কন্যার জন্য কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজজীবন, হোস্টেল, স্বাধীনতা
আমার কন্যা বড় হয়ে গেছে আজ
বিদেশ-মাটিতে বন্ধনহীন গ্রন্থি
খোলা আকাশের সুবিশাল কারুকাজ

আমার কন্যা আলোকিত প্রতি ভোরে
আমাকে পাঠাবে স্বপ্নের খুঁটিনাটি
অচেনা বাতাসে দূর প্রবাসের রোদে
তাকে ছায়া দেবে বাংলার কাদামাটি

ম্যাপলের পাতা ফুল হবে একদিন
শরতের গাছ আগুনে রঙিন হবে
আমার কন্যা একা একা হেঁটে যাবে
পাতা ঝরে যাওয়া অপরূপ উৎসবে

বরফ পড়বে, ঢেকে যাবে চারপাশ
প্রার্থনা করি ভালো থেকো, ভালো থেকো
শীতের শুষ্ক হাড়-কাঁপানিয়া দিনে
গরম জামায় নিজেকেই ঢেকে রেখো।

প্রার্থনা করি মহাকাশ মহিমায়
তোমার জন্য জ্বলুক সন্ধ্যাতারা
রাতের আকাশে কথিত চাঁদের বুড়ি
দুহাতে পাঠাক অশেষ আলোকধারা

দূরে আছ তবু, আমরা তোমার পাশে
তোমার ছায়ার পেছনে দাঁড়িয়ে আছি
যেখানে তোমার পায়ের শব্দ আছে
সেখানে আমরা তোমার স্বপ্নে বাঁচি।