ক বি তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলতাফ হোসেন

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

তোমার সব ফোন নম্বর...
তোমার সব ফোন নম্বর আমার চেনা, সব চিহ্ন ঘরের, বাইরের।
অনেক দিন শুধু হরিণদেরই অনুসরণ করেছি। কাল দেখলাম
সবচেয়ে বিষাক্ত বিছেটিকে। হুল আর সঙ্গে সঙ্গে মৃত্যু। অসংখ্য
পা, যা দিয়ে সে নিমেষেই পৌঁছে যায় শিকার-সমীপে।
দেখতে দেখতে একটি মুখোশের ছায়াছবি এল। তোমার
তরুণতর বন্ধুটির রহস্যময় হাসি। চেয়েছিলে যা দাও
তা নিয়ে থাকি। যা দিই তাতেই তোমার সর্বাঙ্গীণ স্ফূর্তি।
আহা তোমার যৌনাবেশ কতই মনোহর। আর কিছুই
জানতাম না। নাকি জানতাম? তা না হলে
বিছেটির কেন এত পিছু নেওয়া, আচ্ছন্ন হয়ে থাকা,
ভয় পাওয়া?
ব্যবহূত সিংহ-বাঘদের ছবি উবে গিয়ে ক্লিশে হরিণ-হরিণীরা
জায়গা নিলে নিক না

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ময়ুখ চৌধুরী
আদিনিবাস

তার আগেই চলো, আমরা দুজনে গুহায় ঢুকে পড়ি।
মনে করো, একদিন আমাদের ঘরবাড়িগুলো
হঠাৎ পাগল হয়ে গেল
হঠাৎ পাগল হয়ে দৌড় দিল দরোজা-জানালা।
মনে করো, নিহত চৌকাঠগুলো পুনরায় বৃক্ষ হয়ে যায়।
ধরো, দরোজা-জানালা সব উড়ে যাচ্ছে বনের ভিতর,
ইটের লোহিত মাংস মাটি হয়ে ফিরে যাচ্ছে বাড়ি,
আকরিক লৌহভার ঢুকে পড়ছে ভূগর্ভে আবার।
মনে করো, সে সময় লেপের তলায়
ভদ্রলোক ভদ্রমহিলারা
প্রাণপণে খামচে ধরছে তুলো
বাড়িমুখো ঘরবাড়িগুলো
চলো, তার আগেই আমরা দুজনে গুহায় ঢুকে পড়ি।

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আহমেদ মুনির
বসন্তের ভাঙা গান

কিছু গান পড়ে আছে মাঠে,
পুরোনো তোরঙ্গে
কিছু গান দেশান্তরী আজ,
কিছু গান প্রতিবেশীর উঠোনে,
ভাঙা করুগেট টিনে,
কিছু গান পড়ে আছে
পুরোনো দিনের ভাঁজে।
তবু ধানখেতে যাই
ধানখেত থেকে মাঠে
মাঠে মাঠে পড়ে আছে
গীতবিতানের গাছ
কিছু গান জীবাশ্ম জ্বালানি
হয়ে জ্বলে।

এই সব কথা ভেবে
সমস্ত বেহালা
বাদকের কাছে ফিরে আসে
সুর তো বরফ
তবু গান গায় কারা?

এক চম্পাতলী থেকে
আরেক চম্পাতলীতে
ঘুরে গেছে সুর
এক গিটারের কাছ থেকে
আরেক গিটার তবু কত দূর!

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

পিয়াস মজিদ
স্বপ্নরেখা
ঘুমন্ত হাড়ের ভেতর বেজে ওঠো
হারমোনিয়াম;
আঁকাবাঁকা সুরের ঢলে তোমাকে দেখেছি
আঁধার-নিকষেও ছায়াশীল।
পাশেই শত শত মৃত্যুভ্রূণ
পদতলে যে আর্তমাধুরী বিছিয়ে গেল
তার আন্ত অভিঘাতে
আজ ওই সার্বভৌম তমসাকাননে দেখি
গোলাপের রক্তিম ন্যারেশন।
আর ক্রমে সমুদ্রও শুকিয়ে আসে;
কেবল আমার নির্জন কান্নার কল্লোল
খরাপ্লুত মরশুমেও
তোমাকে করে তোলে বিপুল তরঙ্গরঞ্জিত।

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ইমতিয়াজ মাহমুদ
অমরতা

মরতে আমার খালি দেরি হয়ে যায়!
আকাশের কিমাকার মেঘদল দেখে
আমি একা মরে মরে বেঁচে থাকি রোজ
আর বেঁচে যেতে গিয়ে পুনরায় ভাবি,
পরদিন পেতে পারি মরণের খোঁজ।
পৃথিবীতে আমি মরে যেতে পারতাম
কোনো সাপের কামড়ে, হঠাৎ বিমারে,
পথে হেঁটে যেতে যেতে বাসের তলায়!
আমার কাফন তবু চুরি হয়ে যায়
আমার গায়ের জামা ছোট হয়ে যায়।
পৃথিবীতে আমি মরে যেতে পারতাম
হাসতে হাসতে একা মাথা ঘুরে পড়ে,
ধারালো ছুরিতে আর কফির চুমুকে!
কফির বদলে লোকে বিষ খেতে দেয়
আমি এক চুমুকে তা খেয়ে উঠে ভাবি,
এবার আমারে আর যাবে না বাঁচানো
আকাশের মেঘদল উড়ে গেলে দেখি
বিষের গেলাসে আবে হায়াত মেশানো!