আইনুন নিশাত পানি বিশেষজ্ঞ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন ১৯৯৮ সালে। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পানি, প্রকৃতি ও বন সংরক্ষণের বিষয়ে তিনি সোচ্চার অনেক দিন ধরেই। লড়ে যাওয়া জীবনের ক্যানভাসআমি কিন্তু ফাস্ট রিডার। একটা সময় ছিল যখন বই আমার শোয়ার বালিশের পাশে থাকত। তবে বুঝতে হবে, ২০ বছর আগের আর বর্তমানের আমি এক নই। এখন প্রশাসনিক দায়ভারসহ আমার কাজের চাপ অনেক বেড়েছে। ফলে কমেছে পড়ার সময়। তবু পড়ি হাতের কাছে যা পাই। এই তো, কদিন আগে একটানে পড়ে ফেললাম অমিতাভ ঘোষের উপন্যাস হাংরি টাইড। অসাধারণ বই। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের ঘটনাকে আশ্রয় করে সুন্দরবনে বসবাসরত মানুষের লড়ে যাওয়া জীবনের ক্যানভাসে লেখা উপন্যাস। পুরো বইতে প্রকৃতির সঙ্গে মানুষের সংগ্রামের চিত্র এবং জলচর একটি শুশুকের গল্প যেমন আছে, তেমনি রয়েছে প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের নির্ভরতার গল্পও। মানুষ ও প্রকৃতি এখানে যেন একই থালায় ভাত খায়। আরও যে কারণে উপন্যাসটি আমার ভালো লেগেছে, তা হলো এই বইয়ের পাতায় থাকা সুন্দরবনের লড়াকু মানুষগুলোকে কাজের সূত্রে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তাই চরিত্রগুলোকে মনে হয়েছে, এরা তো আমার দেখাশোনা, চেনাজানা মানুষ। মনে লেগে আছে সুরগুলো গান শোনার অবসর মেলে চলতি পথে, গাড়িতে। হেমন্ত মুখোপাধ্যায়, নয়তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কী যে ভালো লাগে! আজও কানে এবং মনে লেগে আছে সুরগুলো। তা ছাড়া পুরোনো দিনের সেই সব গান—‘আকাশের এই মিটিমিটি তারার সাথে কইব কথা...’ অথবা ‘এই পথ যদি না শেষ হয়...’ শুনতে শুনতে মনে হয়, এই গান বারবারই ভালো লাগে, কখনো হারিয়ে যায় না। তাঁদের মাঝে আবার রবীন্দ্রনাথ কিন্তু প্রাণের কথা সহজ করে বলতে বলতেই ফিরে আসেন। কথা ও সুরের অনুভবে তাঁকে মনে পড়ে তাই সব সময়। পুঁজিবাদী সমাজব্যবস্থার খোলনলচেকিছুদিন আগে জর্মানি থেকে ফেরার পথে প্লেনে একটি ছবি দেখেছিলাম, রণ। ভারতীয় মুভি। বাণিজ্যিক ধারার হলেও চলচ্চিত্রটি বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থার খোলনলচে আমাদের দেখিয়ে দেয়। ছবির কেন্দ্রে রয়েছে একটি টিভি স্টেশনের ঘটনা এবং এই স্টেশনকে ঘিরে পিতা-পুত্রের দ্বন্দ্ব। পুঁজিবাদী সমাজে সম্প্রচারমাধ্যমগুলো বর্তমানে যে সত্য-নিরপেক্ষ সংবাদের পরিবর্তে মালিকের মতবাদ প্রচারে ব্যস্ত, মুভিটিতে তা বোঝা যাবে। বিনোদনের মাধ্যমে এই সত্য উন্মোচন আমার ভালো লেগেছে। কাজের ভিড়ে, আড্ডার মাঝেআমি দারুণ আড্ডাবাজ। কাজ করতে করতে আড্ডা দিই, আড্ডা দিতে দিতে কাজ করি। এত কাজের ফাঁকেও মনে হয়, আমাদের এই স্বাধীন দেশটি যেভাবে পরিচালিত হওয়া দরকার, সেভাবে হচ্ছে না। কেননা আমাদের রাজনীতিবিদদের প্রকৃতপক্ষে কোনো গোল নেই। সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ