
ফেলে দেওয়া হুইলচেয়ারের ভাঙা অংশ আর পক্ষাঘাতগ্রস্ত মানুষের সহায়তা—এই দুই বিষয়কে মিলিয়ে মিশিয়ে ভাস্কর্য তৈরি করেন আরহাম উল হক। আরহাম মূলত ছবি আঁকেন, ক্যালিগ্রাফি, অফিস-বাসাবাড়ির অন্দর ও বহিঃসজ্জার কাজ করেন। কিন্তু ‘কঠিন অনুভব’ নামে শিল্পীর আলোচ্য প্রদর্শনীটি ভাস্কর্যের এবং প্রদশনীর কাজগুলোর গল্প অন্য ধাঁচের। দেখার পর মন-প্রাণ ডুকরে উঠতে পারে। শারীরিকভাবে অক্ষম মানুষদের ব্যবহারের জন্য যে হুইলচেয়ার ও ক্রাচ—সেখানে ব্যবহৃত লোহার পাইপের ফেলে দেওয়া টুকরা দিয়ে বানানো হয়েছে প্রদশনীর ভাস্কর্যগুলো। এই ভাস্কর্য নির্মাণে শিল্পীকে সহায়তা করেছে সাভারের সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্ত মানুষের শুশ্রূষাকেন্দ্র) সেবা নিতে আসা মানুষজন। তাই শিল্পকর্ম থেকে বিক্রীত অর্থ দেওয়া হবে সিআরপিতেই।
বাস্তবে আমরা মানুষ, প্রকৃতি, পরিবেশকে যেভাবে দেখি, আমাদের সেসব দেখা বিষয়কে নিয়ে ভাস্কর্য গড়েছেন আরহাম। এ ক্ষেত্রে লোহার পাইপ, ভাঙা লোহার পাত, টিন, তার ও টিনের পাত জোড়া দিয়ে ভাস্কর্য গড়েছেন তিনি। কারও কারও স্মৃতিময় ছেলেবেলা মনে পড়বে তাঁর কোনো কোনো কাজ দেখে। আরহামের ভাস্কর্যগুলো সরল অথচ প্রকাশ করতে পারে নির্দিষ্ট ভাষা, যা সে বলতে চায়। যেমন মাছের অবয়বগুলো সরলভাবে নির্মিত হলেও তাতে এক প্রকার ছন্দ হাজির। ‘নির্বাণ’, ‘অন্তরযুদ্ধ’, ‘সময়ে বন্দী’, ‘সরল জীবন’—এসব ভাস্কর্য শিল্পী মনের সূক্ষ্ম অনুভবকেই জানান দেয়। সরু কিংবা বাঁকা পাইপের গতির সঙ্গে আড়াআড়ি পাইপের যুক্ততা গড়ে দিয়েছে বিশেষ ভঙ্গি। ফলে গড়ে ওঠা ভাস্কর্য প্রকাশ করে নিজস্ব ভাষা। আর এসব কাজে রেখার ঊর্ধ্বগতি ও আড়াআড়ি গতিকে প্রধান করেছেন আরহাম।
দু-একটি ভাস্কর্য নিয়ে খানিকটা আলাপ করলে বোঝা যাবে তাঁর ভাস্কর্যের বিষয় বিন্যাস। ‘দাঁড়িয়ে আছো’ শিরোনামের কাজটিতে দরজার ভেতরকার অবস্থা থেকে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে বানানো হয়েছে আবছা রেখায়। এর মাধ্যমে যেমন ফর্মের ভাঙা-গড়া প্রকাশ পেয়েছে, তেমনি এখানে ফর্ম ভেঙে মানুষের অবয়বপ্রাপ্ত লোহার মধ্যে যে দারুণ এক ছন্দ সৃষ্টি হয়েছে, এটি জানান দেয় ভাস্কর্যটি। অন্য আরেকটি ভাস্কর্য ‘সরল জীবন’। এই কাজটিতে দাঁড়ানো ফুলের গাছে দৃশ্যমান হয় একটি পাখি। বিষয়টি কিন্তু একেবারেই সরল। কিন্তু এখানে প্রবল হয়ে উঠেছে শিল্পীর সৃজনচিন্তা।
প্রদর্শনীর কাজগুলোকে অতি উচ্চকিত শিল্প বলা যাবে না। কিন্তু এক দেখাতে ভালো লাগবে—এটুকু বলা যায়। আলিয়ঁস ফ্রাঁসেজের লা গ্যালারিতে ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত।