
নিকারাগুয়া: সমাটো ক্যানিয়নে গাবরিয়েলা—মঈনুস সুলতান
প্রকাশক: প্রথমা প্রকাশন ২০১৪ প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
১৯২ পৃষ্ঠা দাম ৩০০ টাকা
‘...শহর শেষ হয়ে আসছে। গাছপালায় ছাওয়া ঘরবাড়ি বেশ দূরে দূরে। ঝিঁঝি পোকার শব্দের সঙ্গে কোথায় যেন নদীর স্রোত বয়ে চলার ধ্বনি ভেসে আসে। ডাক-হরকরার মতো লাঠি বাগিয়ে হেঁটে যাওয়া লোকটিকে ডাক দেন তিনি, খামারবাড়ি কোথায়?...’
ঋত্তিক ঘটকের সিনেমার স্ক্রিপ্টের মতো, যেন কিছু বাদ দেওয়া যাবে না এমন ভঙ্গিতে, বর্ণনার অমিয়ধারায় সিক্ত করতে করতে মঈনুস সুলতান লিখেছেন ভ্রমণকাহিনি নিকারাগুয়া: সমাটো ক্যানিয়নে গাবরিয়েলা। পাঠকমাত্রই জানেন, তাঁর ভ্রমণকাহিনি গড়পড়তা এমন নয় যে দেখলাম, লিখলাম। তিনি গহিনে প্রবেশ করেন এবং গভীরের রস নিংড়ে এনে পরিবেশন করেন। পেশাগত কারণে ঘুরেছেন দেশ-বিদেশ, কিন্তু তাঁর দেখা পেশাগত নয়। যখন এসপানিওল স্কুলে সবাইকে পরিবেশের ভারসাম্য, বনায়ন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভিবাসন ক্ষমতার ওপর প্রবন্ধের ছাঁচে রচনা লিখতে বলা হলো, তিনি লিখলেন ব্লানডিনো পরিবারের চার্চে যাওয়ার ঘটনা এবং একজন মায়ের গল্প, যিনি মাতা মেরির পায়ে কেঁদে কেঁদে প্রার্থনা করছিলেন নিজ সন্তানের জন্য। তখনো স্প্যানিশ ভাষা তাঁর পুরোপুরি আয়ত্তে আসেনি। অথচ সেই লেখা পড়ে আর্দ্র হয়ে ওঠেন শিক্ষিকা সিনেরিতা এনতানিয়েতা। রহস্যময় এনতানিয়েতা তাঁকে এসপানিওলে ফেল করিয়েছেন, অথচ অশ্রুসজল হয়ে কৃতজ্ঞতাও জানালেন। একই ভঙ্গিতে লেখা নিকারাগুয়া: সমাটো ক্যানিয়নে গাবরিয়েলা প্রকৃতপক্ষে কতিপয় মানুষের গল্প। এই কতিপয় মানুষই সমস্ত নিকারাগুয়া।
নব্বইয়ের দশকে নিকারাগুয়া অন্তর্গত হয় বিশ্বের পুঁজিবাদী বাজার পরিমণ্ডলে। লেখক শুরুতেই স্বীকার করেছেন, সান্দিনিস্তা আন্দোলনের পর ঘুরে দাঁড়ানো এ দেশটিকে প্রথম দেখেছিলেন বুদ্ধিবৃত্তিক চশমা দিয়ে এবং ক্রমশ সেই চশমা ঝাপসা হতে হতে সঞ্চিত হয় তীব্র আবেগ। সপ্তাহ খানেক থাকতে এসে থেকে যান দীর্ঘ তিন মাস। এই তিন মাস তিনি অবস্থান করেছেন এক কৃষক পরিবার ব্লানডিনোদের সঙ্গে। তাদের সঙ্গে মিশেছেন অন্তরঙ্গভাবে; লাঙল চালিয়েছেন জমিতে, সবজিখেতের বহুবর্ণা পাখিদের খাইয়েছেন বেতের চাঙড়ভর্তি বীজ, ছোট্ট দোকানে পাল্লা-পাথরে মেপে বিক্রি করেছেন যবের আটা, শিশুদের লজেন্স। অন্যান্য ডিপ্লোম্যাট সঙ্গীরা যখন পাঁচতারা হোটেলে সুইমিং পুলের পাশে লাঞ্চে মগ্ন, তিনি হয়তো তখন রাস্তায় দাঁড়িয়ে পোড়া ভুট্টা খাচ্ছেন। রূপসী শিক্ষিকাদের জন্য হাওয়াই মিঠাই কিনে নিয়ে আসছেন এসপানিওল শিক্ষার ‘ইসকুয়েলাতে’। এই ইসকুয়েলাতেই লেখকের পরিচয় শিক্ষিকা ইভা মরালেস ও এনতানিয়েতার সঙ্গে। রহস্যময় এনতানিওর মুখ থেকে তাঁর সন্তানলাভের কাহিনি শোনার পাশাপাশি দারুণ মুনশিয়ানায় দিয়েছেন ক্যাফে-দে-খারদিনের বর্ণনা।
ইভা মরালেসকে তিনি বলেছেন গোপন বান্ধবী, যার কোমরে উল্কি আঁকা গোপন প্রতীক বলে দেয় সে কুখ্যাত গ্যাং ‘ক্রানেও এসকরপিওন’-এর সঙ্গে যুক্ত। এক গোপন উদ্দেশ্য ও বিশ্বাস নিয়ে ইভা লেখককে বলে প্রেমিক এরিক হুসতিসের গল্প, যে একদিন তাকে আকস্মিক অশ্বারোহীর মতো এসে বাঁচিয়েছিল ‘প্রতিক্রিয়াশীল রূপজীবা’ বলে আক্রমণ করা কতগুলো পুরুষের হাত থেকে।
গাবরিয়েলা ও তাঁর চার বছরের কন্যা মারিয়ার সঙ্গেও পরিচয় হয় এই ইভার মাধ্যমে। গাবরিয়েলা ক্যানসার আক্রান্ত এক নারী, যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সাক্ষাৎ মৃত্যুর দিকে। তাঁর স্বামী ম্যানুয়েল সান্দিনিস্তা বিপ্লবের ভিকটিম। ‘রোগে ভুগে শীর্ণ স্তনভারহীন শরীরের’ গাবরিয়েলাকে লেখক নিয়ে গিয়েছিলেন তাঁর স্বপ্নের কাছে, সমাটো ক্যানিয়নে।
বইটিতে উঠে এসেছে আরও কিছু অদ্ভুত ও আগ্রহ-জাগানিয়া মানুষের গল্প। বিপ্লবের সময় পা হারানো চিত্রকর মায়েস্ত্রা অ্যালবারেজ, কবি সরণির গদ্যকার অ্যান্থনি এবং ঝিনুকের খোলে ঝরা কুসুম সাজানো সেইশা, যে কোনো ভাষাতেই কথা বলতে পারে না, সত্তর বছরের চার্লস ডেভান, দনিয়া আরমানদো—এমন অনেকের মমতাময় আখ্যান পাঠককে কখনো মুগ্ধ করে, কখনো কাঁদায়। লেখার সঙ্গে সঙ্গে সাদাকালো ছবিগুলো মন ভরে দেয়। পাঠকের সুতীব্র আকাঙ্ক্ষা জাগবে যশস্বী কবি রুবেন দারিওর ‘বিপুল বিশাল স্বপ্ন এবং বেজায় ছোট্ট দেশ’, স্বর্গের পূর্ববর্তী কক্ষ নিকারাগুয়া ভ্রমণের। আফসোস হবে, ঈর্ষা জাগবে লেখকের সৌভাগ্য ও বর্ণনাভঙ্গির প্রতি।