
এখনো তাঁর লেখার, বিশেষত ছোটগল্পের পাঠ মানেই এক অতুলনীয় অভিজ্ঞতার ভাগীদার হওয়া। টোবাটেক সিং ও অন্যান্য গল্প নামের এ বইয়ের প্রথম গল্প ‘লাইসেন্স’-এর কথাই ধরা যাক। আব্বু নামের এক টাঙ্গার কোচোয়ান। ঘটনার যোগে নীতি নামের এক অপরূপা যুবতীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম ও পরিণয়। পরিণয়ের পর ‘যৌবনের পাগলামিতে দুজনেই ডুবে ছিল।’ এর মধ্যে একদিন কী হয়, অপহরণের মামলায় আব্বু ও নীতিকে গ্রেপ্তার করে পুলিশ। নীতি ছাড়া পায়। কিন্তু আব্বু ছাড়া পায় না। নীতিকে তার বাবা ও মা ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু সে অস্বীকৃতি জানায়। সে থেকে যায় স্বামীর বাড়িতে। স্বামীর জন্য মামলা লড়ে যায়। তবে একটা কিছু সমাধান হওয়ার আগেই জেলের ভেতরে রোগে-শোকে ধুঁকে ধুঁকে মারা যায় আব্বু। তারপর নীতির জীবনে নানা লোভ-প্রলোভনের হাতছানি আসে, কিন্তু স্বামী আব্বুকে ছাড়া কিছুই বোঝে না সে। সে আর বিয়ে করে না। শেষ পর্যন্ত নীতি সিদ্ধান্ত নেয় স্বামীর টাঙ্গা সে নিজেই চালাবে। কিন্তু সেখানেও বাধা। মিউনিসিপ্যালিটির নিয়মনীতি বাধা হয়ে দাঁড়ায়। তাদের সোজাসাপ্টা কথা, মেয়েরা টাঙ্গা চালাতে পারবে না। এ ব্যাপারে তাদের লাইসেন্স দেওয়া হয় না। বলা হলো, ‘বাজারে বসো গিয়ে, ভালো আয় হবে।’ ‘অফিসারের উত্তর শুনে নীতির ভেতরে আসল যে নীতি ছিল, তা জ্বলেপুড়ে ছবি হয়ে গেল।’ এবং ‘পরের দিন সে আবেদন পেশ করল। এরপর দেহ-বেসাতির লাইসেন্স পেয়ে গেল সে।’ মন্তব্য নিষ্প্রয়োজন।

টোবাটেক সিং ও অন্যান্য গল্প
সাদাত হাসান মান্টো
অনুবাদ: জাফর আলম
প্রচ্ছদ ও অলংকরণ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
ডিসেম্বর ২০১৫
১২৮ পৃষ্ঠা
দাম: ২২০ টাকা।
দাঙ্গার গল্প ‘টোবাটেক সিং’, ‘খোদার শপথ’, ‘গুরুমুখ সিংয়ের অঙ্গীকার’, ‘ডার্লিং’, ‘ঠান্ডা গোশত’, ‘মুহাজির’, ‘অদৃষ্টের লিখন’, ‘ধৈর্য’, ‘বাঁটোয়ারা’, ‘যথার্থ ব্যবহার’, ‘অলৌকিক’, ‘পশু’, ‘ঘাটের সওদা’, ‘আপ্যায়ন’ ও ‘কমিউনিজম’ ইত্যাদির পাঠ পাঠককে শুধু শিহরিতই করবে না, এই শিক্ষাও দেবে যে আমাদের জীবনে যেন এমন সর্বনাশা কাল আর কোনো দিন ফিরে না আসে।
পাশাপাশি মান্টোর সাধারণ মানবিক সুখ-দুঃখের গল্পও এমন এক জগতে নিয়ে যায়, যে জগতের চিরচেনা আবহও, এমনকি ঘটনাও, তার প্রকাশভঙ্গি ও সুগভীর অন্তর্দৃষ্টির কল্যাণে বোধ এবং বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে দেয়।
জাফর আলমের ঝরঝরে বাংলায় এ বই সত্যিই সুখপাঠ্য হয়ে উঠেছে। মনেই হয় না এটি অনূদিত।