ওসমান গনি, জামে মসজিদের খতিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ না পড়ানোর অঙ্গীকার করেছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইমাম সমাজ। গত মঙ্গলবার জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমামদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় তাঁরা এই অঙ্গীকার করেন। ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে শতাধিক ইমামের অংশগ্রহণে আড়াইহাজার পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জালাকান্দি শিকদারবাড়ি বায়তুল ইজ্জত জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওসমান গনি এতে অংশ নিয়েছিলেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আসিফ হোসেন: আপনারা বাল্যবিবাহ না পড়ানোর অঙ্গীকার করেছেন। এর মূল কারণ কী?: দেখুন পবিত্র কোরআন শরিফে বাল্যবিবাহ, যৌতুক দুটিকেই প্রতিরোধের কথা বলা হয়েছে। যৌতুক, বাল্যবিবাহ সমাজের জন্য ক্ষতিকর। বাল্যবিবাহ মা ও শিশুর মৃত্যুর হার বাড়ায়। বাল্যবিবাহের কারণে সমাজে নানা অশান্তি দেখা দেয়। আড়াইহাজারে বাল্যবিবাহের প্রবণতা জেলার অন্যান্য উপজেলার তুলনায় বেশি। তাই ধর্মীয় দায়িত্ব হিসেবে আমরা বাল্যবিবাহ না পড়ানোর ব্যাপারে একমত হয়েছি এবং অঙ্গীকার করেছি।: আপনাদের এই সিদ্ধান্ত কীভাবে কার্যকর করবেন?: সমাজের সর্বস্তরের মানুষ ইমামদের পেছনে দাঁড়িয়ে মসজিদে জামায়াতের নামাজে অংশ নেয়। মানুষ ইমামদের সম্মান করে, নানা বিষয়ে পরামর্শ করে। কোরআন-হাদিসের আলোকে আমরা মানুষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝাব। এ ব্যাপারে সরকারি উদ্যোগে ইমামদের ইতিমধ্যে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তা ছাড়া বিয়ে পড়ানোর ক্ষেত্রেও ইমামদের ভূমিকাই প্রধান। ইমামরা বাল্যবিবাহ পড়াতে রাজি না হলে অভিভাবকেরাও সচেতন হবেন। সমাজের খারাপ দিকগুলো প্রতিরোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন বলে আমি মনে করি।