কবিতা

ইমরান মাঝি
বাঁশবাগানের রাজকন্যা
একটা কাঠবিড়ালি মেরে সে যে যাচ্ছিল এই পথে
দুই দিকে পানি ছিল সবুজ ধানখেতে।
পথে ছিল ইট
বাঁকা ছিল পিঠ গো তাঁর বাঁকা ছিল পিঠ।
পিঠে ছিল ঝুড়ি
ও তাঁর পেছনে এক বুড়ি—
আর সামনে একটা পোলা
চুল বাতাসে খোলা।
হাঁটায় ছন্দ ভরা
ও তাঁর জামাকাপড় ঝুড়ি গুলতি নিজের হাতে গড়া।
ও সে পাহাড় ধরে হাঁটে
মাঝে মাঝে দা চালিয়ে লতাপাতা কাটে।
ও সে তাকায় যেন হরিণছানা
চলে যেন আছে ডানা,
বলে যেন হাস,
ও সে বাঁশবাগানের রাজকন্যা, চারিদিকে বাঁশ।
ও তার সবুজ বনে খুব গহিনে হলুদ বাঁশের ঘর
ও সে প্রাণী হয়ে প্রাণীর সাথে বাঁচে পরস্পর।

মিছিল খন্দকার
শান্ত দিন
যেভাবে বাতাস স্বতঃপ্রণোদিত হয়ে চলে আসে
সেভাবেই আসো।
শিশির দেখতে এলে ধরো,
সকালের রৌদ্র তুমি;
সম্পর্কের উজ্জ্বল বিভ্রান্তি—
এমনই তো ক্ষণস্থায়ী যাত্রা আমাদের।
যদিবা গন্তব্যের কথা আসে—
আকাশে আকাশে যত ধাবমান মেঘ;
বাস্তু-উদাসীন—
তাদের কোথাও কোনো যাওয়া নেই
ঝরে যাওয়া ছাড়া।
আমরাও তাই—
হয়তো আগুন
পরে ছাই।
যতটুকু পাই তা তো উত্তাপে জাজ্বল্যমান শিখা,
ঈষৎ দূরত্ব থেকে আলো।
যেহেতু কারণ প্রকরণে নেই,
ফলে এসো
যেভাবে মুহূর্তে এসে অন্ধকারে বিদ্যুৎ চমকাল।

কুশল ইশতিয়াক
দি ভয়েস অব কালার
আমাকে ঘিরে রাখে দুর্বোধ্য আলোক
মধ্যরাত্রে আকাশে ঝলক। যেন বিদ্যুৎযান ধসে যাচ্ছে
পৃথিবীর কোথাও।
একটা বেগুনি আলো—প্রায়ই টের পাই মাঝরাতে
আমাকে খেয়াল করে। ঝড়ের আগের আলো ঠিকঠাক বুঝি না।
তবে সামনে একটা ঝড়—খুব বুঝতে পারি।
এ রকম আরও অনেক আছে। সন্ধ্যায় ধূপের ধোঁয়ার মতন
অজ্ঞাত একটা রং আমার পিঠে টোকা দেয়।
যখন বসে থাকি একেবারে একা।
অতীত থেকে আলো আসে। আলো আসে ভবিষ্যৎ থেকেও।
অন্ধকার নামের আলোটা আমাকে কিছু বলতে চায়। ভাষাটা
ঠিকঠাক বুঝি না। শিখছি
সেই মাতৃগর্ভ থেকে