ক বি তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাহার খান
বিপ্লব এখন

বিপ্লব এখন পুরো পাল্টে গেছে, দিন নেই, রাত নেই 

নিশ্চিন্তে ঘুমোয় পুঁজিবাদী বিছানায়,

ধাক্কা দিলে মোটেও নড়ে না, 

সাড়াশব্দহীন এক নীরব পাথর—

দ্বন্দ্বের যেটুটু রেশ ছিল তাও 

শেষ হয়ে গেছে পশ্চিমা ম্যাজিকে, আজ তার

অভ্যাসে জড়িয়ে আছে আপসের মসৃণতা।

এই ছবি দেখে ফুটপাতে বসা এক অভুক্ত ভিক্ষুক

চিৎকার করে বলে, কোথায় বিপ্লব?  

সত্যি, এই বিশ্বায়নে শব্দটি অচল—কোনো কাজে আসে না এখন।

টোকন ঠাকুর
অঘ্রানের দিন

যে কবিতা লেখাই হয়নি—তারই মুখোমুখি

বসে ভাবি, আধুনিক ছাপাখানা কতদূর?

সে কবিতা পড়োনি তুমি, পড়েনি পাঠক

সেই না–লেখা কবিতা কতটা সার্থক

কতখানি নতমুখ, বিষণ্ন–মৃধুর!

ঠাঁই, থমকে থাকে যেকোনো দুপুর

যেকোনো সন্ধের দিকে, যেকোনো জোনাকির কাছে

জিজ্ঞাসা করা যেতে পারে—অলিখিত কবিতার মধ্যে

কার মুখ উঁকি দিয়ে বিন্দু বিন্দু আলো হয়ে ওঠে?

ব্যথা কীভাবে ছোট্ট গাছে ফুল হয়ে ফোটে?

যে কথা বলাই হয়নি—তা বলবার অভিপ্রায়ে

দেখি, কনকলতা তমালতরুকে জড়ায়ে ভালোবাসে

বাইরে হৈম হাওয়া—ভুরভুর করে 

লেখার খাতায় পৃষ্ঠা পৃষ্ঠা ভরে

অঘ্রানের দিন আসে...

অলকা নন্দিতা
হেমন্ত আসে 
গোধূলির রঙে

বছরজুড়ে হেমন্তের অপেক্ষায় থাকে শীত

হলুদ চাদরে ঢাকা শর্ষেখেতে হালকা কুয়াশা নামলে

মৌমাছির আনাগোনা শুরু হয়, সূর্যের আলোয় হাসে হেমন্ত

হেমন্তকে কাছে পেয়ে কিশোরী শীতের মন প্রজাপতি হয়ে নাচে

বছরজুড়ে অপেক্ষায় থাকে ধানতারা গ্রাম

মর্মর পাতার গানে আলস্য ঝেড়ে উঠোন নিকিয়ে রাখে কৃষকের বউ

কদিন পরেই উঠবে নতুন ধান, পাড়াজুড়ে ঘুরবে চড়ুইয়ের ঝাঁক

সোনালি রোদের আভায় পাখিরা গাইবে নবান্নের গীত

কৃষক ঘুমোবে কিছুদিন

আমার উত্তরমুখী ব্যালকনিতে হেমন্ত আসে গোধূলির রঙে

অপরাজিতা লতার ফাঁকে ঢুকে পড়া লাল আভা

আমাকে বসিয়ে রাখে, আমাকে জাগিয়ে রাখে

আমার ভীষণ মন খারাপ হয় হেমন্তসন্ধ্যায়।

মিছিল খন্দকার

ডিসেম্বরের স্মৃতি

অচেনা এক ব্যথার পাশে বসে

আচমকা মন ঘুরছে হাওয়ার কলে। 

হয়তো আমার না থাকা দিনগুলোর 

অন্য কারও বইতে থাকা স্মৃতি 

ধার পেয়েছি—সেসব ভোগায় ফলে। 

উঠলে জ্বলে ঢাকার লাভামুখ 

শহর পোষে ঠা-ঠা ছোবল রাতে, 

বাইরে তালাবদ্ধ রাখা বাড়ি

দেয়ালজুড়ে চিহ্ন অপঘাতের। 

জিপের আওয়াজ জমের মতো হিম

কাঠ-পাথরে মৃত্যু লেগে আছে

শীতল একটা ভয়ের মধ্যে বারুদ

পুড়ছিল ক্যাম্প সেটার দীর্ণ আঁচে। 

কিংবা স্মৃতিলুপ্ত বনাঞ্চল

ডাকছে ফিরে ফার্মগেট-মিরপুরে, 

গেরিলা কোন ছায়ায় বসে গাছের

জড়িয়ে নিচ্ছি সময় কোনো দূরের। 

কত্তো দূরে কোথায় সেসব কাল! 

ব্যথার ভেতর জাগলে উপশম—

মাইকে বাজে কণ্ঠ মুজিবুরের

শরীরজুড়ে উসকানি পায় লোম।