ক বি তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুষার দাশ

ক্ষাত্রধর্ম

ক্ষাত্রধর্মে যুদ্ধই অন্তিম শব্দ।

ক্ষত্রিয়েরা সহসা সাহসী—

যেকোনো যুদ্ধের জন্যে প্রস্তুত সৈনিক।

হাজার বছর ধরে

ক্ষত্রিয়ের রক্তে রক্তে যুদ্ধের দামামা—

হিংসা ও বিদ্বেষ ছাড়া, বৈশ্যদের আনুকূল্য,

ব্রাহ্মণের আশীর্বাদ, চাণক্যের যুদ্ধ-সমর্থন ছাড়া

ক্ষত্রিয়েরা সূচ্যগ্র-সমান-ভূমি কোনো দিন কাউকে দেয়নি—

যুদ্ধ ছাড়া, মৃত্যু ছাড়া—এটাই তো ইতিহাস!

ধর্মযুদ্ধ নাম দিয়ে যুদ্ধকেই অনিবার্য করে তোলে

শেষ অব্দি মানুষেরা—এইসব দেখেশুনে

অর্জুনেরা ধনুর্বাণ ফেলে দিতে চায়—

আর সেসব মুহূর্তে দার্শনিক যাবতীয় বাক্য বলে,

বিশ্বরূপ দর্শনের বাঁকে বাঁকে তাদেরকে

মন্ত্রমুগ্ধ করে ফেলে আসল নায়ক!

জাফর আহমদ রাশেদ

বাতাস

অনেক দিন পর বাড়ি ফিরলাম

 রাত এগারোটার

 রিকশায়

তাই এত গুঞ্জরণ

সাবান দিয়ে ডলে ডলে হাত ধুচ্ছি

তখন তোমাকে পেলাম একটা বাক্যের

                                সমান দৈর্ঘ্য নিয়ে

এই সহবাস শেষে তারপর

                অন্ধ মুখমণ্ডল ধুয়ে ফেললাম

কী নির্ঝর। একটি জলাশয় মন্থন করে

 বাতাস আসছে

মুক্তি মণ্ডল

কুঠার

কুঠারের মুখে আলোর সিম্ফনি চিরে উঠে

আসে খুরের শব্দ

বিবসনা সবুজে হেসে ওঠে দেহলীনা

আমি ব্লেডের নিচে জমিয়ে রাখি নৈতিকতা

সহাস্যে মুছে দিই জ্বরতপ্ত ডালিমের ঘ্রাণ

টলে ওঠে সাধুসঙ্গ

উৎফুল্ল হয়ে ওঠে স্নানঘর

নিঝুম বালুভূমে ভেসে ওঠে সিদ্ধমনোরথ

রাত্রিকামিনীর শয়নকক্ষে

ছড়িয়ে ছিটিয়ে থাকে ঝরে পড়া পুষ্পব্যঞ্জনা