমন অন্ধকার রাতে ভূতবিষয়ক গল্পের বই পড়ার মজাই আলাদা। বই পড়তে পড়তে একটু শব্দে কিংবা ছায়া দেখলেই ভয় পাওয়া; তবে বন্ধুরা ভেব না, এ রকম ভূতের বই পড়ে মজা শুধু তোমরাই নিয়ে থাকো। ভূতের ভয় আছে সব দেশের শিশুর। কারণ, বাংলা সাহিত্যের মতো অন্যান্য দেশের শিশুসাহিত্যেও রয়েছে ভূতের আনাগোনা। মনে আছে সেই অস্কার ওয়াইল্ডের লেখা গল্পের দৈত্যের কথা! প্রথম দিকে সেই দৈত্য খুব অহংকারী থাকে। শিশুদের সে তার বাগানে ঢুকতে দিতে চাইত না। পরে শিশুদের বন্ধু হয়ে যায়।
অনেক অনেক দিন আগের কথা, ৪৭০ খ্রিষ্টাব্দ হবে, তখন মো ঝু নামে একজন বিখ্যাত চীনা দার্শনিক ছিলেন। সেই অনেক দিন আগে মো ঝুর লেখাতেও ভূতের অস্তিত্ব পাওয়া গিয়েছে। শুধু তা-ই নয়, তিনি নাকি ভূত দেখেছেন! সেই সময়ের চীনের রাজা সুয়ান মন্ত্রী তু পোয়েরকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন। সেই মন্ত্রীর অতৃপ্ত আত্মা ভূত হয়ে হত্যার প্রতিশোধ নেয়। আর এই দৃশ্যই নাকি দেখেছিলেন মো ঝু।
এ তো গেল চীনের কথা, এবার শোনো প্রাচীন এথেন্সের কথা। ও, এথেন্স শহর চিনতে পারছ না? এথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী। পৃথিবীর অনেক পুরোনো শহরের একটি। সভ্যতার শুরু এই শহর থেকেই। ১১৩ খ্রিষ্টাব্দের কথা। এথেন্স শহরে এথেনডোরেস নামে একজন দার্শনিক একটি বাড়ি ভাড়া করেছিলেন। রাত হলেই বাড়িতে তিনি কান্না কিংবা পায়ের শব্দ শুনতে পেতেন, আবার মানুষের ছায়াও দেখেছেন। এথেনডোরেস বেশ সাহসী। একদিন সেই ছায়ার পেছন পেছন চললেন। কিছুদূর যাওয়ার পর দেখলেন, একটা জায়গায় এসে ছায়াটি উধাও হয়ে গেল। পরদিন সেই জায়গায় মাটি খুঁড়ে একজন মানুষের কঙ্কাল পাওয়া গেল। লোকটা নাকি বছর খানেক আগে অপঘাতে মারা গিয়েছিল। নতুন করে আবার কবর দিলে ওই ছায়া আর দেখা যায়নি।
উনিশ শতকে চার্লস ডিকেন্স তাঁর লেখা ক্রিসমাস ক্যারল বইয়ে ভূত নিয়ে গল্প লেখেন। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত নাটক হ্যামলেট-এর প্রধান চরিত্র হ্যামলেটের সঙ্গে ভূতের সাক্ষাৎ হয়েছিল। তখন হ্যামলেট ডেনমার্কের রাজকুমার। এদিকে রাজা ক্লডিয়াস খুন হন। কে খুন করেছে, কেউ জানে না। রাজার অতৃপ্ত আত্মা গভীর রাতে রাজকুমার হ্যামলেটের কাছে আসত। রাজা তাকে বলে যায়, তার চাচাই খুন করেছিল তাকে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘কাকাবাবু’ সিরিজের গল্প ‘কাকাবাবু হেরে গেলেন?’ গল্পেও অনেক রংচং মাখিয়ে লেখক ভূতকে এনেছেন। আবার গল্পের শেষে প্রমাণ করেছেন ভূত বলে কিছু নেই। আবার সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর স্মৃতিকথামূলক আমি যখন...তুমি বইয়ে শৈশবের স্মৃতিচারণা করে ‘মাত্র একবার’ লেখাটিতে লিখেছেন ভারতের রাঁচির জঙ্গলে রাতের বেলা অসম্ভব অলৌকিক দৃশ্য দেখেছেন। জঙ্গলের গাছেরা তাঁর সঙ্গে কথা বলে তাঁকে বিপদ থেকে উদ্ধার করে। তাই তো লিখেছেন, ‘আমি যদি অলৌকিকের দেখা পেয়ে না থাকি—তবে অলৌকিক নামে এ লেখাটা লিখছি কেন? না, পেয়েছিলাম একবার। একটি অসম্ভব অলৌকিক দৃশ্যের রাত্রি।’
সমরেশ মজুমদারের লেখা কিশোর উপন্যাস ড্রাকুলার সন্ধানে অর্জুন বইয়ে সত্যসন্ধানী অর্জুনকেও কয়েকবার ভূত দেখিয়ে ধাঁধায় ফেলে দিয়েছিলেন লেখক। অবশ্য গল্পের শেষে তা মনের ভুল বলেই প্রমাণ করেছেন লেখক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাতালঘর উপন্যাসেও কিন্তু ভূতের দেখা মিলেছে। তবে গল্পের মাঝামাঝি এসে জানা যায়, সেটা ভূত না, এলিয়েন, ভিনগ্রহের প্রাণী। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদকে বলা যেতে পারে ভূতবিলাসী লেখক। তাঁর অনেক লেখায় ভূতের বিচরণ ছিল। অন্য লেখকদের ভূতের লেখাও পড়তেন তিনি। তবে তিনিও গল্পের শেষে যুক্তি দিয়ে প্রমাণ করে দিতেন সবই মনের ভুল।
ভূত নিয়ে পৃথিবীজুড়ে বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে চলচ্চিত্র। এসব চলচ্চিত্রের আবার কোনোটা ভয়ের, কোনোটা হাসির। তোমাদের জন্য তৈরি কার্টুন সিরিজ ড্যানি ফ্যান্টম, ঘোস্ট ট্র্যাকার্স, স্কুবি ডু, ট্রুথ অর স্কেয়ার ও মিস্ট্রি হান্টার্স-এর কাহিনি গড়ে উঠেছে ভূতকে কেন্দ্র করে। টম অ্যান্ড জেরিতেও একটি ভূতের পর্ব রয়েছে। যেখানে ভূত দেখে টম ভয়ে কাঁপতে থাকে, আর সেই ভূতের সঙ্গে জেরির সখ্য গড়ে ওঠে। তোমাদের খুব পছন্দের ‘হ্যারিপটার’ সিরিজের গল্পও গড়ে উঠেছে ভূতকে নিয়ে।
এখন তুমি বলো, ভূত বিশ্বাস কর? আসলে আমার মনে হয়, আমাদের ভূতের ভয় পেতেই ভালো লাগে। তোমাদের কী মনে হয়? তবে অনেক দেশেই জরিপ করে দেখা গেছে, শিক্ষিত মানুষের মধ্যেই ভূতের ভয় অশিক্ষিত মানুষের চেয়ে বেশি।