কক্সবাজার
অন্তিম সমুদ্রযাত্রা। তার আগে এই নাও
সবুজ কুয়াশামাখা সিগারেট
বাদুড়ের বিমর্ষতা ঘিরে নাচো একবার
স্বপ্নকুণ্ডলের মধ্যে জ্যোৎস্নার জীবাশ্মের মতো প্রেম
আজ আর কিছু নেই—স্মৃতি ছাড়া—তোমার সারাৎসার
হরিণের মাংস ছিঁড়ে যে-বাঘ অতৃপ্তি নিয়ে ফিরে গেছে হ্রদে
আধোঘুমে তার হানা দেয়
ঢেউয়ের বিপন্ন গর্জন
কোনো মাতলামো নয়, ভদকা ও ভালোবাসা নিয়ে আজ
জেগে থাকা, নৈঃশব্দ্যের দ্রোহে, আর আত্মসমর্পণ
ডুবে ডুবে গিয়ে, ভেসে ভেসে থেকে ভাবো
বজ্রবিদ্যুতের নিচে, জলে
এই শেষ সুজাতা-আশ্রম
যার দিকে অভিশাপ তার নামধাম ঢেকে গেছে মুহূর্তবিস্ময়ে
যে-বিস্ময়ে শিশু দেখে মা-বাবার অভ্যস্ত সঙ্গম
বঙ্গোপসাগর ছুঁয়ে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে থাকো
অকূল সন্ধ্যায়
কাটাছেঁড়া অক্ষরের মতো তার ফেনিল বিষাদ
আজ আর কিছু নেই—অসমাপ্ত মেঘ আর
সন্ধ্যাহীনতার চোরাটান
শব্দের ওপারে বাঁকা চাঁদ