ক বি তা

খালেদ হোসাইন
কাগজের বাঘ
কাগজের বাঘ, তুমি ভালোই তো হালুম-হুলুম
করছ, সঙ্গীও জুটিয়েছ মন্দ না।
বৃষ্টিতে ধুয়ে যাবে রং, তার আগে যথেষ্টই হোক
বন্দনা।
কাগজের বাঘ, তুমি ভালোই তো পাকাচ্ছ চোখ!
ভয় পাচ্ছে সমুদয় লোক। লেজের ঝাপট,
না, বটে রয়েছে দাপট!
লেজও যথেষ্ট লম্বা—ঢাকা থেকে নিউইয়র্ক হবে।
বাঘ নও, বাঘডাশা নও, কাগজের বাঘ
তুমিই তো যোগ্য প্রাণী আত্মমুগ্ধতার উৎসবে।
শুধু বৃষ্টি এলে ধুয়ে যাবে দাগ।
নরম বৃষ্টির জল পার হয়ে
খুঁজে পাওয়া যাবে না তোমাকে—
আমরা তাকেও চিনি—
কাগজে যে ভীষণ বাঘ আঁকে।
সারাজাত সৌম
স্থির কিংবা উড়ন্ত
আমি আর আরক মিশে গেছি রুপালি জলে—তোমাদের জন্ম থেকে মৃত্যু অব্দি যতদূর আকাশ দেখা যায় কিংবা ঝুলে থাকা তারা ও নক্ষত্রের পাখি—ছড়িয়ে ছিটিয়ে রাখা আহার এবং পিতলের উজ্জ্বল থালা ভাসমান পৃথিবীর বুকে। যেখানে একেকটা আরশি গেঁথে আছে অজস্র মাংস ও চামড়ার মধ্যে। ফুল আর ফলের ভেতর কীটের গুঞ্জন থেকে করোটি পর্যন্ত যে সকল সোনালি মাছ ছড়িয়ে দেয় বিষামৃত—তারই মধু ঝরে টুপটাপ—সারা রাত। সাঁকোর ওপর দাঁড়িয়ে এক পাগলা ট্রাফিক আমাকে দেখায় মধ্য রাতের পথ। অথচ আমিই ভণ্ড—ম্যাজিশিয়ান—শাপলার মতো ফুটে থাকা নাকফুল ছিঁড়ে চৌষট্টি ডানা তার ছড়িয়ে দিই শহরের রাস্তায় আর বিলবোর্ডে। তারপর যত বাসনার পাখি—পাখি আর পাখি—স্থির কিংবা উড়ন্ত যান...

নিতুপূর্ণা
পরিত্যক্ত বন্দর
আমার শহর থেকে আরও এক লোডশেডিংয়ের
আড়ালে রয়ে গেল আমার দীর্ঘনিঃশ্বাসেরা
এখানে এখন শুধু ছোট ছোট দম ধরে থাকা।
শীতলক্ষ্যার কালো জলে
এখন-ই ভেঁপু তুলে চলে গেল জাহাজ
নাবিকের নাম জানি না
জানি, দূরত্ব কমানো কাজ তার
বাংলাদেশের থেকে বহুদূর দেশে
নিজেকে, পরিত্যক্ত বন্দর মনে হয়...
তারেক সালাহ্উদ্দিন
কিছুটা দূরত্ব
কিছু দূরত্ব অনতিক্রান্ত থাক
তারও কিছু দূরে তুমি থাকো,
আর সে সুদূরে থাক আমার ভালোবাসা।
কিছুটা দূরত্ব তুমিই রেখেছ
সে দূরত্ব পেরোলে অভিমানে ভেঙেছ,
আমি তাই কাছাকাছি নির্বাসিত।
সুদূরে ছিলাম, আছি হয়তো
জীবন নিয়ে আজীবন পথ চলা
কিছুটা দূরত্ব ইচ্ছে করেই জয় না করা...