কথাশিল্পীর জীবনযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাৎকার ও অন্যান্য রচনা—হাসান আজিজুল হক \ বইমেলা ২০০৯ \ একুশে বাংলা প্রকাশন, ঢাকা \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ ৮০ পৃষ্ঠা \ ১২০ টাকা আমাদের সাহিত্যে ‘কেন লিখি’ ধরনের লেখার অভাব নেই; কিন্তু ‘কেন লিখি না’ এ রকম বক্তব্য লেখকের দিক থেকে অন্তত খুব বেশি নেই। ‘কী কী লিখি না’ অথবা লেখা যায় না, সে বিষয়েও তেমন উল্লেখযোগ্য লেখা পাঠ করেছি বলে মনে পড়ে না। হাসান আজিজুল হক, যিনি নিজেকে সার্বক্ষণিক লেখক হিসেবে বিবেচনা করেন, তিনিই কিনা এই না-লেখা নিয়ে লিখছেন! এর মধ্যে স্ববিরোধিতার কিন্তু কিছু নেই। মানুষ যখন তার জীবনটাকে বয়ে নিয়ে চলে, সেখানে মৃত্যুটাও তো তার পাশাপাশি চলতে থাকে। এটাই বাস্তবতা। কোনো রহস্যও নেই। আর হাসান তাঁর না-লেখার সূত্রটা তুলতে গিয়ে যেটা শুরু থেকেই নানাভাবে বলতে চেয়েছেন, সেটা তাঁর নিজের স্নায়ুর অসুস্থতার কথা।হাসান তাঁর ‘না-লেখা’ প্রবন্ধটি শুরু করেছেন প্রেমেন্দ্র মিত্রের প্রসঙ্গ নিয়ে। আর এরই সূত্র ধরে টেনে নিয়ে আসেন হেমিংওয়ের প্রসঙ্গ। তবে সেটা একেবারেই ভিন্ন অর্থে। এই যে অনেক লেখা আর লিখতে না-পারার অক্ষমতা—এই দুটোকে হাসান সামনে এনেছেন তাঁর নিজের অবস্থাটা খোলাসা করে বলার জন্যই তো।কী সেই অবস্থা? হাসানের নিজের ভাষায় বলা যায়, একজন লেখকের আশাহীন, আলোহীন, আশ্বাসহীন শূন্যতার মাঝে ঝাঁপিয়ে পড়া। আমাদের চমকে দিয়ে হাসান বলেছেন, ‘দস্তয়েভস্কি, হেমিংওয়ে কাফকা কারও বই পড়ে আমাকে অপরোক্ষ চেতনা সংগ্রহ করতে হয় না। তিরিশ বছর ধরেই আমার জানা হয়ে গেছে জীবনের নিরর্থকতার বোধ কাকে বলে, অর্থহীনতা কি, শূন্যতা কি, লক্ষ্যহীন, অবলম্বনহীন কোনো কূপ থেকে কুণ্ডলী পাকিয়ে উঠে আসে আর গোটা বিশ্বকে ঢেকে দেয়। জীবনটাকে তখন থুথু ফেলারও যোগ্য জায়গা বলে মনে হয় না।’ তাহলে তিনি কী নিয়ে লিখবেন? এই প্রশ্ন তো পাঠককেও কখনো কখনো পেয়ে বসে। উত্তরও পেয়ে যাই আমরা হাসানের কাছ থেকেই। জীবন নিয়ে। জীবন মানেই তো জীবন। মানুষের জীবন। জীবনের যাবতীয় অভিজ্ঞতাকে পাহাড়সম উচ্চতায় তুলে এনে যদি সাহিত্যে রূপায়ণ না করা যায়, তাহলে একজন লেখকের সারা জীবনের লেখালেখি তো অর্থহীন। আবার সব অভিজ্ঞতাকে সব সময় সব লেখক মেধা-মনন-চৈতন্যের তাপে গলিয়ে সাহিত্যে টেনে আনতে পারেন না, পারাটা সম্ভবও নয়, হাসানের এই স্বীকারোক্তি থেকে তা আরও একবার পরিষ্কার হয়ে ওঠে; যে কারণে কোনো লেখকের পক্ষেই সর্বত্রগামী হওয়া একটা অসম্ভব ঘটনা; তা তিনি রবীন্দ্রনাথই হোন, গ্যটে হোন আর দস্তয়েভস্কি হোন। তিনি জানিয়েছেন, ‘প্রায় তিন দশক ধরে টানা লড়ছি। আমার জীবনের কতটা খুবলে খেয়েছে। কোথায় কোথায় অতল গহ্বর তৈরি করে দিয়েছে, জীবনের কত উদাম, কত ফুলের ঘ্রাণ, খাদ্যপানীয়ের স্বাদ, বন্ধু সংসর্গের আনন্দ। কত গ্রন্থপাঠের, কত সামাজিক, পারিবারিক দায়িত্ববোধ ছিনিয়ে নিয়েছে, তা একমাত্র আমিই জানি। কিন্তু কখনোই লিখিনি। হয়তো না লেখার অতলে তাদের পাঠাব।’ এই না-লেখাটুকু নিয়ে হাসানের তেমন দুঃখবোধ রয়েছে বলে মনে হয় না। কেননা, স্নায়ুর এই বিবশতার মধ্যেও হাসান যে লেখালেখিটুকু এখনো ধরে রাখতে পেরেছেন, সেটা ওই না-লেখার জন্যই। যুদ্ধক্ষেত্রের মতো জীবনেও সব সময় জয়লাভ করার ব্যাপারটা আরও একটা রূপকথা। চীনের মাও সে তুং যেমন দুই কদম এগোনোর আর এক কদম পেছানোর কথা বলতেন, সেটা শুধু তত্ত্বের দিক থেকেই যে সত্যি, তা নয়। ব্যবহারিক জীবনেও এ রকম এগোনো-পেছানোর ব্যাপার চলতেই থাকে। বাইবেলের নবীরাও দেখি জীবনের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে কী বিশাল ধরনের ছাড়ই না দিয়েছিলেন। এটুকু দিয়েছিলেন বলেই শেষ পর্যন্ত সামনের দিকে তাঁরা এগোতে পেরেছিলেন। হাসান যে টিকে আছেন, তার বড় একটা কারণ হলো জীবনের দিকেই, মানুষের দিকেই, পৃথিবীর দিকেই তিনি তাঁর হাত সব সময়ই বাড়িয়ে রেখেছেন। রবীন্দ্রনাথ থেকে তলস্তয়—সবাই এই হাত বাড়িয়ে রাখার কথা, মানুষে-মানুষে এই যোগের কথাই নানাভাবে বলে গেছেন। স্নায়ুর বিবশতা সেখানেই বেশি, যেখানেই দেখা যায় মানুষে-মানুষে নানা রকম বি-যোগ। মানুষের দিকে মানুষের সঙ্গে মেলা আর মিলতে পারার মধ্যেই রয়েছে স্নায়ুর এই বিবশতা থেকে আত্মরক্ষার একটা প্রধান উপায়। হাসানও সেটা মেনে নিয়েছেন। যে কারণে তাঁকে বলতে শুনি, ‘আমি অতলে থেকেও বোধ হয় জীবনের দিকে চেয়ে দেখেছি।’ এই চেয়ে দেখাটা তাঁকে নিজের পায়ে দাঁড়াতে শক্তি জুগিয়ে গিয়েছে। তিনি অতল গহ্বরের মধ্যে পড়েও উঠে দাঁড়াতে পারেন। তাঁর লেখালেখিও শেষ পর্যন্ত এই উঠে দাঁড়ানোর কথাই বলে। এখানে এটাও মনে রাখতে পারলে সুবিধা হয় যে নির্বাচিত গল্প-এর ভূমিকায় তিনি লিখেছেন, ‘যে লেখাগুলি এখনো লেখা হয়ে ওঠেনি, ভবিষ্যতে লিখবো বলে ভাবি, সেই লেখাগুলোর ওপরেই আমার সমস্ত দুর্বলতা।’ তেমনই এই ‘না-লেখা’ লেখাগুলোর ওপর হাসানের অন্য একরকম দুর্বলতা থাকবে—সেটা ভেবে নেওয়াটাই তো স্বাভাবিক।এ বইয়ের সাক্ষাৎকারপর্বে হাসান সব প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিয়েছেন। হাসানের এই বক্তব্যগুলো খুব যে নতুন, তা নয়। হাসান দীর্ঘদিন ধরেই তাঁর পছন্দের আর অপছন্দের ব্যাপারগুলো খুব স্পষ্ট করে বলে আসছেন। এক প্রশ্নের জবাব দিতে গিয়ে হাসান বলেছেন, ‘অন্য কোনো প্রাণীর বিকাশ হয় না। কিন্তু মানুষের বিকাশ হয়। সেই বিকাশের প্রক্রিয়ার সঙ্গে আমাদের কোনো যোগ নেই।’ হাসান লেখক হিসেবে একা, নিঃসঙ্গ; কিন্তু তিনি কোনোভাবেই বি-যোগের সঙ্গে যুক্ত হতে চাননি, এখনো চাইছেন না।