
মাঝবয়সে এসে কবি আরশাদুল আলম দেখলেন, সারা জীবন ধরে কবিতা লিখে গেলেও তাঁর কোনো কবিখ্যাতি হয়নি। তাঁর দু-একজন বন্ধু ছাড়া কেউ তাঁকে কবি হিসেবে চেনেও না। কোনো সাহিত্য পত্রিকা তাঁর কবিতা ছাপতে চায় না, ছাপালেও উনিশ-কুড়ি বয়সী কবিদের পেছনে। কোনো প্রকাশক তাঁকে আমলে আনে না। অথচ তাঁর থেকে অনেক নিম্ন মেধার কবির বই ঘটা করে বের হয়, সুশীল সমাজের কুশীলবদের হাতে মোড়ক উন্মোচিত হয়। সেই ছবি কাগজে ছাপা হয়।
আলমের সবচেয়ে বড় দুঃখ, একটা মাত্র বই তঁার ছাপা হতে যাচ্ছিল। সে জন্য তিন মাসের বেতনের টাকা প্রকাশকের হাতে গুঁজে দিতে হয়েছিল। কিন্তু যেদিন বইয়ের প্রথম কপিটি তাঁর হাতে তুলে দেওয়ার কথা এবং সেই কপি নিয়ে তাঁর সোজা কোনো বড় সুশীলের বাসায় গিয়ে মোড়ক খোলার দিন-তারিখ ঠিক করার কথা—প্রকাশক এসে জানালেন, ছাপাখানায় আগুন লেগে দুই হাজার কপির সব কপি পুড়ে গেছে। প্রকাশক প্রমাণ হিসেবে একটা ঘটিতে কিছু স্যাম্পল ছাই নিয়ে এসেছেন এবং বলেছেন, এই ছাই পুণ্য ছাই, এর প্রতিটি অণুতে আছে শ্রেষ্ঠ কবিতা। পুণ্য ঘটিটা যত্ন করে রাখবেন।
বিয়ের পর চোখে পানি নিয়ে তিনি স্ত্রীকে কথাটা বলেছিলেন। সব শুনে স্ত্রী জিজ্ঞেস করেছিলেন, কত টাকা দিয়েছিলে?
তিরিশ হাজার।
হুম, স্ত্রী বলেছিলেন, লোকটার ছাপাখানা ছিল না, ছিল চাপাখানা। চাপাবাজি করে তোমার টাকাটা মেরে দিল।
হৃদয়ে এমন আঘাত পেয়েছিলেন কবি আরশাদুল আলম, যে প্রকাশকদের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন।
এরপর স্ত্রী দায়িত্ব নিয়েছিলেন তাঁর কবি স্বামীর খ্যাতি নিশ্চিত করার। তিনি দেখেছেন, খ্যাতির সঙ্গে খাতির আসে। আর খ্যাতি আসে প্রচারে, প্রসারে। সেই অনুসারে তিনি এগোবেন।
কবির স্ত্রী তৃণা আলম পেশায় এক বড় হাসপাতালের রোগী-সেবা বিভাগের উপপরিচালক। সেই সুবাদে নামীদামি রোগীদের সঙ্গে তাঁর পরিচয়। সেসব রোগীর সেবা দেওয়ার পাশাপাশি তিনি সংস্কৃতির সেবাও করেন, ফলে সংস্কৃতির কৃতি পুরুষদের অনেককে তিনি চেনেন। এক প্রকাশক-রোগী পেয়ে তিনি স্বামীর কথা পেড়েছিলেন।
প্রকাশক জিজ্ঞেস করেছিলেন, কবিতা সঙ্গে আছে? তিনি বলেছিলেন, না, এখনো ওর কলমে আছে।
প্রকাশক আর কথা বাড়াননি। কবিতার জন্য হাতও বাড়াননি। অল্প দিনে ভালো হয়ে চলে গেলে তার সঙ্গে তৃণার পরিচয়ের ইতি ঘটল।
আরশাদুল আলম চাকরি করেন এক ওষুধ কোম্পানিতে, কিন্তু চাকরিতে তাঁর কোনো মন নেই। তারপরও চাকরিটা যে আছে, এর কারণ কোম্পানি মালিকের করিতকর্মা কর্মকর্তার প্রয়োজন নেই। ওষুধের আড়ালে তাঁর অন্য ব্যবসা, সেই ব্যবসায় যে লাভ, তার এক ভাগও ওষুধ ব্যবসায় নেই। সেই ব্যবসা যারা চালায়, তাদের দেখা যায় না। আলমের মতো অফিসের সাত-আট কর্তাকে রাখা হয়েছে ওদের আড়ালে রাখার জন্য। তাঁকে মালিকের পছন্দ, তিনি কোনো প্রশ্ন করেন না। কিছু জানতেও চান না। দিনে কিছু ডামি ফাইলে স্বাক্ষর করেন, দু-এক দিনে একবার ডামি মিটিংয়ে বসেন। বাকি সময় হয় দামি কবিতা লেখেন অথবা কবিতার কথা ভেবে ভেবে কাটান। মালিক খুশি হয়ে তাকে বোনাসও দেন, যেহেতু আলমকে দেখলে পুলিশের সবচেয়ে চৌকস গোয়েন্দাও ভাববেন, যে কোম্পানিতে এ রকম নিরীহ আর ভালো মানুষ আছে, সেখানে দুই নম্বরি কিছু হতেই পারে না।
ওই চাকরিতে আসার আগে কিছুদিন তিনি এক সংবাদপত্রের সাহিত্য-সংস্কৃতি বিভাগে ছিলেন। সংবাদপত্রের সাহিত্য পাতায় তাঁর নামের কাছাকাছি নামের এক চিরপ্রেমিক-রাজনীতিক-প্রাক্তন কবির সম্প্রতি উৎপাদিত এক পদ্য খ্যাতিমান কবিদেরও ওপরে ছাপা হতে যাচ্ছে দেখে তিনি শেষ মুহূর্তে সাহিত্য সম্পাদককে না জানিয়ে উনিশ-বিশ বয়সীদের কবিতার নিচে তা নামিয়ে এনেছিলেন। সম্পাদক তাঁকে ডেকে বলেছিলেন, আপনাকে যে পুলিশে দিইনি, সেটা আপনার ভাগ্য।
তিনি বলেছিলেন, আর আমার ভাগ্য যে আপনার সাহিত্য যা-তায় আমার কোনো কবিতা ছাপার অনুরোধ আসেনি।
তিনি অবশ্য এ কথা বলেননি, দুবার সাহিত্য সম্পাদককে তিনি তাঁর কবিতা ছাপতে দিয়েছিলেন। দুবারই তাঁকে শুনতে হয়েছে, আরও কিছুদিন লেখেন। তারপর।
কিন্তু আর কত দিন!
একটাই মেয়ে আলম দম্পতির, নাম প্রিমা। ওর বয়স যখন আট, সে স্কুল থেকে বাসায় এসে বলেছিল, স্কুলের এক বন্ধুর মা তাকে জিজ্ঞেস করেছিলেন তার বাবা কী করেন, সে বলেছে—কবি। শুনে তিনি বলেছেন, বুঝলাম, কিন্তু কী করেন? প্রিমা রেগে বাবাকে বলেছে, আসলেই তুমি কী করো, বাবা? কেন বল, কেউ জিজ্ঞেস করলে বলবে, কবি? কবিরা কি কিছু করে?
এক রাতে প্রিমার পীড়াপিড়িতে চায়নিজ খেতে গিয়েছিল আলম পরিবার। খাবারের পর দেওয়া ফরচুন কুকি প্রিমার বিশেষ পছন্দ। কুকিগুলো সে-ই খুলে পড়ে। বাবার পাতের কুকি ভেঙে সে কাগজটা ধরে পড়ল, শোনো বাবা, কী বলেছে, ‘ফেইম নকিং অ্যাট ইওর ডোর।’
সুখ্যাতি তোমার দরজায় কড়া নাড়ছে, তৃণা অনুবাদ করলেন। আরশাদুল আলমের পুলকিত হওয়ার কথা, কিন্তু তিনি গলায় বিষাদ ঢেলে বললেন, দেখলে, খাবারের ব্যবসায়ীরাও আমাকে নিয়ে ঠাট্টা করে।
তৃণা আহত হলেন, বাহ্, তোমাকে নিয়ে আর কে ঠাট্টা করল?
কেন, প্রিমার সেই বন্ধুর মা, মিসেস রাব্বানী বখত, না কী জানি নাম?
সেই কবেকার ঘটনা, কবির এখনো মনে আছে।
তৃণা বুঝলেন, স্বামী একটা অস্তিত্ব সংকটে পড়েছেন। এর একটা সমাধান চান-ই চান। তিনি তাঁর হাসপাতালের অ্যান্টেনার শক্তি বাড়িয়ে দিলেন। সেই অ্যান্টেনায় শিগগিরই ধরা পড়ল, সংস্কৃতি প্রতিমন্ত্রী রোগী হয়ে হাসপাতালে এসেছেন। তৃণা দুই বেলা গিয়ে তাঁকে মধুর গলায় কুশল জিজ্ঞেস করলেন। তাঁর আশু রোগমুক্তি হবে, এমনটা জানালেন। আশু রোগমুক্তি এমনিতেই হতো, যেহেতু প্রতিমন্ত্রী কোনো রোগ নিয়ে আসেননি, এসেছেন দলের একটা সমস্যার জন্য কদিন নিষ্ক্রিয় থাকতে। সেটি মিটে গেলে যাওয়ার দিন তিনি প্রীত গলায় তৃণাকে বললেন, ধন্যবাদ।
তৃণা একটা কাগজ প্রতিমন্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে বললেন, কলকাতা কবিতা মেলায় আপনার যাওয়ার কথা। সঙ্গে কবিরাও যাবেন। ইনি বড় কবি। যদি সঙ্গে নেন, কৃতজ্ঞ হব।
প্রতিমন্ত্রী জিজ্ঞেস করলেন, আপনার স্বামী?
অবাক হয়ে তাকিয়ে তৃণা মাথা নাড়লেন।
প্রতিমন্ত্রী ঝানু রাজনীতিবিদ। তৃণাকে পড়তে তাঁর সময় লাগেনি। তিনি বললেন, অবশ্যই। এ আর এমন কী কথা।
প্রতিমন্ত্রী কাগজটা তাঁর পিএসকে দিয়ে বললেন, এর নাম ডেলিগেশনে ঢুকিয়ে দিন।
পিএস অফিসে ফিরে কাগজ দেখে আরশাদুল আলমকে রেলিগেশনে পাঠিয়ে দিলেন। তাঁর পরিচিত শরীয়তপুরের কবি আরশাদুল গণিকে সেই জায়গায় ঢুকিয়ে দিলেন।
কাগজে কবি-ডেলিগেশনে আরশাদুল আলমের জায়গায় আরশাদুল গণির নাম দেখে তৃণা বিস্মিত, মর্মাহত হলেন, আরশাদুল পরমাহত হলেন।
তৃণা ভাবলেন, ঠিক আছে। পথ আরও আছে। একদিন তিনি প্রতিমন্ত্রীর বাড়িতে গিয়ে দুই ঘণ্টা বসে থেকে তাঁকে বিষয়টা জানালেন। প্রতিমন্ত্রী রাগলেন, বললেন, ব্যবস্থা নেবেন। এ রকম রাগ দেখানো আর ব্যবস্থা নেওয়ার কথা বলা তাঁর দৈনিক একটি ব্যায়াম বটে, বহুবার করতে হয়। আজ সকালেই এ নিয়ে তিনবার হলো। তৃণা বললেন, স্যার, কথা দিন, কবি আরশাদুল আলমের পঞ্চাশতম জন্মদিন পালনের উৎসবে আপনি প্রধান অতিথি হবেন?
প্রতিমন্ত্রী হেসে বললেন, অবশ্যই। এ আমার সৌভাগ্য।
এটাও তাঁর প্রিয় একটা ব্যায়াম। সপ্তাহের সাত দিনে তিনি চল্লিশ জনের সঙ্গে ওই ব্যায়ামটা করেন। বস্তুত, ব্যায়ামটা দলের এক কর্তাব্যক্তির সঙ্গে করতে গিয়েই সীমালঙ্ঘন করেছিলেন, ফলে ব্যায়ামের অভিনয় করতে হয়েছিল।
বাড়ি ফিরে আরশাদুল আলমকে তৃণা পঞ্চাশতম জন্মদিন পালনের কথাটা বললেন। আলম চোখ কপালে তুলে বললেন, কিন্তু আমার বয়স তো সাতচল্লিশ। পঞ্চাশে পড়তে আড়াই বছর বাকি।
তৃণা বিরক্ত হলেন। তাতে কী? ওইটুকু বয়স না হয় বাড়লই। সত্যি তো আর বাড়ছে না, তাই না? তা ছাড়া, তুমি না বলো কবিদের বয়স হয় না?
কথাটা সত্য। তারপরও তাঁদের পঞ্চাশ, ষাট, সত্তর—কারও কারও নব্বই বছর হয় আর বিরাট আয়োজনে এসব বার্ষিকীর উদ্যাপন হয়। বয়স্ক সুশীল ব্যক্তিদের কাজও বেড়ে যায়, তাঁদের এসব অনুষ্ঠানের পৌরহিত্য করতে হয়।
তৃণার হাসপাতালের অ্যান্টেনা আরেকটু লম্বা হলো। তিনি সাত দিনে দুই সংস্কৃতিকর্মী, তিন বয়স্ক সুশীল আর দুই সাংবাদিকের সংবাদ পেলেন, যাঁদের সবাই রোগী।
তৃণার সেবা কার্যক্রম একটা প্রকল্পে রূপ নিল। প্রকল্প সফল হলো। সম্মতি মিলল। সাংবাদিকেরা প্রচারের দায়িত্ব নিলেন।
তিন মাসের প্রস্তুতি নিয়ে শাহবাগের গণগ্রন্থাগারে পঞ্চাশতম জন্মদিনের আয়োজন হলো। আরশাদুলের দারুণ এক ভাববাদী ছবি দিয়ে পোস্টার ছাপানো হলো। ব্যানার তৈরি হলো। কাগজেও ঘোষণা গেল। কিন্তু দিন-তারিখ মিলিয়ে আলমের দুই বন্ধু গণগ্রন্থাগারে হাজির হয়ে দেখল, গণরা কেউ নেই, আছেন শুধু এক বয়স্ক সুশীল আর এক সাংবাদিক। শ্রোতার আসনে বসে আছে তৃণার তিন বন্ধু, জনা চারেক আত্মীয়স্বজন, আর আরামবাগের মেসগুলো থেকে অনুষ্ঠান শেষে আপ্যায়নে অংশ নেওয়ার লোভে আসা জনা চারেক ভাতঘুম মারা রেগুলার। এরা এ রকম অনুষ্ঠান কখনো মিস করে না।
প্রধান অতিথি প্রতিমন্ত্রীর তো টিকিরও দেখা নেই। এক সাংবাদিক বললেন, তিনি গেছেন টোকিওতে।
রাতের খাবার খেতে রুচি হলো না আরশাদুল আলমের। তিনি কোমল গলায় জিজ্ঞেস করলেন, কত জানি খরচ হলো তোমার?
তৃণা হাসলেন। না, খরচ হয়নি, স্পনসর পেয়েছি। স্পনসরের স্ত্রী আমার হাসপাতালের রোগী। লম্বা সময়ের রোগী।
প্রিমা ইউনিভার্সিটিতে পড়ে। সে বলল, বাবা, মন খারাপ কোরো না। সবাইকে দিয়ে সবকিছু হয় না।
কাকে দিয়ে কী হয় না? একটু আহত গলায় জিজ্ঞেস করলেন আরশাদুল।
যেমন আমাকে দিয়ে প্লেন চালানোর কাজ হবে না, মাকে দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট হবে না।
আর আমাকে দিয়ে কবিতা লেখার কাজ হবে না, তাই তো? আহত গলায় একটু কষ্ট মাখিয়ে বললেন আরশাদুল আলম।
এ কথা আমি বলিনি, বাবা, বলেছ তুমিই।
তৃণা রেগে বললেন, তোর বাবার বই এই ফেব্রুয়ারিতেই বেরোবে। সাড়া ফেলবে। প্রমিজ। আর তুই তখন বাবাকে জড়িয়ে বলবি, আমার বাবা এখন বিখ্যাত কবি।
প্রিমা বলল, আমার বন্ধুদের কাছে শুধু শুধু মুখটা ছোট হলো আমার।
তৃণার রাগ বাড়ল, তবে কোনো কথা বললেন না। বরং মনে মনে বললেন, দাঁড়াও। তিনি আরশাদুল আলমের কবিতার খাতাগুলো একখানে করে এক শ কবিতা বাছলেন। সেগুলো নিয়ে ছুটলেন বিশিষ্ট ভূমিকা লেখক অধ্যাপক সৈয়দ মনিরুল ইসলামের কাছে। সৈয়দ মনিরুল ইসলাম হৃদয়বান মেজো সুশীল। তৃণার হাসপাতালে হৃদয়ের পরীক্ষা হয়েছে একবার। পরীক্ষায় উতরেও গেছেন। তাঁর যথেষ্ট কদর, যেহেতু তাঁর বিবেচনায় বাংলাদেশের কেউ কখনো খারাপ কিছু লেখে না—তা কবিতা হোক বা উপন্যাস হোক, অথবা ভ্রমণকাহিনিই হোক। তিনি কবিতাগুলো থেকে দুটি বেছে নিয়ে পড়লেন, তারপর পাঁচ পৃষ্ঠার মূল্যবান ভূমিকা তৈরি করলেন। ভূমিকার এক জায়গায় লিখলেন, ‘কবি আরশাদুল আলমের পৃথিবীতে যে বিচরণ করবে, তার কবিতা-নেশা জাগবে—খাঁটি কবিতা সর্বযুগে নেশাই জুগিয়েছে।’
>প্রকাশক এসে জানালেন, ছাপাখানায় আগুন লেগে দুই হাজার কপির সব কপি পুড়ে গেছে। প্রকাশক প্রমাণ হিসেবে একটা ঘটিতে কিছু স্যাম্পল ছাই নিয়ে এসেছেন এবং বলেছেন, এই ছাই পুণ্য ছাই, এর প্রতিটি অণুতে আছে শ্রেষ্ঠ কবিতা
নেশার কথাটা অধ্যাপক ইসলাম না লিখলেই পারতেন। কারণ, বইটা যখন তৃণার হাসপাতালে লম্বা সময়ে চিকিৎসা নিতে আসা ওই রোগীনির স্পনসর স্বামীর সৌজন্যে প্রকৃত এক ছাপাখানায়, নেশার কল্যাণে এক ছোটখাটো কেলেঙ্কারিই ঘটাতে যাচ্ছিলেন কবি আরশাদুল আলম। তাঁর ওষুধ কোম্পানিতে আড়ালে তৈরি একটি পণ্যের পরীক্ষা চালানো হয়েছিল তাঁর ওপর, তাঁর অজান্তেই। একটা চায়ের কাপের অল্পখানি সেই পণ্য ঢেলে তাঁকে খেতে দেওয়া হয়েছিল, তাঁকে বলা হয়েছিল, এটি বলদায়ক; মনকে প্রসন্ন করে, স্নায়ুকে তরল করে। করেও ছিল বটে। খাওয়ার মিনিট দশেকের মধ্যে আলমের মন প্রসন্ন হলো, তাঁর কোনো কষ্ট রইল না। তাঁর গলায়ও একটা আবেশ জাগল। অথচ সেদিনই কিনা এক টেলিভিশন চ্যানেলের ‘সংস্কৃতির খবর’-এ প্রকাশিতব্য বই নিয়ে একটি ছোট সাক্ষাৎকার দেওয়ার কথা তাঁর, যে সাক্ষাৎকারের ব্যবস্থা তৃণা করেছিলেন অনেক কাঠখড় পুড়িয়ে। চ্যানেলের মেয়েটি হাতিরঝিলের একটা গাছের নিচে আরশাদুল আলমকে দাঁড় করিয়ে দুটি মাত্র প্রশ্ন করল। আপনার প্রকাশিতব্য বইটির নাম কী? আলম বললেন, ‘ও মে কী নাম তোমার?’ মেয়েটি রেগে বলল, আমার নাম ইভানা। কিন্তু আমি আপনার কবিতার বইয়ের নাম জানতে চেয়েছি। ওটাই আমার কবিতার বইয়ের নাম, আলম বললেন, ‘ও মে কী নাম তোমার?’ মেয়েটি বুঝল। বাহ্, সুন্দর নাম, ‘ও মেয়ে কী নাম তোমার?’ সে বলল। আরশাদুল কিছু বলতে চাইলেন, কিন্তু মেয়েটি পরের প্রশ্নে গেল। ‘কবিতা কেন লেখেন?’ আরশাদুল আলম বললেন, নারীকে পাই না বলে। মেয়েটি পুলকিত হলো। বাহ, সুন্দর উত্তর। নারীকে না পাওয়ার বেদনাই তো সত্যিকার কবিতার জন্ম দেয়।
রাতে যখন এক মিনিটের দৃশ্যটি দেখানো হলো, আকাশ ভেঙে পড়ল আরশাদুল আলমের মাথায়। কী আশ্চর্য, বইয়ের নাম তো ‘ও মেঘ, কী নাম তোমার?’ তৃণা বললেন, তাহলে ‘মেয়ে’ বললে কেন? তৃণার চোখ ছোট হয়ে এল। এরপর তিনি শুনলেন, আরশাদুল বলছেন, নারীকে পাই না বলে। তিনি চোখে আগুন ঢেলে বললেন, নারীটা কে? আরশাদুল বললেন, কী আশ্চর্য, আমি বলেছি, না লিখে পারি না বলে। তৃণা বললেন, বটে, ফাজলামি করছ? লুকাচ্ছ? প্রিমা বলল, না মা, বাবার গলা জড়িয়ে যাচ্ছিল। বাবা নেশাদার কিছু খেয়েছিল। তারপর বাবার দিকে ফিরে তাকিয়ে বলল, কী খেয়েছিলে? মদ? না ডাইল?
প্রিমা সমাজতত্ত্বের ছাত্রী। সামাজিক বিচ্যুতি ঘটে যেসব দ্রব্যগুণে, সেসব সম্পর্কে তার ধারণা আছে।
আরশাদুল আলমের মনে পড়ল কোম্পানিতে পণ্য সেবনের কথা। তাঁর মনজুড়ে একটা প্রশ্ন তৈরি হলো।
প্রিমা বিরক্তি নিয়ে টেলিভিশন বন্ধ করল। এখন আর বাইরে মুখ দেখানো যাবে না, সে বলল।
দুদিন পর প্রিমাই কিনা উচ্ছ্বাসিত গলায় মাকে জানাল, বুঝেছ মা, বাবার ওই ইন্টারভিউ না ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
কী হয়েছে?
ভাইরাল, মানে প্রচুর মানুষ দেখছে। সবাই বলছে, ইনি হলেন এ যুগের কবি। বাবার ওই ‘নারীকে পাই না বলে’ সুপার-ডুপার হিট। সারা ফেসবুকের মানুষ জানে, কবিতার বইটার নাম ও মেয়ে কী নাম তোমার? আরশাদুল আলমকে সে বলল, বাবা, নামটা বদলে এই নামটাই রাখো। নামটাতে সাড়ে তিন কে লাইক পড়েছে।
সাড়ে তিন কেটা আবার কে? আলম জিজ্ঞেস করলেন।
কে না, কী। না না, কে-ও বটে। কী-ও বটে। কে মানে হাজার। মানে সাড়ে তিন হাজার।
নামটা বদলাতে হলো। আলমের দুঃখ হলো, এখন এটাও বলা যাবে না, ‘কবিতা কেন লেখেন’ প্রশ্নের জবাবে আসলে তিনি কী বলেছিলেন।
নিয়তি। কিন্তু এ কথাও তো ঠিক, হাজার হাজার মানুষ তাকে চিনেছে। বইটার জন্য অপেক্ষা করছে। হোক না ফেসবুক পৃথিবীর, মানুষ তো।
বইটা যেদিন বেরোবে, তার আগের দিন ঘটল এক কাণ্ড। ওষুধ কোম্পানিতে পুলিশ হানা দিল। মালিক খবর পেয়ে আগেই পালিয়েছে, কিন্তু তার এক শাগরেদ বামাল ধরা পড়েছে। ফ্যাক্টরি সিলগালা হয়েছে। দুষ্ট লোকদের মধ্যে ধরা পড়ল ওই একজন। কিন্তু হেড অফিসের সাতজনকে—যাঁদের মধ্যে কবি আরশাদুল আলম আছেন—পুলিশ থানায় নিয়ে গেল। টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ হলো। সন্ধ্যা থেকেই খবর দেখানো শুরু হলো। খবরে বলা হলো, মাদকসহ কবি আটক, অথবা মাদক তৈরিতে কবির সম্পৃক্ততা। ফেসবুক দুনিয়ায় যেহেতু আরশাদুল আলম পরিচিত নাম, ফেসবুকবাসীরও চোখ এড়াল না খবরটা।
থানার দারোগাকে এক সাংবাদিক আরশাদুলের কবি-পরিচিতির কথা জানালেন। ফলে দারোগা তাঁকে সমাদর করে বসালেও বাকিদের রাখলেন দাঁড় করিয়ে। সবার একটাই প্রশ্ন, একজন কবি কীভাবে এই কাজে জড়ায়? আরশাদুল একজন ঝানু কবির মতো ভাষাকে পূর্ণ আয়ত্তে নিয়ে বললেন, আমি নিরপরাধ। আমি পরিস্থিতির শিকার। ইত্যাদি। ফেসবুকে ঝড় উঠল। তিনি যে নিরপরাধ, তা প্রমাণের দায়িত্ব ফেসবুকের মানুষজন নিল। ‘আরশাদুল ইজ ইনোসেন্ট’ এবং ‘উই আর আরশাদুল’ হ্যাশট্যাগ ভাইরাল হলো। পরদিন বইমেলায় ফেসবুকের মানুষজন স্রোতের মতো নামল।
বইমেলার প্রথম দিনের সেনশেসন—কে আর—কবি আরশাদুল আলম!
২.
আদালতে আরশাদুল আলম নির্দোষ প্রমাণিত হলেন। বিচারক তাঁকে বললেন, কবিমানুষ, দেখেশুনে চাকরি নেবেন এরপর। আরশাদুল আলম হেসে বললেন, স্যার, আর চাকরি না, এবার কবিতাদেবীর সেবা। এবং নিজের মনে বললেন, আর সেবা, উপপরিচালকের সেবা।
বাসায় ফিরে সাংবাদিকদের এক শ প্রশ্নের উত্তর দিয়ে, শেষ টেলিফোন সাক্ষাৎকার সেরে খেতে বসলে প্রিমা বলল, বাবা, নিম্মির মা—তোমার সেই মিসেস রাব্বানী বখত—দুবার ফোন করেছিলেন। বলেছেন, নিম্মিকে দিয়ে তোমার বইটা পাঠিয়ে দেবেন। একটা অটোগ্রাফ দেবে।
তৃণা বলল, প্রতিমন্ত্রীর ফোন এসেছিল। তিনি বলেছেন, বইটার মোড়ক উন্মোচন অনুষ্ঠান এ সপ্তাহের মধ্যেই করে ফেলতে। তিনি চান, তিনিই প্রধান অতিথি হবেন। এ ব্যাপারে তাঁর সদয় সম্মতি আছে।
প্রিমার দিকে তাকিয়ে আরশাদুল বললেন, এই ইভেন্টটার ম্যানেজমেন্ট কে জানি করবে?
প্রিমা বলল, মা।
আরশাদুল আলম তৃণার দিকে তাকিয়ে বললেন, কোন বইটা যেন?
তৃণা বললেন, ও মেঘ ও মেয়ে...
বাবার হাত চেপে ধরে প্রিমা বলল, আমার বাবা এখন বিখ্যাত কবি।