ক বি তা
সোহরাব হাসান
সংখ্যালঘু
কাকে বলে দেশ, কাকে বলে পরবাস?
মালোপাড়ার নিঃস্ব-হ্রস্ব মানুষগুলো তা জানে না
হয়তো কিছুটা জানে ভৈরবের হিমশীতল জল
আর রাত জাগা বনের বিরহী পাখি।
যে জীবন জলে ও মাটিতে একাকার হয়েছিল
যে জীবন মাছের আঁশটে গন্ধে বাঁধা বারো মাস
সে জীবন হঠাৎ স্তব্ধ হায়েনার ভয়াল থাবায়
হিংসের বারুদে পুড়ছে মানুষের আশাহীন আশা
দগ্ধ খাঁ খাঁ বাস্তুভিটাগুলো বিরান পড়ে আছে
যেন এইমাত্র মহাপ্রলয় ঘটে গেছে বাংলায়;
চারদিকে আর্তের আহাজারি; হন্তারকের
বিকট চেহারা দেখে ভয়ার্ত শিশুর মুখ।
বুকের ভেতরে কতটুকু হাহাকার জমে আছে
কতটুকু বেদনার অশ্রু জমাটবাঁধা দুই চোখে?
ভৈরবের কালো জল তা মাপতে পারে না।
মাটি তাঁদের দেয়নি ঠাঁই; জলেও তাঁরা পায়নি অভয়
মাথার ওপর থেকে ছায়াটুকু সরিয়ে নিলো আকাশ।
জাকির জাফরান
শীত আমার মা
নাকফুলে শিশিরের স্মৃতি, এখনো উজ্জ্বল।
শীত আমার মা। কুয়াশা তার চুল। তাকে, ধীরে ধীরে, অবয়ব দিলেন
প্রভু। বরফের চাকুতে বানানো হলো তার চোখ। গাছের হারানো পত্র-
পল্লব দিয়ে হাত পা, পাহাড়ের উচ্চতা দিয়ে তৈরি হলো মায়ের হূদয়।
তারপর প্রভু বললেন, হও—অমনি আমার পাঁজরের মধ্যে তাকে অনুভব
করলাম।
এখন সে দূরের মিনার কোনো।
তবু
নাকফুলে শিশিরের স্মৃতি, এখনো উজ্জ্বল।
অনুপম মণ্ডল
জলঘুঙুর
গভীর প্রতিটা তৃষ্ণার ঘ্রাণ আমৃত্যু বহন করে চলে শীতের ভারী শরীর।
আর নিদ্রাভর্তি ওই কাঠবাদামের ওপর দিয়ে যেতে যেতে বুঝি বা আরও
ঘন হয়ে আসে কোনো কোনো ঘণ্টাধ্বনি।
ঝরা সুরের মতো ভেজা অস্তরাগ গলে গলে নামে মৃতের ভাষারা।
যেন, গারদের ভার নিয়ে, কারও রুদ্ধক্রন্দন—
ওই নাচের বাগান থেকে রূপের হাড়ের মতো আস্তে আস্তে মুছে যেতে
থাকে। আর গাঢ় কোনো গোধূলিকে চিরে সেই সব কবরজাতক
ধ্বনিগুলো ফিরে আসে। স্বাদহীন স্তনরক্তের ভেতর। যেখানে ব্যাধের
উগরে দেয়া থাবায় সুপ্ত একটা ডালিম ফুল; অন্ধ এক দানবের ডাকে সে
দোলে। আনমনে বেজে চলে।