কতকাল একই জায়গায় দাঁড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একটি বকুলগাছ গোপনে অশ্রুর শিশিরে ভিজে
কতকাল একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে
সুমিষ্ট গন্ধ বিলাচ্ছে—
মা-বাপ-ভাই-বোন-পুরোনো পড়শি ছেড়ে কতকাল আছে
শিশুদের মতো পাখিরা আকাশ-বাতাস-মেঘ-রোদ-শীত
গরম জ্বালাচ্ছে কতকাল
আর কত সহ্য করবে সহ্য হয় না আর
থালা-বাসন কাঁসার শব্দ আগুনের তাপ
আর সহ্য হয় না—এরপরও ঢের কটু কথা
এমনকি মারধর অসুখ-বিসুখ আছে
তারার সাথে শোয়া জেগে থাকা চাঁদ-তারা হাহাকারে হাসে
কত কী যে স্বপ্ন দেখা কিছুই মনে থাকে না
জেগে ওঠার পর
রাতে জোনাকিরা সাদা নিঃশব্দ
চাঁদকে ডাকলে চাঁদ আসে না
রাতে গাছপালার মধ্যে একটা পাখি ডাকে
চাঁদ-তারা হা হা করে হাসে—তারার সাথে শোয়া জেগে থাকা
কতকাল একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বকুলগাছ
একই ঘরে একই বাতি জ্বলছে কতকাল...