কতিপয় আঁতেল এবং তাদের অতিশয় ছোঁয়াচে আঁতলামি সিনড্রোম: কিন্তু শেষ পর্যন্ত আদিম সত্তা
‘এবার বল, গল্পটার নাম কী দেওয়া যায়? ভেবেছিস কিছু?’‘শেষ প্রহরের প্রহরী কিংবা প্রতীক্ষার প্রহর শেষের প্রহরী,’ চৌকস চৌধুরী জানাল।‘আমি দিতে চাচ্ছি দূর দূর দুষ্ট দুশমন, দূর হ অথবা শুধু দূর হ দুশমন। কিংবা যদি বেশি রাগী হয়—কাপালিকের গর্দানে কামড়, আর একটু লম্বা করা গেলে—গর্দানে দাঁত বসিয়ে রক্ত চুষে তালি বাজিয়ে অট্টহাসি!’কেতনটা সত্যি একটু বেশি কথা বলে, ভাবল আহা, মানে আলী হায়দার। নিজের নামটা নিয়ে খুবই বিব্রত সে, শুনলেই লোকে জানতে চায়, হায়দার ভাইয়েরা তার কী হয়। তবু এখন এই পুরোনো নাম বদলিয়ে জুতসই কোনো নাম নেওয়ার আর উপায় নেই। কারণ, তার প্রথম গল্প ‘যাচ্ছে চলে ঢিমেতেতালে’ সাংঘাতিক প্রশংসা পেয়েছে, নতুন নাম নিলে সেই ক্রেডিট তার সঙ্গে ইমেজটাও মাঠে মারা যাবে।‘আমি দিতে চাই, চোখের বালি রিলোডেড। ইয়্যুল ফাইন্ড হিয়ার রবীন্দ্রনাথ রিডিফাইন্ড।’ এ হচ্ছে মোপা, অর্থাৎ মোতালেব পাটোয়ারি। ভালো ছবি আঁকে এবং ওই নামেই বিখ্যাত হতে চায়, আসল নামটা কাউকে এখন আর বলে না সে।‘দ্যাটস অরিজিনাল, চিন্তাটাই তো ইউনিক, ঠিক আসে?’ য-ফলা মন্তব্য করল। প্রথম পরিচয়ের সময় মুহম্মদউল্যা তার নামের বানান ঠিক করে বোঝাতে গিয়ে বলেছিল উল্লা নয়, ল-য়ের পরে য-ফলা দিতে হবে। সেই থেকে সবাই ওকে য-ফলা বলেই ডাকে। তবে প্রতি কথায় একাধিকবার ‘ঠিক আসে?’ বলার জন্য কেউ কেউ ওই নামেও ডাকে। একইভাবে হারান মানে হারাধন দাশ হয়েছে তালব্য-শ, সেখান থেকে কথ্য-তালিবশ্য।‘এ ক্যামোন নাম ওইল অ্যাঁ, এ তো কিসুই হোইনি। এর থনে কও, খাঁচার পাখি উইড়ে যাই!’ ভাষার সমস্যাটা রয়েই গেল নাটকের ক্যামেরাম্যান সুমনের। অথচ ফ্রান্স থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমা করে এসেছে সে।‘মানে, পাখি উড়ে যায়?’‘হ্যাঁ, তাই তো কঅলাম আমি, না কী?’‘কোনো নাম দিতে হবে না।’ রায় দিয়ে ফেলল রোদেলা নামের ছোটখাটো সুশ্রী মেয়েটা, ‘ওই গল্প আমরা পড়ব না।’‘সর্বনাশ, বলে কী!’ মাথায় যেন হঠাৎ বাজ পড়ল আহা-র। বস্তুত তার ক্ষতিটা একটা গল্প বৃথা যাওয়ার চেয়ে অনেক বড়।একসময় রোদেলা তার হাউস টিউটরকে লুকিয়ে বিয়ে করে ফেলে, জানাজানি হওয়ার পর ওর বাবা বেদম পিটিয়েছিল সেই ছেলেকে। পরে সেই স্বামী রোদেলার থেকে টাকাপয়সা নিয়ে বিদেশে গিয়ে আর যোগাযোগ রাখেনি এবং ওই সংক্ষিপ্ত সময়ের ফসল একটা বাচ্চাও আছে। ইদানীং আহা-র যাবতীয় লেখার মূল টার্গেট রোদেলা, আসলে একে ইমপ্রেস করতেই এই গল্প লিখেছে সে। কোথাও ছাপা হোক বা না হোক, ও শুধু পড়লেই হবে। কারণ, ঘুরিয়ে-ফিরিয়ে ওকে প্রেম কিংবা এক হিসেবে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে ওই গল্পে, যে কথাগুলো বন্ধুত্বের সীমানা ভেঙে বলতে পারছিল না সে। এখন রোদেলার কথা শুনে ওর একেবারে ভিরমি খাওয়ার জোগাড়।এই আড্ডার আরও একজনের চোখ আছে ওর ওপর, রীতিমতো ট্যারা চোখ। সে হচ্ছে তালিবশ্য। তবে ওর কাছে রোদেলা স্রেফ একটা পাকা ফল, শুধু জুতমতো পেড়ে খাওয়ার অপেক্ষা।‘পড়ব না? কেন?’ বিহ্বল কেতন জানতে চাইল।‘কেন আমরা ড্রাইভার, দারোয়ান, চাকর-বাকরদের কীর্তি-কাহিনি ইনিয়ে-বিনিয়ে শুনতে যাব? হাবিল-কাবিল সবখানেই আছে, কোনো নারীকে নিয়ে ওদের টানাহেঁচড়া হতেই পারে, সেটা আমরা কেন চর্চা করব? কীভাবে আশা করবি যে ওদের প্রেম রসোত্তীর্ণ হবে? ভাতের চিন্তায় এমনিতেই ওদের সুকুমার বৃত্তিগুলো চলে গিয়ে সহজাত সংবেদনশীলতাটুকুও মরে যায়। যৌনতা হয়তো থাকে, প্রেম নয়।’‘আমাদের সব যৌনতায় প্রেম থাকে?’ একটু হয়তো আত্মসমালোচনাই করল য-ফলা মনে মনে।‘ডোম-চামারদের নিয়েও ভালো সাহিত্য হতে পারে।’‘কচু পারে। রুচির ব্যাপার না হয় বাদই দিলাম, লজ্জাও লাগে না? ওদের নিয়ে লিখতে চাইলে নন-ফিকশন লেখো, মিথ্যা গল্প বানানোর কী দরকার?’‘একদম ঠিক কথা,’ নাক গলাল চৌকস। ওদের নিয়ে ভালো সাহিত্য রচনা করতে হলে সেটা ওদেরই করতে হবে, সুযোগ করে দে, ওরা লিখুক। তুই-আমি বাইরের থেকে গিয়ে প্রতিবেদন ছাড়া ওদের কথা আর কী লিখতে পারি? আবার লেখার প্রাচুর্য না থাকায় এখন এমন হয়েছে, নন-ফিকশন বলতে মানুষ শুধু প্রবন্ধ মনে করে।’‘তাহলে মেথর-মাঝিদের কাহিনি মানুষ পড়ে ক্যান?’‘খুব সম্ভব ব্যাপারটা যৌন। মানুষ বৈচিত্র্য খোঁজে।’‘তোর কাছে তো রবীন্দ্রসংগীতও যৌন লাগে।’‘শোন, আমার একটা ঘটনা বলি, ওই যে তানপুরা না কী যেন একটা ছবি খুব হিট হলো না? ওইটা একবার টিভিতে দেখাচ্ছিল। হঠাৎ...’‘হঠাৎ তোর চোখে পড়ল মাঝির মেয়েটা রাখালের দিকে কেমন করে যেন তাকাচ্ছে, তাৎক্ষণিকভাবে এ যে একটা সিনেমা, সেটা ভুলে গিয়ে তুই চোখ ফিরিয়ে নিলি। কারণ, মুহূর্তের জন্য তোর মনে হলো ওদের ওসব তোর দেখা উচিত নয়, এই তো? ওই এক কথা আর কয়বার বলবি?’ ওকে থামিয়ে দিল কেতন।‘তুই কি পারবি, তোর বাসার কাজের মেয়ে কার সঙ্গে কী করে সেটা উঁকি মেরে দেখতে?’‘বাদ দে,’ প্রসঙ্গ পাল্টাতে হঠাৎ বলল, ‘য-ফলা, আমার একটা ঘটনা শোন, একবার শুনলাম, শাহসাহেব বাড়িতে একটি আংটি দেয়, ঠিক আসে? ওইটা হাতে পরলে পাইলস ভালো হয়। পরে কয়েকজনের কাছে প্রমাণও পাইসি, ঠিক আসে? আমার তো ঝাড়ফুঁক বিশ্বাস হয় না, তো চিন্তা করলাম, ঘটনাটা কী। তারপর অনেক ভাবনাচিন্তার পর মনে হইল, রুপা! আংটির ওই রুপাই আসল ওষুধ, ঠিক আসে? পাইলস থাকলে তোরাও ট্রাই মাইরা দেখতে পারস, ঠিক আসে? রুপার একটা আংটি পর, তারপর টয়লেটে বইসা বাংলা নিয়মে...,না হইলেও ক্ষতি নাই, পানি খরচের পর আংটিটা একটু হালকা ঘইষা দিবি, ব্যস। ১৫ দিনের মধ্যে সব ক্লিয়ার, ঠিক আসে? আসলেই দোস্ত, রুপা একটা আজব জিনিস। আংটি হাতে থাকলে কোনো দিনও পাইলস হবে না, ঠিক আসে?’‘ভালোই তো বুজরুকি শিখেসো, এই তোর দাদার বাপ না পীর আছিল রে?’ ফোড়ন কাটল সুমন। প্রায়ই ওর তুই-তুমি-আপনি-র কোনো ঠিক-ঠিকানা থাকে না।‘আমি উপকার পাইছি, তাই কইলাম। কথাটা নিবি, না ফালায়া দিবি, সেইটা তর ব্যাপার, ঠিক আসে?। সোনা-রুপার কদর তুই মুরুক্ষ কী বুঝবি, বুঝতো আগেকার দিনের রাজা-বাদশারা!’‘ইশ্, কী সব বাজে টপিক্স। অন্য কথা বল না প্লিজ! মেয়েলি মিনতি করল রোদেলা।‘না, না, তালিবশ্য বলল, পাইলস-টাইলস নয়, আমি ভাবছি আগেকার দিনের রাজা-বাদশারা কত জ্ঞানী ছিল? সবারই এই রকম একটা ধারণা যে আগেকার লোকেরা খুব জানত। প্রাচীন কোনো কিছু হলেই সেরেছে, পুরোনো পুঁথিতে যা লেখা সবই সঠিক? আবার সিনেমায় দেখিস, বাড়ির বুড়ো চাকরটাই হয় সবচেয়ে বুদ্ধিমান আর বিবেকবান। বয়স্ক বিদূষকের এত বুদ্ধি, অথচ সে কেন রাজা হতে পারে না?’‘না, ওইটা আবার অন্য কাহিনি,’ চৌকস বলল। একসময় ছিল নায়কের চেয়ে তার চামচাই বেশি চালাক, অথচ উঠতে-বসতে থাপড় কিংবা লাথি খায়। ওসব আজগুবি জিনিস। এখন আর চলে না, এখন সিনেমার কাহিনিতে নায়কের বন্ধু থাকলে তার জন্য আর একজন কমপক্ষে সাইড নায়ককেই নিতে হয়। নায়কটাও “গা সুন্দর খালাতো ভাই” হলেই হয় না, বুদ্ধি থাকতে হয়।’‘আসলে বুদ্ধি নয়, নায়কের নায়কোচিত ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ,’ এবার রোদেলা ফোড়ন কাটল।‘মানে?’‘মানে, তখনকার দিনের লেখকেরা হয়তো ব্যাখ্যাটা জানত না, কিন্তু তারা দেখেছে চালাক হলেই লোকে সফল হয় না, আরও কিছু লাগে।’‘কী লাগে? এখন আমরা কিসের ব্যাখ্যা জানি?’‘এখন আর আইকিউ দিয়ে কারও বুদ্ধিমত্তাকে কিংবা যোগ্যতাকে সম্পূর্ণভাবে পরিমাপ করা যায় না, এখন তার ইমোশনাল কৌশ্যন্ট মানে ইকিউ বুঝতে হবে। ইমোশনাল ইনটেলিজেন্স অর্থাৎ নিজের কিংবা অন্যের আবেগকে, ইমোশনকে বুঝতে পারা, নিয়ন্ত্রণ করা কিংবা উসকে দিতে পারা, বড় বড় নেতার মধ্যে যা খুব বেশি থাকে এবং সেখানেই তোমার-আমার থেকে তাদের পার্থক্য তৈরি হয়ে যায়।’‘হুম,’ মোপা ভাবল, ও বাইরের বইপত্র খুব পড়ে। সে জন্যই ওর সব লেখাকেই, বিশেষ করে যেগুলো একটু ভিন্ন ধরনের বা বুঝতে কষ্ট হয়, মনে হয় যেন অনুবাদ, না হয় বিদেশি কারও লেখা থেকে চোথা মেরেছে। তার নিজের বলে বিশ্বাস হয় না।বলছে রোদেলা, ‘আইকিউ ভালো হলেই সেই লোক খুব সাকসেসফুল হয় না, পেশাগত কিংবা সামাজিক জীবনে সাফল্য আনে ইআই। এসব আমাকে প্রথম বলেছে আমার বাবা। সামাজিক মর্যাদার ক্ষেত্রে কিংবা পেশাগত জীবনেও সবাই একই রকম ভালো করে না। অথচ আমার বাবাকে দেখ, চাকরি করতে করতেই ডক্টরেট করেছে, চিফ ইঞ্জিনিয়ার থেকে সেক্রেটারি পর্যন্ত হয়েছে। জুরিখের রাস্তায় মাকে নিয়ে যেভাবে স্পোর্টস কার চালিয়েছে, এখন এই বয়সেও মা ঢাকার রোলার কোস্টারে চড়ে হাসে।’‘ওফ,’ তালিবশ্য ভাবল, মেয়েদের নিয়ে এই এক বিপদ, কথায় কথায় খালি আব্বু-আম্মুর গল্প। বিশেষ করে আব্বু এবং তাই মেয়েদের পটাতে চালাক ছেলেরা করে মায়ের গল্প। কিন্তু বিয়ের পরে নাকি পরিস্থিতি আবার বদলায়, তখন ভুলেও আর মায়ের হাতের রান্নার প্রশংসা করা যাবে না। হা হা হা!’রোদেলা বলল, ‘বাবা নিজেও অবাক হয় তার এই সাফল্যে। সাধারণভাবে...তোরা সবাই যেটা ভাবিস, জায়গামতো তেল মেরে মেরে ওপরে ওঠা যায়, সেটা ঠিক নয়। আমি দেখেছি, টেলিফোনে অনেক টপ পারসনের সঙ্গে বাবা কীভাবে কথা বলে। কেউ কেউ বলে, তার ওই সোজাসাপ্টা কথার জন্যই সে তার ফিল্ডে পপুলার, ওই ব্যাখ্যায়ও বাবা সন্তুষ্ট হতে পারেনি। অনেক খুঁজে অবশেষে পেয়েছে এর উত্তর, এইমাত্র যেটা সংক্ষেপে বললাম।’‘ইকিউ?’‘হ্যাঁ।’‘বুঝলাম না।’‘বুঝলে তা আর জিগাইতি না, মোপা।’‘তার মানে?’‘আরে হা হা হা, এটি একটা গল্প। আমি তখন অনেক ছোট, আজিমপুরে আমাদের তখন টিনের ঘর। একদিন মাথার ওপর চূড়ো খোঁপা করা চুলে জবা ফুল গোঁজা, কপালে তিলক কাটা এক মহিলা এসে মাকে বলে, ভিক্ষা দে! মায়ের বোধ হয় তখন কাজের বেটি দরকার ছিল, ক্যাজুয়ালি জিজ্ঞেস করল সে ভিক্ষা না করে কোনো কাজ কেন করে না। মহিলা কঠিন স্বরে জবাব দিল, “সেইটা বুঝলে তো আর জিগাইতি না”!’‘আর আমার ওই আহা নামটা শুনলেই মনে হয় বুঝি কইল, আ-হায়!’‘মানে? এর গল্পটা কী?’‘এইটার গল্প হইল, একদিন বাসে ভিড়ের মইদ্দে এক হেরৈঞ্চি, ঠিক আসে? এক লোকের পকেটে হাত ঢুকায় দিসে, আর ওই লোক খপ কইরা, ঠিক আসে? হাতটা টান দিয়া বাইর কইরা চিল্লাইতাসে পকেটমার কইরা, সে তখন হাসে আর বলে, আ-হায়, আ-হায়, কারে কী কয়!’‘হো হো হো!’‘আচ্ছা, আলাদিনের দৈত্যটা এসেই সব সময় এত হাসে কেন, এত খুশি কিসের?’‘ভূতকে প্রথম কে শেখাল ওই রকম নাকে বাধিয়ে কথা বলতে? তারপর কেন আর সে ঠিক করে বলতে শিখল না?’‘প্রথম যে-ই বের করুক তারপর কেউ আর সেইটার বাইরে যায় না ক্যান?’‘কোনো কিছু যদি অরিজিনাল করতে পারিস তো সেটা চিরকালের হয়ে যাবে, যেমন—দৈত্যের হাসি বা ভূতের খোনা গলা।’‘আচ্ছা, আমরা কেন লিখি?’‘গল্প লেখা একধরনের পাগলামি।’‘তার মানে?’‘কেন লোকে বানিয়ে বানিয়ে কাহিনি বলে? আসলে সে নিজে যা করতে চায় কিন্তু পারে না নানা কারণে, সেগুলোই সে ইনিয়ে-বিনিয়ে লিখে একধরনের আত্মতৃপ্তি পায়।’‘আমি লিখি সমাজ বদলের জন্য।’‘ভালোই তো ছিল সমাজটা, এটা বদলাতে তোকে কে বলেছে?‘সমাজটা কি বদলাইসে? লালসালু লেখা হইসিল কবে, এখন কি আর মাজার কালচার নাই? ইলেকশন আইলে দেকবা, ঠিক আসে?আমি লিখি শুধু রোদেলার জন্য!’ আহা ভাবল।‘আমি আর কোনো উপায় না পেয়ে সমাজ থেকে এভাবে যদি কিছু সুবিধা আদায় করা যায় সে জন্যই লিখি।’‘হুম, এইটা ঠিক আছে। যেমন শামসুর রাহমান বলেছিলেন, “লভ্য কিছু খ্যাতি আর মুদ্রা কতিপয়”।’‘যাক, আমি বলছিলাম একটা গল্প লিখেছি, যেটা তোদের সবাইকে পড়িয়েছি। একটা ‘ভালো’ গল্পের জন্য যা যা লাগে সব রকম চেষ্টাই করেছি, মাটির গন্ধ দিয়েছি...মানে আমার পক্ষে যতটুকু গন্ধ দেওয়া সম্ভব আর কি।‘দুর্গন্ধই হওয়ার কথা!’কর্ণপাত না করে বলে চলল আহা, ‘পাটশাক, ফাইসা মাছ, এমনকি ওলটকম্বলের শরবতও খাইয়েছি। আশা করি, তোদের সবার ভালো লেগেছে।’‘সরি, দুঃখ নিস না, একদম ভালো লাগে নাই।’‘কেন?’‘কিছু খাওয়া, তাইলে ভালো কমু, ঠিক আসে?’‘হা হা হা, ওদের এত কিছু খাওয়ালি, আমাদের পাটশাক দরকার নাই, মাশরুম সস দিয়া পাস্তা খাওয়া।’‘আরে না না, গল্পটা তো ভালোই হয়েছে!’‘শোন, ভালো গল্প লিখতি অলি পরে ওর মইদ্দে সাধারণ মানুষের কতা থাকতে হবে, গ্রামের সহজ-সরল পরিবেশ...পুকুর-নদীতে ঝাঁপাঝাঁপি, গাছে চড়ে আম পাইড়ে খাওয়া...প্রাকৃতিক প্রেক্ষাপট উটয়ে আনতে হবে। শহরের বড়লোকদের কতা না, গ্রামের গরিব মানুষের কতা থাকতে হবে। ওই পাইস্তা না, সানকি ভরা পান্তা থাকতে হবে। আর ওই হিসাবে ওর গল্পটা...’‘শহরেই গরিব মানুষ বেশি, সে যাক...ও পাস্তা বলতে পারল না, কিন্তু পান্তা বলল কী করে রে?’‘অ্যাঁ, কী কওলেন?’ রেগে গেলে সব আপনি হয়ে যায় সুমনের।‘হালকা একটু টান ছিল, খেয়াল করিস নাই হয়তো।’কিন্তু প্যাঁচ লাগাল রোদেলা, ‘ভালো গল্প লিখতে হলে শুধু গরিব মানুষের কথাই লিখতে হবে—এটা কোথায় পেলি? মাটির গন্ধ বা মাটির কাছাকাছি গল্প কথাটা সম্ভবত ইংরেজি থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তাতে বাস্তবতার ছোঁয়া থাকতে হবে। সত্য সত্যই কাদামাটিতে মাখামাখি করার দরকার নাই। টাকি মাছই একমাত্র মাছ নয়, ইলিশ, স্যামন, চিতল, রুই, ট্রাউটও ভালো মাছ।’‘আসলে ধনী-গরিব কোনো কথা নয়, গল্পের সব চরিত্রের জন্য যেটা থাকতে হবে তা হচ্ছে মায়া। প্রতিটি চরিত্রই যেন হয় তোমার অতি প্রিয়, একান্ত আপন; প্রচণ্ড মমতায় বুনতে হবে চরিত্রগুলোর জটিল জমিন।’‘প্রচণ্ড মমতা?’‘বদমাশ!’ বলে তেড়ে মারতে গেল আর দৌড়ে পালাল কেতন।‘শোন, গল্প লিখবি বিমূর্ত, সব কথা খোলাসা করে বলে দিলে আর রহস্য থাকল কই?’‘তা ছাড়া সত্যিকারের কিছু বলার চেয়ে মানুষকে বিভ্রান্ত করা সহজ। পাতার পর পাতা শেষ হয়ে যাবে কিন্তু কিছুই বোঝা যাবে না, আবার থুয়ে যেতেও পারবে না কথার মারপ্যাঁচে; যেন পুঁটি মাছে রং কে লাগাল, তার চেয়ে জরুরি হলদে তারার আলো হাতে নিয়ে সময়ের সুতো আর অদৃশ্য নাটাইয়ের কথা ফিসফিসিয়ে বলে যায় যে বাতাস, আড়াল করে জ্বলে কেরোসিনের কুপি নিভে গেলে জোনাকি...’‘ধুর, এর থেইকা বরং সায়েন্স ফিকশন লেখা অনেক সহজ, যা খুশি বানায়া বলার স্বাধীনতা আছে।’‘মানে, এটা আবার কী বললি? আজগুবি কিছু লিখলেই সেটা সায়েন্স ফিকশন হয়ে যায়?’ য-ফলার কথাটা যেন মাটিতে পড়তে দিল না চৌকস।‘না, সায়েন্স ফিকশন হচ্ছে ব্যাখ্যার অতীত কোনো ঘটনা।’‘ব্যাখ্যার অতীত মানে কী, অনেক আগেই ব্যাখ্যা করা হয়ে গেছে?’‘না, যেইটা ব্যাখ্যা করা যায় না।’‘তাহলে অতীত কথাটা কতখানি ঠিক, চিন্তা কর। যা হোক, ব্যাখ্যা করা যায় না—এমন কিছুকে সায়েন্স ফিকশন বলা যাবে না। কিছু ক্ষেত্রে ব্যাখ্যার “ভবিষ্যৎ” হতে পারে, তবে সব সময় সেটারও একটা সুস্পষ্ট বৈজ্ঞানিক ভিত্তি থাকতে হবে। পাগলামি কিংবা বিকারগ্রস্ত প্রলাপ সায়েন্স ফিকশন নয়।’‘বাদ দে, সায়েন্স ফিকশন বাংলায় লেখা হয় নাই, হবেও না। অত বিদ্যা আমাদের নাই। তার চেয়ে মাটির, ধানের, গরম ভাতের গন্ধের কথা বল।’‘ভাতের মাড় খেয়েছিস কখনো?’‘আবার সেই হাভাতের মতো কথা! সুমন তো লিখল না, আর আমরা যারা শহরে জন্মেছি, আমরা কি ভালো গল্প লিখতে পারব না?’ যেন হাহাকার করে উঠল কেতন।‘হা হা হা, জন্মই আমার আজন্ম পাপ!’‘না না, সত্যিই, আমি তো গ্রাম দেখি নাই!’‘পাঠকরাও দেখে নাই, মানে ওই ভাবে না। যারা দেখেছে, তারা ওসব পড়ে না। আমি যখন প্রথম নৌকা আঁকা শিখি, তখন সেটা দেখি নাই। পরে আব্বা লেকে নিয়ে বোট দেখাল।’‘শোন, হুক্কা যে খায়, সে কিন্তু নিজে বানায় না, অন্য একজন পানি বদলায়, আগুন দিয়ে টিকা লাগায়, তারপর ধোঁয়া বের করে তার হাতে দেয়, তখন সে আস্তে-ধীরে ফুরুক ফুরুক করে দুইটা টান মারে, তাই না?’‘তবে এইটা ঠিক, পাঠক হইতাসে টিনএজ মেয়েদের মতো। ওদেরকে ধইরা রাখতে হলে নিত্য নতুন চমক দেখাইত হয়, এইটা সব সময় খেয়াল রাখতে হবে, ঠিক আসে?’ য-ফলা তার টিউশনির অভিজ্ঞতা কাজে লাগাতে চাইল।‘হুম, এ জন্যই তোর এত বান্ধবী এবং তাই নিত্যই তোর কাছে নতুন নতুন মোবাইল দেখা যায়।’‘ভুল। মেয়েদের ওইভাবে ইমপ্রেস করা যায় না, ওদের কাছে মোবাইলের ম্যাজিক আছে। আমি ওদের যা দেখাই, সেইটা মোবাইল ফোনের কোনো সেলসম্যান দেখাইতে পারব না।’‘কী দেখাস?’‘যারে যেমনে পারি, ঠিক আসে? কেউ শুনতে চায় সারা রাত খালে মাছ ধরতে ধরতে একলা নৌকায় ঘুমায়া পইড়া নদীতে ভাইসা যাওনের গল্প, আবার ধর, কাউরে হয়তো বলি, তোমাকে পোঁটলা বাইন্দা প্লেন থেইকা ছাইড়া দিব, ঠিক আসে? তুমি কতক্ষণ চুপচাপ পড়তে থাকবা, পরে ওই অবস্থায় পোঁটলার বাঁধন খুলবা। তারপর সাথের সাত-আটজনের হাত ধরাধরি কইরা গোল হয়া ফ্রি ফল করতে মাটির থেইকা ২০০ মিটার ওপরে থাকতে প্যারাস্যুটের দড়ি ছাড়বা, ঠিক আসে? দেখ দেখ, তোরই চোখ কত বড় হইছে কল্পনা করতে গিয়া, হা হা হা!’‘তুই এসব বানাস কী করে?’‘তবে সত্য সত্যই কাউকে সিডিউস করার জন্য কিছু লেখা উচিত নয়,’ বলে শেষ খোঁচাটা মারল তালিবশ্য।কিছু না বুঝেই তড়বড় করে বলে উঠল বাচাল কেতন, ‘শুধু সাহিত্য নয়, যেকোনো শিল্পকর্মই বেশির ভাগ রচিত রয়েছে ওই উদ্দেশ্যে। এটা নতুন কিছু নয়।’কিন্তু খোঁচাটা জায়গামতোই লাগল।‘হারানটা বেশি বেড়েছে, দেব নাকি ফেলে!’ ভাবে আহা। কদিন আগে ওর কাছে একটা জিনিস রাখতে দিয়েছে হলের এক ‘ভাই’, কাজেই চিন্তা নাই। একেবারে ফেলে দিতে হয়তো পারা যাবে না, তবু জিনিসটা দিয়ে জাস্ট একটু ভয় হলেও দেখাতে হবে এবং সেটা শিগগিরই। খুব তাড়া নেই অবশ্য, কারণ সেই ভাই এখন ভেতরে, ওর কাছে ওইটা রাখার পরের রাতেই ধরা পড়েছে।রোদেলা আহা-র দিকে কেমন করে যেন তাকিয়ে আছে না? দেখে মেজাজ খিঁচড়ে গেল হারান দাশের, দাঁত চেপে সে-ও তাকিয়ে রইল আহা-র দিকে। শিক্ষা তো কতই দিয়েছে, তবু সাইজ হলো না। এবার হানতে হবে শক্ত আঘাত। ‘ভাই’ ওর কাছে একটা ‘ছোট জিনিস’ রাখতে দিয়েছিল না? হুম, পুলিশ তো সচরাচর গোপন সূত্রেই খবর পায়!