ক বি তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণাভ সরকার
তখন চুম্বন
এখানে এখন রোদ। তোমার ওখানে বৃষ্টি?
আদিতে একটু বৃষ্টিও ছিল না কোথাও
ছিল শুধু রোদ আর অন্ধকার;
কিছু পরে মেঘ। মেঘ সমস্ত আকাশজুড়ে
মেঘ থেকে বৃষ্টি
পৃথিবীতে প্রথম বর্ষণ
বর্ষণে বর্ষণে নদী, হাওড়, সাগর;
সাগর থেকে মেঘ আর মেঘ থেকে বৃষ্টি।
প্রথম বৃষ্টিপাতের মতো
চলে এসো তুমি
এসে সমস্ত রোদ ঢেকে দাও
শিরায় শিরায় বয়ে যাক
নদীর প্রবল ধারা
তখন চুম্বন করি আলো-অন্ধকারে।

.
.

তুষার কবির
অস্ত্রোপচার
ইস্পাতের সুগ্রীব ডানায় ভেসে ওঠে এই শয্যাকক্ষ—শাদা অ্যাপ্রনের নার্স আর ব্যান্ডেজের মিহি শুভ্রতায় কেটে যায় সেই দ্রুতশ্বাস ক্ষণ—সুন্দরী তরুণী কাঁচি আর প্রিজমের ধাতব ছোঁয়ায়—অপস্রিয়মাণ সরীসৃপের মতন এই অস্ত্রোপচার।

স্মৃতিগ্রস্ত লগবুকে দ্যাখো এখনো জমানো আছে রক্তপুচ্ছ মেঘ, পদ্মভাসা সরোবর, শাদা কাকাতুয়ার সান্ধ্যগীতি আর কাউকেই কখনো না বলতে পারা সেই সব শরবিদ্ধ স্বর।
অতঃপর সেই ঈপ্সিত অস্ত্রোপচার; নিওলিথ যুগ থেকে উঠে আসা এই নিউরোসার্জন—ধীর লয়ে ব্যবচ্ছেদ করা প্রত্নস্মৃতিকণা রাখা হবে ক্রিস্টাল কাচের ট্রেতে।

এই অস্ত্রোপচারের পরপরই আমি হয়ে পড়ব পরিপূর্ণ স্মৃতিহীন—কয়েকটি প্রহরী পায়রা শুধু উড়ে যাবে শূন্যতায় ছটফট করতে করতে—তুমি বলে আর কেউ কখনোই হানা দেবে না ফেলে দেওয়া সম্মোহিত স্মৃতিকোষে।