কঙ্কাবতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

রাজকুমারী কঙ্কাবতীকে বিবাহ করিয়া রাজপুত্র আপন রাজধানীতে ফিরিয়া আসিলেন। এতকাল ঘুম দিয়া উঠিবার পর রাজকুমারীর ঘুমের ব্যামো তো আর সারে না। আহার-নিদ্রা-ভয়, যত লয় তত সয়, যত বাড়াও তত হয়। এ বেলা-ও বেলা ঘুমাইতে ঘুমাইতে রাজকুমারীর হুমো বিড়ালের মতন মুখ হইয়াছে। যতক্ষণ জাগিয়া থাকেন, তাঁহার চক্ষের দৃষ্টি থাকে শূন্য, প্রাসাদের মহলায় মহলায় সেই দৃষ্টি ঘুরিয়া বেড়ায়; স্থির হইতে পায় না অথচ কিছু খুঁজিয়াও বেড়ায় না। রাজপুত্র তাঁহাকে গভীর অরণ্যে শিয়াকুল কাঁটাচ্ছন্ন এক প্রাসাদে দেখিয়া মোহিত হইয়াছিলেন। মাঠ ঘিরিয়া শটির জঙ্গল। তাহার আড়ে স্ফটিকের নিদমহলা রাজপ্রাসাদ। নিদ্রাউলি ডাইনির মন্ত্রে সেই প্রাসাদে সকলে ঘুমায়, সুচ হাতে লইয়া শালকর ঘুমায়, ঘোল-মউনি লইয়া গয়লানি ঘুমায়, ধূপ লইয়া দাসী ঘুমায়, বর্শা হাতে সেপাই-সান্ত্রি—সব ঘুমায়, প্রাসাদ প্রাঙ্গণে সোনার পিঞ্জরে শুকসারিও ঘুমায়। নিদমহলার দীপ্তিস্বরূপিণী রাজকন্যা প্রাসাদে দুগ্ধধবল মখমলের শয্যায় নিলীন। রাজপুত্র অনায়াসে পৈশাচ বিবাহ করিতে পারিতেন, তাঁহার সাহসে কুলাইল না, সম্মতির অপেক্ষা না রাখিয়া সম্ভোগ তাঁহার কাছে বীরোচিত মনে হইল না। তিনি সোনার কাঠি রুপার কাঠি বদল করিলেন, চারি-চক্ষুর মিলন হইল, সকরুণ চক্ষু পরাক্রান্ত চক্ষুতে আশ্রয় পাইল। রাজপ্রাসাদে সকলের মায়া ঘুম ভাঙিল, সানাই বাজিল, মাল্য বিনিময় হইল, শুধু কাঠি বদল করিয়া যাঁহাকে জাগাইয়া ছিলেন, সে যেন আর জাগিল না। দিবস-রজনী ঘুমাইয়া কাটাইয়াছে বলিয়া প্রগাঢ় সুষুপ্তির মায়া সে যেন আজিও কাটাইতে পারিল না।

রাজ্যে বহুপত্নীক রাজা, রাজপুত্রও যৌবন-সমাগমেই একাধিক বিবাহ করিয়াছেন। প্রথমা স্ত্রীর নাম সুরঙ্গমা, অতিশয় বাধ্য পতিপরায়ণা স্ত্রীলোক, দ্বিতীয়া স্ত্রী সুমধ্যমা অতিশয় চপলা, ঋষিবাক্য মানিয়া তাঁহাকে স্ববশে লইতে রাজপুত্রকে নানান ফিকির করিতে হইয়াছে। অন্তঃপুরে স্বামীই স্ত্রীর ভাগ্যনিয়ন্তা, রাজসভায় যেমন রাজা। রাজপুত্রের সুখ-দুঃখ-আমোদ-প্রমোদকে কেন্দ্র করিয়াই দুই স্ত্রী সমকেন্দ্রিক বৃত্তে ঘুরিয়া আসেন, এই আবর্তনে কোথাও তাঁহাদের ক্লেশ নাই, প্রিয়তমর বাসনা প্রধানত দুই ভাগ হইয়া বিলি হইতেছে—এমন বিবাহব্যবস্থার অন্তর্নিহিত অবমাননা তাঁহাদের বিঁধে না। এহেন ঊনমানব হইয়া থাকিতে রাজপুত্রের স্ত্রীদ্বয়ের কেহই অস্বীকার করেন নাই। কিন্তু কঙ্কাবতী যেন কেমন ধারা, গৃহে আছেন অথচ গৃহে নাই, শয্যায় আছেন অথচ আলিঙ্গনে নাই, পরশ করিলেও যাঁহার নিদ্রা ভাঙে না, সেই সংসারবিরাগীর যোগনিদ্রা ভাঙিবে কে?

বিরলে দক্ষিণাবাবু একদিন চাদর মুড়ি দিয়া রাজকুমারী কঙ্কাবতীর কাছে আসিলেন, হস্তজোড় করিয়া অনুরোধ করিলেন, তাঁহার বইয়ের সপ্তচত্বারিংশতম সংস্করণ হইয়াছে, সকল এডিশনে কঙ্কাবতী সুখে-শান্তিতে রাজপুত্রের সহিত বাস করিতেছে, এক্ষণে রাজকুমারীর এই অর্ধনিদ্রিত, নিরতিশয় বিষাদাচ্ছন্ন দশার কথা চাউর হইলে তাঁহার বইগুলির কী হইবে? রাজকুমারী কী উত্তর দিয়াছেন, তাহা আরেক অবসরে বলিব। দক্ষিণাবাবু প্রমাদ গনিয়াছিলেন—এমন কথা দাস-দাসীরা রটাইয়াছে। শোনা যায় তিনি তৎকাল হইতে রাজকুমারীকে দুটি চক্ষু পাড়িয়া দেখিতে পারেন না।

রাজকুমারীর গাত্রে হলুদ-চন্দনের অবলেহ লেপন করিতে করিতে দাসী ঢুলিতে থাকে, রাজকুমারীর কজ্জল-মলিন চোখও কোন মদিরার প্রকোপে ঢুলিতে থাকে, দাঁড়ে বসিয়া বুড়া শুক ঢুলিতে থাকে। রাজকুমারীর মনে পড়ে নিদমহলা সেই প্রাসাদ। ঘুঘুডাকা, শ্রান্ত রাখালের বাঁশিকুহরিত মাঠখানির ধূলি আসিয়া সবকিছু মলিন করিয়া গিয়াছে। রাজপুরীর অসম্ভব কর্মযজ্ঞ, দাস-দাসীদের বাগ্‌বিতণ্ডা, জ্বলন্ত লৌহকটাহে উপবিষ্ট পীড়িতের উচ্চৈঃস্বর ক্রন্দন, বলশালীর আস্ফালন, শরণার্থীর আনাগোনা ইত্যাদি ক্লান্তিকর কোলাহলের বিপরীতে কোথায় সেই প্রাসাদের উৎকর্ণ নিস্তব্ধতা! নিদ্রার ভুবন স্বপ্নালু, তাহা এমন প্রত্যক্ষ নয়। নিদ্রা আরেক অর্থে শান্তিস্বরূপিণী শোকবিনাশিনী। সকল বেদনার উন্মুক্ত ক্ষতে নিদ্রা আপনার প্রলেপ দিতে সক্ষম। ধ্রুবা পৃথিবীতে জীবিতের জীবনের ধূসর কুহেলিকাময় অর্ধাংশ নিদ্রা। নিদ্রালোকের ন্যায় রাজকুমারী কঙ্কাবতীও ভিন্না, স্বতন্ত্রা। যেন একটি দুল্যমানা চামর দিয়া তাঁহার পৃথিবী পৃথক করিয়া রাখা। রাজপুত্র উদগ্র কামনায় কঙ্কাবতীকে আলিঙ্গন করেন, ঘুমের শীতলতা তাঁহাকে আমিষের শীতল প্রলেহর মতো বিস্বাদ করিয়া তোলে। অর্ধনিমীলিত চক্ষুর সহিত কিসের চক্ষু সম্মিলন, নীবিবন্ধ যাহার ঘুমের ঘোরে আপনি শিথিল আর ত্রিবলীরেখা দৃশ্যমান, তাহার সহিত সঙ্গমে ক্ষত্রিয়ের কিসে জয় লাভের আনন্দ? অহমিকা-বিকৃত মুখ লইয়া রাজপুত্র ফিরিয়া যান। সুরঙ্গমা বা সুমধ্যমা তাঁহাকে শান্তি দিতে পারে না, দম্ভে যেথায় ক্ষত মিলে, উপশমও সেইখানে। উপশমের আশায় রাজপুত্র বারংবার নিদ্রালু কঙ্কাবতীর মহলে ফিরিয়া আসেন।

এইভাবে একদিন সন্ধ্যাকালে চন্দ্রের চতুর্দিকে মেঘের বিভূতি, চৈত্রপবনে রজনী উদ্বেল, অশোকবনে পিক আত্মহারা হইয়া গাহিতেছে, রাজপুত্র আকুল হইয়া কঙ্কাবতীকে জিজ্ঞাসা করিলেন, ‘কী করিলে তোমার নিদ্রা ভাঙিবে?’

রাজকুমারী আধো হাসিয়া কহিলেন, ‘নিদ্রা ভাঙিতেই হইবে কি? এমন রজনীতেও নিদ্রা যাইতে পারিব না? জাগিবার ক্লেশস্বীকার করিতে হইবে?’ রাজপুত্র দমিয়া না গিয়া পুনরপি জিজ্ঞাসা করিলেন, ‘তোমার নিদ্রার ভুবন স্বরূপকথা কহিবে না? কী আছে সেই ভুবনে যাহা এই রাজপুরীতে নাই?’

রাজকুমারী কঙ্কাবতী কিছুকাল চুপ করিয়া রহিলেন, কবরী হইতে সোনার কাঁটা বিচ্যুত করিলেন, পুনরায় তাহা তুলিয়া কবরী এলো করিয়া বাঁধিলেন। ধীরে কহিলেন, ‘স্বামী, তোমা ভিন্ন আমার সুখ হইবে না—এমনই হইবার কথা। কিন্তু তোমাকে আপনার করিয়া স্বপ্নেই পাইতে পারি। প্রমোদতরণীতে করিয়া সুখসায়রের কুমুদবনে হারাইয়া যাইতে পারি, প্রাসাদশিখরে বসিয়া খেলাচ্ছলে আকাশের সকল তারকা গনিয়া লইতে পারি, মানসসরোবর হইতে আসা হংসবলাকার পালক কুড়াইতে পারি। সতিনকাঁটার জ্বালায় না একেলা প্রমোদতরণীতে ভাসিতে পারি, না তোমায় লইয়া খেলিতে পারি। তুমি নারীর প্রেম পাইলে ত্রিগুণ, আর আমার জুটিল তিনের এক ভাগ। সেই জ্বালা জুড়াইতে আমি নিদ্রাদেবীর শরণ নিলাম। স্বপনে আমি হৃদয়েশ্বরী—সেই আনন্দে কাঁদি, জাগিয়া দেখি সতিনে-স্যাঙাতনীতে আমার ঘরদুয়ার ছাইয়া ফেলিয়াছে; তখন দুঃখে কাঁদি, দুঃখীর কাছে স্বপনও যা, জাগৃতিও তা।’

রাজপুত্র ব্যগ্র হইয়া কহিলেন, ‘কালই আমি শিয়াকুল কাঁটা দূর করিব। সুরঙ্গমা, সুমধ্যমা কেহ আসিবে না, তুমি আর আমি সুখসায়রে বজরায় ভাসিব, কুমুদের মালা গাঁথিয়া মালাবদল করিব, হাঁসের পালক কুড়াইব, সরোবরে আকাশের তারার ছায়া গনিব।’

রাজকুমারী ব্যথিত হইয়া কিছুকাল চাহিয়া রহিলেন, পিক তাহার সংগীত থামাইল, যেন সমাধিস্থ দশা হইতে জাগিয়া তিনি হাই তুলিয়া বলিলেন, ‘স্বামী, তুমি আমাকে বিবাহ করিয়া আনিয়াছ সত্য, কিন্তু আমাকে আপনার স্বরূপে দেখিতে পাও নাই, দেখিলেও চিনিবে না। নিদ্রাউলি ডাকিনী আসিবার আগে আমার রাজ্যে আমার সহিত জ্ঞানতপস্যায় টক্কর দিবার মতো কেহ ছিল না। জন্মমুহূর্তে আমাকে সাবিত্রীসমান হইবার আশীর্বাদ দেওয়া হইল এবং পরমেশ্বরের কৃপায় তাহা ফলিয়াও গেল। সাবিত্রী যেই প্রকার প্রকাশ্য সভায় পিতার সহিত তর্ক করিয়া ছিলেন, ধর্মরাজের সহিত রীতিমতো তর্ক করিয়া সত্যবানকে ছিনাইয়া আনিয়াছিলেন, আমিও সেই রূপ সর্বক্ষণ তর্ক করিতাম। নিদ্রাউলি আসিতে আমার পিতা হাঁপ ছাড়িয়া বাঁচিয়াছিলেন, স্ত্রীলোকের মুখে স্মৃতিশাস্ত্র লইয়া তর্ক কে সহ্য করে! আপন পিতা কন্যাকে অনন্ত নিদ্রার গর্ভে সঁপিয়া দিলেন, এই শোকের উচ্ছ্বাস দমাইয়া রাখিতে আমি নিদ্রা যাই। জাগিয়া উঠিলে আমার তর্ক করিবার বাক্‌ জাগিবে, বুদ্ধি জাগিবে, তুল্যমূল্য বুঝিয়া নিবার মন জাগিবে, প্রকাশ্য সভায় আপন পাণ্ডিত্য দেখাইবার রোখ চাপিবে, তাহাই কি তুমি চাও?’

রাজপুত্র চুপ করিয়া কী ভাবিলেন, রাজকুমারীর দক্ষিণ হস্ত আপন হস্তে লইয়া গদগদস্বরে কহিলেন, ‘রাত কত হইল! তুমি নিদ্রা যাও। এত কষ্ট করিয়া কাজ নাই।’ কঙ্কাবতী ঢুলুঢুলু চোখে সুদূরে চাহিয়া রহিলেন, কী মনে করিয়া মুচকি হাসিলেন।